Logo
Logo
×
বাদামতলীতে ১৯০ টাকার মাল্টা হাতিরপুলে ৩৫০, কোথায় বাড়ছে দাম

পুরান ঢাকার বাদামতলীতে যে মাল্টা বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি, সেই একই মাল্টা হাতিরপুলে পৌঁছাতে না পৌঁছাতেই দাম বেড়ে দাঁড়াচ্ছে ৩৫০ টাকায়। ছবি: সকাল সন্ধ্যা ক্রিয়েটিভ

অর্থনীতি ।  পণ্যবাজার

বাদামতলীতে ১৯০ টাকার মাল্টা হাতিরপুলে ৩৫০, কোথায় বাড়ছে দাম

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬। ১২:১১ পিএম

আপডেট: ০৭ নভেম্বর ২০২৬। ১৩:৩৩ পিএম

পুরান ঢাকার বাদামতলীতে যে মাল্টা বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি, সেই একই মাল্টা হাতিরপুলে পৌঁছাতে না পৌঁছাতেই দাম বেড়ে দাঁড়াচ্ছে ৩৫০ টাকায়। কয়েক কিলোমিটার পথ পেরোতেই প্রতি কেজিতে বাড়তি গুনতে হচ্ছে ১৬০ টাকা। শুধু মাল্টা নয়, রাজধানীর খুচরা বাজারে আমদানি করা পাঁচ ধরনের ফলের দাম পাইকারি বাজারের তুলনায় গড়ে প্রায় ৪৮ শতাংশ বেশি।

রাজধানীর সবচেয়ে বড় ফলের পাইকারি বাজার পুরান ঢাকার বাবুবাজার-বাদামতলী। গত শনি ও রবিবার সেখানে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা মাল্টা বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৮৫ থেকে ১৯০ টাকায়। অথচ একই সময়ে হাতিরপুল, গুলশান, মহাখালী ও কারওয়ান বাজারে সেই মাল্টার দাম ছিল ৩২০ থেকে ৩৫০ টাকা। অর্থাৎ পাইকারি বাজারের তুলনায় খুচরায় প্রতি কেজিতে ১৩৫ থেকে ১৬০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

মাল্টার পাশাপাশি আমদানি করা কমলা, আপেল, আঙুর ও আনারের বাজারেও দামের বড় ব্যবধান পাওয়া গেছে। পাঁচ ধরনের ফলের পাইকারি ও খুচরা দর বিশ্লেষণে দেখা গেছে, বাদামতলীতে এসব ফলের গড় দাম কেজিপ্রতি ২৯৮ টাকা। খুচরা বাজারে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৪১ টাকায়। সেই হিসাবে খুচরায় দাম বাড়ছে গড়ে ৪৮ দশমিক ২৪ শতাংশ।

উচ্চ শুল্কের সঙ্গে বাজারে প্রতিযোগিতার ঘাটতি

ফলের উচ্চমূল্যের পেছনে আমদানি শুল্ক-করও বড় কারণ। গত ২৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) প্রতিবেদনে বলা হয়েছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের তুলনায় বাংলাদেশে ফল আমদানির ওপর শুল্ক-কর বেশি। দেশে ফলকে বিলাসপণ্য হিসেবে বিবেচনা করে প্রায় ১২২ শতাংশ শুল্ক-কর আরোপ করা হয়েছে।

কমিশনের প্রতিবেদনেও পাইকারি ও খুচরা দামের বড় ব্যবধান উঠে এসেছে। সেখানে প্রতি কেজি মাল্টার পাইকারি দর ২৭৫ টাকা হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৪০০ টাকায়।

একদিকে উচ্চ শুল্ক-কর, অন্যদিকে সরবরাহ ও প্রতিযোগিতা কমে যাওয়ায় ফল স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

অথচ পুষ্টির জন্য নিয়মিত ফল খাওয়া জরুরি। দেশে উৎপাদিত ফল বাজারে থাকলেও তা পুরো চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। শিশুরা আপেল, মাল্টা ও কমলার মতো ফল পছন্দ করে। প্রবীণদের অনেকে শারীরিক সমস্যার কারণে নির্দিষ্ট কিছু ফল ছাড়া অন্য ফল খেতে পারেন না।

ডেঙ্গু রোগী বাড়লে মাল্টা ও কমলাজাতীয় ফলের চাহিদাও বেড়ে যায়। বছরের দীর্ঘ সময় এই চাহিদা থাকে। অথচ ওই সময়ে বিকল্প দেশীয় ফলের পর্যাপ্ত সরবরাহ থাকে না।

গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘এখন একটি মাল্টা ১০০ টাকা, একটি ডাব ১৫০-২২০’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ফল ব্যবসায়ীদের নিয়ে একাধিক বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফলের দাম কমাতে আমদানি শুল্ক-কর কমানোর চিন্তা করছে সরকার।

বিশ্লেষকদের মতে, শুধু শুল্ক-কর কমানো যথেষ্ট নয়। বাজারে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি শুল্ক কমানোর সুবিধা যাতে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে।

খুচরা বাজারে দাম বাড়ার কারণ কী

গত রবিবার বাদামতলীর আড়তে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা সেখানে ফল কিনতে জড়ো হয়েছেন। এই বাজার থেকে দেশের বিভিন্ন জেলাতেও ফল সরবরাহ করা হয়।

খুচরা ব্যবসায়ীদের দাবি, আড়ত থেকে ফল কেনার পর অন্তত পাঁচ ধরনের বাড়তি খরচ যোগ হয়। অনেক সময় ২০ কেজির কার্টনে নির্ধারিত পরিমাণের চেয়ে কম ফল পাওয়া যায়। প্রতি কার্টনে ২০ টাকা কমিশন দিতে হয়। রয়েছে পরিবহন খরচ ও দোকানভাড়া। ফুটপাতের দোকান হলে চাঁদাও দিতে হয়। পচে নষ্ট হওয়া ফলের লোকসানও হিসাব করতে হয়।

হাতিরপুলের ফল বিক্রেতা আজগর হোসেন বলেন, ‘অনেক সময় ফল পচে নষ্ট হয়ে যায়, সেগুলো ফেলে দিতে হয়। আবার পাইকারি বাজার থেকে ২০ কেজি বা ১০ কেজির কার্টুন হিসেবে ফল কিনে আনি। কিন্তু দেখা যায় এসব কার্টনে ওই পরিমাণ ফল থাকে না। সব সময় দুই এক কেজি কম থাকেই। সব মিলিয়ে খুচরা পর্যায়ে দাম একটু বেশি হয়।’

দোকান বাড়লেও কমছে না দাম

রাজধানীর মোড়ে মোড়ে ফলের দোকান। এর পাশাপাশি রয়েছে অসংখ্য ভ্রাম্যমাণ বিক্রেতা। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ফলের ব্যবসায় লাভের সুযোগ বেশি বলেই দোকানের সংখ্যা বাড়ছে। কিন্তু বিক্রেতা বাড়লেও দামের প্রতিযোগিতা সেভাবে তৈরি হচ্ছে না।

একই বাজারের অধিকাংশ দোকানে প্রায় একই দাম চাওয়া হয়। দীর্ঘ দর-কষাকষির পরও অনেক সময় কেজিতে মাত্র ১০ টাকা কমানো যায়। কোনো ব্যবসায়ী কম দামে ফল বিক্রি করলে অন্য বিক্রেতারা তার ওপর চড়াও হন, এমন অভিযোগও রয়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ, প্রতিদিনের পাইকারি দর বাজারের দৃশ্যমান স্থানে প্রকাশ করা হলে খুচরা বিক্রেতাদের অতিরিক্ত মুনাফা সম্পর্কে ক্রেতারা ধারণা পাবেন। কৃষি বিপণন অধিদপ্তর এ উদ্যোগ নিতে পারে।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য নাজিম উদ্দিনের মতে, খুচরা ব্যবসায়ীরা অল্প পণ্য বিক্রি করে বেশি লাভ করতে চান। এ কারণে তাদের প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা লাভ করতে হয়।

তিনি বলেন, সাধারণ মানুষ পাইকারি ও খুচরা বাজারের প্রকৃত দর জানেন না। এটিও বড় সংকট। প্রতিদিনের পাইকারি ও খুচরা মূল্য প্রকাশের জন্য একটি কার্যকর নজরদারি ব্যবস্থা চালু করা প্রয়োজন।

নাজিম উদ্দিন মনে করেন, যথাযথ ব্যবস্থায় প্রতিদিনের বাজারদর সাধারণ মানুষের জানার সুযোগ তৈরি হলে খুচরা পর্যায়ে বাড়তি দাম নেওয়া বন্ধ করা সম্ভব।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে