Logo
Logo
×
পুতিনকে থামাতে গোপন মিশনে তিন ব্যক্তি

যুদ্ধ জিততে পুতিন ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত। যুক্তরাষ্ট্রকে তা বুঝতে হবে। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

ইনসাইট ।  এক্সপ্লেইনার

পুতিনকে থামাতে গোপন মিশনে তিন ব্যক্তি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬। ০৬:০৫ পিএম

আপডেট: ২৬ অক্টোবর ২০২৬। ১২:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ওয়েস্টনে থাকা আইনজীবী রিচার্ড কনের কাছে ২০২২ সালের ৩ মার্চ ভোররাতে মস্কো থেকে একটি ফোন আসে। অপর প্রান্তের ব্যক্তি তাকে বিশ্ব পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বলে সতর্ক করেন।

১৫ বছর আগে রাশিয়া ছাড়ার পর ওই ব্যক্তির সঙ্গে মাত্র একবার কথা হয়েছিল কনের। কিন্তু সেদিন এনক্রিপ্টেড ফোনলাইনে কোনো ভনিতা ছাড়াই চিৎকার করে তিনি বলছিলেন, সময়টা ভয়াবহ।

ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক ‘বিশেষ’ অভিযান শুরুর নির্দেশ দেওয়ার এক সপ্তাহ পার হয়েছে। কিন্তু যুদ্ধ রাশিয়ার পরিকল্পনামতো এগোচ্ছিল না।

ফোনের অপর প্রান্তের ব্যক্তি কনকে বলেন, “এটি আমাদের অস্তিত্বের জন্য হুমকি। আমরা জানি, যুক্তরাষ্ট্র আমাদের ধ্বংস করতে চাইছে।” তার দাবি ছিল, যুদ্ধ জিততে পুতিন ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত। যুক্তরাষ্ট্রকে তা বুঝতে হবে।

তিনি বলেন, “তোমরা হোঁচট খেতে খেতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছ।” কন জানতেন, ওই রুশ ব্যবসায়ীর ক্রেমলিনের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ আছে। কিন্তু তাকে কখনো এতটা বিচলিত শোনেননি। ব্যবসায়ীটি বলেছিলেন, শুধু কনের সঙ্গে কথা বলেই তিনি বড় ঝুঁকি নিচ্ছেন।

কন তাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি জানান, আগের কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে রাশিয়াবিষয়ক সিনিয়র পরিচালক এরিক গ্রিনের সঙ্গে মস্কোর একটি গোপন যোগাযোগের পথ তৈরির বিষয়ে আলোচনা করেছেন।

এরপর কন ও ওই ব্যবসায়ী ভাবতে শুরু করেন, পুতিনের ঘনিষ্ঠ এমন কার কাছে পৌঁছানো যায়, যিনি যুদ্ধ আরও বাড়ানো থেকে তাকে বিরত করতে পারেন। রুশ ব্যবসায়ীটি প্রতিশ্রুতি দেন, পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে মধ্যাহ্নভোজে দেখা করবেন।

কন যখন ফোন রাখেন, তখন প্রায় ভোর চারটা। পরের দুই দিন তিনি প্রায় ঘুমাতেই পারেননি। নিজেকে সামলে নেওয়ার পর সিগনালে গ্রিনকে একটি বার্তা পাঠান। এক ঘণ্টার মধ্যেই গ্রিন তাকে ফোন করেন। গ্রিন জানান, পুতিন পারমাণবিক হামলার কথা বিবেচনা করছেন; এমন কথা যুক্তরাষ্ট্র এবারই প্রথম শোনেনি।

গ্রিনের কথা শুনে কন বুঝলেন, তাকে কিছু করতে হবে। তিনি বলেন, “আমার মনে হয়েছিল, যা কিছু করা সম্ভব, তার সবটুকু করার এক বিশাল দায়িত্ব আমার ওপর এসে পড়েছে।”

পুতিনের জীবনযাপনের বর্ণনা শুনে কনের মনে হিটলারের বাংকারের কথা পড়ে। তার ভয় হয়, পুতিন হয়তো পারমাণবিক যুদ্ধকে আত্মহত্যার এক রূপ হিসেবে দেখছেন। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

রাশিয়ার প্রতি দীর্ঘদিনের আকর্ষণ

১৯৭০ এর দশকের শেষ দিকে ছাত্রাবস্থায় একটি গ্রীষ্ম লেনিনগ্রাদে কাটানোর পর থেকেই রাশিয়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল কনের। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তিনি পরিবার নিয়ে মস্কো চলে যান। তার আশা ছিল, প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের নেতৃত্বে রাশিয়াকে গণতন্ত্র ও পুঁজিবাদে রূপান্তরের পথে সহায়তা করবেন।

পুতিনের প্রথম মেয়াদেও তিনি রাশিয়ায় ফেরেন। তখন রুশ করপোরেট জগৎ আন্তর্জাতিক বাজারে দ্রুত উত্থান ঘটাচ্ছিল। কন বলেন, “তখনও মনে হয়েছিল, রাশিয়াকে সাহায্য করতে আবার কার্যকর ভূমিকা রাখার সুযোগ আছে। সম্ভবত আমার দুর্বলতাগুলোর একটি হলো; আমি মনে করতে পছন্দ করি যে আমার জীবনের একটা অর্থ আছে।”

৬৮ বছর বয়সী প্রাণবন্ত কনের বিশ্বাস, তার মধ্যে “কয়েকটি গুণ এমনভাবে মিলেছে, যা বেশ ভালোভাবে কাজ করে।” ২০২১ সালে তিনি প্রথম তার ‘ব্যাক চ্যানেল’ বা গোপন যোগাযোগের ধারণা তুলে ধরেন। তখন দীর্ঘদিনের মার্কিন কূটনীতিক এরিক গ্রিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের রাশিয়াবিষয়ক দায়িত্ব নিয়েছেন।

কনের ধারণা ছিল, একসময় রাশিয়ায় বসবাস করা মার্কিন নাগরিকদের কাজে লাগিয়ে মস্কোর সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করা যেতে পারে। যেসব আমেরিকানের রাশিয়ার শীর্ষ পর্যায়ে যোগাযোগ রয়েছে, তাদের দিয়ে সংবেদনশীল বিষয়ে নীরবে কাজ করালে এমন কিছু ধারণা পরীক্ষা করা সম্ভব হবে, যা আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় কখনোই সামনে আসত না।

গ্রিন তাকে ধারণাটি লিখে পাঠাতে বলেন। ২০২২ সালের এপ্রিলের মধ্যে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা ভেস্তে যায়। যুদ্ধ শুরুর পরিকল্পনার কথা পুতিন আগেভাগে তার অধিকাংশ শীর্ষ কর্মকর্তাকেই জানাননি। তিনি যুদ্ধ চালিয়ে যেতে থাকেন এবং ক্রমেই আরও বিচ্ছিন্ন হয়ে পড়েন।

কনের দাবি, গ্রিন তাকে বলেছিলেন; সরকারি পর্যায়ে কিংবা পর্দার আড়ালেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তেমন অর্থবহ কোনো আলোচনা নেই। অবশ্য গ্রিন এই বক্তব্যের সঙ্গে একমত নন। তবে কনের মনে হয়েছিল, এখানে একটি সুযোগ আছে।

তিনি ভাবতে শুরু করেন, পুতিনের কাছে কীভাবে আবেদন রাখা যায় এবং কে সেই বার্তা পৌঁছে দিতে পারে।

এক অস্বাভাবিক মধ্যস্থতাকারী

কন একসময় বিখ্যাত আইন প্রতিষ্ঠান ল্যাথাম অ্যান্ড ওয়াটকিন্সের ইকুইটি পার্টনার ছিলেন। সবসময়ই তার মনে হয়েছে, আরও কিছু দেওয়ার আছে তার।

১৯ বছর বয়সে একটি সোভিয়েত ক্রুজ জাহাজে কাজ করার সময় কেজিবি তাকে বলেছিল, একদিন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন। এরপর তাকে নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কন বিনয়ের সঙ্গে না বলেন।

বহু বছর পর ইয়েলৎসিন সরকারের আইন সংস্কারের খসড়া তৈরিতে তার ভূমিকা দেখে সিআইএও তাকে একই ধরনের প্রস্তাব দেয়। সেটিও তিনি প্রত্যাখ্যান করেন। তিনি দক্ষ দাবাড়ু ও একজন পাড় নাস্তিক। ধর্মীয় প্রভাবমুক্তভাবে নৈতিকভাবে সন্তান বড় করা নিয়ে একটি বইও লিখেছেন।

তবে পুতিনের কাছে নিজের বার্তা পৌঁছাতে হলে কনের দরকার ছিল সরাসরি যোগাযোগের সুযোগ। তার রুশ পরিচিতের মাধ্যমে উশাকভের কাছে পৌঁছানোর পরিকল্পনা ব্যর্থ হয়। তখন কন যোগাযোগ করেন মার্কিন বিনিয়োগ ব্যাংকার বব ফোরসম্যানের সঙ্গে। ৫৮ বছর বয়সী ফোরসম্যানের নীল চোখ, কোঁকড়া কালো চুল ও প্রবল উদ্দীপনা।

তিনি বেড়ে উঠেছেন শীতল যুদ্ধের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়ে। ১৫ বছর বয়সে তিনি টেলিভিশনে দ্য ডে আফটার নামের একটি চলচ্চিত্র দেখেছিলেন। সেখানে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের যুদ্ধে মধ্য আমেরিকায় পারমাণবিক ধ্বংসযজ্ঞের চিত্র দেখানো হয়েছিল।

ফোরসম্যান বলেন, “সিনেমাটি দেখে মনে হয়েছিল; কোন পেশা তা জানি না, কিন্তু এটা যেন না ঘটে, সেটি নিশ্চিত করার চেয়ে বড় দায়িত্ব আর কিছু হতে পারে না।” কনের জন্য ফোরসম্যান এক অপ্রত্যাশিত সঙ্গী বলেই মনে হতে পারে।

১৯৯০ এর দশকের শুরুতে ফোরসম্যানের ভাষায়, তার একধরনের নতুন করে ধর্মীয় জাগরণ ঘটে। তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন, “ঈশ্বর আমাকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন?” তার বিশ্বাস হয়েছিল, এর উত্তর সম্ভবত কমিউনিজম পরাজিত করার সঙ্গে যুক্ত। ১৯৯১ সালের গ্রীষ্মে তিনি মস্কোয় ইন্টার্নশিপ করেন। কিয়েভ সফরে একটি ফুলের দোকানে ঢুকে পরিচয় হয় ভবিষ্যৎ স্ত্রীর সঙ্গে।

সে বছরই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ফোরসম্যান তার জীবনের উদ্দেশ্যের নতুন ক্ষেত্র খুঁজতে থাকেন। বিশ্বব্যাংকের একটি প্রকল্পে ইউক্রেনের বেসরকারীকরণ প্রক্রিয়ায় পরামর্শকের চাকরি নেন। কিয়েভে চলে যান ও বিয়ে করেন। ২০০০ এর দশকের শুরুতে তিনি মস্কোয় ড্রেসডনার ব্যাংকের বিনিয়োগ শাখার দায়িত্ব নেন।

সেখানেই ব্যবসায়িক মহলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও রাশিয়া কীভাবে নীরবে কথা বলতে পারে, তার অভিজ্ঞতা পান তিনি।

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির শীর্ষ প্রেসিডেন্ট প্রার্থী হয়ে উঠলে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেশটির প্রধান সম্মেলনে ট্রাম্পকে বক্তৃতার আমন্ত্রণ পাঠানোর প্রস্তাব তিনি পৌঁছে দিয়েছিলেন। ট্রাম্প নির্বাচনে জয়ের পর ফোরসম্যান তার ট্রানজিশন টিমের সঙ্গে যোগাযোগ করে রাশিয়াবিষয়ক কোনো দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন। সে সময় প্রশাসন তাকে নেয়নি। কিন্তু তিনি সাহায্য করার সুযোগ খুঁজে যেতে থাকেন।

ফোরসম্যান বলেন, “আমি এসব বিষয়েই সবসময় বেশি আগ্রহী। ইনভেস্টমেন্ট ব্যাংকিং আসলে শুধু বিল মেটায়।”

দুজনের সাক্ষাৎ

কন ও ফোরসম্যানের আগে কখনো দেখা হয়নি। কিন্তু ২০২২ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কের উপকণ্ঠে ফোরসম্যানের বাড়ির কাছে রাই গ্রিল অ্যান্ড বারে মধ্যাহ্নভোজে কন যখন পুতিনের কাছে পৌঁছানোর পরিকল্পনা ব্যাখ্যা করেন, ফোরসম্যান প্রায় আসন থেকে লাফিয়ে উঠেছিলেন।

শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার সুযোগ নিয়ে ফোরসম্যানের শিশুসুলভ উচ্ছ্বাস কনকে অবাক করে। এতটাই উত্তেজিত ছিলেন তিনি যে, কনের পক্ষে কথার ফাঁক পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। ফোরসম্যান জানান, তিনিও গ্রিনকে একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন।

তিনিও আশঙ্কা করতেন, পুতিনের ইউক্রেন যুদ্ধ পারমাণবিক সংঘাতে রূপ নিয়ে শেষমেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে গড়াতে পারে। সেই বসন্তেই তিনি কিছু আর্থিক সম্পদ নগদে রূপান্তর করে উরুগুয়েতে সম্পত্তি খুঁজতে শুরু করেন। তার ধারণা ছিল, পারমাণবিক বিকিরণ থেকে জায়গাটি নিরাপদ থাকতে পারে।

ফোরসম্যান বললেন, এমন একজনকে তিনি চেনেন যিনি এটি ঠেকাতে পারেন। তার নাম ম্যাথিয়াস ভার্নিগ। পূর্ব জার্মানির সাবেক এই গুপ্তচর একসময় ড্রেসডনার ব্যাংকে ফোরসম্যানের সঙ্গে কাজ করেছেন। পুতিনের এতটাই ঘনিষ্ঠ কয়েকজনের একজন তিনি যে সরাসরি দেখা করার সুযোগ পান।

ফোরসম্যান যখন তার শান্তি মিশনকে ধর্মীয় ভাষায় ব্যাখ্যা করছিলেন, তখন গভীরভাবে নাস্তিক কনের মনে হয়েছিল, যেন তার প্রার্থনার উত্তর মিলেছে।

জুরিখে সেই বৈঠক

২০২২ সালের ৪ অক্টোবর জুরিখে কনের কথা সামনাসামনি শুনতে রাজি হন ভার্নিগ। সাক্ষাতের আগে কনের মনে হচ্ছিল, যেন পুরো বিশ্বের ভার তার কাঁধে। তখনই মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, হোয়াইট হাউস উদ্বিগ্ন যে পুতিন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন এবং এর সম্ভাব্য জবাব নিয়ে পরিকল্পনা শুরু করেছে।

নার্ভ শান্ত করতে কন গোসলের সময় আরইএমএর It’s the End of the World As We Know It (and I Feel Fine) গানটি গাইছিলেন। এরপর বিমানবন্দরের হিলটন হোটেলের রেস্তোরাঁয় নেমে দেখেন, ফোরসম্যান ও ভার্নিগ একটি ফাঁকা ডাইনিং হলে অপেক্ষা করছেন। জানালা দিয়ে হার্ডওয়াল্ড অরণ্য দেখা যাচ্ছে। তিনজন পেছনের একটি টেবিলে গিয়ে বসেন।

রাগবি খেলোয়াড়ের মতো শক্তপোক্ত ভার্নিগ শান্তভাবে কথা বলেন এবং শব্দ বেছে ব্যবহার করেন। তার মধ্যে বড়সড় একজন মানুষের গম্ভীর কর্তৃত্ব আছে। তিনি কনকে স্টাসিতে নিজের কাজ ও পুতিনের সঙ্গে সম্পর্কের কথা বলেন। পুতিনকে তিনি “আমার বন্ধু” বলে উল্লেখ করেন।

১৯৯০ এর দশকে সেন্ট পিটার্সবার্গে পুতিন ও তার সহকর্মীদের সঙ্গে বহু দীর্ঘ সন্ধ্যা মদ্যপান করে কাটিয়েছেন তিনি। সেই সহকর্মীদের অনেকেই এখন মস্কোর শীর্ষ পদে। ভার্নিগ বলেন, ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা পুতিন তাকে আগে জানাননি।

তার বন্ধু পশ্চিমাদের হাতে অতীতে যেসব অপমান হয়েছে বলে মনে করেন, তা নিয়ে গভীর ক্ষোভ পোষণ ও বিশ্বাস করেন, পশ্চিমের আচরণই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। যুদ্ধক্ষেত্রে ধাক্কা খেয়ে পুতিন পূর্ব ইউক্রেনের দনবাস এবং আরও দুটি দখলকৃত অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন।

প্রকাশ্যে বলেন, অর্জিত ভূখণ্ড রক্ষায় রাশিয়া “আমাদের হাতে থাকা সব উপায়” ব্যবহার করবে। এটি ছিল পারমাণবিক যুদ্ধের খুব সামান্য আড়াল করা হুমকি। মস্কো থেকে সদ্য ফিরে আসা ভার্নিগও যুদ্ধ আরও বাড়ার আশঙ্কায় ছিলেন।

কোভিড-১৯ মহামারিতে প্রায় দুই বছরের সম্পূর্ণ বিচ্ছিন্নতা পুতিনের ওপর বড় মানসিক চাপ ফেলেছে বলে তিনি মনে করতেন। পুতিন তার সব দর্শনার্থীকেই, এমনকি চিফ অব স্টাফকেও দীর্ঘ কোয়ারেন্টিন করতে বলতেন। যারা কোয়ারেন্টিন করতেন, তাদেরও বিশাল লম্বা টেবিলের অন্য প্রান্তে বসানো হতো।

ভার্নিগ বলেন, তিনি পুতিনের কয়েকজন শীর্ষ সহযোগীর সঙ্গে দেখা করেছেন। প্রথমে তারা সাবধানে তার মনোভাব বুঝতে চেষ্টা করেন। পরে বুঝতে পারেন, ভার্নিগও তাদের উদ্বেগ ভাগ করেন। বিদায় নেওয়ার সময় একজন তাকে জড়িয়ে ধরেছিলেন।

ভার্নিগ নিজে কোয়ারেন্টিনে যাননি। চিফ অব স্টাফের অফিস থেকে ফোনে পুতিনের সঙ্গে কথা বলেন। দুজন তাদের কয়েক দশকের বন্ধুত্ব নিয়ে কথা বলেন। কনের চোখে ভার্নিগের আচরণ ছিল বন্ধুসুলভ। কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে তার গভীর উদ্বেগ স্পষ্ট ছিল।

পুতিনের জীবনযাপনের বর্ণনা শুনে কনের মনে হিটলারের বাংকারের কথা পড়ে। তার ভয় হয়, পুতিন হয়তো পারমাণবিক যুদ্ধকে আত্মহত্যার এক রূপ হিসেবে দেখছেন।

কন গ্রিনের সঙ্গে নিজের সম্পর্ক ব্যাখ্যা করে বারবার জোর দিয়ে বলেন যে তিনি মার্কিন সরকারের হয়ে কাজ করেন না। পুতিনের কাছে কী ধরনের বার্তা দেওয়া যেতে পারে তার ধারণা দেন তিনি।

ভার্নিগ বলেন, “আমাদের এটা করতেই হবে। আর কেউ কিছু করছে না। কোনো যোগাযোগ নেই। আমাদের একটা সমাধান বের করতেই হবে।”

তিনজন সঙ্গে সঙ্গে একটি যোগাযোগপথ তৈরির পরিকল্পনা আঁকতে শুরু করেন। ভার্নিগ বলেন, তিনি বন্ধুর সঙ্গে খোলাখুলি কথা বলতে পারেন, তাকে চ্যালেঞ্জ করতে পারেন এবং বার্তা যথাযথভাবে পৌঁছে দিতে পারেন।

ভার্নিগ যখন বাথরুমে যান, কন ও ফোরসম্যান একে অন্যের দিকে তাকান। ফোরসম্যানের মনে হয়, “ওহ, এটা সত্যিই বিপজ্জনক।”

পুতিনের কাছে পৌঁছানোর মানুষ

২০০১ সালে ড্রেসডনারে যোগ দেওয়ার সময় ফোরসম্যানের ঊর্ধ্বতনরা তাকে সতর্ক করেছিলেন, রাশিয়ায় ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রমের প্রধানের সঙ্গে নতুন প্রেসিডেন্টের যোগাযোগ আছে। সম্ভাব্য সংঘাত এড়াতে ফোরসম্যান নতুন সহকর্মীর সঙ্গে পরিচিত হতে চান।

সেই জানুয়ারির এক সকালে বলশয় থিয়েটারের বিপরীতে জার আমলের মেট্রোপল হোটেলের ডাইনিং রুমে হাজির হন ম্যাথিয়াস ভার্নিগ। খুব দ্রুত দুজনের মধ্যে একটি অভিন্ন লক্ষ্য তৈরি হয়।

এক সহকর্মীর জন্মদিনের অনুষ্ঠানে ফোরসম্যান ভার্নিগকে এক পাশে নিয়ে প্রস্তাব দেন; পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যে ব্যক্তিগত যোগাযোগের পথ তৈরি করা যায় কি না।

ফোরসম্যানের ভয় ছিল, ইয়েলৎসিন আমলের যেসব কর্মকর্তা তখনও ক্রেমলিনে আছেন, তারা নিজেদের স্বার্থ রক্ষায় পুতিনের কাছে তথ্য আটকে দিতে পারেন। কিন্তু কয়েক দিন পর ভার্নিগ ফোরসম্যানের অফিসে এসে বলেন, “আমি প্রস্তুত।” ফোরসম্যান তিন সাবেক মার্কিন সেনেটরের সঙ্গে ভার্নিগের বৈঠকের ব্যবস্থা করেন।

সেনেটররা মস্কোয় গিয়ে পুতিনের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। পরে ভার্নিগের বার্তা বুশের কাছে পৌঁছে দেন। ফোরসম্যানের বিশ্বাস, সেই গ্রীষ্মে প্রথম বৈঠকেই পুতিনের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়তে বুশকে সহায়তা করতে ভার্নিগের অন্তর্দৃষ্টি গুরুত্বপূর্ণ ছিল।

ফোরসম্যান বলেন, “আমার মনে হয়েছিল, ঈশ্বর আমাকে ফরেস্ট গাম্পের মতো এই পরিস্থিতিতে এনে ফেলেছেন।”

ড্রেসডনারের রাশিয়া ব্যবসা যত বাড়তে থাকে, ভার্নিগের যোগাযোগ সম্পর্কে আগের ধারণা যে আসলে অনেক কম করে বলা হয়েছিল, তা স্পষ্ট হতে থাকে।

২০০৫ সালে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ভার্নিগ পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসিতে মেজর ছিলেন এবং ১৯৮০ এর দশকে ড্রেসডেনে কাজ করার সময় পুতিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। স্টাসিতে তার সাবেক বস ফ্রাঙ্ক ওয়াইগেল্ট পত্রিকাটিকে বলেছিলেন, “ভার্নিগের প্রতিভা ছিল আদর্শের বদলে ব্যক্তিগত বন্ধুত্বকে সহযোগিতার প্রেরণা হিসেবে ব্যবহার করা।”

ভার্নিগের দাবি, তিনি পুতিনের সঙ্গে প্রথম দেখা করেন ১৯৯০ এর দশকের শুরুতে, যখন দুজনই গোয়েন্দা দুনিয়া ছেড়ে এসেছেন। পুতিন তখন সেন্ট পিটার্সবার্গ মেয়রের দপ্তরে কাজ করতেন। তবে ১৯৯৩ সালের মধ্যে তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল যে, গাড়ি দুর্ঘটনায় পুতিনের স্ত্রী লিউডমিলা গুরুতর আহত হলে তিনি দুই বড় মেয়েকে জার্মানিতে ভার্নিগের কাছে পাঠিয়েছিলেন।

স্টাসি অতীত প্রকাশ পেলেও রাশিয়ার ব্যবসায়িক জগতে ভার্নিগের উত্থান থামেনি। তত দিনে সেই জগৎ সাবেক কেজিবি কর্মকর্তা এবং পুতিনের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল। তিনি রাষ্ট্রীয় তেল জায়ান্ট রসনেফট ও ব্যাংক রসিয়ার মতো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যোগ দেন। পরে মার্কিন ট্রেজারি ব্যাংক রসিয়াকে “শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যাংক” হিসেবে বর্ণনা করে। ফোরসম্যানও এতে নিরুৎসাহিত হননি।

২০০০ এর দশকের মাঝামাঝি ড্রেসডনার ছাড়ার পর তার নিজের ক্যারিয়ারও এগোতে থাকে। তিনি বলেন, “যিশু বলেছেন, ‘কবুতরের মতো নির্দোষ ও সাপের মতো বিচক্ষণ হও।’ অথবা বলা যায়; বিশ্বাস করো, কিন্তু যাচাইও করো।” ব্যাংকে তাত্ত্বিকভাবে ফোরসম্যানই ছিলেন ভার্নিগের বস।

কয়েক সপ্তাহ পর তিনি ড্রেসডনারকে অনুরোধ করেন, বরং তাকে ভার্নিগের অধীনে রিপোর্ট করতে দেওয়া হোক। ভার্নিগকে তিনি মূল্যবান পরামর্শের উৎস মনে করতেন। একবার ভার্নিগ জানতে চান, ফোরসম্যানের স্ত্রী কি তার নতুন সেক্রেটারির সঙ্গে দেখা করেছেন; যাকে তিনি “ফ্লার্টপ্রবণ, আকর্ষণীয় নারী” বলে বর্ণনা করেছিলেন।

ফোরসম্যান না বললে ভার্নিগ অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধু বলেন, “বব।” ফোরসম্যান বলেন, “সে আসলে আমার ও আমার দাম্পত্যের দিকে খেয়াল রাখছিল। সে চাইছিল না, ওই পরিস্থিতিতে আমি কোনোভাবে বিপদে পড়ি।”

পরবর্তীতে ওই সেক্রেটারিকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। ধীরে ধীরে রাশিয়া ও পশ্চিমের মধ্যে সেতু গড়তে ভার্নিগ বড় ভূমিকা নিতে থাকেন। ইউক্রেনকে পাশ কাটিয়ে জার্মানিতে গ্যাস পাঠানোর নর্ড স্ট্রিম পাইপলাইন প্রকল্পের প্রধান হন তিনি। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সেও নিয়মিত উপস্থিত থাকতেন এবং পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে সহজেই সম্পর্ক গড়তেন।

রাশিয়াবিষয়ক সাবেক জ্যেষ্ঠ মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ফিওনা হিল বলেন, “সে বড়, উষ্ণ, আদুরে ভালুকের মতো। তার শক্তির একটা অংশ হলো, তাকে খুব বন্ধুসুলভ দেখায়।”

হিলের মতে, ভার্নিগ সচেতনভাবেই এই চেহারা ব্যবহার করেন।

“এতে মানুষ ভুলভাবে ধরে নেয় যে এই বন্ধুত্বের পেছনে কোনো শর্ত নেই। কেউ কেউ যখন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে না, তখন সেটি তার সুবিধায় যায়। কিন্তু সে ভীষণ সিরিয়াস।”

মার্কিন কর্মকর্তারাও ভার্নিগকে পুতিনের কাছে সরাসরি পৌঁছানোর একটি সম্ভাব্য পথ হিসেবে দেখতেন। বারাক ওবামার সময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত থাকা মাইকেল ম্যাকফল বলেন, “কার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং সেই ব্যক্তি আবার পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন; এমন মানুষদের তালিকা ছিল খুব ছোট।”

তিনি বলেন, “হেনরি কিসিঞ্জার, তখনকার এক্সন প্রধান রেক্স টিলারসন, স্টিভেন সিগাল; আর সেই তালিকার একেবারে ওপরের দিকেই থাকতেন ম্যাথিয়াস।”

পারমাণবিক আতঙ্ক আরও বাড়ে

জুরিখের বৈঠকের পরের দিনগুলোতে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে; এই আশঙ্কা আরও তীব্র হয়। এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন বলেন, পুতিন “রসিকতা করছেন না।” তিনি সতর্ক করেন, “কেনেডি ও কিউবান মিসাইল সংকটের পর থেকে আমরা আর কখনো আর্মাগেডনের এমন সম্ভাবনার মুখোমুখি হইনি।”

ভার্নিগের সঙ্গে বৈঠকের দীর্ঘ সারসংক্ষেপ গ্রিনকে পাঠান কন। এরপর গ্রিন সিগনালে তাকে ফোন করেন। তিনি বলেন, “আমার কিছু বার্তা আছে, যা হোয়াইট হাউস থেকে তোমার মাধ্যমে ম্যাথিয়াসকে দিতে চাই, যেন সে পুতিনকে পৌঁছে দেয়।” তখন কন ব্যবসায়িক সফরে মলদোভায়।

রাতের খাবারের বৈঠক থেকে বাইরে এসে তিনি ফোনটি ধরেছিলেন এবং গ্রিনের বার্তা লিখে রাখার মতো কিছু ছিল না। তাই সবকিছু মুখস্থ করেন। কন হতবাক হয়ে যান। তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু অবিশ্বাস্য রকম বাস্তব হয়ে উঠেছিল।” কিন্তু ভাবার সময় ছিল না।

ব্ল্যাক ফরেস্টে ভার্নিগের বাড়ির কাছের টুনিবার্গ গলফ ক্লাবে তার সঙ্গে দেখা করতে উড়ে যান কন। অমলেট খেতে খেতে কন বলেন, “যেমন বলেছি, আমি যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলি না। কিন্তু এই একবার বলছি। হোয়াইট হাউস থেকে তোমার জন্য কয়েকটি নির্দিষ্ট বাক্য এসেছে, যা তোমার বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার জন্য।”

কন বার্তাগুলো পড়ে শোনান।

“যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের চেষ্টা করছে না। আমরা রাশিয়াকে ধ্বংস করতে চাই না। অস্তিত্বের কোনো হুমকি নেই। আমরা আন্তর্জাতিক ব্যবস্থা ও জাতিসংঘকে সমর্থন করতে চাই। আমরা শান্তি চাই।”

কীভাবে বার্তাটি পুতিনকে দেওয়া হবে, তা নিয়ে ভার্নিগ ও কন আলোচনা করেন। ভার্নিগ বলেন, বন্ধুকে যেকোনো কথা বলার স্বাধীনতা তার আছে। কিন্তু পুতিন যদি মনে করেন, এই বিষয়ে কাজ করার কোনো অনুমোদন তার নেই, তাহলে গুরুত্ব দেবেন না। ভার্নিগ নিজে মনে করতেন, যুদ্ধ একটি ভয়াবহ ভুল। তিনি আগেই পুতিনকে বলেছিলেন, রাশিয়ার এই আক্রমণে কেউ জিতবে না।

কিন্তু পুতিন একটি তথ্য বুদবুদের মধ্যে বাস করছেন। যেখানে যুদ্ধক্ষেত্র থেকে বেছে বেছে শুধু ভালো খবর তার কাছে পৌঁছে দেওয়া হয়।

বিদায়ের সময় কন ও ভার্নিগ একে অপরকে জড়িয়ে ধরেন। কন বলেন, “তখনও বিপদ কেটে যায়নি।”

১১ অক্টোবর জি৭ নেতারা সতর্ক করেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পুতিনকে “গুরুতর পরিণতি” ভোগ করতে হবে। কিন্তু উদ্বেগ আরও বাড়তেই থাকে। ইউক্রেন খেরসন ও জাপোরিঝঝিয়ায় রুশ সেনাবাহিনীকে আরও অপমানজনক পশ্চাদপসরণে বাধ্য করছিল। এই দুই অঞ্চলকেও সদ্য মস্কোর অংশ বলে দাবি করেছিলেন পুতিন।

হঠাৎ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীদের ফোন করে দাবি করেন, ইউক্রেন একটি “ডার্টি বোমা” ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। এই দাবি বরং আশঙ্কা বাড়ায় যে পুতিন নিজেই হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে এগোচ্ছেন।

যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাফল্য সমীকরণ বদলে দিয়েছিল। রদনিয়ানস্কি তার ফোনে থাকা নথিগুলো জেলেনস্কি ও প্রেসিডেন্ট দপ্তরের শক্তিশালী প্রধান আন্দ্রি ইয়েরমাককে ঠিকমতো দেখাতেই পারছিলেন না। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

পুতিনের জবাব

রাশিয়া থেকে ফিরে ২৬ অক্টোবর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে কন ও ফোরসম্যানকে দেখা করতে ডাকেন ভার্নিগ। আফ্রিকার উপকূলে পরিবারের সঙ্গে ক্রুজ ছুটিতে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করতে দুই আমেরিকান প্রায় দেরিই করে ফেলেছিলেন।

তারা ঠিক সময়ে পৌঁছান। তবে কন ফোরসম্যানকে বলেন, ভার্নিগের সঙ্গে কয়েক মিনিট একা কথা দরকার। ফোরসম্যান পানীয় আনতে যান এবং ভার্নিগের স্ত্রী এলেনার সঙ্গে অন্য টেবিলে বসেন। ভার্নিগ কনকে জানান, আগের সন্ধ্যাটি তিনি বন্ধুর সঙ্গে একান্তে কাটিয়েছেন। নোটবুক খুলে পুতিনের উত্তর পড়ে শোনান। “সামরিক অভিযান চালানো ছাড়া আমার আর কোনো উপায় নেই।”

তবে এরপর তিনি পড়েন, “আমি আলোচনার জন্য পুরোপুরি উন্মুক্ত। আমি সমাধান নিয়ে কথা বলতে চাই। আমি ইউক্রেনের জন্য শান্তি চাই।”

এপ্রিলে ভেঙে যাওয়া ইস্তাম্বুল আলোচনা নতুন আলোচনার সূচনা হতে পারে। ভার্নিগ পুতিনের কথা পড়ে শোনান, “আমাদের এটা সমাধান করতে হবে। আমি চাই সমাধানটি একশ বছর টিকে থাকুক। আর কোনো উপায় না থাকলে আমি এগিয়ে যাব, যদিও জানি তা যন্ত্রণাদায়ক হবে। কিন্তু আমি পিছিয়ে যেতে পারি না ও লড়তে প্রস্তুত।”

পুতিন চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ে আলোচনা শুরু করুক। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান যেন তার রুশ সমকক্ষ উশাকভকে ফোন করেন। ফোরসম্যান ভার্নিগের জন্য আরেক গ্লাস ওয়াইন নিয়ে ফিরে এসে বলেন, “আমি এতদূর শুধু ম্যাথিয়াসকে পানীয় পরিবেশন করতে আসিনি।”

তারা তাকে সঙ্গে বসতে বলেন। কন ভার্নিগকে জিজ্ঞেস করেন, “তোমার কি মনে হয়, পারমাণবিক হুমকি এখনো আছে?” কনের মনে হয়েছিল, আগের বৈঠকগুলোর তুলনায় ভার্নিগ অনেক বেশি নিশ্চিন্ত। ভার্নিগ বলেন, “সব ঠিক আছে।” কন বিস্মিত হন, এত দ্রুত কীভাবে হুমকিটি যেন মুছে গেল।

পরে বিমানবন্দর থেকে গাড়িতে ফেরার সময় রেডিওতে শিকাগোর লেট ইট স্নো গানটির সফট-রক সংস্করণ বাজছিল।

শুরুর হর্ন সেকশন শুনে কনের মনে হচ্ছিল, যেন তিনি উড়ছেন। তিনি বলেন, “জীবনে কখনো এত সুখী হইনি।” তার মনে হয়েছিল, পারমাণবিক সংকট শেষ। ফোরসম্যানও মনে করলেন, কিশোর বয়সে দ্য ডে আফটার দেখে যে দায়িত্ববোধ জন্মেছিল, সেটি যেন পূর্ণ হয়েছে। তিনি কনকে বলেন, “দুঃখের বিষয় তুমি ঈশ্বরে বিশ্বাস করো না। কারণ ঈশ্বর তোমাকেই বেছে নিয়েছেন, আর এই কাজের জন্যই তোমাকে তৈরি করেছেন।”

পরদিন এক পররাষ্ট্রনীতি সম্মেলনে পুতিনকে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। এবার তার উত্তর ছিল লক্ষণীয়ভাবে অনেক বেশি সমঝোতামূলক। তিনি দাবি করেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করেনি। তিনি বলেন, “আমাদের এটা করার প্রয়োজন নেই। এতে আমাদের জন্য কোনো রাজনৈতিক বা সামরিক অর্থ নেই।”

পরবর্তী কয়েক সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পারমাণবিক যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ হিসেবে সুলিভান গোপনে উশাকভ ও আরও এক শীর্ষ রুশ কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন। কন ও ফোরসম্যান এই প্রতিবেদনকে ভার্নিগের বার্তা কাজ করেছে; এর লক্ষণ হিসেবে দেখেন।

কন সিগনালে লিখেছিলেন, “মনে হচ্ছে পরিস্থিতি শান্ত হচ্ছে। খুব সম্ভব, আমাদের চেষ্টারও একটা ভূমিকা ছিল।” ফোরসম্যান জবাব দেন, “আসলে আমার মনে হয়, তারা মূলত আমাদের প্রচেষ্টার কথাই বলছে। সৌভাগ্য যে কোনো বিস্তারিত বা নাম উল্লেখ করেনি।” কন লেখেন, “একমত। আমি শুধু অস্বাভাবিকভাবে বিনয়ী হওয়ার চেষ্টা করছিলাম।” ফোরসম্যান লিখলেন, “তোমার মধ্যে এটা আছে জানতাম না।” এরপর কন লিখলেন, “এখন তো কেটে গেছে, উফ! বিশ্বকে বাঁচানোর প্রচেষ্টা চালিয়ে যেতে আমরা কি শিগগির কথা বলব বা দেখা করব?”

‘দ্য প্ল্যাটফর্ম’

যুক্তরাষ্ট্রে ফিরে কানেকটিকাটের গ্রিনিচে ডেলামার নামে একটি হোটেলে দেখা করেন কন ও ফোরসম্যান। বিয়ার খেতে খেতে তারা উদযাপন করেন। কন মদ খান না, তাই জিঞ্জার বিয়ার নেন। তারা ভাবতে শুরু করেন, যে যোগাযোগপথটি তারা ‘দ্য প্ল্যাটফর্ম’ নামে ডাকতে শুরু করেছেন, সেটি কীভাবে রাশিয়ার যুদ্ধ শেষ করতে কাজে লাগানো যায়।

পুতিনের ‘বাংকার মানসিকতা’ ভালোভাবে বুঝতে কন মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন। হার্ভার্ডে থাকার সময় সংগ্রহ করা পুরোনো ইউক্রেনীয় মানচিত্রের সংগ্রহ নিয়ে পড়াশোনা শুরু করেন ফোরসম্যান। দুজন প্রায় প্রতিদিন কথা বলতে থাকেন। ফোরসম্যান কনকে বলতেন, তিনি তার জন্য প্রার্থনা করছেন।

ফোরসম্যানের গল্পের মাধ্যমে কন ধীরে ধীরে ভার্নিগ ও পরোক্ষভাবে পুতিনকে আরও ভালো বুঝতে শুরু করেন। ফোরসম্যান নিজেকে বলতেন “ম্যাথিয়াস হুইসপারার” অর্থাৎ ম্যাথিয়াসকে বোঝার মানুষ। কনের কাছে ভার্নিগকে মনে হতো ফোরসম্যানের প্রিয় কোনো চাচার মতো।

কন বলেন, “তারা স্পষ্টতই খুব ভালো মদ্যপ সঙ্গী এবং বহু বছরের সম্পর্ক আছে। বোঝা যায়, তাদের মধ্যে গভীর আস্থা রয়েছে।” কিন্তু শান্তিচুক্তি করতে হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছেও একটি যোগাযোগপথ দরকার।

ফোরসম্যান বলেন, “আমরা ইউক্রেনের একজন ম্যাথিয়াস খুঁজছিলাম; যদি তেমন কেউ থেকে থাকে।” তিনি তার মার্কিন বন্ধু মাইকেল ক্যালভির সঙ্গে যোগাযোগ করেন। একসময় রাশিয়ার সবচেয়ে বড় প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারী ছিলেন ক্যালভি। কাফকাসুলভ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তিনি রাশিয়ার অন্ধকার দিকও দেখেছেন।

তিন বছর আগে ভার্নিগই তাদের একজন ছিলেন, যারা পুতিনকে ক্যালভিকে কারাগার থেকে মুক্তি দিতে রাজি করিয়েছিলেন। ইউক্রেনপন্থী ক্যালভি জানতেন, এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি কে; আলেক্সান্ডার রদনিয়ানস্কি।

ইউক্রেনীয় এই চলচ্চিত্র প্রযোজক ইস্তাম্বুলের শান্তি আলোচনা আয়োজনেও ভূমিকা রেখেছিলেন। রদনিয়ানস্কি সঙ্গে সঙ্গে রাজি হন। কিন্তু বড় হওয়া দলটি শিগগিরই বুঝতে পারবে, যুদ্ধ শেষ করা কত কঠিন।

শান্তি পরিকল্পনার খসড়া

পুতিনকে সংকট থেকে বের করে আনতে ভার্নিগ আন্তরিক ছিলেন বলে মনে হচ্ছিল। কিন্তু নর্ড স্ট্রিমে ভূমিকার কারণে যুদ্ধ শুরুর আগের দিনই যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞার তালিকায় রাখে। জার্মানিতে এতে তার ব্যক্তিগত জীবনে বড় সমস্যা তৈরি হয়। কমার্জব্যাংক তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। কর উপদেষ্টা তাকে ছেড়ে দেন। গলফ ক্লাবও সদস্যপদ বাতিল করে। এর মধ্যেই ভার্নিগের সঙ্গে পুতিনের আবার দেখা হয়।

ক্রেমলিনে প্রায় ২০ ফুট লম্বা একটি টেবিলের দুই প্রান্তে প্রথমে তারা বসেন। পুতিনের পরামর্শে ধীরে ধীরে চেয়ার সরিয়ে তারা কাছাকাছি আসেন, শেষে প্রায় মুখোমুখি অবস্থানে। নিষেধাজ্ঞায় ভার্নিগের সমস্যায় পুতিন সহানুভূতি জানান এবং পরিবার নিয়ে রাশিয়ায় চলে আসার আমন্ত্রণ দেন। ভার্নিগ তা প্রত্যাখ্যান করেন।

তিনি পুতিনকে বলেন, একসময় তার ব্যক্তিগত যোগাযোগের ক্ষমতাই ছিল শক্তি। কিন্তু বিচ্ছিন্নতা সেই শক্তি কেড়ে নিয়েছে। পুতিন তাকে বলেন, “ক্ষমতা একধরনের নেশা।” ভার্নিগ জবাবে বলেন, যুদ্ধক্ষেত্র, অর্থ এবং মানুষের জীবন; সব দিকেই উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানুয়ারির শুরুতে দলটি গ্রান কানারিয়ায় যায়। সেখানে ভার্নিগের একটি কনডোমিনিয়াম রয়েছে। তারা এমন একটি শান্তি প্রস্তাবের কাঠামো নিয়ে আলোচনা করতে চান, যা পুতিন ও জেলেনস্কির কাছে নেওয়া যাবে। ভার্নিগ একটি নৌকা ভাড়া করেন, যাতে তারা সাগরে গিয়ে আলোচনা করতে পারেন। নৌকাটি ছিল বন্ধুর সঙ্গে যৌথ মালিকানাধীন সাধারণ ৩৮ ফুটের ক্রুজার। অবাক রদনিয়ানস্কি ফোরসম্যানকে বলেন, “আমি যে ইয়ট কল্পনা করেছিলাম, এটা সেটা নয়।”

তারা শান্তি প্রস্তাব তৈরি করতে শুরু করেন। রাশিয়া সদ্য সংযুক্ত বলে দাবি করা বেশিরভাগ অঞ্চল থেকে সরে যাবে। যুদ্ধের আগে ক্রিমিয়া ও দনবাসের যে অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল, তার ভিত্তিতে সীমান্ত নির্ধারণ করা হবে। ইউক্রেন ক্রিমিয়ার ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ স্বীকার করবে এবং উপদ্বীপে যাওয়ার জন্য একটি স্থল করিডোরে রাশিয়াকে অবাধ চলাচলের সুযোগ দেবে। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে নিরাপত্তা দেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা শুরু করবে রাশিয়া।

কন একে বলেছিলেন, “ড. স্ট্রেঞ্জলাভ উল্টো দিক থেকে।” আলোচনার বিরতিতে ভার্নিগ সবাইকে সাঁতার কাটতে বাধ্য করেন। সবাই সাঁতারের পোশাক পরে সাগরে ঝাঁপ দেন। ভার্নিগ ও রদনিয়ানস্কি সিদ্ধান্ত নেন, খসড়া নথিটি মস্কো ও কিয়েভে নিয়ে গিয়ে দুই নেতার মতামত নেবেন।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি আবার মিলিত হলে ভার্নিগ জানান, পুতিন নথিটি লাইন ধরে পড়েছেন, অংশে অংশে বৃত্ত এঁকে মন্তব্য লিখেছেন। ভার্নিগের ভাষ্যমতে, সম্মুখরেখা নিয়ে তাদের প্রস্তাবে পুতিন রাজি ছিলেন। তবে তিনি ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে দেবেন না। ইউরোপীয় ইউনিয়নে যোগদানে তার আপত্তি নেই এবং ইস্তাম্বুল আলোচনার মতো অন্য ধরনের নিরাপত্তা ব্যবস্থাতেও তিনি উন্মুক্ত।

ভার্নিগের ভাষ্যমতে পুতিন বলেছিলেন, “সীমান্ত ও ন্যাটো নিয়ে যদি আমরা একমত হতে পারি, তাহলে বাকি সবকিছু নিয়ে আলোচনা করা যাবে।”

ইউক্রেনের অবস্থান বদলে যায়

কিন্তু যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাফল্য সমীকরণ বদলে দিয়েছিল। রদনিয়ানস্কি তার ফোনে থাকা নথিগুলো জেলেনস্কি ও প্রেসিডেন্ট দপ্তরের শক্তিশালী প্রধান আন্দ্রি ইয়েরমাককে ঠিকমতো দেখাতেই পারছিলেন না। তারা বলেছিলেন, ইউক্রেনের সীমান্ত নিয়ে পুতিনকে কোনো ছাড় দেওয়া হবে না।

তাদের বিশ্বাস ছিল, ভূখণ্ড ছেড়ে না দিয়েও পরিকল্পনার বাকি বেশিরভাগ সুবিধা আদায় করা সম্ভব। রদনিয়ানস্কির মতে, ইউক্রেনকে একটি চুক্তি মানাতে যুক্তরাষ্ট্রের চাপ দরকার ছিল। তিনি বলেন, ইউক্রেনীয়রা এমন আচরণ করছিল যেন রাশিয়ার সেনাবাহিনী দ্য লর্ড অব দ্য রিংস এর শেষে সৌরনের বাহিনীর মতো হঠাৎ ভেঙে পড়বে।

ইউক্রেনীয় কর্মকর্তারা হাসতে হাসতে কথাটির সঙ্গে একমত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর ও ইয়েরমাক মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

কন ও ফোরসম্যান আশা করেছিলেন, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম বার্ষিকীর আগেই কোনো সমঝোতা হতে পারে। কিন্তু তাদের চোখের সামনেই শান্তির সম্ভাবনা ভেঙে পড়ে। ১৮ ফেব্রুয়ারি জুরিখের সেই একই হোটেল রেস্তোরাঁয় ভার্নিগের সঙ্গে দেখা করেন দুই আমেরিকান। এবারের বার্তা ছিল একেবারেই ভিন্ন।

পুতিন তার পররাষ্ট্রনীতি উপদেষ্টা উশাকভ এবং আরও তিন শীর্ষ কর্মকর্তাকে এই যোগাযোগপথের কথা জানিয়ে দিয়েছেন এবং তাদের সঙ্গে শান্তি প্রস্তাব বিস্তারিত আলোচনা করেছেন। পুতিন উশাকভকে বলেন, পরেরবার সুলিভানের সঙ্গে কথা হলে আমেরিকানদের এই উদ্যোগের অনুমোদন আছে কি না, তা নিশ্চিত করতে।

পুতিনের ভাষ্যমতে, সুলিভান উশাকভকে বলেন, যুক্তরাষ্ট্র এই যোগাযোগপথ অনুমোদন করেনি এবং বিদ্যমান সরকারি যোগাযোগই যথেষ্ট।

ফোরসম্যান আতঙ্কিত হয়ে দেখছিলেন ও তার নিকোটিন পাউচ দরকার হয়ে পড়ে। তার মনে হচ্ছিল, “রিচার্ড, এবার তোমাকে কিছু ব্যাখ্যা করতে হবে!” ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে নিজের সম্পর্ক ঠিক কী; তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে কনেরও সমস্যা হচ্ছিল। তবে তার বিশ্বাস ছিল, পারমাণবিক ইস্যু শান্ত করতে এই চ্যানেল নিজের মূল্য প্রমাণ করেছে। তিনি এনএসসির সঙ্গে যোগাযোগ করে সুলিভানকে ক্রেমলিনে যথাযথ বার্তা পাঠাতে বলেন।

কিন্তু পরেরবার ভার্নিগ যখন পুতিনকে আপডেট দিতে যান, পুতিন তাকে থামিয়ে দেন। পুতিন বলেন, সুলিভান আবার উশাকভের সঙ্গে কথা বলে স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র এই যোগাযোগপথের কোনো প্রয়োজন দেখছে না।

ভার্নিগ যখন দলের কাছে এই ঘটনা বলছিলেন, তখনই তিনি জানতে পারেন ইউক্রেন তাকে নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে। এতে তার জন্য আরও সমস্যা তৈরি হতে পারে। উশাকভ তাকে ব্যঙ্গ করে অভিনন্দন জানান; শান্তির প্রচেষ্টার জন্য ইউক্রেন তাকে যে ‘পুরস্কার’ দিয়েছে, সেটির জন্য।

চ্যানেলটি ভেঙে পড়ে

পুতিন যে আনুষ্ঠানিক মার্কিন সমর্থন চেয়েছিলেন, তা না পাওয়ায় যোগাযোগপথের গতি কমে যায়। সে বছর পরের দিকে যুক্তরাষ্ট্র-সমর্থিত ইউক্রেনীয় পাল্টা আক্রমণও উল্লেখযোগ্য ভূখণ্ড পুনর্দখলে ব্যর্থ হয়। এরপর ইউক্রেনের কাছে পুতিনের দাবি আরও বড় হয়েছে।

চলতি মাসে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে রুশ তেল শোধনাগারে ড্রোন হামলা বন্ধ করতে চাপ দেন, একই সঙ্গে ক্রেমলিনের সঙ্গে ডিজেল চুক্তি করে নিষেধাজ্ঞাও শিথিল করেন।

এই প্রতিবেদনের প্রতিবেদক ম্যাক্স সেডন ‘প্ল্যাটফর্ম’ এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞেস করেছিলেন, তাদের মতে কোথায় সবকিছু ভুল হলো। সবার স্মৃতি এক ছিল না এবং সব ব্যাখ্যাও নিশ্চিত নয়। এক সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, “আমরা সবাই যেন হাত দিয়ে হাতির আলাদা আলাদা অংশ ছুঁয়ে দেখছি।”

প্ল্যাটফর্মের অংশগ্রহণকারীদের বিশ্বাস, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন এমন একটি সম্ভাব্য শান্তির সুযোগ হারিয়েছে, যা এখন পুতিন যে শর্ত দিতে প্রস্তুত, তার চেয়ে অনেক বেশি অনুকূল হতে পারত। কন চান না যেন মনে হয়, তিনি সফলতার ব্যাপারে নিশ্চিত ছিলেন। তবে তার মতে, গ্রহণযোগ্য সমঝোতায় পুতিন আসলে কতটা প্রস্তুত ছিলেন; তা আরও ভালোভাবে পরীক্ষা করতে পারত যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।

তিনি বলেন, “এমন বলার মধ্যে মূল্য আছে ‘দেখো, দাবার বোর্ডে এখন যে অবস্থান আছে, সেটিকে ধরে এমন কোনো সমাধান বের করি, যেখানে বন্ধুত্বপূর্ণ ড্র হবে এবং সবাই তা মেনে নিতে পারবে।’”

পুতিন ও উশাকভ দুজনেই ভার্নিগকে বলেছিলেন, সুলিভান এই যোগাযোগপথের প্রয়োজন নাকচ করেছেন। কিন্তু সাবেক মার্কিন কর্মকর্তারা সেডনকে বলেন, উশাকভ সক্রিয় সময়টিতে ভার্নিগের এই চ্যানেল বা অন্য কোনো অনুরূপ যোগাযোগপথের কথা কখনোই তোলেননি।

তা সত্য হলে, সুলিভান নয়, বরং উশাকভই ক্রেমলিনের কোনো অভ্যন্তরীণ ক্ষমতার খেলায় ভার্নিগের উদ্যোগ নষ্ট করেছিলেন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। উশাকভও সাড়া দেননি।

সাবেক মার্কিন কর্মকর্তাদের মধ্যেও কনের প্রচেষ্টা কতটা কার্যকর ছিল এবং হোয়াইট হাউসের কতটা সমর্থন তিনি বাস্তবে পেয়েছিলেন, তা নিয়ে মতভেদ রয়েছে। তাদের মতে, পুতিনের প্রকৃত উদ্দেশ্য বোঝার জন্য যে বিশাল, অস্পষ্ট, বিভ্রান্তিকর ও প্রায়ই পরস্পরবিরোধী তথ্য সংগ্রহ করা হচ্ছিল, প্ল্যাটফর্ম ছিল তার একটি মাত্র অংশ।

গ্রিন মার্কিন গোয়েন্দা ও নীতিনির্ধারণ ব্যবস্থাকে এমন এক “বিশাল শোষণশক্তি” হিসেবে বর্ণনা করেন, যা যত বেশি সম্ভব তথ্য টেনে নেওয়ার চেষ্টা করে। সেডন তাদের বলেন, গ্রিন কনকে যে বার্তা দিয়েছিলেন, পুতিন সেটিকে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী; এমন সংকেত হিসেবে নিতে পারতেন।

তবে সাবেক কর্মকর্তাদের মতে, পারমাণবিক উত্তেজনা কমাতে ভার্নিগ ছিল বহু যোগাযোগপথের মাত্র একটি।

বাইডেন নিজে পুতিনকে চিঠি লিখেছিলেন। চীন ও ভারত সরকারও রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছিল। গ্রিন অস্বীকার করেন যে তিনি কনকে বলেছিলেন, সে সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে গুরুতর কোনো যোগাযোগ ছিল না।

তিনি বলেন, “একটা ধারণা আছে যে আমরা রুশদের সঙ্গে কোনো যোগাযোগ করছিলাম না। আসলে তা নয়। তাই পুতিন যদি সত্যিই এমন কিছুতে আগ্রহী হতেন, তার লোকেরা বহু উপায়ে আমাদের তা জানাতে পারতেন।”

গ্রিন আরও বলেন, “পুতিন যদি সত্যিই কোনো চুক্তিতে আগ্রহী হন, তাহলে সাবেক পূর্ব জার্মান গুপ্তচরের মাধ্যমে নিউইয়র্কের এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা বরং উল্টো পথে হাঁটার মতো।”

যুদ্ধের পঞ্চম বছরে

চলতি বছরের জুনে সেডন যান স্টাউফেনে। আট হাজার মানুষের শান্ত জার্মান গ্রামটি একটি বড় পাহাড়ের পাদদেশে। পাহাড়ের চূড়ায় ধ্বংসপ্রাপ্ত একটি দুর্গ রয়েছে। মধ্যযুগীয় জার্মান আলকেমিস্টের বাসস্থান হিসেবে শহরটি সবচেয়ে পরিচিত। সেই আলকেমিস্টই লোককথার ড. ফাউস্ট চরিত্রের অনুপ্রেরণা, যিনি জ্ঞান, ক্ষমতা ও জাগতিক সুখের বিনিময়ে শয়তানের কাছে আত্মা বিক্রি করেন।

ঠিক দুপুর একটায় পাশের একটি গলি থেকে বেরিয়ে আসেন ম্যাথিয়াস ভার্নিগ। একটি ছোট হোটেল রেস্তোরাঁর বারান্দায় লেখকের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন। ইউক্রেন যুদ্ধ তখন পঞ্চম বছরে গড়িয়েছে। আগের বছর আলাস্কায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের শীর্ষ বৈঠকও শান্তি আনতে পারেনি। চেক জ্যাকেট পরা ভার্নিগ নিচু, ভারী কণ্ঠে তার মতামত জানাচ্ছিলেন।

কথোপকথনের মাঝপথে টেবিলে রাখা দ্বিতীয় ফোনটি তার চোখে পড়ে; ব্যাকআপ রেকর্ডিং ডিভাইস হিসেবে লেখক সেটি রেখেছিলেন। সেডন তাকে আশ্বস্ত করেন, কোনো শত্রুভাবাপন্ন আড়িপাতা ব্যক্তি সেটি সেখানে গোপনে রেখে যায়নি।

সেডন যেসব সাবেক শীর্ষ মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন, তাদের সিদ্ধান্ত ছিল; পুতিন যুদ্ধ পুরোপুরি জিততেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং শান্তির বিষয়ে তার কোনো গুরুতর আগ্রহ ছিল না।

ভার্নিগ এর বিরোধিতা করেন। তার দাবি, পুতিন সবসময়ই যুক্তিসংগত সমঝোতায় উন্মুক্ত ছিলেন। তিনি বলেন, “সে ইস্তাম্বুলে রাজি হয়েছিল, রিচার্ড প্রকল্পে রাজি হয়েছিল এবং আলাস্কাতেও আমেরিকানদের প্রস্তাবে রাজি হয়েছিল।”

“আমার মনে হয়েছিল, আমার বন্ধু বিষয়টি খুব গুরুত্ব দিয়ে নিয়েছিল। কারণ আমি সঙ্গে সঙ্গে বৈঠক ও প্রবেশাধিকার পেয়েছিলাম।”

প্রথম বৈঠকগুলোতে ভার্নিগ যে উত্তেজনা বাড়ার ভয় বর্ণনা করেছিলেন, কন ও ফোরসম্যানের কাছে তা একেবারেই বাস্তব মনে হয়েছিল। সাবেক কর্মকর্তারাও সেডনকে বলেন, মার্কিন গোয়েন্দা মহল পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা একসময় ৫০-৫০ ধরে নিয়েছিল।

কিন্তু ভার্নিগ জোর দিয়ে বলেন, তিনি কখনো আমেরিকানদের বলেননি যে তার আশঙ্কা ছিল উত্তেজনা পারমাণবিক পর্যায়ে যাবে, কিংবা পুতিনই তা করবেন। তিনি বলেন, “আমি কখনো, কখনোই দেখিনি যে সে এমনভাবে ভাবছে। আজকের দিনে একজন মানুষ এমন সিদ্ধান্ত নিতে পারে; এটা আমি বিশ্বাসই করি না।”

পুতিনের ইউক্রেনকে পরাজিত করার সংকল্প যত কঠোর হয়, কিছু সাবেক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন; পারমাণবিক হুমকিগুলো কি আসলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক সহায়তা ঠেকানোর জন্য দেওয়া ধাপ্পা ছিল?

একজন বলেন, “আসলে কে কাকে নিবৃত্ত করছিল?”

যুদ্ধের শুরুতে পুরোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ করতে ভার্নিগের মানসিকভাবে সময় লেগেছিল। তিনি বলেন, “মানসিকভাবে আবার তার সঙ্গে দেখা করার মতো অবস্থায় যেতে আমার কিছুটা সময় লেগেছিল। আমরা একে অপরকে ৩৫ বছরেরও বেশি সময় ধরে চিনি।”

এরপর সেডনের আপত্তি উপেক্ষা করে ভার্নিগ একটি ঝকঝকে ১০০ ইউরোর নোট দিয়ে দুপুরের খাবারের বিল মেটান। তারপর যেদিকের গলি দিয়ে এসেছিলেন, সেদিকেই হেঁটে অদৃশ্য হয়ে যান।

তথ্যসূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে