প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ এএম
ছবি নেই কোথাও, কে এই রহস্যময় বিলিয়নেয়ার
বিশ্বের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান ও আর্থিক বাজারের সঙ্গে যুক্ত অনেকের কাছেও তিনি এক রহস্যময় চরিত্র। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬। ০৬:৩১ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬। ১৯:০৭ পিএম
চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যের চ্যানেল আইল্যান্ডসের জার্সি দ্বীপে একটি বাড়ির দরজায় দুবার হাজির হয়েছিলেন আদালতের কর্মকর্তারা। তাদের হাতে ছিল জবানবন্দি দেওয়ার নির্দেশসংক্রান্ত নথি। উদ্দেশ্য, বাড়িটির সঙ্গে সম্পর্ক থাকা এক বিলিয়নেয়ারের কাছে সেই নথি পৌঁছে দেওয়া।
কিন্তু দুবারই ব্যর্থ হন তারা। বাড়ির ঠিকানাটি সঠিক বলে যথেষ্ট প্রমাণ থাকলেও কর্মকর্তাদের ফিরিয়ে দেওয়া হয়। ১ সেপ্টেম্বর জবানবন্দি দেওয়ার নির্ধারিত তারিখও পেরিয়ে যায়। অথচ যাঁকে খোঁজা হচ্ছিল, তার দেখা মেলেনি।
এই বিলিয়নেয়ারের নাম পিটার দ্য পুত্রঁ। আন্তর্জাতিক আর্থিক বাজারে তিনি অত্যন্ত প্রভাবশালী এক বিনিয়োগকারী। কিন্তু সাধারণ মানুষের কাছে প্রায় অপরিচিত। এমনকি বিশ্বের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান ও আর্থিক বাজারের সঙ্গে যুক্ত অনেকের কাছেও তিনি এক রহস্যময় চরিত্র।
দ্য পুত্রঁর সম্পদের বড় অংশের ভিত্তি লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান জি-রিসার্চ। এখানে গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরা মিলে এমন সব কম্পিউটার মডেল তৈরি করেন, যেগুলো আর্থিক বাজারে শেয়ারসহ বিভিন্ন সম্পদের দামের ওঠানামা অনুমান করতে পারে।
বিনিয়োগের এই পদ্ধতিকে বলা হয় কোয়ান্টিটেটিভ ট্রেডিং বা সংক্ষেপে কোয়ান্ট ট্রেডিং। এখানে কোনো বিনিয়োগকারী ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা বাজার সম্পর্কে নিজের ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে বিপুল পরিমাণ তথ্য, গাণিতিক হিসাব ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করেন।
এক সাবেক কর্মীর ভাষায়, জি-রিসার্চ আসলে গণিত ও পদার্থবিজ্ঞানে অসাধারণ দক্ষ মানুষদের একটি বিশাল কর্মক্ষেত্র। তারা যেসব বিনিয়োগ কৌশল তৈরি করেন, সেগুলো কাজে লাগানো হয় বিদেশে নিবন্ধিত একটি হেজ ফান্ডে।
হেজ ফান্ড হলো একধরনের বিনিয়োগ তহবিল, যেখানে তুলনামূলক জটিল ও বৈচিত্র্যময় কৌশল ব্যবহার করে মুনাফা করার চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রে শেয়ারের দাম বাড়ার পাশাপাশি দাম কমলেও মুনাফার সুযোগ খোঁজা হয়।
জি-রিসার্চে বর্তমানে প্রায় এক হাজার মানুষ কাজ করেন। প্রতিষ্ঠানটির আকার এখন লন্ডনের সবচেয়ে বড় হেজ ফান্ডগুলোর কাছাকাছি। এক প্রতিদ্বন্দ্বী বিনিয়োগকারীর ধারণা, দ্য পুত্রঁর তহবিলে ১ হাজার থেকে ১ হাজার ২০০ কোটি ডলার না থাকলে তিনি অবাক হবেন।
তবে এই অর্থের প্রকৃত পরিমাণ প্রকাশ্যে জানা যায় না।
আর্থিক বাজারের বাইরে দ্য পুত্রঁর বিনিয়োগ রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রতিরক্ষা প্রযুক্তি থেকে শুরু করে ফর্মুলা ওয়ানের উইলিয়ামস রেসিং দল পর্যন্ত। যুক্তরাজ্যের অভিজাত সমাজেও তাঁর অবস্থান সুদৃঢ়। পড়াশোনা করেছেন ইটন কলেজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তার নিয়ন্ত্রণাধীন কোম্পানিগুলো দেশটির কনজারভেটিভ পার্টিকে প্রায় ১০ লাখ পাউন্ড অনুদান দিয়েছে।
তার স্ত্রী হেইলির পরিচালিত একটি ফাউন্ডেশন ব্রিটিশ রাজপরিবারের সমর্থনপুষ্ট দাতব্য সংস্থাগুলোকে কয়েক মিলিয়ন পাউন্ড দিয়েছে। ২০১৭ সালে প্রকাশিত এক বক্তৃতায় তৎকালীন প্রিন্স চার্লস ব্যক্তিগতভাবে দ্য পুত্রঁকে ধন্যবাদও জানিয়েছিলেন।
অথচ এত বড় ব্যবসা, রাজনৈতিক যোগাযোগ ও দাতব্য কর্মকাণ্ডের পরও নিজের ব্যক্তিগত জীবন তিনি প্রায় সম্পূর্ণ আড়ালে রেখেছেন।
তার সঙ্গে কোনো বৈঠক থাকলে কখনো কখনো নির্দিষ্ট স্থান জানানো হয় মাত্র কয়েক মিনিট আগে। বৈঠকে অংশগ্রহণকারীদের নির্দেশ দেওয়া হয়, সঙ্গে শুধু কাগজ ও পেন্সিল রাখা যাবে। মোবাইল ফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র নয়।
দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন, এমন অনেকের কাছেও তার মোবাইল নম্বর নেই। একজন নির্বাহী জানিয়েছেন, দ্য পুত্রঁর সঙ্গে বহুবার দেখা হলেও একসময় তিনি তাঁর পদবিটুকুও জানতেন না। এমনকি ইন্টারনেটে প্রকাশ্যে পাওয়া যায়, দ্য পুত্রঁর এমন কোনো ছবিও নেই।
যারা তাকে দেখেছেন, তাদের বর্ণনায় তিনি ছয় ফুটের বেশি লম্বা, ছিপছিপে গড়নের এবং স্বর্ণালি চুলের মানুষ। কথা বলেন সরাসরি। তবে তার আচরণ কখনো কখনো অন্যদের অস্বস্তিতে ফেলে।
এক অনুষ্ঠানে তার পোশাক দেখে পরিচিত একজনের মনে হয়েছিল, যেন গুপ্তচর বলতে মানুষ সাধারণত যে চেহারা কল্পনা করে, ঠিক সেটিই।
মাথায় টুপি, গায়ে ম্যাকিন্টশ কোট, আর ঘরের ভেতরে-বাইরে সব সময় সানগ্লাস।
এমন একজন মানুষকে আদালতের কর্মকর্তারা খুঁজে পাবেন না, সেটি হয়তো খুব বিস্ময়কর নয়।
তবে চ্যানেল আইল্যান্ডসের সঙ্গে দ্য পুত্রঁর সম্পর্ক মোটেও গোপন নয়। তার বেড়ে ওঠা গার্নসিতে। গত দুই দশকে জার্সিতে বসবাস করেছেন, বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। চ্যানেল আইল্যান্ডসের সবচেয়ে বড় স্কুল কুইজ প্রতিযোগিতার নামই রাখা হয়েছে ‘দ্য পুত্রঁ চ্যালেঞ্জ’।

লন্ডনের ফেনচার্চ স্ট্রিট। জি-রিসার্চের দ্রুত উত্থান লন্ডনকে নিউইয়র্কের প্রতিদ্বন্দ্বী বৈশ্বিক কোয়ান্ট ট্রেডিং কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছবি: এফটি
জার্সির বাইরেও তার সম্পত্তি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য। যুক্তরাজ্য ও ক্যারিবীয় দ্বীপ মুস্তিকেও তার বাড়ি রয়েছে বলে জানা যায়। ব্রিটিশ কোম্পানি নিবন্ধন কর্তৃপক্ষ কোম্পানিজ হাউসের নথিতে তার বর্তমান আবাসস্থল হিসেবে কেম্যান আইল্যান্ডসের নাম রয়েছে।
তবে এসব বিষয়ে জানতে তার সাক্ষাৎকার চাওয়া হলেও তিনি রাজি হননি।
এত দিন আড়ালে থাকা মানুষটি কেন আলোচনায়
দীর্ঘদিন লোকচক্ষুর বাইরে থাকতে পারলেও দ্য পুত্রঁর পক্ষে সেই অবস্থান ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এর একটি কারণ তার ব্যবসার বিস্তার। আরেকটি কারণ, তার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে ঘিরে একের পর এক আইনি বিরোধ।
জি-রিসার্চের উত্থান লন্ডনকে বিশ্বের গুরুত্বপূর্ণ কোয়ান্ট ট্রেডিং কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখেছে। একসময় এ ধরনের বিনিয়োগে নিউইয়র্কের প্রাধান্য বেশি থাকলেও এখন লন্ডনও বড় প্রতিদ্বন্দ্বী।
দ্য পুত্রঁকে চেনেন এমন এক ব্যক্তির ভাষায়, জি-রিসার্চের সাফল্য আসলে কোয়ান্ট বিশেষজ্ঞ তৈরির এক কারখানার গল্প।
কিন্তু এই সাফল্যের পাশাপাশি নতুন কিছু প্রশ্নও সামনে এসেছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় একটি বিশাল ডেটা সেন্টার ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করছেন। প্রকল্পটির সঙ্গে যুক্ত একটি কোম্পানির দ্য পুত্রঁর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ফর্মুলা ওয়ানের উইলিয়ামস দল এবং এর সাবেক এক কর্মীর মধ্যে আইনি বিরোধের জেরে দ্য পুত্রঁর জবানবন্দি চাওয়া হয়েছে।
এই দুই ঘটনা তাঁর ব্যবসা ও ব্যক্তিগত ভূমিকা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
প্রশ্ন উঠেছে, এত দিন নিজেকে আড়ালে রাখা এই বিনিয়োগকারী আর কত দিন জনসমক্ষে আসা এড়িয়ে যেতে পারবেন?
গার্নসির প্রভাবশালী পরিবার থেকে আর্থিক বাজারে
দ্য পুত্রঁ পরিবারের ইতিহাস জানতে হলে ফিরে যেতে হয় চ্যানেল আইল্যান্ডসের গার্নসিতে। সেখানে তার পরিবার দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত। তাঁর দাদা ছিলেন গার্নসির একজন পরিচিত ‘জুরা’ বা সাধারণ বিচারক। বাবা ছিলেন স্থানীয় রাজনীতিক ও উদ্যোক্তা। সেন্ট পিটার পোর্টের বাইরের একটি গ্রামের সড়কের নামও এই পরিবারের নামে।
বাবার সঙ্গে দ্য পুত্রঁর সম্পর্কের কিছু দিক উঠে এসেছিল ২০১৩ সালের একটি আদালতের মামলায়। বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে সেই বিরোধ তৈরি হয়।
আদালতে তিনি তার বাবাকে পুরোনো ধ্যানধারণার মানুষ হিসেবে বর্ণনা করেন। তার বক্তব্য অনুযায়ী, বাবা সরকারি কল্যাণসহায়তার ওপর নির্ভর করে জীবনযাপন করা অলস মানুষদের পছন্দ করতেন না।
সন্তানদের প্রতিও তার বাবার দৃষ্টিভঙ্গি ছিল কঠোর। দ্য পুত্রঁর ভাষ্য অনুযায়ী, বাবা বলতেন, সন্তানদের শিক্ষার ব্যবস্থা করবেন, এর বাইরে আর কিছু দেওয়ার দায় তাঁর নেই।
ইটন ও অক্সফোর্ডে পড়াশোনা শেষে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের হোয়ার্টন স্কুল থেকে এমবিএ করেন দ্য পুত্রঁ। এরপর যোগ দেন আইএফএম নামের একটি হেজ ফান্ডে। সেখানে তার কাজ ছিল গণিত ও পরিসংখ্যানভিত্তিক বিনিয়োগ মডেল তৈরি করা।
বিষয়টি সহজভাবে বোঝা যায় এভাবে; সাধারণ একজন বিনিয়োগকারী হয়তো কোনো কোম্পানির অবস্থা, বাজারের খবর কিংবা নিজের অভিজ্ঞতা দেখে শেয়ার কেনাবেচার সিদ্ধান্ত নেন। কিন্তু কোয়ান্ট মডেল একই সিদ্ধান্তের জন্য বিপুল পরিমাণ ঐতিহাসিক বাজারতথ্য পরীক্ষা করে। সেই তথ্যে নিয়মিত পুনরাবৃত্তি হওয়া কোনো প্রবণতা আছে কি না, তা খুঁজে বের করে ভবিষ্যৎ দামের সম্ভাব্য গতিপথ অনুমান করার চেষ্টা করে।
দ্য পুত্রঁ এমন এক সময়ে এই প্রযুক্তিতে কাজ শুরু করেন, যখন ইউরোপে হেজ ফান্ড শিল্প মাত্র বিকশিত হতে শুরু করেছে। ১৯৯৭ সালে তিনি নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান চালু করেন। নাম দেন দ্য পুত্রঁ ফান্ড ম্যানেজমেন্ট বা ডিপিএফএম।
এই উদ্যোগে সহায়তা করেছিলেন বিখ্যাত বিলিয়নেয়ার বিনিয়োগকারী জর্জ সোরোস। পাশাপাশি বাবার কাছ থেকেও কয়েক দফায় ঋণ নিয়েছিলেন দ্য পুত্রঁ।
প্রথমদিকে তার প্রতিষ্ঠান বিশেষভাবে মনোযোগ দিয়েছিল কোম্পানির একীভূতকরণ ও অধিগ্রহণসংক্রান্ত বিনিয়োগে। অর্থাৎ একটি কোম্পানি অন্য কোম্পানিকে কিনে নিলে কিংবা দুটি কোম্পানি একীভূত হলে সংশ্লিষ্ট শেয়ারের দামে কী পরিবর্তন আসতে পারে, তা অনুমান করে বিনিয়োগ করা হতো।
তবে সে সময়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মতে, এই কৌশলে ডিপিএফএমের সাফল্য খুব উল্লেখযোগ্য ছিল না।
এক বিনিয়োগকারীর স্মৃতিচারণ অনুযায়ী, দ্য পুত্রঁ তখন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি কোয়ান্ট হেজ ফান্ড রেনেসাঁ টেকনোলজিস এবং এর প্রতিষ্ঠাতা গণিতবিদ জিম সাইমনসের কাজের প্রতি গভীর আগ্রহ দেখাতে শুরু করেন।
সাইমনসের প্রতিষ্ঠান মানুষের অনুমানের বদলে বিপুল তথ্য ও গাণিতিক মডেল ব্যবহার করে আর্থিক বাজারে বিনিয়োগের জন্য পরিচিত হয়ে উঠেছিল।
এই পদ্ধতি দ্য পুত্রঁকেও আকৃষ্ট করে। এরপর তিনি দ্রুত ডেটা ও কম্পিউটার মডেল ব্যবহার করে বাজারের দামের ওঠানামা অনুমান করার বিভিন্ন কৌশল পরীক্ষা করতে থাকেন।
দুই বিশেষজ্ঞের নিয়োগে বদলে যায় ব্যবসার গতিপথ
২০০০-এর দশকের শুরুতে দ্য পুত্রঁর ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। তিনি যুক্তরাষ্ট্রের বড় হেজ ফান্ড প্রতিষ্ঠান ডি. ই. শ থেকে দুই কোয়ান্ট বিশেষজ্ঞকে নিয়োগ দেন। তারা হলেন সুনিল সেটিয়া ও গ্রেগ স্কিনার।
২০০১ সালে দ্য পুত্রঁ প্রতিষ্ঠা করেন গ্লুচেস্টার রিসার্চ। লক্ষ্য ছিল গাণিতিক ও প্রযুক্তিনির্ভর ট্রেডিংকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া। পরে প্রতিষ্ঠানটির দায়িত্ব দেন তার শ্যালক বেন লিডসমকে। বেন হলেন দ্য পুত্রঁর স্ত্রী হেইলির বোন, সাবেক কনজারভেটিভ এমপি আন্দ্রেয়া লিডসমের স্বামী।
অন্যদিকে গ্রেগ স্কিনার ডিপিএফএমের প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দ্য পুত্রঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীদের একজন। এরপর প্রায় দুই দশক ধরে দ্য পুত্রঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর নাম, মালিকানা ও সাংগঠনিক কাঠামোতে একাধিক পরিবর্তন আসে।
বিনিয়োগকারী ও বড় আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক আর্থিক সংকট এবং ২০০৯ সালে বাবার মৃত্যুর পর দ্য পুত্রঁ ধীরে ধীরে বাইরের গ্রাহকদের বিনিয়োগ করা অর্থ ফেরত দিতে শুরু করেন। একপর্যায়ে তিনি অন্যের অর্থ পরিচালনার পরিবর্তে নিজের অর্থ বিনিয়োগের দিকে বেশি মনোযোগ দেন।
২০১২ সালের মধ্যে গ্লুচেস্টার রিসার্চের নাম বদলে হয় জি-রিসার্চ। সে সময় প্রতিষ্ঠানটি দ্য পুত্রঁর মালিকানাধীন ও সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির জটিল নেটওয়ার্কের কেন্দ্রীয় অংশ হয়ে ওঠে। ধীরে ধীরে পুরো ব্যবসার মূল উদ্দেশ্য দাঁড়ায় প্রতিষ্ঠাতার নিজের সম্পদ পরিচালনা করা। এই পরিবর্তনই দ্য পুত্রঁকে অন্য অনেক বড় কোয়ান্ট বিনিয়োগকারীর থেকে আলাদা করে দেয়।
জি-রিসার্চ কীভাবে বাজার থেকে মুনাফা করে
জি-রিসার্চের মূল ব্যবসার নাম ‘মিড-ফ্রিকোয়েন্সি স্ট্যাটিসটিক্যাল আরবিট্রাজ’। শুনতে জটিল হলেও এর ধারণাটি তুলনামূলক সহজ।
আর্থিক বাজারে বিভিন্ন শেয়ারের দামের মধ্যে অনেক সময় এমন কিছু সম্পর্ক বা নিয়মিত প্রবণতা দেখা যায়, যেগুলো সাধারণ বিনিয়োগকারীর চোখে ধরা পড়ে না।
জি-রিসার্চের গবেষকেরা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সেই সম্পর্কগুলো শনাক্ত করার চেষ্টা করেন। এরপর অনুমান করেন, আগামী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে কোন শেয়ারের দাম কীভাবে বদলাতে পারে। এই অনুমানের ভিত্তিতে একসঙ্গে হাজার হাজার ছোট ছোট লেনদেন করা হয়।
প্রতিটি লেনদেন থেকে খুব বেশি মুনাফা আসতেই হবে, এমন নয়। বরং অনেক লেনদেনের ফল মিলিয়ে সামগ্রিকভাবে লাভ করার চেষ্টা করা হয়। এই কৌশলকে স্ট্যাটিসটিক্যাল আরবিট্রাজ বলা হয়। এখানে পরিসংখ্যানের সাহায্যে বাজারে বিভিন্ন সম্পদের দামের আপেক্ষিক অসংগতি কিংবা সাময়িক বিচ্যুতি থেকে লাভের সুযোগ খোঁজা হয়।
জি-রিসার্চে এই পুরো প্রক্রিয়া কয়েকটি ধাপে পরিচালিত হয়।
প্রথমে বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ বাজারতথ্য সংগ্রহ করা হয়। এরপর সেসব তথ্যের ভুল, অসংগতি কিংবা অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে বিশ্লেষণের উপযোগী করা হয়। তারপর গবেষকেরা তথ্যের ভেতরে এমন সংকেত খোঁজেন, যা ভবিষ্যতে শেয়ারের দাম পরিবর্তনের সম্ভাবনা নির্দেশ করতে পারে।
এসব তথ্য বিশ্লেষণে ব্যবহার করা হয় উন্নত মেশিন লার্নিং মডেল। অর্থাৎ এমন কম্পিউটার ব্যবস্থা, যা অতীতের বিপুল তথ্য থেকে বিভিন্ন সম্পর্ক ও প্রবণতা শনাক্ত করতে পারে। এই বিশ্লেষণ চালাতে অত্যন্ত শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জি-রিসার্চ নিজে এসব সংকেত ব্যবহার করে সরাসরি শেয়ার কেনাবেচা করে না।
বরং প্রতিষ্ঠানটি যে পূর্বাভাস ও ট্রেডিং সংকেত তৈরি করে, সেগুলো পাঠানো হয় বিদেশে নিবন্ধিত সংশ্লিষ্ট বিনিয়োগ কোম্পানিগুলোতে। বাস্তবে লেনদেন সম্পন্ন করে সেসব কোম্পানি। এই ব্যবস্থার মাধ্যমেই গবেষণা ও প্রকৃত বিনিয়োগ কার্যক্রমকে আলাদা রাখা হয়েছে।
দ্য পুত্রঁর তত্ত্বাবধানে বর্তমানে ঠিক কত অর্থ বিনিয়োগ করা হচ্ছে, তা প্রকাশ্যে জানা যায় না। এমনকি জি-রিসার্চের বেশির ভাগ কর্মীও সংশ্লিষ্ট হেজ ফান্ডে মোট কত সম্পদ রয়েছে, সে তথ্য জানেন না। তবে প্রতিষ্ঠানের ভেতরের কিছু ব্যক্তির দাবি, ফান্ডটির বিনিয়োগ ফলাফল অস্বাভাবিকভাবে ভালো। বিশেষ করে এর ‘শার্প রেশিও’ আকর্ষণীয়।
শার্প রেশিও হলো বিনিয়োগের মুনাফার সঙ্গে ঝুঁকির সম্পর্ক বোঝার একটি সূচক। সাধারণভাবে, কোনো বিনিয়োগ থেকে ঝুঁকিমুক্ত বিনিয়োগের তুলনায় কত অতিরিক্ত মুনাফা পাওয়া গেছে এবং সেই মুনাফা পেতে কতটা ওঠানামার ঝুঁকি নিতে হয়েছে, তার তুলনা করা হয় এই সূচকে।
অর্থাৎ শুধু বেশি লাভ করাই নয়, সেই লাভের জন্য কতটা ঝুঁকি নিতে হয়েছে, সেটিও এখানে গুরুত্বপূর্ণ।

গার্নসির সেন্ট পিটার পোর্ট, যেখানে দ্য পুত্রঁ বড় হয়েছেন। তার দাদা ছিলেন দ্বীপটির একজন সাধারণ বিচারক, আর তার বাবা ছিলেন স্থানীয়ভাবে পরিচিত একজন রাজনীতিক ও উদ্যোক্তা। ছবি: এফটি
অন্যদের কোটি কোটি ডলার, দ্য পুত্রঁর নিজের সম্পদ
বিশ্বের বিখ্যাত কোয়ান্ট বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন রেনেসাঁ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা জিম সাইমনস, উইনটন ক্যাপিটাল ম্যানেজমেন্টের ডেভিড হার্ডিং এবং এ কিউ আর ক্যাপিটাল ম্যানেজমেন্টের ক্লিফ অ্যাসনেস।
তারা পেনশন ফান্ড, সার্বভৌম সম্পদ তহবিলসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করে বিনিয়োগ ব্যবসা গড়ে তুলেছেন। সার্বভৌম সম্পদ তহবিল হলো কোনো দেশের সরকারের মালিকানাধীন বিনিয়োগ তহবিল। অন্যদিকে পেনশন ফান্ডে কর্মীদের অবসরজীবনের জন্য জমা হওয়া অর্থ বিনিয়োগ করা হয়।
এসব বড় বিনিয়োগকারীর অর্থ পরিচালনা করে হেজ ফান্ড প্রতিষ্ঠানগুলো সাধারণত ব্যবস্থাপনা ফি ও মুনাফার অংশ পায়।
কিন্তু দ্য পুত্রঁর ব্যবসার ধরন ভিন্ন। তার কার্যক্রম সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের মতে, তার কোম্পানিগুলো অনেকটা ‘প্রোপ্রাইটারি ট্রেডিং গ্রুপ’ কিংবা বড় ধরনের ‘ফ্যামিলি অফিসের’ মতো কাজ করে।
প্রোপ্রাইটারি ট্রেডিং বলতে বোঝায়, কোনো প্রতিষ্ঠান বাইরের গ্রাহকের অর্থের পরিবর্তে নিজের অর্থ দিয়ে বিনিয়োগ ও লেনদেন করে। আর ফ্যামিলি অফিস হলো ধনী ব্যক্তি বা পরিবারের অর্থসম্পদ, বিনিয়োগ এবং সংশ্লিষ্ট আর্থিক বিষয় পরিচালনার জন্য গড়ে তোলা ব্যবস্থা।
দ্য পুত্রঁর ক্ষেত্রে বিনিয়োগের বড় অংশ তার নিজের অর্থ। ফলে বাইরের গ্রাহকদের ওপর নির্ভর করার প্রয়োজন তুলনামূলক কম। এই বৈশিষ্ট্য তাঁকে অন্য অনেক বড় হেজ ফান্ড পরিচালকের তুলনায় আলাদা স্বাধীনতা দিয়েছে।
দ্য পুত্রঁ গণিত বোঝেন। তবে মাইকেল প্ল্যাট কিংবা ক্রিস রোকোসের মতো বিলিয়নেয়ার হেজ ফান্ড পরিচালকদের মতো তিনি নিজে সরাসরি ট্রেডিং করেন না। তার ভূমিকা মূলত বিনিয়োগ কৌশল নির্বাচনের সিদ্ধান্ত, দক্ষ কর্মী নিয়োগ, প্রয়োজনীয় প্রযুক্তিতে বিনিয়োগ এবং কোম্পানিগুলোর কার্যক্রম পরিচালনার কাঠামো তৈরিতে।
জি-রিসার্চের গবেষকেরা যেসব মডেল তৈরি করেন, সেগুলোর কোনটি বাস্তবে ব্যবহার করা হবে, তা নির্ধারণেও তার ভূমিকা রয়েছে। এক সহযোগীর ভাষায়, জি-রিসার্চের প্রতিটি ধারণা দ্য পুত্রঁর নিজের তৈরি নয়। কিন্তু এসব ধারণা তৈরি ও সফলভাবে বাস্তবায়নের উপযুক্ত পরিবেশ তিনিই গড়ে দিয়েছেন।
নিয়মিত দক্ষ মানুষ নিয়োগ করা এবং সঠিক সময়ে প্রযুক্তিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করাকে এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখেন ওই সহযোগী।
গবেষণা লন্ডনে, কিন্তু লেনদেন ও আয়ের কেন্দ্র বিদেশে
দ্য পুত্রঁর বিনিয়োগ সাম্রাজ্য ঠিক কত বড়, তা বোঝার মতো পূর্ণাঙ্গ তথ্য খুব কমই পাওয়া যায়। তবে জি-রিসার্চের অফিস ও কর্মীসংখ্যা থেকে এর একটি ধারণা মেলে।
লন্ডনের সোহো এলাকায় প্রতিষ্ঠানটির সদরদপ্তর একই ভবনে অবস্থিত অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের ইউরোপীয় কার্যালয়ের চেয়েও বড়। অ্যাপোলো বিশ্বের বৃহত্তম বিকল্প সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর একটি।
যুক্তরাষ্ট্রের ডালাসেও জি-রিসার্চের অফিস রয়েছে। সেখানকার কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে। কিন্তু এই বিশাল গবেষণা ও প্রযুক্তি কার্যক্রমের পরও কোম্পানিগুলোর কাঠামো এমনভাবে সাজানো, যাতে ট্রেডিং থেকে আসা আয়ের বড় অংশ বিদেশে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোতে দেখানো হয় বলে মনে হয়।
বিষয়টি বুঝতে হলে জি-রিসার্চের কাজের ধরনটি আবার দেখতে হবে।
লন্ডনের গবেষকেরা বাজার বিশ্লেষণ করেন। তাঁরা সম্ভাব্য বিনিয়োগের সংকেত তৈরি করেন। কিন্তু সেসব সংকেতের ভিত্তিতে চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত ও লেনদেন হয় অফশোর কোম্পানিগুলোতে।
অফশোর কোম্পানি বলতে সাধারণত নিজের মূল ব্যবসা পরিচালনার দেশের বাইরে অন্য কোনো দেশে বা অঞ্চলে নিবন্ধিত কোম্পানিকে বোঝায়। অনেক ক্ষেত্রে কম কর কিংবা ভিন্ন ধরনের কোম্পানি আইন ও তথ্য প্রকাশের বিধির কারণে এ ধরনের কাঠামো ব্যবহার করা হয়।
জি-রিসার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্রতিটি বিনিয়োগ সিদ্ধান্ত বিদেশের ওই প্রতিষ্ঠানগুলোতেই নেওয়া হয়। বিষয়টি প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণেও বিশেষ সতর্কতা রাখা হয়।
এই ব্যবস্থায় যুক্তরাজ্যের গবেষণা কার্যক্রম এবং বিদেশে পরিচালিত প্রকৃত ট্রেডিংয়ের মধ্যে একটি সুস্পষ্ট আইনি বিভাজন তৈরি করা হয়েছে।
উদাহরণ হিসেবে ২০২৫ সালের একটি আদালতের নথির কথা বলা যায়। সেখানে দেখা যায়, জি-রিসার্চের বেশির ভাগ কর্মী ও গবেষণা কার্যক্রম লন্ডনে পরিচালিত হলেও এসব গবেষণা থেকে তৈরি মেধাস্বত্বের মালিক ছিল করবিয়ের লিমিটেড নামের একটি কোম্পানি।
তখন কোম্পানিটি নিবন্ধিত ছিল মার্শাল আইল্যান্ডসে, যা হাওয়াই ও অস্ট্রেলিয়ার প্রায় মাঝামাঝি অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।
মেধাস্বত্ব বলতে এখানে বোঝানো হচ্ছে বিনিয়োগ কৌশল, কম্পিউটার অ্যালগরিদম, সফটওয়্যার মডেল ও গবেষণালব্ধ অন্যান্য প্রযুক্তিগত সম্পদের ওপর মালিকানার অধিকার।
মার্শাল আইল্যান্ডসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সেখানে নিবন্ধিত কোম্পানিগুলোর তথ্য প্রকাশের বাধ্যবাধকতা তুলনামূলক কম। কোম্পানির প্রকৃত মালিক কারা, তা প্রকাশ্যে জানানো বাধ্যতামূলক নয়। এমনকি আর্থিক বিবরণী জমা দেওয়ারও বাধ্যবাধকতা নেই।
জি-রিসার্চের সাংগঠনিক কাঠামোর আরেকটি বিশেষ দিক হলো নিয়ন্ত্রণব্যবস্থা।
প্রতিষ্ঠানটির কর্মীরা, কিংবা তারা যে কোম্পানিগুলোর জন্য কাজ করেন, তারা সরাসরি নিয়ন্ত্রিত বিনিয়োগ সিদ্ধান্ত নেন না বা নিয়ন্ত্রিত বিনিয়োগ পরামর্শ দেন না। ফলে তাদের যুক্তরাজ্যের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল কনডাক্ট অথরিটি বা এফসিএতে নিবন্ধিত হওয়ার প্রয়োজন পড়ে না।
অন্যদিকে যুক্তরাজ্যের প্রচলিত বড় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোকে সাধারণত এফসিএর পূর্ণ অনুমোদন নিতে হয়। গ্রাহকদের বিনিয়োগ সম্পদ সুরক্ষা, মূলধন সংরক্ষণ এবং বিনিয়োগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন নিয়মও মানতে হয়।
তবে দ্য পুত্রঁর ব্যবসায়িক নেটওয়ার্কের সব প্রতিষ্ঠান এই ব্যবস্থার বাইরে নয়। বেল রক ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে তাঁর সঙ্গে যুক্ত আরেকটি প্রতিষ্ঠান এফসিএর নিয়ন্ত্রণাধীন। ২০১২ সালে এই প্রতিষ্ঠানটি ডিপিএফএমের ব্যবসা গ্রহণ করে। ওয়েবসাইট অনুযায়ী, বেল রকে ৫০ জন কর্মী কাজ করেন। তাদের দায়িত্ব গভীর বাজার বিশ্লেষণকে নতুন ধরনের বিনিয়োগ কৌশলে রূপ দেওয়া।
একই ব্যবসা, ভিন্ন দেশে কোম্পানি, করের হিসাব কীভাবে হয়
যুক্তরাজ্যে গবেষণা এবং বিদেশে ট্রেডিং পরিচালনার এ ধরনের ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ট্রান্সফার প্রাইসিং’। সহজভাবে বললে, একই ব্যবসায়িক গোষ্ঠীর এক কোম্পানি অন্য কোম্পানিকে কোনো সেবা দিলে সেই সেবার মূল্য কত ধরা হবে, সেটিই ট্রান্সফার প্রাইসিংয়ের বিষয়।
যেমন, যুক্তরাজ্যের কোনো কোম্পানি বিদেশে নিবন্ধিত সংশ্লিষ্ট কোম্পানিকে গবেষণা বা প্রযুক্তিগত সেবা দিলে তার বিনিময়ে কত অর্থ পাবে, সেটি নির্ধারণ করতে হয়। এই দাম ইচ্ছামতো নির্ধারণের সুযোগ নেই।
নিয়ম অনুযায়ী, কোম্পানি দুটি একে অন্যের সঙ্গে সম্পর্কহীন হলে একই সেবার জন্য যে দাম নির্ধারিত হতো, সেটিই হওয়া উচিত লেনদেনের ভিত্তি। এটিকে বলা হয় ‘আর্মস লেংথ’ নীতি। অর্থাৎ নিজেদের মধ্যে লেনদেন হলেও মূল্য নির্ধারণ করতে হবে স্বাধীন দুটি প্রতিষ্ঠানের স্বাভাবিক বাজারদরের ভিত্তিতে।
কর কর্তৃপক্ষ এ ধরনের লেনদেন কঠোরভাবে পর্যবেক্ষণ করে। নিয়ম লঙ্ঘিত হলে বড় অঙ্কের জরিমানা হতে পারে। দ্য পুত্রঁর ব্যবসায়িক কাঠামোতে করের গুরুত্ব কতটা, তার একটি উদাহরণ এয়ারেইন লিমিটেড।
কোম্পানিটি তার নিয়ন্ত্রণাধীন। ঐতিহাসিকভাবে এর কর্মী ছিলেন গার্নসিতে। কিন্তু বিভিন্ন সময়ে এর আইনি নিবন্ধনের ঠিকানা ছিল ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বারমুডা এবং কেম্যান আইল্যান্ডসের মতো অঞ্চলে।
কোম্পানিটির কার্যক্রম সরাসরি জানেন এমন একজন জানিয়েছেন, এটি স্ট্যাটিসটিক্যাল আরবিট্রাজ কৌশল ব্যবহার করে বাজারে বিনিয়োগ করে। এই তিন অঞ্চলই বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য কর সুবিধা দিয়ে থাকে। গার্নসিতেও করের হার তুলনামূলক কম। সেখানে মূলধনী মুনাফার ওপর কর নেই। মূলধনী মুনাফা বলতে বোঝায়, কোনো সম্পদ কেনার পর বেশি দামে বিক্রি করে যে লাভ হয়। গার্নসিতে সাধারণ করপোরেট আয়করের হার শূন্য শতাংশ। তবে কিছু বিনিয়োগ ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রে ১০ শতাংশ কর প্রযোজ্য।
দ্য পুত্রঁকে চেনেন এমন ব্যক্তিদের মতে, কয়েক দশক ধরে কম করের অঞ্চলে বিনিয়োগের লাভ পুনরায় বিনিয়োগ করার সুযোগ তাঁর সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর একটি কারণ চক্রবৃদ্ধি হারে সম্পদ বৃদ্ধি। বিনিয়োগের মুনাফা তুলে না নিয়ে আবার বিনিয়োগ করলে পরবর্তী সময়ে মূল অর্থের পাশাপাশি আগের মুনাফা থেকেও নতুন আয় তৈরি হওয়ার সুযোগ থাকে। আর কর কম দিতে হলে পুনর্বিনিয়োগের জন্য তুলনামূলক বেশি অর্থ হাতে থাকতে পারে।
দ্য পুত্রঁর পরিচিত এক ব্যক্তির ভাষায়, কর এবং কোম্পানির কাঠামো তাঁর অগ্রাধিকারের তালিকায় সব সময়ই ওপরের দিকে। তবে জি-রিসার্চ নিজেদের করনীতি সম্পর্কে ভিন্ন একটি দিক তুলে ধরেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, তারা দায়িত্বশীল করচর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় কর আইন, বিধিবিধান এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা বা ওইসিডির নির্দেশনা মেনে চলাকে গুরুত্ব দেয়।
জি-রিসার্চের বক্তব্য অনুযায়ী, তাদের কর কৌশলের প্রধান উদ্দেশ্য হলো সঠিকভাবে এবং নির্ধারিত সময়ে করসংক্রান্ত সব বাধ্যবাধকতা পূরণ করা।
জার্সির বিশেষ কর মর্যাদা
দ্য পুত্রঁ নিজেও সাম্প্রতিক বছরগুলোতে জার্সির একটি বিশেষ কর মর্যাদার সুবিধা নিয়েছেন। এর নাম ‘রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট’। এই মর্যাদার অধীনে নির্দিষ্ট শর্ত পূরণকারী কোনো ব্যক্তি জার্সিতে বসবাস করলেও দ্বীপের বাইরে অর্জিত আয় জার্সিতে স্থানান্তর না করলে সেই আয়ের ওপর সেখানে কর না দেওয়ার সুযোগ পান।
সহজভাবে বললে, বিদেশে অর্জিত অর্থ বিদেশেই রেখে দিলে নির্দিষ্ট পরিস্থিতিতে সেই অর্থের জন্য জার্সিতে কর দিতে হয় না। দ্য পুত্রঁর সমপর্যায়ের অন্য কোয়ান্ট বিনিয়োগকারীরা অবশ্য ভিন্ন ধরনের কাঠামোয় বড় অঙ্কের কর দিয়েছেন। উদাহরণ হিসেবে উইনটন ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ডেভিড হার্ডিংয়ের কথা উল্লেখ করা যায়।
যুক্তরাজ্যের অন্যতম বড় করদাতা হিসেবে পরিচিত হার্ডিং ২০১৮ সালে জানিয়েছিলেন, আগের ১০ বছরে তিনি ও তাঁর প্রতিষ্ঠান যুক্তরাজ্য সরকারকে মোট ১০০ কোটি পাউন্ড কর দিয়েছেন।
দ্য পুত্রঁ অবশ্য যুক্তরাজ্যের কর-বাসিন্দা নন। ফলে বছরে দেশটিতে কত দিন থাকতে পারবেন, সে বিষয়ে তাঁকে নির্দিষ্ট সীমা মেনে চলতে হয়। এই কারণে তার যুক্তরাজ্য সফরগুলোও বেশ অস্বাভাবিক। প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে এমন গল্প প্রচলিত আছে, দ্য পুত্রঁ কখনো ব্যক্তিগত উড়োজাহাজে যুক্তরাজ্যে এসে সেদিনই আবার চলে গেছেন।
এ ধরনের ক্ষণস্থায়ী সফর তার রহস্যময় পরিচিতিকে আরও বাড়িয়েছে। এক সাবেক কর্মী তাঁকে তুলনা করেছেন হ্যারি পটার সিরিজের কাল্পনিক চরিত্র লর্ড ভলডেমর্টের সঙ্গে। তার ভাষায়, অফিসে দ্য পুত্রঁর নামও খুব একটা উচ্চারণ করা হয় না।
কোয়ান্ট ব্যবসার সবচেয়ে দামি সম্পদ শেয়ার নয়, গাণিতিক মডেল
সাধারণ বিনিয়োগ প্রতিষ্ঠানে অনেক সময় একজন দক্ষ ট্রেডারের অভিজ্ঞতা, সিদ্ধান্ত ও ব্যক্তিগত দক্ষতার ওপর সাফল্য নির্ভর করে। কিন্তু কোয়ান্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো গাণিতিক মডেল, কম্পিউটার অ্যালগরিদম এবং সেগুলো তৈরির পেছনের গবেষণা।
কোন তথ্য বিশ্লেষণ করলে বাজারের দামের পরিবর্তন আগে থেকে অনুমান করা সম্ভব, কোন সংকেতের ভিত্তিতে কখন শেয়ার কিনতে বা বিক্রি করতে হবে, এসব প্রশ্নের উত্তর খোঁজে কোয়ান্ট প্রতিষ্ঠানগুলো। তাই এই মডেলগুলোই তাদের প্রতিযোগিতামূলক সুবিধার মূল ভিত্তি।
কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান যদি একই মডেল কিংবা বিনিয়োগ কৌশল নকল করতে পারে, তাহলে সেই সুবিধা হারিয়ে যেতে পারে। কোয়ান্ট জগতে একে বলা হয় ‘আলফা ডিকেই’। এখানে ‘আলফা’ বলতে বাজারের সাধারণ ফলাফলের তুলনায় বাড়তি মুনাফা করার সক্ষমতাকে বোঝায়। আর ‘ডিকেই’ হলো সেই সক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়া।
অর্থাৎ কোনো বিশেষ কৌশল ব্যবহার করে আগে যে বাড়তি মুনাফা পাওয়া যেত, অন্যরাও একই কৌশল ব্যবহার করতে শুরু করলে সেই সুযোগ সংকুচিত হতে পারে। এই কারণেই কোয়ান্ট প্রতিষ্ঠানগুলো তাদের গবেষণা, অ্যালগরিদম ও বিনিয়োগ কৌশলের মেধাস্বত্ব রক্ষায় অত্যন্ত সতর্ক।
তবে দ্য পুত্রঁ এ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নিয়েছেন বলে মনে করা হয়। কর্মী নিয়োগ থেকে শুরু করে অফিসের নিরাপত্তা, কোম্পানির কাঠামো এবং আইনি চুক্তি, সব ক্ষেত্রেই গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি।
এই অতিরিক্ত সতর্কতা অবশ্য প্রতিষ্ঠানের ভেতরে কখনো কখনো অসন্তোষও তৈরি করেছে। বিষয়টি জানেন এমন ব্যক্তিদের মতে, নিরাপত্তার কারণে দৈনন্দিন কাজ জটিল হয়ে পড়ায় কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
দক্ষ কর্মী তৈরির নিজস্ব কারখানা
জি-রিসার্চে চাকরি পাওয়া সহজ নয়। প্রার্থী নির্বাচনের সময় কয়েক ধাপে সাক্ষাৎকার ও পরীক্ষা নেওয়া হয়। এর উদ্দেশ্য শুধু সবচেয়ে মেধাবী কর্মী খুঁজে পাওয়া নয়। প্রতিষ্ঠানটি এমন মানুষ নিয়োগ করতে চায়, যাঁরা দীর্ঘদিন কাজ করবেন এবং প্রতিষ্ঠানের গোপন গবেষণা ও প্রযুক্তিগত তথ্য বাইরে নিয়ে যাওয়ার ঝুঁকি কম থাকবে।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ ট্রেডার নিয়োগের পরিবর্তে জি-রিসার্চ ঐতিহাসিকভাবে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা মেধাবী তরুণদের বেশি গুরুত্ব দিয়েছে। বিশেষ করে গণিত ও পদার্থবিজ্ঞানে স্নাতক কিংবা পিএইচডিধারীদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিজস্ব কাজের পরিবেশে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কোয়ান্ট বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলাই ছিল লক্ষ্য।
একসময় জি-রিসার্চে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও কর্মী নিয়োগ করছে। এই কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণব্যবস্থা জি-রিসার্চকে নিজস্ব ধরনের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে। কিন্তু সেখানে কাজ করার সুযোগের সঙ্গে রয়েছে কঠোর কিছু শর্ত।
আকর্ষণীয় বেতন, কিন্তু চাকরি ছাড়ার স্বাধীনতায় বাধা
জি-রিসার্চে কর্মীদের পারিশ্রমিকের একটি অংশ নির্ভর করে বিনিয়োগ তহবিলের ফলাফলের ওপর। অর্থাৎ ফান্ড ভালো মুনাফা করলে কর্মীদের আয় ও বোনাসেও তার প্রভাব পড়তে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দ্য পুত্রঁর হাতে।
সাবেক কর্মীদের মতে, প্রধান বিনিয়োগকারী হিসেবে মুনাফার সবচেয়ে বড় অংশও তিনিই পান।
একজন কর্মী নিয়োগ বিশেষজ্ঞ বা হেডহান্টারের পর্যবেক্ষণ, প্রতিষ্ঠানটির নিচের পর্যায়ের কর্মীদের পারিশ্রমিক ভালো হলেও ওপরের পর্যায়ে পরিস্থিতি তুলনামূলক কম আকর্ষণীয়। অন্য এক প্রতিদ্বন্দ্বীর মতে, জি-রিসার্চ থেকে কর্মী নিয়োগ করা অত্যন্ত কঠিন। এর অন্যতম কারণ কর্মীদের ওপর নিবিড় নজরদারি।
তিনি জানিয়েছেন, জি-রিসার্চের কর্মীদের সঙ্গে কথা বলতে তাঁকে কয়েকবার এমন বৈঠক করতে হয়েছে, যা অনেকটা গুপ্তচরদের গোপন সাক্ষাতের মতো। তবে শুধু নজরদারি নয়, চাকরির চুক্তিও কর্মীদের প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্তকে জটিল করে তোলে।
জি-রিসার্চ ব্যাপকভাবে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা রক্ষার চুক্তি ব্যবহার করে। এ ধরনের চুক্তিতে কর্মী প্রতিষ্ঠানের গোপন তথ্য অন্যের কাছে প্রকাশ না করার অঙ্গীকার করেন। পাশাপাশি রয়েছে ‘নন-কমপিট’ ধারা। এর অর্থ, চাকরি ছাড়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মী প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না কিংবা একই ধরনের ব্যবসায় যুক্ত হতে পারবেন না।
বিষয়টি জানেন এমন ব্যক্তিদের মতে, তুলনামূলক জুনিয়র কর্মীদেরও চাকরি ছাড়ার পর দুই বছর একই বাজারে কাজ না করার চুক্তি করতে হয়েছে। এ ছাড়া রয়েছে ‘গোল্ডেন হ্যান্ডকাফ’ ব্যবস্থা। এই শব্দ দিয়ে এমন আর্থিক সুবিধা ও চুক্তিগত শর্ত বোঝানো হয়, যা কর্মীদের প্রতিষ্ঠান ছাড়তে নিরুৎসাহিত করে। জি-রিসার্চের ক্ষেত্রে এর মধ্যে রয়েছে পাঁচ বছর পর্যন্ত বিলম্বিত বোনাস।
অর্থাৎ কোনো কর্মীর প্রাপ্য বোনাসের একটি অংশ তাৎক্ষণিকভাবে না দিয়ে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হতে পারে। ফলে চাকরি ছেড়ে গেলে সেই অর্থ পাওয়ার বিষয়টি চুক্তির শর্তের ওপর নির্ভর করে।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কাঠামোও বিশেষভাবে সাজানো।
এখানে কাজগুলোকে ছোট ছোট দলে ভাগ করে রাখা হয়। করপোরেট ব্যবস্থাপনায় এমন কাঠামোকে বলা হয় ‘সাইলোড’ ব্যবস্থা। এর ফলে একটি দলের কর্মীরা নিজেদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানলেও পুরো প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা সীমিত থাকে।
বিষয়টি জানেন এমন দুই ব্যক্তি জি-রিসার্চকে বিশাল একটি জিগস পাজলের সঙ্গে তুলনা করেছেন। প্রতিটি দলের হাতে যেন সেই পাজলের একটি করে টুকরা রয়েছে। তারা নিজেদের টুকরাটি ভালোভাবে চেনে, কিন্তু সব টুকরা একত্র করলে পুরো ছবিটি কেমন হবে, তা জানে না।
এক সাবেক কর্মী বিষয়টি বোঝাতে বলেছেন, সেখানে বাম পা জানে না ডান পা কী করছে।
অফিস যেন ফোর্ট নক্সের সুরক্ষিত ভল্ট
যুক্তরাষ্ট্রের ফোর্ট নক্স অত্যন্ত সুরক্ষিত স্বর্ণভান্ডার হিসেবে পরিচিত। জি-রিসার্চের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে এক সাবেক কর্মী এই স্থাপনার সঙ্গেই তুলনা করেছেন প্রতিষ্ঠানটিকে।
আদালতের নথি এবং বিষয়টি জানেন এমন দুই ব্যক্তির তথ্য অনুযায়ী, জি-রিসার্চ কখনো কখনো কর্মীদের তল্লাশিতে মেটাল ডিটেক্টর ও ওজন মাপার যন্ত্র ব্যবহার করেছে। উদ্দেশ্য ছিল, অফিস থেকে কোনো গোপন তথ্য কিংবা বস্তু বাইরে নিয়ে যাওয়া ঠেকানো।
অফিসে ঢোকার আগে ব্যক্তিগত ইলেকট্রনিক যন্ত্রপাতি রাখার জন্য আলাদা লকার রয়েছে। কিছু অংশে প্রবেশাধিকারও কঠোরভাবে সীমিত। কর্মীরা আঙুলের ছাপ শনাক্ত করার ব্যবস্থার মাধ্যমে কেবল নিজেদের দল ও দায়িত্বসংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করতে পারেন। অফিসের কম্পিউটার নেটওয়ার্কও একইভাবে বিভিন্ন অংশে বিভক্ত।
আদালতের নথি অনুযায়ী, প্রতিষ্ঠানের বিনিয়োগ কৌশলগুলো এনক্রিপ্টেড ও অবফাসকেটেড অবস্থায় সংরক্ষণ করা হতো। এনক্রিপশন হলো তথ্যকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে এমনভাবে রূপান্তর করা, যাতে অনুমোদন ছাড়া তা পড়া সম্ভব না হয়।
অবফাসকেশন হলো সফটওয়্যার কোড কিংবা তথ্যের গঠন ইচ্ছাকৃতভাবে জটিল বা দুর্বোধ্য করে তোলা, যাতে কেউ সেটি সহজে বুঝতে না পারে। জি-রিসার্চের ক্ষেত্রে নিরাপত্তার এই ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে সংরক্ষিত কোডের অক্ষরও সহজে চেনা যেত না।
কর্মীদের ইমেইল ব্যবস্থাও সাধারণ ইন্টারনেট থেকে অনেকাংশে বিচ্ছিন্ন। অর্থাৎ প্রতিষ্ঠানটির ভেতরে যোগাযোগের জন্য আলাদা নেটওয়ার্ক ব্যবহার করা হয়, যার সঙ্গে বাইরের সংযোগ সীমিত। দ্য পুত্রঁর পরিচিত একজনের ভাষায়, অফিসের নেটওয়ার্ক এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে মেধাস্বত্ব কোনোভাবেই ইন্টারনেটের মাধ্যমে বাইরে চলে যেতে না পারে।
তবে প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি আইনি ব্যবস্থাও দ্য পুত্রঁর কাছে সমান গুরুত্বপূর্ণ। কেউ গোপনীয়তার চুক্তি ভেঙেছেন বলে সন্দেহ হলে তিনি কঠোর আইনি পদক্ষেপ নিতে পিছপা হন না।
পাঁচ কর্মীর বিদায়, তারপর দীর্ঘ আইনি লড়াই
২০০৮ সালে জি-রিসার্চের ইতিহাসে বড় ধরনের একটি ঘটনা ঘটে। দ্য পুত্রঁর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী গ্রেগ স্কিনার এবং সুনিল সেটিয়া প্রতিষ্ঠান ছেড়ে চলে যান। তাদের সঙ্গে ছিলেন আরও তিনজন ট্রেডিং সিস্টেম প্রকৌশলী। পাঁচজন মিলে নতুন একটি কোম্পানি শুরু করেন। পরে সেটির নাম হয় কোয়াড্রেচার ক্যাপিটাল।
বর্তমানে কোয়াড্রেচার লন্ডনের অন্যতম প্রধান কোয়ান্ট ট্রেডিং প্রতিষ্ঠান। কিন্তু তাঁদের জি-রিসার্চ ছেড়ে যাওয়ার পর শুরু হয় তিক্ত আইনি বিরোধ। জি-রিসার্চের মেধাস্বত্বের মালিক প্রতিষ্ঠান অভিযোগ তোলে, চলে যাওয়া নির্বাহীরা কোম্পানির গোপন তথ্যের অপব্যবহার করেছেন। পরে কোয়াড্রেচারের প্রতিষ্ঠাতারা জি-রিসার্চের সঙ্গে একটি গোপন সমঝোতায় পৌঁছান।
তবে এই ঘটনাই ছিল না শেষ।
২০১৪ সালে জি-রিসার্চের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান থেকে এক কর্মী হঠাৎ পদত্যাগ করে হংকং চলে যান। কোম্পানির সন্দেহ হয়, তিনি প্রতিষ্ঠানের গোপন তথ্য সঙ্গে নিয়ে গেছেন। পদত্যাগের পরদিনই আদালতের আদেশ নেয় প্রতিষ্ঠানটি। উদ্দেশ্য ছিল, সন্দেহভাজন তথ্যের ব্যবহার বন্ধ করা।
এই ঘটনায় কম্পিউটার প্রোগ্রামার কে সু পরে যুক্তরাজ্যের আদালতে জালিয়াতির অভিযোগ স্বীকার করেন। তাঁকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে জি-রিসার্চের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ব্যক্তিগতভাবে করা আরেকটি মামলায় তাঁর আরও কারাদণ্ড হয়। কে সু-সংক্রান্ত ঘটনার পর দ্য পুত্রঁ প্রতিষ্ঠানের মেধাস্বত্ব রক্ষায় আরও কঠোর অবস্থান নেন। নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।
তার পরিচিত এক ব্যক্তির ভাষায়, ওপর থেকে বার্তা ছিল একটাই; নিরাপত্তা, নিরাপত্তা এবং নিরাপত্তা। নিরাপত্তা লঙ্ঘনের গ্রহণযোগ্য সংখ্যা শূন্য।
দক্ষিণ ক্যারোলিনায় বিশাল ডেটা সেন্টার ঘিরে নতুন বিতর্ক
দ্য পুত্রঁর ব্যবসা যত বিস্তৃত হয়েছে, ততই কঠিন হয়ে উঠেছে সবকিছু আড়ালে রাখা। কারণ ব্যবসার নতুন নতুন ক্ষেত্রের সঙ্গে যুক্ত হচ্ছে স্থানীয় জনগোষ্ঠী, সরকারি কর্তৃপক্ষ এবং আদালত। এর একটি উদাহরণ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার স্পার্টানবার্গে পরিকল্পিত বিশাল ডেটা সেন্টার ও বিদ্যুৎকেন্দ্র।
এটি কোনো ছোট প্রকল্প নয়। আদালতের নথি অনুযায়ী, পরিকল্পিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৩ লাখ ২০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহের সমপরিমাণ হবে। নির্মিত হলে প্রকল্পটি যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বৃহত্তম এ ধরনের স্থাপনার একটি হয়ে উঠবে। সাধারণত এত বড় ডেটা সেন্টার নির্মাণ করে বড় প্রযুক্তি কোম্পানিগুলো।
বিশেষ করে যেসব কোম্পানি ক্লাউড কম্পিউটিং ও বিপুল তথ্য সংরক্ষণের জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ করে, তাদের বলা হয় ‘হাইপারস্কেলার’। কিন্তু স্পার্টানবার্গের প্রকল্পটি এ ধরনের কোনো বড় প্রযুক্তি কোম্পানির সরাসরি উদ্যোগ নয়। এটির অর্থায়নে রয়েছে নর্থমার্ক নামের একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান।
প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান সাধারণত শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি কিংবা ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, মালিকানার অংশ নেয় এবং সেই বিনিয়োগ থেকে লাভ করার চেষ্টা করে। নর্থমার্কের সঙ্গে দ্য পুত্রঁর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্কভিত্তিক নর্থমার্কের কিছু কর্মী ও অফিসের ঠিকানার সঙ্গে ডরিলটন ক্যাপিটাল ম্যানেজমেন্টের মিল রয়েছে। এক আদালতের রায়ে বলা হয়েছে, ডরিলটন মূলত দ্য পুত্রঁর নিয়ন্ত্রণাধীন। নর্থমার্কের নেতৃত্বে রয়েছেন জেন বার্ন। তিনি আগে জি-রিসার্চের প্রধান পরিচালন কর্মকর্তা বা সিওও ছিলেন।
গত বছর নর্থমার্ক জানিয়েছিল, স্পার্টানবার্গের প্রকল্পটি তাদের বর্তমান ও ভবিষ্যৎ বিনিয়োগ অংশীদারদের কম্পিউটিং চাহিদা পূরণে সহায়তা করবে। কোয়ান্ট ট্রেডিংয়ের সঙ্গে এই প্রয়োজনের সম্পর্ক রয়েছে। কারণ এ ধরনের বিনিয়োগে কোটি কোটি কিংবা শতকোটি তথ্য বিশ্লেষণ করতে হয়। একই সঙ্গে হাজার হাজার সম্ভাব্য বাজার পরিস্থিতির কম্পিউটারভিত্তিক পরীক্ষা চালানো হয়।
এ ধরনের পরীক্ষাকে বলা হয় সিমুলেশন। অর্থাৎ বাস্তব বাজারে কোনো ঘটনা ঘটার আগেই কম্পিউটারে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি তৈরি করে দেখা হয়, নির্দিষ্ট বিনিয়োগ কৌশল কী ধরনের ফল দিতে পারে। এসব কাজের জন্য প্রয়োজন বিপুল কম্পিউটিং ক্ষমতা।
স্পার্টানবার্গের প্রকল্পটি আরও একটি কারণে দ্য পুত্রঁর ব্যবসায়িক ধরনের সঙ্গে মিলে যায়। সেটি হলো কর সুবিধা। নর্থমার্কের সহযোগী প্রতিষ্ঠান ভালারা দক্ষিণ ক্যারোলিনা কর্তৃপক্ষের সঙ্গে একটি সুবিধাজনক কর চুক্তি করেছে। এই চুক্তির আওতায় সাধারণ সম্পত্তি কর দেওয়ার পরিবর্তে উল্লেখযোগ্যভাবে কম পরিমাণ বার্ষিক অর্থ দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি পেয়েছে ৩ কোটি ডলারের পৃথক কর ক্রেডিট।
কর ক্রেডিট হলো এমন একটি সুবিধা, যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদেয় কর থেকে সরাসরি কমানো যায়। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এ ধরনের কর সুবিধা দ্য পুত্রঁর পছন্দের বিষয়গুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
২৮০ কোটি ডলারের প্রকল্পের বিরুদ্ধে স্থানীয়দের অবস্থান
স্পার্টানবার্গের বাসিন্দাদের একটি অংশ এই ডেটা সেন্টার ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করছেন। স্থানীয় বাসিন্দা এবং বিনা পারিশ্রমিকে তাঁদের আইনি সহায়তা দেওয়া একদল আইনজীবী প্রকল্পটির নির্মাণ বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছেন। তাদের অভিযোগ, প্রকল্পটির প্রকৃত আকার ও পরিসর সম্পর্কে ভালারা তাদের বিভ্রান্ত করেছে।
পাশাপাশি প্রকল্পটির পেছনে কারা অর্থায়ন করছেন, সে বিষয়ে যথেষ্ট স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেছেন তারা। প্রকল্পটির মোট মূল্য প্রায় ২৮০ কোটি ডলার। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, শুরুতে প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৫০ মেগাওয়াট হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু এখন তা বেড়ে ৪৬০ মেগাওয়াট হওয়ার কথা বলা হচ্ছে।
অর্থাৎ তাদের হিসাবে পরিকল্পিত সক্ষমতা আগের তুলনায় নয় গুণেরও বেশি। তবে আদালত প্রক্রিয়াগত কারণে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং আইনি লড়াই চালিয়ে যাবেন।
এক স্থানীয় বাসিন্দার ভাষায়, শুরুতে প্রকল্পটিকে ছোট ধরনের ভূমি উন্নয়ন উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু বাস্তবে এর কোনো কিছুই ছোট নয়। তিনি জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রের বিশাল আকার সম্পর্কে জানতে পেরে তিনি সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। অন্যদিকে কোম্পানির বক্তব্য ভিন্ন।
ভালারা জানিয়েছে, কয়েক শ মেগাওয়াট নতুন বিদ্যুৎ চাহিদা কোনো আকস্মিক পরিবর্তন নয়। বরং প্রকল্পটি ধাপে ধাপে নির্মাণের যে পরিকল্পনা আগে থেকেই ছিল, এটি তারই অংশ।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত কোম্পানির বক্তব্য অনুযায়ী, প্রকল্পের মোট পরিসর বদলায়নি। বর্তমানে যে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, সেটিই আগের বছর রাজ্য ও কাউন্টি কর্মকর্তাদের সামনে তুলে ধরা হয়েছিল।
এই বিরোধে দুই পক্ষের অবস্থানের মধ্যেও বড় পার্থক্য রয়েছে। একদিকে স্থানীয় বাসিন্দা ও বিনা পারিশ্রমিকে কাজ করা আইনজীবীরা। অন্যদিকে নর্থমার্কের পক্ষে রয়েছে কার্কল্যান্ড অ্যান্ড এলিসের মতো বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সুপরিচিত আইন প্রতিষ্ঠান এবং কয়েকজন লবিস্ট।
লবিস্টরা সাধারণত কোনো প্রতিষ্ঠান বা স্বার্থসংশ্লিষ্ট পক্ষের অবস্থান নীতিনির্ধারক ও সরকারি কর্তৃপক্ষের সামনে তুলে ধরার কাজ করেন। নর্থমার্ক এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে সাড়া দেয়নি। তবে আদালতে নিষেধাজ্ঞার আবেদন খারিজ হওয়ার পর প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডেটা সেন্টার ও বিদ্যুৎকেন্দ্রটি পরিকল্পিতভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে নির্মাণ করা হবে।
তাদের দাবি, প্রকল্পটি শেষ পর্যন্ত স্থানীয় অঞ্চলের জন্য একটি সম্পদ হয়ে উঠবে।
ফর্মুলা ওয়ানের বিরোধ এবার দ্য পুত্রঁর দরজায়
স্পার্টানবার্গের প্রকল্পে দ্য পুত্রঁর সংশ্লিষ্টতা পরোক্ষ বলে মনে করা হলেও আরেকটি মামলায় তিনি নিজেই সরাসরি আইনি বিরোধের কেন্দ্রে চলে এসেছেন। এটি ফর্মুলা ওয়ানের উইলিয়ামস দলের সঙ্গে সম্পর্কিত।
উইলিয়ামস এফ১-এর মূল প্রতিষ্ঠান ডরিলটন ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং দলটির সাবেক বিপণন প্রধান ক্লডিয়া শোয়ারৎসের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে। ২০২২ সালে শোয়ারৎসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর ডরিলটন তাঁর ও তাঁর কোম্পানির বিরুদ্ধে মামলা করে।
ডরিলটনের অভিযোগ, শোয়ারৎস চুক্তির শর্ত ভেঙেছেন এবং অতিরিক্ত অর্থের বিল করেছেন। শোয়ারৎস এসব অভিযোগ অস্বীকার করেছেন। ২০২৫ সালে নিউইয়র্কের এক বিচারক শোয়ারৎসের বিরুদ্ধে আনা প্রতারণায় সহায়তা ও অন্যায্যভাবে লাভবান হওয়ার অভিযোগ খারিজের আবেদন মঞ্জুর করেন। তবে তার কোম্পানি চুক্তির শর্ত ভঙ্গ করেছে কি না, সে অভিযোগ এখনো বিচারাধীন।
অন্যদিকে শোয়ারৎসও ডরিলটনের বিরুদ্ধে পৃথক মামলা করেছেন। তার অভিযোগ, তাকে অন্যায্যভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার মানহানি করা হয়েছে। এই বিরোধের মধ্যেই উঠে এসেছে পিটার দ্য পুত্রঁর নাম।
শোয়ারৎস তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মামলা করে অভিযোগ করেছেন, দ্য পুত্রঁ চুক্তিগত সম্পর্কে হস্তক্ষেপ করেছেন। দ্য পুত্রঁ ও ডরিলটন এপ্রিলে মামলা খারিজের আবেদন করেন। তাঁদের বক্তব্য, এই অভিযোগের ভিত্তি সম্পূর্ণ কল্পনাপ্রসূত।
কিন্তু শোয়ারৎসের অভিযোগ এখানেই শেষ নয়। তার দাবি, দ্য পুত্রঁ কেবল উইলিয়ামস গ্রাঁ প্রি রেসিং দলের পরোক্ষ মালিকই নন, দলের বিপণনসংক্রান্ত সিদ্ধান্তেও প্রভাব খাটিয়েছেন।
বিশেষ করে আফ্রিকান-আমেরিকান ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের উদ্দেশে বিপণন কার্যক্রম পরিচালনা না করার ওপর তিনি জোর দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন শোয়ারৎস। তবে এসব অভিযোগ ডরিলটন ও উইলিয়ামস অস্বীকার করেছে।
তাদের বক্তব্য অনুযায়ী, দ্য পুত্রঁ ছিলেন কেবল একজন তৃতীয় পক্ষের নিষ্ক্রিয় বিনিয়োগকারী। নিষ্ক্রিয় বিনিয়োগকারী বলতে সাধারণত এমন ব্যক্তিকে বোঝানো হয়, যিনি কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন কিন্তু প্রতিষ্ঠানটির দৈনন্দিন পরিচালনা কিংবা সিদ্ধান্ত গ্রহণে সরাসরি অংশ নেন না।
মামলা খারিজের আবেদনে দ্য পুত্রঁ শোয়ারৎসের অন্যান্য অভিযোগকেও মনগড়া ও উসকানিমূলক বলে অভিহিত করেছেন। তার বক্তব্য অনুযায়ী, এসব অভিযোগের উদ্দেশ্য বাস্তবসম্মত আইনি দাবি তুলে ধরা নয়, বরং জনসমক্ষে উপস্থাপিত আদালতের নথিকে বিকৃতভাবে দেখানো।
তবে নিউইয়র্কের বিচারকদের একটি প্যানেল ভিন্ন একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। প্যানেলের মতে, ডরিলটনের ব্যবস্থাপনায় দ্য পুত্রঁ সরাসরি ও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, এমন গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে।
এই পর্যবেক্ষণ মামলার জন্য তাৎপর্যপূর্ণ। কারণ দ্য পুত্রঁ কেবল নিষ্ক্রিয় বিনিয়োগকারী ছিলেন, নাকি কোম্পানির ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন, সেটি বিরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয়।
গত বছরের অক্টোবরে নিউইয়র্ক সুপ্রিম কোর্টের এক বিচারক জার্সিতে দ্য পুত্রঁর জবানবন্দি নেওয়ার আবেদন মঞ্জুর করেন। আর সেই আদেশের কারণেই চলতি গ্রীষ্মে জার্সিতে তার সঙ্গে সম্পর্কিত বাড়ির দরজায় হাজির হয়েছিলেন আদালতের কর্মকর্তারা। কিন্তু তাকে পাওয়া যায়নি। ফলে আইনি বিরোধের নিষ্পত্তি এখনো হয়নি।
আড়ালের জীবন কি শেষ হতে চলেছে
কয়েক দশক ধরে পিটার দ্য পুত্রঁ এমন একটি বিনিয়োগ সাম্রাজ্য গড়ে তুলেছেন, যার কার্যক্রম বিস্তৃত বিশ্বের গুরুত্বপূর্ণ আর্থিক বাজারে।
লন্ডনে তার জন্য কাজ করছেন বিপুলসংখ্যক গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও প্রযুক্তিবিদ। তাদের তৈরি গাণিতিক মডেল ব্যবহার করে বিদেশে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত হচ্ছে বড় অঙ্কের বিনিয়োগ। অন্যদিকে প্রযুক্তি, প্রতিরক্ষা ও ফর্মুলা ওয়ানের মতো ক্ষেত্রেও তার ব্যবসায়িক আগ্রহ ছড়িয়ে পড়েছে।
এই পুরো সময়ে নিজের পরিচয়, ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক ভূমিকার বড় অংশ জনসমক্ষের বাইরে রাখতে পেরেছেন তিনি। কিন্তু ব্যবসার পরিধি যত বড় হচ্ছে, সেই গোপনীয়তা ধরে রাখা তত কঠিন হয়ে পড়ছে।
দক্ষিণ ক্যারোলিনার ডেটা সেন্টার নিয়ে স্থানীয় বিরোধ এবং উইলিয়ামস এফ১-এর মামলা তার বিভিন্ন ব্যবসায়িক সম্পর্ককে আদালতের আলোচনায় নিয়ে এসেছে।
বিশেষ করে উইলিয়ামস-সংক্রান্ত মামলায় যদি শেষ পর্যন্ত দ্য পুত্রঁর জবানবন্দি নেওয়া সম্ভব হয়, তাহলে তার ব্যবসায়িক ভূমিকা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে আসতে পারে।
তাতে দীর্ঘদিন অত্যন্ত সতর্কতার সঙ্গে গড়ে তোলা তার আড়ালের জীবনও বড় পরিবর্তনের মুখে পড়তে পারে। আর যে মানুষকে একসময় ইন্টারনেটেও খুঁজে পাওয়া যেত না, তাকেই হয়তো শেষ পর্যন্ত আদালতের সামনে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে।
তথ্যসূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস

