Logo
Logo
×
তিন পরাশক্তির বৈঠকে পরমাণু অস্ত্র, বিশ্ব কি নতুন সমঝোতার পথে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: জাপান টাইমস

ইনসাইট ।  বিশ্লেষণ

তিন পরাশক্তির বৈঠকে পরমাণু অস্ত্র, বিশ্ব কি নতুন সমঝোতার পথে

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬। ০৫:৫৪ পিএম

আপডেট: ২১ নভেম্বর ২০২৬। ১৫:০৮ পিএম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিন দেশের নেতা এক টেবিলে। সামনে পারমাণবিক অস্ত্রের ভয়াবহ ঝুঁকি, ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ আর বিশ্বজুড়ে ক্ষমতার নতুন সমীকরণ। আলোচনার কেন্দ্রে এমন এক প্রশ্ন, যার সঙ্গে জড়িয়ে আছে গোটা বিশ্বের নিরাপত্তা। পারমাণবিক অস্ত্রের সংখ্যা কি সত্যিই কমানো সম্ভব? নাকি তিন পরাশক্তির বৈঠক শেষ পর্যন্ত বিশ্বকে নিজেদের প্রভাববলয়ে ভাগ করে নেওয়ার নতুন পথ খুলে দেবে?

চীনের প্রযুক্তিনগরী শেনজেনে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নজিরবিহীন ত্রিপক্ষীয় সম্মেলনে আলোচনার প্রধান বিষয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ ও তিন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলন শেষ হওয়ার পরপরই শুরু হয় তিন নেতার বৈঠক। বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে আয়োজিত সম্মেলনটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। একই সঙ্গে উদ্বেগও বাড়ছে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর মধ্যে।

কারণ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র যদি নিজেদের মধ্যে বড় কোনো সমঝোতায় পৌঁছায়, তাহলে তার প্রভাব শুধু ওয়াশিংটন, বেইজিং বা মস্কোয় সীমাবদ্ধ থাকবে না। বদলে যেতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ, তাইওয়ানকে ঘিরে নিরাপত্তার হিসাব এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্য।

পরমাণু অস্ত্র কমানোর প্রস্তাবে ট্রাম্প, নীরব শি ও পুতিন

বৈঠকের সূচনা বক্তব্যেই পারমাণবিক অস্ত্রের বিষয়টি সামনে আনেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তির বিশেষ দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন বিশ্বের সবচেয়ে বড় তিন পারমাণবিক শক্তি। অন্য দেশগুলোর তুলনায় আমাদের সক্ষমতা অনেক বেশি। পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কীভাবে কমানো যায় এবং ভবিষ্যতে এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি কীভাবে হ্রাস করা সম্ভব, তা নিয়ে আলোচনার জন্য আমরা বিশেষ অবস্থানে রয়েছি।’

শুধু নিজেদের অস্ত্রভান্ডার ছোট করাই নয়, বিশ্বের অন্য দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতেও যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষায়, তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি অন্য দেশগুলোতে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়ার হুমকি মোকাবিলায় সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।

তবে বৈঠকের শুরুতেই বোঝা যায়, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্নে তিন দেশের অবস্থান এক নয়। ট্রাম্প বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেও শি চিন পিং ও ভ্লাদিমির পুতিন নিজেদের উদ্বোধনী বক্তব্যে পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গই তোলেননি।

বাস্তবতা সম্পর্কে ট্রাম্প নিজেও সচেতন।

তিনি বলেন, ‘সত্যি বলতে, কাজটি অত্যন্ত কঠিন। কারণ একবার কোনো দেশের হাতে পারমাণবিক অস্ত্র চলে এলে তা আর ছেড়ে দেওয়া সহজ নয়। একজন রাষ্ট্রনেতার জন্য এমন অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন।’

ট্রাম্প যেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, সেখানে শি ও পুতিন গুরুত্ব দিয়েছেন বিশ্বশান্তি রক্ষা ও আন্তর্জাতিক স্থিতিশীলতায় তিন পরাশক্তির ভূমিকার ওপর।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে শি চিন পিং বলেন, ‘আশি বছরেরও বেশি সময় আগে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র বিশ্বের ফ্যাসিবাদবিরোধী প্রধান শক্তি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। সেই লড়াইয়ে তারা বড় বিজয় অর্জন করে এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।’

শি বৈঠকটিকে যুগান্তকারী গুরুত্বের একটি আয়োজন হিসেবে বর্ণনা করেন। তার মতে, বৈশ্বিক চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলা এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তিন দেশের উচিত অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস তুলে ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

শি চিন পিংয়ের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তিগুলোর মধ্যে ছিল রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে দেশগুলোর যৌথ দায়িত্ব রয়েছে।

পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে গঠনমূলক সহযোগিতা করতে পারলে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন এবং আমাদের জনগণ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।’

আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। উদাহরণ হিসেবে তিনি ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেন।

তিন নেতার লক্ষ্য কি এক

বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি যতই অভিন্ন মনে হোক, তিন নেতার রাজনৈতিক লক্ষ্য ও কূটনৈতিক হিসাব এক নয়।

সম্মেলনের আগেই বিশ্লেষকেরা জানিয়েছিলেন, দীর্ঘ কয়েক বছরের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে বিশ্বকূটনীতির কেন্দ্রে ফিরে আসার বার্তা দিতে চায় রাশিয়া।

ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে একই টেবিলে বসার সুযোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরতে আগ্রহী ক্রেমলিন।

বিশ্লেষকদের ধারণা, সম্মেলনকে কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধের এমন একটি নিষ্পত্তির পথও খুলতে চাইতে পারে মস্কো, যা রাশিয়ার স্বার্থের অনুকূলে থাকবে।

অন্যদিকে চীনের লক্ষ্য কিছুটা ভিন্ন।

বেইজিং চায় না, ত্রিপক্ষীয় সম্মেলন রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো বিষয়ে জটিলতায় পড়ুক। চীনা নেতৃত্ব বরং পূর্বপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত একটি কূটনৈতিক আয়োজনের মধ্য দিয়ে শি চিন পিংয়ের রাষ্ট্রনায়কোচিত ভাবমূর্তি তুলে ধরতে আগ্রহী।

বিশ্বব্যবস্থায় চীনের কেন্দ্রীয় অবস্থান প্রতিষ্ঠার বার্তা দেওয়াও বেইজিংয়ের অন্যতম লক্ষ্য। সম্মেলনের আগে চীন আলোচনার প্রধান উদ্দেশ্য হিসেবে ‘বিশ্বশান্তি’র কথা তুলে ধরেছিল।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন একটি বিষয় ট্রাম্পকেও আকৃষ্ট করতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা দীর্ঘদিনের।

ট্রাম্পের রাজনৈতিক হিসাবেও সম্মেলনটি গুরুত্বপূর্ণ। চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতিতে নিজের সাফল্য তুলে ধরার সুযোগ খুঁজছেন তিনি।

ধারণা করা হচ্ছে, শি ও পুতিনের সঙ্গে বৈঠককে নিজের পররাষ্ট্রনীতির দক্ষতা প্রদর্শনের একটি বড় মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান ট্রাম্প।

একই সঙ্গে বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক হিসেবে নিজের স্থায়ী পরিচিতি প্রতিষ্ঠার সুযোগও দেখছেন তিনি।

তবে সেই রাজনৈতিক উত্তরাধিকার যদি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বড় কোনো চুক্তির ওপর নির্ভর করে, তাহলে লক্ষ্য অর্জন অত্যন্ত কঠিন হতে পারে।

পারমাণবিক চুক্তি কি আদৌ সম্ভব

বৈঠকের আগেই ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, সম্মেলন থেকে পারমাণবিক অস্ত্রভান্ডার কমানোর কোনো চুক্তি হবে বলে ওয়াশিংটন আশা করছে না। তবে আলোচনাটিকে ভবিষ্যতে আরও গভীর ও ফলপ্রসূ সংলাপের সূচনা হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র প্রশাসন।

কর্মকর্তা বলেন, ‘চীনের জন্য বিষয়টি মোকাবিলা করা কঠিন। তবে আমাদের মনে হয়, চীনের এখন সময় এসেছে বড় শক্তিগুলোর আলোচনার টেবিলে বসার ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দায়িত্বশীল আলোচনা করার।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, এটি এমন একটি আলোচনার সূচনা হবে, যা ভবিষ্যতে ফলপ্রসূ হয়ে উঠতে পারে।’

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনা এত কঠিন হওয়ার পেছনে রয়েছে তিন দেশের অস্ত্রভান্ডারের বিশাল পার্থক্য। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের কাছে আনুমানিক পাঁচ হাজার করে পারমাণবিক ওয়ারহেড রয়েছে। বিপরীতে চীনের হাতে রয়েছে প্রায় ৬০০টি।

শি চিন পিংয়ের নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে চীন দ্রুত পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে। তারপরও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় দেশটির অস্ত্রভান্ডার অনেক ছোট।

মূলত সেই কারণেই ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে একই কাঠামোয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছে বেইজিং। যুক্তরাষ্ট্র একাধিকবার চীনকে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু প্রতিবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীনা নেতৃত্ব।

বর্তমান পরিস্থিতিতে বড় কোনো সমঝোতায় পৌঁছানোর মতো অভিন্ন অবস্থান তিন দেশের মধ্যে তৈরি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর মতো কঠিন সিদ্ধান্ত ছাড়াও কিছু মৌলিক বিষয়ে একমত হওয়ার সুযোগ রয়েছে।

সম্ভাব্য আলোচনার একটি ক্ষেত্র হতে পারে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের উদ্বেগ, ভবিষ্যতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিপজ্জনক ভুলের ঝুঁকি বাড়াতে পারে।

সেই ঝুঁকি কমাতে পারমাণবিক সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়ায় মানুষের কার্যকর ভূমিকা বজায় রাখার বিষয়ে তিন দেশ একমত হতে পারে।

আরেকটি সম্ভাবনা হলো যৌথ বিবৃতি।

তিন নেতা এমন একটি ঘোষণা দিতে পারেন, যেখানে পুনর্ব্যক্ত করা হবে যে পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে অন্য দেশকে আরও আগাম তথ্য দেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

গত জুলাইয়ে চীন প্রশান্ত মহাসাগরের দিকে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার পর আগাম সতর্কতা ও তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ওঠে।

ভবিষ্যতে ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত সামরিক উত্তেজনা এড়াতে এমন ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তিন পরাশক্তির সমঝোতায় কি ভাগ হবে বিশ্ব

তিন দেশের নেতারা একই টেবিলে বসেছেন বিশ্বশান্তির কথা বলতে। কিন্তু তাদের বৈঠক ঘিরে যুক্তরাষ্ট্রের অনেক মিত্র ও অংশীদার দেশের উদ্বেগ কমেনি। বরং আশঙ্কা তৈরি হয়েছে, ওয়াশিংটন, বেইজিং ও মস্কো নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে বিশ্বকে আলাদা আলাদা প্রভাববলয়ে ভাগ করার চেষ্টা করতে পারে।

তেমন কিছু ঘটলে অন্য দেশগুলোর মতামত উপেক্ষিত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে তাইওয়ান ও ইউক্রেনের মতো স্পর্শকাতর বিষয়ে সংশ্লিষ্ট দেশ ও অংশীদারদের বাদ দিয়ে তিন পরাশক্তি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে কি না, তা নিয়ে উদ্বিগ্ন অনেকে।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ থেকে শুরু করে আঞ্চলিক সংঘাত; বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কয়েকটি রাষ্ট্র যখন এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে, তখন ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর নিরাপত্তা এবং সার্বভৌম স্বার্থের প্রশ্নও সামনে চলে আসে।

তবে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সম্মেলনটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। বৈঠকের আগে প্রকাশিত এক সম্পাদকীয়তে চীনের রাষ্ট্রীয় পত্রিকা চায়না ডেইলি লিখেছে, তিন নেতার বৈঠক আয়োজন স্থিতিশীলতার পথে সঠিক পদক্ষেপ।

পত্রিকাটির মতে, তিন বৃহৎ দেশের রাষ্ট্রপ্রধানদের সরাসরি আলোচনা একে অন্যের মৌলিক উদ্বেগ ও সীমারেখা বুঝতে সহায়তা করতে পারে। ফলে কৌশলগত ভুল হিসাবের ঝুঁকি কমবে।

সম্পাদকীয়তে আরও বলা হয়, এমন সংলাপ অন্যান্য দেশকেও আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকট যথাযথভাবে মোকাবিলায় উৎসাহিত করতে পারে।

শেনজেনের বৈঠকে কেন উদ্বিগ্ন জাপান

ত্রিপক্ষীয় সম্মেলন ঘিরে সবচেয়ে সতর্ক অবস্থানে থাকা দেশগুলোর একটি জাপান। এপেক সম্মেলনের সমাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক শুরুর ঠিক আগেই তিনি জানান, টোকিও পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

তাকাইচি বলেন, ‘যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার আলোচনা এবং বিশ্ব পরিস্থিতির ওপর তার সম্ভাব্য প্রভাব আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

তিনি আরও বলেন, ‘আলোচনা ও বৈঠকগুলোর পর এখানে উপস্থিত দেশগুলোসহ আমাদের মিত্র ও সমমনা রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

জাপানের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখছেন না বলেও জানান প্রধানমন্ত্রী। তার ভাষায়, ‘আমি মনে করি না, জাপানের স্বার্থ ক্ষুণ্ন হবে।’ প্রকাশ্যে এমন আশ্বাস দিলেও জাপানের সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টোকিওকে পাশ কাটিয়ে ওয়াশিংটন যদি বেইজিং ও মস্কোকে বেশি গুরুত্ব দেয়, তাহলে জাপানের কৌশলগত অবস্থান দুর্বল হতে পারে।

জাপান দীর্ঘদিন ধরে এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। তারপরও ট্রাম্পের কূটনৈতিক দৃষ্টিভঙ্গির কিছু দিক টোকিওর উদ্বেগ বাড়িয়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনকে কেন্দ্র করে একটি ‘জি-টু’ বা ‘গ্রুপ অব টু’ ব্যবস্থার ধারণা। ট্রাম্প বিভিন্ন সময়ে এমন একটি ধারণার প্রতি আগ্রহ দেখিয়েছেন, যেখানে ওয়াশিংটন ও বেইজিং বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপক্ষীয় সমঝোতাকে অগ্রাধিকার দিতে পারে।

সমস্যা হলো, এমন ব্যবস্থায় বহুপক্ষীয় কূটনীতির গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জাপান বরাবরই এমন ধারণার বিরোধিতা করে এসেছে।

টোকিও চায়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের যথাযথ ভূমিকা বজায় থাকুক।

তাকাইচি ত্রিপক্ষীয় সম্মেলন শেষে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে। শি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠকের সময় বা তার আশপাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার নজির রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর।

এবারও দুই মিত্রনেতার মধ্যে আলোচনা হলে ত্রিপক্ষীয় সম্মেলন সম্পর্কে জাপানের অবস্থান সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন তাকাইচি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি কেন নতুন করে সামনে

শেনজেন সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। শি চিন পিং ও ভ্লাদিমির পুতিন উভয়েই তাদের বক্তব্যে স্মরণ করিয়েছেন, যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একই পক্ষের শক্তি ছিল।

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে তিন দেশের ঐতিহাসিক সহযোগিতার কথা তুলে ধরেছেন তারা। কিন্তু ইতিহাসের সেই অধ্যায় জাপানের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিন দেশের সম্মিলিত লড়াইয়ের অন্যতম প্রতিপক্ষ ছিল তৎকালীন সাম্রাজ্যবাদী জাপান। সেই ইতিহাসের প্রতি নতুন করে গুরুত্ব দেওয়ায় টোকিও কিছুটা বেকায়দায় পড়েছে।

সাম্প্রতিক সময়ে জাপান নিজের প্রতিরক্ষাসক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এবং আঞ্চলিক সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দেশটি প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করছে।

কিন্তু চীন ও রাশিয়া জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিকে নতুন করে সামরিকীকরণের প্রচেষ্টা হিসেবে তুলে ধরছে। বেইজিং ও মস্কোর এমন অভিযোগ মোকাবিলায় জাপানকে কূটনৈতিকভাবে সতর্ক অবস্থান নিতে হচ্ছে।

শেনজেনে তিন নেতার বক্তব্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জোটের প্রসঙ্গ ফিরে আসায় টোকিওর সেই চ্যালেঞ্জ আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিন পরাশক্তি যখন অতীতের ঐক্যকে বর্তমান সহযোগিতার ভিত্তি হিসেবে তুলে ধরছে, তখন জাপানকে একই সঙ্গে নিজের নিরাপত্তা, কূটনৈতিক অবস্থান ও আঞ্চলিক স্বার্থ রক্ষার হিসাব করতে হচ্ছে।

শেনজেনের বৈঠক থেকে কী পেতে পারে বিশ্ব

ট্রাম্প, শি ও পুতিনের সম্মেলন তাই শুধু তিন রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়। বৈঠকটি বিশ্বরাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নকে একই আলোচনার টেবিলে নিয়ে এসেছে।

ট্রাম্প চাইছেন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের নতুন আলোচনা শুরু করতে। পুতিন চাইছেন আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়ার অবস্থান আরও দৃশ্যমান করতে এবং ইউক্রেন যুদ্ধের অনুকূল সমাধানের সুযোগ খুঁজতে। শি চিন পিং চাইছেন বিশ্বব্যবস্থায় চীনের গুরুত্ব ও নেতৃত্বের ভূমিকা তুলে ধরতে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো দেখছে, তিন শক্তির পারস্পরিক বোঝাপড়ার মধ্যে তাদের নিজেদের স্বার্থ কতটা সুরক্ষিত থাকে।

বড় কোনো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির সম্ভাবনা এখনো অনিশ্চিত। তবু পারমাণবিক সিদ্ধান্তে মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগাম তথ্য বিনিময় কিংবা পারমাণবিক যুদ্ধ এড়ানোর যৌথ অঙ্গীকারের মতো বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে অন্য জায়গায়।

বিশ্বের তিন পরাশক্তি কি নিজেদের সহযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে পারবে? নাকি নিজেদের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে অন্য দেশগুলোর জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করবে?

শেনজেনের সম্মেলন সেই প্রশ্নগুলোর সব উত্তর এখনই দেবে না। কিন্তু বৈঠক ঘিরে যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে, তা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: জাপান টাইমস

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে