Logo
Logo
×

খবর ।  সরকার

তিন বছরের মধ্যে দেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬। ০১:২৬ পিএম

আপডেট: ২১ নভেম্বর ২০২৬। ১৩:৪৯ পিএম

তিন বছরের মধ্যে দেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের তরুণ গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’

মহাকাশ গবেষণার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তিগত বিপ্লবের এই সময়ে দেশের তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা এবং গবেষণার পর্যাপ্ত সুযোগ দিতে হবে। আধুনিক গবেষণাগার, ইনকিউবেশন সুবিধা ও মেধাভিত্তিক কার্যকর পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশের তরুণেরা বৈশ্বিক উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

এই লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় গবেষণা ও উদ্ভাবনবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আগামী বিশ্বের নেতৃত্বে থাকবে বিজ্ঞান ও প্রযুক্তি। তাই এ দুটি ক্ষেত্রে পিছিয়ে পড়ার অর্থ দেশকেও পিছিয়ে রাখা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে তরুণ প্রজন্মকে এখন থেকেই প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে।

শুধু বিমান চালনা কিংবা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণদের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের দিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

অ্যাভিয়েশন ও অ্যারোস্পেসকে মানবজাতির জ্ঞান, উদ্ভাবনী শক্তি, সাহস ও সুদূরপ্রসারী স্বপ্নের প্রতিফলন হিসেবে তুলে ধরে তিনি বলেন, অ্যাভিয়েশন মানুষকে আকাশপথে চলাচলের সুযোগ করে দিয়েছে। অন্যদিকে অ্যারোস্পেস পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে মহাকাশের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর পথ খুলে দিয়েছে।

২০৩৪ সালের মধ্যে এভিয়েশন হাব হওয়ার লক্ষ্য

দেশের বিমান চলাচল ও মহাকাশ প্রযুক্তি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের একমাত্র অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে অ্যাভিয়েশন এখন শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের মাধ্যম নয়। আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসাসেবা ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে এ খাতের সরাসরি সম্পর্ক রয়েছে।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ এবং পর্যটনশিল্পের বিকাশের কারণে অ্যাভিয়েশন খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তরুণদের কেবল প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং নতুন প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার মতে, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানানো, নতুন কিছু আবিষ্কার করা এবং অসম্ভবকে সম্ভব করার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন আত্মবিশ্বাস, সাহস ও উদ্ভাবনী চিন্তা।

শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবার এবং নিজেদের মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে সরকার তরুণদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন।

তরুণ উদ্ভাবকদের জন্য ৫০০ কোটি টাকা

দেশের তরুণ গবেষক ও উদ্ভাবকদের অর্থনৈতিক সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নতুন উদ্ভাবনের পথে অর্থের সংকট যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য এই বরাদ্দ রাখা হয়েছে। অর্থ যথাযথভাবে ব্যবহারের পর আরও প্রয়োজন হলে সরকার অতিরিক্ত বরাদ্দ দেবে। তবে তরুণদের নিজেদের সক্ষমতা বাড়িয়ে গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসতে হবে।

অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবন বাস্তব জীবনে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রতিযোগিতায় তৈরি প্রযুক্তি ও উদ্ভাবনগুলো কীভাবে দেশের যোগাযোগব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে, কৃষিকাজে সহায়তা দিতে পারে কিংবা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কাজে লাগানো যায়, তা নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে হবে।

এ ধরনের উদ্যোগ দেশের নিজস্ব অ্যারোস্পেস প্রযুক্তি ও গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ শুধু বিদেশি প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকবে না; দেশীয় উদ্ভাবনের মাধ্যমে নতুন শিল্প গড়ে তুলে আন্তর্জাতিক অঙ্গনেও সম্মানজনক অবস্থান তৈরি করবে।

উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি তরুণদের মধ্যে উদ্ভাবনী চিন্তার প্রসারে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

এবারের জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল। মোট প্রতিযোগীর সংখ্যা ২৯৬ জন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট; এই চার বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে