Logo
Logo
×
মানুষকে মহাকাশে পাঠিয়েছে কত দেশ

১৯৯৮ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রথম অংশগুলো সংযুক্ত করার সময় স্পেসওয়াকে নভোচারী জেমস এইচ নিউম্যান হাত নাড়ছেন। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

ইনসাইট ।  এক্সপ্লেইনার

মানুষকে মহাকাশে পাঠিয়েছে কত দেশ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬। ০৪:০৭ পিএম

আপডেট: ০৫ অক্টোবর ২০২৬। ১৬:৫০ পিএম

ঠিক ৬৯ বছর আগে আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর কক্ষপথে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ উৎক্ষেপণ করে। আর এর মধ্য দিয়ে শুরু হয় মহাকাশ যুগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের মহাকাশ প্রতিযোগিতা।

উৎক্ষেপণের ১০ বছর পর, ১৯৬৭ সালের ১০ অক্টোবর কার্যকর হয় আউটার স্পেস ট্রিটি বা মহাকাশবিষয়ক আন্তর্জাতিক চুক্তি।

১৯৯৯ সাল থেকে জাতিসংঘ প্রতিবছর ৪ থেকে ১০ অক্টোবর ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ পালন শুরু করে। মানবজাতির কল্যাণে মহাকাশ প্রযুক্তির অবদান উদযাপনই এর লক্ষ্য। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের স্কুল, মহাকাশ সংস্থা, জাদুঘর ও জ্যোতির্বিজ্ঞান ক্লাব আয়োজন করে রাতের আকাশ পর্যবেক্ষণ, বিজ্ঞানবিষয়ক ক্লাস, প্রদর্শনী এবং নভোচারী ও বিজ্ঞানীদের আলোচনা।

আজ বিশ্বের ৮০টির বেশি দেশ পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট পাঠিয়েছে। আর এর মধ্যে ৫০টির বেশি দেশের মানুষ মহাকাশে ভ্রমণ করেছেন।

এই প্রতিবেদনে থাকছে; কোন কোন দেশের মানুষ মহাকাশে গেছেন, মহাকাশযাত্রীদের মধ্যে কতজন নারী এবং মানব মহাকাশযাত্রার সামনে কী অপেক্ষা করছে।

মহাকাশে প্রথম মানব, ইউরি গ্যাগারিন

১৯৬১ সালের ১২ এপ্রিল সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান।

ভোস্টক-১ মহাকাশযানে করে তিনি ঘণ্টায় প্রায় ২৭ হাজার ৪০০ কিলোমিটার গতিতে পৃথিবী একবার প্রদক্ষিণ করেন। পুরো যাত্রা স্থায়ী হয়েছিল ১০৮ মিনিট। পরে তিনি মহাকাশযান থেকে বের হয়ে প্যারাস্যুটে পৃথিবীতে ফিরে আসেন।

এই অভিযান প্রমাণ করে, মানুষ রকেট উৎক্ষেপণ, ওজনহীনতা ও পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের মতো কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে পারে। এর মধ্য দিয়ে শীতল যুদ্ধের মহাকাশ প্রতিযোগিতার শুরুতেই বড় সাফল্য পায় সোভিয়েত ইউনিয়ন।

আর এর ছয় বছর পর, ১৯৬৭ সালের ১০ অক্টোবর কার্যকর হয় আউটার স্পেস ট্রিটি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের স্বাক্ষর করা এই চুক্তিতে বলা হয়, মহাকাশ অনুসন্ধান ও ব্যবহার হতে হবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে। কোনো দেশ মহাকাশের কোনো অঞ্চলকে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করতে পারবে না।

এর দুই বছরেরও কম সময় পর নাসার অ্যাপোলো-১১ অভিযানে প্রথমবারের মতো মানুষ চাঁদে অবতরণ করে।

১৯৬৯ সালের ২০ জুলাই নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন।

মহাকাশের শুরু কোথায়

মহাকাশ ঠিক কোথা থেকে শুরু হয়; এ নিয়ে সর্বজনস্বীকৃত একক সীমারেখা নেই। অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার বা ৬২ মাইল ওপরের কারমান রেখাকে মহাকাশের শুরু হিসেবে ধরে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, নাসা ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন পৃথিবীর পৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৫০ মাইলের বেশি উচ্চতায় পৌঁছানো ব্যক্তিকেও মহাকাশযাত্রী হিসেবে গণ্য করে।

তবে যে সংজ্ঞাই ধরা হোক, মহাকাশ আসলে আমাদের ধারণার চেয়েও কাছাকাছি।

পৃথিবীকে যদি একটি আপেলের সমান ধরা হয়, তাহলে আপেলের খোসা যতটা পুরু, প্রায় সেই অনুপাতের দূরত্বেই শুরু হবে মহাকাশ।

কোন কোন দেশের মানুষ মহাকাশে গেছেন

কারমান রেখাকে সীমা ধরে হিসাব করলে এখন পর্যন্ত অন্তত ৫২টি দেশের ৭৪৬ জন মানুষ মহাকাশে ভ্রমণ করেছেন। আর এই তালিকায় পেশাদার নভোচারীর পাশাপাশি অর্থের বিনিময়ে মহাকাশে যাওয়া পর্যটকরাও রয়েছেন।

তাদের মধ্যে কারও কারও দ্বৈত নাগরিকত্ব রয়েছে। আবার কেউ এমন দেশের হয়ে মহাকাশে গিয়েছিলেন, যে দেশের এখন আর অস্তিত্ব নেই; যেমন সোভিয়েত ইউনিয়ন।

দেশভিত্তিক হিসাব করলে দুটি দেশ এখনো তালিকায় অনেক এগিয়ে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৩৬৯ জনকে মহাকাশে পাঠিয়েছে। সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া মিলিয়ে পাঠিয়েছে ১৩৮ জন।

আর নিজস্ব রকেটে মানুষ মহাকাশে পাঠানো তৃতীয় দেশ চীন। দেশটি এখন পর্যন্ত ২৯ জনকে মহাকাশে পাঠিয়েছে।

প্রতি সাত মহাকাশযাত্রীর একজন নারী

মহাকাশ এখনো পুরুষপ্রধান একটি ক্ষেত্র। বিজ্ঞান কল্পকাহিনীতে মহাকাশযানের নেতৃত্বে নারীদের প্রায়ই দেখা গেলেও, বাস্তবে এখন পর্যন্ত মহাকাশে যাওয়া ৭৪৬ জনের মধ্যে নারী মাত্র ১১২ জন। অর্থাৎ মোট মহাকাশযাত্রীর প্রায় ১৫ শতাংশ নারী; প্রতি সাতজনের মধ্যে প্রায় একজন।

১৯৬৩ সালের জুনে সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনা তেরেশকোভা প্রথম নারী হিসেবে মহাকাশে যান। এরপর যুক্তরাষ্ট্রকে একজন নারীকে মহাকাশে পাঠাতে অপেক্ষা করতে হয় আরও ২০ বছর। ১৯৮৩ সালের জুনে স্যালি রাইড মহাকাশে যান।

তবে সাম্প্রতিক বছরগুলোতে নারী মহাকাশযাত্রীর হার বাড়ছে। এর একটি বড় কারণ বাণিজ্যিক মহাকাশযাত্রার বিস্তার। ২০২০ সালের পর মহাকাশে যাওয়া নারীদের অর্ধেকেরও বেশি ব্লু অরিজিনের সাব-অরবিটাল রকেটে অর্থের বিনিময়ে যাত্রী বা অতিথি হিসেবে গেছেন।

সাধারণত মহাকাশযাত্রীর বয়স ৪০ এর কাছাকাছি

প্রথমবার মহাকাশে যাওয়ার সময় অধিকাংশ মহাকাশযাত্রীর বয়স ছিল ৩০ থেকে ৪৯ বছরের মধ্যে। এই দুই বয়সসীমার মানুষ মিলিয়ে মোট মহাকাশযাত্রীর প্রায় ৮৫ শতাংশ। মহাকাশযাত্রীদের মধ্যবর্তী বা মিডিয়ান বয়স ৪০ বছর।

তবে বাণিজ্যিক মহাকাশযাত্রা শুরু হওয়ার পর বয়সের এই সীমা অনেক বিস্তৃত হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী মহাকাশযাত্রী অলিভার ডেমেন। ২০২১ সালে মহাকাশে যাওয়ার সময় তার বয়স ছিল ১৮ বছর।

অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে মহাকাশে যাওয়া ব্যক্তি এড ডুইট। ২০২৪ সালে মহাকাশে যাওয়ার সময় তার বয়স ছিল ৯০ বছর ৮ মাস।

তিন বছর আগে মহাকাশে যাওয়া উইলিয়াম শ্যাটনারের তুলনায় তিনি প্রায় দুই মাস বেশি বয়সী ছিলেন।

মানব মহাকাশযাত্রার সামনে কী অপেক্ষা করছে

২০২৬ সালের এপ্রিলে আর্টেমিস-২ অভিযানের নভোচারীরা চাঁদের চারপাশ দিয়ে উড়ে পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার বা ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরে পৌঁছান।

আর এর মাধ্যমে তারা ১৯৭০ সালে অ্যাপোলো-১৩ অভিযানের তৈরি পৃথিবী থেকে সবচেয়ে দূরে মানুষের ভ্রমণের রেকর্ড ভেঙে দেন।

এরপর আসছে আর্টেমিস-৩।

২০২৭ সালে পরিকল্পিত এই অভিযানে পৃথিবীর কক্ষপথে একটি মহড়া চালানো হবে। এর উদ্দেশ্য হলো স্পেসএক্স ও ব্লু অরিজিনের তৈরি চন্দ্র অবতরণযানের সঙ্গে ডকিং বা সংযুক্ত হওয়ার প্রক্রিয়া পরীক্ষা করা।

এরপর নাসার লক্ষ্য ২০২৮ সালে আর্টেমিস-৪ অভিযান পরিচালনা করা। এই অভিযানের মাধ্যমে নভোচারীদের চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করানোর পরিকল্পনা রয়েছে। এটি সফল হলে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো মানুষ আবার চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

ভারত ২০২৭ সালে নিজেদের প্রথম মানববাহী গগনযান অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। অভিযানটি সফল হলে নিজস্ব রকেটে মানুষ মহাকাশে পাঠানো বিশ্বের চতুর্থ দেশ হবে ভারত।

অন্যদিকে চীন ২০৩০ সালের কাছাকাছি সময়ে নিজেদের নভোচারীদের চাঁদে অবতরণ করানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে