Logo
Logo
×

অর্থনীতি ।  বিশ্ব অর্থনীতি

শেয়ারবাজারে এসেই রেকর্ড গড়ল অ্যানথ্রোপিক

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬। ১২:২২ পিএম

আপডেট: ১৯ নভেম্বর ২০২৬। ১২:২৫ পিএম

শেয়ারবাজারে এসেই রেকর্ড গড়ল অ্যানথ্রোপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের মধ্য দিয়ে আইপিও (গণপ্রস্তাব) শেয়ারমূল্য চূড়ান্ত করেছে অ্যানথ্রোপিক। বুধবার প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি দাম নির্ধারণ করেছে ৮৩ ডলার। মূল্য নির্ধারণের বিষয়ে অবগত দুজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

শেয়ারবাজারে অস্থিরতা ও বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যেও শক্তিশালী চাহিদার কারণে এই মূল্য নির্ধারণ সম্ভব হয়েছে। এর মধ্য দিয়ে এআই শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক জনপ্রিয় চ্যাটবট ক্লড তৈরি করেছে। আইপিওর জন্য শুরুতে প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি ৭০ থেকে ৭৮ ডলারের একটি সম্ভাব্য মূল্যসীমা নির্ধারণ করেছিল। ওই মূল্যসীমা অনুযায়ী, সব শেয়ার বিবেচনায় অ্যানথ্রোপিকের বাজারমূল্য দাঁড়াত ১ লাখ ২৬ হাজার কোটি থেকে ১ লাখ ৪১ হাজার কোটি ডলারের মধ্যে।

বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে অ্যানথ্রোপিকের শেয়ার লেনদেন শুরু হবে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতীক বা টিকার সিম্বল হবে ‘এএনটি’।

এমন এক সময়ে অ্যানথ্রোপিক শেয়ারবাজারে আসছে, যখন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ঋণনির্ভর বিপুল বিনিয়োগের ওপর দাঁড়িয়ে থাকা এআই খাতের দ্রুত সম্প্রসারণ হঠাৎ থমকে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের রাজনৈতিক ভারসাম্য বদলে গেছে। ফলে এআই প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে নতুন নিয়ন্ত্রণ আরোপের সম্ভাবনা বেড়েছে। বিশেষ করে এআই অবকাঠামোর জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার ওপর বিধিনিষেধ আসতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

গত সপ্তাহে এই অনিশ্চয়তার মধ্যেই এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তবে মঙ্গলবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এনভিডিয়া জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বিক্রয় আয় ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এই ফলাফল থেকে বোঝা যাচ্ছে, অনিশ্চয়তার মধ্যেও এনভিডিয়ার ব্যবসা শক্তিশালী অবস্থানে রয়েছে।

শেয়ারবাজারের এমন অস্থির পরিস্থিতির মধ্যেও অ্যানথ্রোপিক সফলভাবে আইপিও প্রক্রিয়া এগিয়ে নিতে পেরেছে। ভবিষ্যতে অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও এটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

অ্যানথ্রোপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআইও শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন জমা দিয়েছে। প্রতিষ্ঠানটি আগামী বছর আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে আসার বিষয়টি বিবেচনা করছে।

অ্যানথ্রোপিকের আইপিও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এর মাধ্যমে প্রথমবারের মতো সাধারণ শেয়ারবাজারের বিনিয়োগকারীরা এআই শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় মৌলিক প্রযুক্তি গবেষণা ও উন্নয়নকারী প্রতিষ্ঠানে, অর্থাৎ ‘ফ্রন্টিয়ার এআই ল্যাব’ এ সরাসরি বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এসব প্রতিষ্ঠান এমন মূল এআই মডেল তৈরি করছে, যেগুলোর ওপর ভিত্তি করেই কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের বর্তমান সম্প্রসারণ ঘটছে।

আইপিওর জন্য প্রকাশিত প্রসপেক্টাস বা বিবরণপত্রে অ্যানথ্রোপিক তাদের ব্যবসার দ্রুত প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণ ও অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যানথ্রোপিকের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি ভবিষ্যতে বিভিন্ন রোগের চিকিৎসা আবিষ্কার এবং অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিষ্ঠানটির আয়ে ইতোমধ্যে অভাবনীয় প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৩ সালে অ্যানথ্রোপিকের রাজস্ব ছিল মাত্র ৪ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের প্রথম নয় মাসেই সেই রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০০ কোটি ডলারে।

তবে ব্যবসার বিপুল সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার অস্তিত্বগত ঝুঁকি নিয়েও বিনিয়োগকারীদের সতর্ক করেছে অ্যানথ্রোপিক।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যানথ্রোপিকের শেয়ার কেনাকে বিনিয়োগকারীদের শুধু আর্থিক লাভ-ক্ষতির লেনদেন হিসেবে দেখা উচিত নয়।

বিনিয়োগকারীদের উদ্দেশে লেখা এক চিঠিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতারা বলেছেন, যন্ত্রের বুদ্ধিমত্তার নতুন যুগে অ্যানথ্রোপিকে বিনিয়োগকে আরও বড় ও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগের অংশ হওয়ার সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত।

মাত্র পাঁচ বছরে অ্যানথ্রোপিকের উত্থান প্রযুক্তি খাতে বিস্ময় তৈরি করেছে।

২০২১ সালে ওপেনএআইয়ের সাবেক একদল কর্মী প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। শুরুর দিকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির তুলনায় অ্যানথ্রোপিকের ক্লড চ্যাটবট খুব বেশি পরিচিত ছিল না। এআই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটিকে অনেকটাই দ্বিতীয় সারির একটি প্রতিষ্ঠান হিসেবে দেখা হতো।

কিন্তু ধীরে ধীরে সেই অবস্থার পরিবর্তন ঘটে।

অ্যানথ্রোপিক মূলত ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় এআইভিত্তিক প্রযুক্তি ও সেবা তৈরিতে গুরুত্ব দেয়। এর মধ্যে ক্লড কোড বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এই প্রযুক্তির সাহায্যে সফটওয়্যার তৈরির বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়।

গত এক বছরে এ ধরনের ব্যবসায়িক প্রযুক্তির ব্যবহার ও জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। এর ফলে অ্যানথ্রোপিকের ব্যবসাও উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

ব্যবসার প্রবৃদ্ধি দ্রুত বাড়তে থাকায় অ্যানথ্রোপিকে বিনিয়োগের জন্য বড় বড় প্রতিষ্ঠান এগিয়ে আসে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান, সফটব্যাংক, গুগল ও অ্যামাজনসহ আরও অনেক বিনিয়োগকারী।

গত মে মাসে অ্যানথ্রোপিকের মূল্যায়ন পৌঁছায় ৯০ হাজার কোটি ডলারে। এর মধ্য দিয়ে বাজারমূল্যায়নে প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআইকেও ছাড়িয়ে যায় প্রতিষ্ঠানটি।

বিপুল অবকাঠামো ব্যয় মেটাতে শেয়ারবাজারে অ্যানথ্রোপিক

অ্যানথ্রোপিকের শেয়ারবাজারে আসার অন্যতম প্রধান কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন ও পরিচালনায় প্রয়োজনীয় বিপুল অর্থের সংস্থান করা।

উন্নত এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য অত্যাধুনিক কম্পিউটার চিপ, বিপুল কম্পিউটিং সক্ষমতা, তথ্য প্রক্রিয়াকরণ অবকাঠামো এবং প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। এসব খাতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

ব্যবসার জন্য প্রয়োজনীয় এই অবকাঠামো গড়ে তুলতে অ্যানথ্রোপিক রূপান্তরযোগ্য ঋণও নিয়েছে। এ ধরনের ঋণ ভবিষ্যতে প্রতিষ্ঠানের ইকুইটি বা মালিকানার অংশে রূপান্তর করা যায়। এই অর্থ ব্যবহার করা হচ্ছে কম্পিউটার চিপ, কম্পিউটিং সক্ষমতা ও ডেটা সেন্টারসহ বিভিন্ন অবকাঠামো তৈরিতে।

অ্যানথ্রোপিকের হিসাব অনুযায়ী, রূপান্তরযোগ্য এই ঋণকে আর্থিক হিসাবে লোকসান হিসেবে দেখানো হচ্ছে। এর ফলে চলতি বছরের প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটির নিট লোকসান দাঁড়িয়েছে ১০ হাজার ৪০০ কোটি ডলারে। তবে পরিচালন কার্যক্রমের লোকসান উল্লেখযোগ্যভাবে কমেছে।

চলতি বছরের প্রথম নয় মাসে অ্যানথ্রোপিকের পরিচালন লোকসান হয়েছে ১৩০ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এই লোকসান ছিল ৮০০ কোটি ডলার। অর্থাৎ প্রতিষ্ঠানটির নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমে লোকসানের পরিমাণ দ্রুত কমছে। তবে ভবিষ্যতে এআই অবকাঠামো উন্নয়নে অ্যানথ্রোপিকের বিপুল আর্থিক প্রতিশ্রুতি রয়েছে।

প্রতিষ্ঠানটির আইপিও বিবরণপত্রে উল্লেখ করা বিভিন্ন চুক্তির হিসাব অনুযায়ী, ২০৪৫ সাল পর্যন্ত কম্পিউটার চিপ, কম্পিউটিং সক্ষমতা এবং অন্যান্য এআই অবকাঠামোর জন্য মোট ৮৯ হাজার ৫৪০ কোটি ডলারের আর্থিক দায়বদ্ধতা বা ক্রয়সংক্রান্ত প্রতিশ্রুতি রয়েছে অ্যানথ্রোপিকের।

মুনাফার পাশাপাশি সামাজিক দায়িত্বেও গুরুত্ব

অ্যানথ্রোপিকের ব্যবসায়িক কাঠামোও অন্যান্য অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠানের তুলনায় আলাদা। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোডেই ও তার বোন ড্যানিয়েলা আমোডেই।

তারা অ্যানথ্রোপিককে একটি ‘পাবলিক বেনিফিট করপোরেশন’ বা জনকল্যাণমূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। এই কাঠামোর অধীনে প্রতিষ্ঠানটিকে শুধু মুনাফা অর্জনের বিষয়টি বিবেচনা করলে চলে না। ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামাজিক দায়িত্ব ও জনকল্যাণকেও গুরুত্ব দিতে হয়।

দারিও আমোডেই দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে কথা বলে আসছেন। উন্নত এআই প্রযুক্তি মানুষের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং কীভাবে সেই ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব, তা নিয়ে তিনি নিয়মিত আলোচনা করেছেন।

অ্যানথ্রোপিকের প্রথম দিকের বিনিয়োগকারীদের অনেকে ‘ইফেক্টিভ অলট্রুইজম’ বা কার্যকর পরার্থবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই আন্দোলনের মূল ধারণা হলো, তথ্য-উপাত্ত ও যুক্তিনির্ভর বিশ্লেষণ ব্যবহার করে মানবজাতির অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকিগুলো মোকাবিলা করা। অ্যানথ্রোপিকের গবেষণা কার্যক্রমেও এই চিন্তাধারার প্রভাব রয়েছে।

প্রতিষ্ঠানটি তাদের তৈরি চ্যাটবটগুলোর কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গবেষণার জন্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে। পাশাপাশি এআই ব্যবস্থাকে নৈতিকতা শেখানোর জন্য একজন দার্শনিককেও নিয়োগ করেছে। তবে নৈতিক অবস্থান ও নিরাপত্তাসংক্রান্ত নীতির কারণে অ্যানথ্রোপিককে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে বিরোধেও জড়াতে হয়েছে।

প্রতিরক্ষা বিভাগের সঙ্গে অ্যানথ্রোপিকের সফটওয়্যার সরবরাহসংক্রান্ত একটি চুক্তি ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি তাদের সফটওয়্যার স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা এবং নির্দিষ্ট ধরনের অভ্যন্তরীণ নজরদারির কাজে ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ অ্যানথ্রোপিককে সরবরাহব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান বা ‘সাপ্লাই চেইন রিস্ক’ হিসেবে চিহ্নিত করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে প্রকাশিত বিবরণপত্রে অ্যানথ্রোপিক বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য বিভিন্ন ঝুঁকির কথা উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে চলমান এই বিরোধকেও সেসব ঝুঁকির একটি হিসেবে তুলে ধরা হয়েছে।

তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে