প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ এএম
অর্থনীতি অর্ধ-ট্রিলিয়ন ডলারের, বিলিয়নেয়ার কোথায়?
ফোর্বসের ২০২৬ সালের বিলিয়নেয়ার তালিকায় বাংলাদেশি নাগরিক হিসেবে একজনেরও নাম নেই। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬। ০১:১৮ পিএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৬। ১৫:২৯ পিএম
বাংলাদেশের অর্থনীতির আকার ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। দেশে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য। অথচ বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নেই একজনও বাংলাদেশি নাগরিক। প্রতিবেশী নেপালেরও একজন স্বীকৃত বিলিয়নেয়ার রয়েছে।
তাহলে বাংলাদেশের বিপুল ব্যবসা ও সম্পদের মালিকেরা কোথায়? তাদের সম্পদ কি সত্যিই শতকোটি ডলারের সীমা অতিক্রম করেনি, নাকি সম্পদের প্রকৃত মূল্যই থেকে যাচ্ছে আড়ালে?
বিশ্বের প্রায় সাড়ে তিন হাজার বিলিয়নেয়ারের তালিকায় চীনের আছেন ৫৩৯ জন। হংকংয়ের ৭১ জনকে যুক্ত করলে সংখ্যাটি দাঁড়ায় ৬১০। ভারতে ২০২৬ সালে বিলিয়নেয়ারের সংখ্যা ২২৯। এমনকি বাংলাদেশের চেয়ে অনেক ছোট অর্থনীতির দেশ নেপালও জায়গা করে নিয়েছে বিশ্বের শীর্ষ ধনীদের মানচিত্রে।
নেপালের একমাত্র ফোর্বস-স্বীকৃত বিলিয়নেয়ার বিনোদ চৌধুরী। সিজি কর্প গ্লোবালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এই ব্যবসায়ীর সম্পদের আনুমানিক মূল্য ২১০ কোটি ডলার। ওয়াই ওয়াই নুডলসের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া চৌধুরীর ব্যবসা বিস্তৃত খাদ্য, ব্যাংকিং, হোটেল ও শিল্প খাতে। পাকিস্তানের নাগরিকদেরও উপস্থিতি রয়েছে আন্তর্জাতিক বিলিয়নেয়ার তালিকায়।
কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন।
স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে দেশটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বড় অর্থনীতি। তৈরি পোশাক শিল্পের বিস্তার, প্রবাসী আয়, অবকাঠামো উন্নয়ন এবং ব্যাংকিং, বিদ্যুৎ, আবাসন ও শিল্প খাতে বিনিয়োগের মাধ্যমে আমূল বদলে গেছে অর্থনীতির চেহারা। গড়ে উঠেছে বড় বড় শিল্পগোষ্ঠী। কোনো কোনো প্রতিষ্ঠানের বার্ষিক বৈদেশিক বাণিজ্য ছাড়িয়েছে শতকোটি ডলার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ১০০ কোটি ডলার বা ৫০১ বিলিয়ন ডলারে।
অর্থাৎ বাংলাদেশ এখন অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতি।
অথচ ফোর্বসের ২০২৬ সালের বিলিয়নেয়ার তালিকায় বাংলাদেশি নাগরিক হিসেবে একজনেরও নাম নেই। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য কিংবা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ধারণের প্রকাশিত হিসাবেও এমন কোনো ব্যক্তির সম্পদের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, যার নিট সম্পদ অন্তত ১০০ কোটি ডলার।
এখানেই তৈরি হয়েছে একটি বড় প্রশ্ন। বাংলাদেশে কি সত্যিই বিলিয়নেয়ার নেই, নাকি বিলিয়নেয়ার শনাক্ত করার মতো স্বচ্ছ আর্থিক কাঠামোই গড়ে ওঠেনি?
বিলিয়ন ডলারের ব্যবসা, কিন্তু ব্যক্তিগত সম্পদ কত?
বাংলাদেশে বড় ব্যবসার অভাব নেই। কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের নয়টি শিল্পগোষ্ঠী শুল্ক-করসহ আমদানি-রপ্তানি বাণিজ্যে ১০০ কোটি ডলারের সীমা অতিক্রম করেছে।
এই তালিকায় রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল গ্রুপ, দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশন, আবুল খায়ের গ্রুপ, স্কয়ার গ্রুপ, বিএসআরএম, টি কে গ্রুপ, খায়ের কাশেম গ্রুপ ও হা-মীম গ্রুপ। এসব প্রতিষ্ঠানের বৈদেশিক বাণিজ্যের পরিমাণই দেশের বৃহৎ শিল্প ও ব্যবসায়িক কর্মকাণ্ডের ব্যাপ্তি তুলে ধরে। কিন্তু এত বড় বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে যুক্ত কোনো উদ্যোক্তাই বাংলাদেশি নাগরিক হিসেবে বৈশ্বিক বিলিয়নেয়ারের স্বীকৃতি পাননি।
এর একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে।
কোনো প্রতিষ্ঠানের বার্ষিক বাণিজ্য বা লেনদেনের পরিমাণ এবং তার মালিকের ব্যক্তিগত সম্পদ এক বিষয় নয়। একটি কোম্পানি বছরে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা করলেও তার উদ্যোক্তার ব্যক্তিগত নিট সম্পদ এক বিলিয়ন ডলারের কম হতে পারে।
কারণ ব্যক্তিগত সম্পদের হিসাব করতে হয় সংশ্লিষ্ট কোম্পানির মোট সম্পদ, ঋণ ও দায়, আয়, মুনাফা, বাজারমূল্য এবং কোম্পানিতে ওই ব্যক্তির মালিকানার অংশ বিবেচনা করে।
অর্থাৎ ব্যবসার আকার যত বড়ই হোক, সেটি উদ্যোক্তার ব্যক্তিগত সম্পদের সরাসরি প্রমাণ নয়।
তবে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা আরও গভীরে।
বিশেষজ্ঞদের মতে, বড় শিল্পগোষ্ঠীগুলোর প্রকৃত মালিকানা, আর্থিক অবস্থা ও সম্পদের মূল্য নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য আন্তর্জাতিক পর্যায়ে সহজলভ্য নয়। ফলে কোনো উদ্যোক্তার সম্পদ শতকোটি ডলারের সীমা অতিক্রম করলেও সেটি নির্ভরযোগ্যভাবে শনাক্ত করা কঠিন।
রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার আশরাফ জামান আলীর মতে, বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে সম্পদের প্রকৃত মালিকানা ও মূল্যায়ন নির্ধারণে বড় বাধা তথ্যের ঘাটতি।
একজন উদ্যোক্তার একাধিক প্রতিষ্ঠানে মালিকানা থাকতে পারে। সেই প্রতিষ্ঠানগুলোর অধীনেও থাকতে পারে অসংখ্য সহযোগী কোম্পানি। সব প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় নিয়ে উদ্যোক্তার ব্যক্তিগত সম্পদের সমন্বিত মূল্য নির্ধারণ করতে হয়।
উন্নত দেশগুলোয় সাধারণত একটি হোল্ডিং কোম্পানির অধীনে একাধিক সহযোগী প্রতিষ্ঠান পরিচালিত হয়। ফলে মূল কোম্পানিতে কোনো ব্যক্তির মালিকানার অংশ জানা থাকলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে তার আর্থিক স্বার্থের মূল্যায়ন করা তুলনামূলক সহজ।
কিন্তু বাংলাদেশে অনেক ব্যবসায়ী গোষ্ঠীর ক্ষেত্রে এই মালিকানা কাঠামো স্পষ্ট নয়। ফলে কোন প্রতিষ্ঠানের কতটুকু সম্পদের প্রকৃত মালিক কে, সেটি নির্ধারণেই জটিলতা তৈরি হয়।
এখানে আরেকটি বড় পার্থক্য করপোরেট তথ্যের সহজলভ্যতা।
যুক্তরাজ্যে কোম্পানিজ হাউসের মতো সরকারি ব্যবস্থায় নিবন্ধিত প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ও মালিকানাসংক্রান্ত তথ্য সাধারণ মানুষও সংগ্রহ করতে পারে। কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, ব্যবসার পরিধি এবং মালিকানার কাঠামো যাচাই করা তাই তুলনামূলক সহজ।
বাংলাদেশেও কোম্পানি নিবন্ধন এবং আর্থিক বিবরণী জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এসব তথ্য একই মাত্রায় উন্মুক্ত ও সহজলভ্য নয়। ফলে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, আর্থিক বিশ্লেষক কিংবা ধনীদের সম্পদ অনুসন্ধানকারী সংস্থাগুলোর পক্ষে বাংলাদেশের উদ্যোক্তাদের প্রকৃত সম্পদ নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে।
অবশ্য বিলিয়নেয়ার শনাক্ত করতে কোনো কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকা বাধ্যতামূলক নয়।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সম্পদ মূল্যায়ন পদ্ধতিতে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মালিকানাধীন শেয়ারের সর্বশেষ বাজারদর বিবেচনা করা হয়।
অন্যদিকে বেসরকারি বা অ-তালিকাভুক্ত কোম্পানির মূল্য নির্ধারণে ব্যবহার করা হয় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, আয়-মুনাফার বিভিন্ন সূচক এবং একই খাতের তালিকাভুক্ত কোম্পানির তুলনামূলক মূল্যায়ন।
এর সঙ্গে যুক্ত হয় ব্যক্তির নগদ অর্থ, অন্যান্য তরল বিনিয়োগ, শেয়ার বিক্রি ও লভ্যাংশ থেকে পাওয়া অর্থ। সম্পদের মোট মূল্য থেকে প্রযোজ্য দায় বাদ দিয়ে নিট সম্পদের হিসাব করা হয়। এরপর চলতি বিনিময় হার অনুযায়ী তা মার্কিন ডলারে রূপান্তর করা হয়।
ফলে নির্ভরযোগ্য আর্থিক তথ্য থাকলে বেসরকারি কোম্পানির মালিকের সম্পদও মূল্যায়ন করা সম্ভব।
কিন্তু বাংলাদেশের অনেক বড় ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, মালিকানার অংশ এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সম্পদের বিস্তারিত তথ্য উন্মুক্ত নয়। ফলে উদ্যোক্তার প্রকৃত সম্পদ আন্তর্জাতিক সম্পদ মূল্যায়ন ব্যবস্থার বাইরেই থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
পুঁজিবাজারের বাইরে বড় ব্যবসা, আড়ালে সম্পদের মূল্য
বাংলাদেশের বড় শিল্পগোষ্ঠীগুলোর অধিকাংশই পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। অনেক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে।
ফলে এসব কোম্পানির শেয়ারের কোনো নিয়মিত বাজারদর নেই। প্রতিষ্ঠানের ব্যবসা, আয়, মুনাফা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় মূল্যায়ন করা সম্ভব হলেও বাজারে সরাসরি দৃশ্যমান কোনো মূল্য তৈরি হয় না।
অন্যদিকে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে বাজারে লেনদেন হওয়া শেয়ারের দাম এবং সংশ্লিষ্ট উদ্যোক্তার মালিকানার অনুপাত বিবেচনা করে তার বিনিয়োগের মূল্য সহজেই হিসাব করা যায়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের মতে, দেশের বড় উদ্যোক্তাদের সম্পদের প্রকৃত মূল্যায়ন না হওয়ার অন্যতম কারণ তাদের অধিকাংশ প্রতিষ্ঠানের পুঁজিবাজারের বাইরে থাকা।
তিনি মনে করেন, বড় কোম্পানি পুঁজিবাজারে এলে শুধু উদ্যোক্তার সম্পদের দৃশ্যমান মূল্যই তৈরি হয় না, প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন মূলধন সংগ্রহের সুযোগও সৃষ্টি হয়।
একই সঙ্গে উদ্যোক্তারা নিজেদের বিনিয়োগের বাজারমূল্য জানতে পারেন। ভবিষ্যতে পরিবারের উত্তরসূরিরা ব্যবসা পরিচালনা করতে না চাইলে কিংবা কোনো অংশীদার বিনিয়োগ থেকে সরে যেতে চাইলে শেয়ার বিক্রির মাধ্যমে বেরিয়ে আসার সুযোগ থাকে।
দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থাও এই সীমাবদ্ধতা স্পষ্ট করে।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মাত্র চারটির বাজার মূলধন ১০০ কোটি ডলার অতিক্রম করেছে। প্রতিষ্ঠানগুলো হলো গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রবি আজিয়াটা ও ব্র্যাক ব্যাংক। এর মধ্যে স্থানীয় মালিকানার প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন এই সীমা অতিক্রম করেছে।
তবে কোনো কোম্পানির বাজার মূলধন ১০০ কোটি ডলার হলেই তার কোনো একজন উদ্যোক্তা বিলিয়নেয়ার হয়ে যান না। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তির মালিকানাধীন শেয়ারের মূল্যসহ মোট নিট সম্পদ সেই সীমায় পৌঁছাতে হয়।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের মতে, বিশ্বের অনেক দেশে শীর্ষ ধনীদের সম্পদের তথ্য সহজে পাওয়া গেলেও বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন।
দেশে অনেক সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের পরিবর্তে মৌজা মূল্য ধরে নিবন্ধন করা হয়। ফলে আনুষ্ঠানিক নথিতে সম্পদের যে মূল্য দেখা যায়, তা বাস্তব বাজারমূল্যের তুলনায় কম হতে পারে।
এর সঙ্গে বড় কোম্পানিগুলোর পুঁজিবাজারের বাইরে থাকা যুক্ত হওয়ায় সামগ্রিক সম্পদের নির্ভরযোগ্য মূল্যায়ন আরও কঠিন হয়ে পড়ে।
সম্পদের প্রকৃত মালিকানা শনাক্ত করার ক্ষেত্রে কর ও আইনি জটিলতাও বড় বাধা।
অনেক উদ্যোক্তার সম্পদ সরাসরি ব্যক্তিগত নামে না থেকে বিভিন্ন কোম্পানির নামে রয়েছে। আবার কিছু সম্পদ আনুষ্ঠানিক আর্থিক কাঠামোর বাইরে থাকায় সেগুলোর নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না।
কর পরিপালনের বাধ্যবাধকতা, সম্পদের তথ্য প্রকাশে অনীহা এবং আইনি জটিলতার কারণে অনেক উদ্যোক্তা ব্যক্তিগত সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করতে আগ্রহী নন।
বিদেশে ব্যবসা বা সম্পদ থাকলেও তা শনাক্ত করার ক্ষেত্রে বাড়তি সমস্যা তৈরি হতে পারে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন বিধিবিধানের কারণে বিদেশে অর্থ স্থানান্তর ও সম্পদের তথ্য প্রকাশের বিষয়টি জটিল হয়ে উঠতে পারে।
আন্তর্জাতিকভাবে আলোচিত পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসের তথ্যেও বাংলাদেশের নাগরিকদের বিদেশে ট্রাস্ট, শেল কোম্পানি এবং জটিল মালিকানা কাঠামোর মাধ্যমে সম্পদ ধারণের বিষয় উঠে এসেছে।
এ ধরনের ব্যবস্থায় কোনো কোম্পানির আইনগত মালিক এবং সম্পদের প্রকৃত সুবিধাভোগী মালিক আলাদা হতে পারেন। ফলে কাগজে যার নাম রয়েছে, শেষ পর্যন্ত সম্পদের নিয়ন্ত্রণ যে তার হাতেই রয়েছে—এমন নিশ্চয়তা সব সময় পাওয়া যায় না।
এই জটিলতা আন্তর্জাতিক পর্যায়ে সম্পদ অনুসন্ধানের কাজকেও কঠিন করে তোলে।
তবে সম্পদের তথ্য আড়ালে থাকার বিষয়টি কেবল ইচ্ছাকৃত গোপনীয়তার ফল নয়। এর পেছনে দেশের ব্যবসা পরিচালনার কাঠামো, তথ্য প্রকাশের সীমাবদ্ধতা এবং আর্থিক মূল্যায়নের দুর্বলতাও কাজ করছে।
ডলারের দাম বাড়ায় কমেছে সম্পদের আন্তর্জাতিক মূল্য
বাংলাদেশে স্বীকৃত বিলিয়নেয়ার না থাকার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ টাকার অবমূল্যায়ন।
আন্তর্জাতিক বিলিয়নেয়ার তালিকায় সম্পদের মূল্য হিসাব করা হয় মার্কিন ডলারে। ফলে কোনো উদ্যোক্তার সম্পদের পরিমাণ টাকায় অপরিবর্তিত থাকলেও ডলারের বিপরীতে টাকার মান কমে গেলে আন্তর্জাতিক হিসাবে তার সম্পদের মূল্যও কমে যায়।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজের হিসাবে, গত কয়েক বছরে ডলারের বিপরীতে টাকার প্রায় ৪২ শতাংশ অবমূল্যায়ন হয়েছে।
ফলে আগে কোনো উদ্যোক্তার সম্পদ শতকোটি ডলারের কাছাকাছি থাকলেও বিনিময় হারের পরিবর্তনে তা বিলিয়নেয়ার হওয়ার নির্ধারিত সীমার নিচে নেমে যেতে পারে।
শুধু মুদ্রার অবমূল্যায়নই নয়, গত চার-পাঁচ বছরে দেশের ব্যবসা-বাণিজ্যের ওপরও নানা চাপ তৈরি হয়েছে।
অনেক প্রতিষ্ঠানের আয় ও মুনাফা কমেছে। কোথাও ব্যবসার পরিধি সংকুচিত হয়েছে। বিনিয়োগে স্থবিরতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যাশিত গতি না থাকায় ব্যবসায়িক সম্পদের মূল্যায়নও প্রভাবিত হয়েছে।
মাসরুর রিয়াজের মতে, ব্যবসায়িক মন্দা ও টাকার অবমূল্যায়নের পাশাপাশি সম্পদের মালিকানা কাঠামোর অস্পষ্টতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
অনেক সম্পদ কোম্পানির নামে থাকায় ব্যক্তির সম্পদের সঙ্গে সেগুলোর সম্পর্ক নির্ধারণ করা কঠিন। আবার অধিকাংশ বড় কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় তাদের সম্পদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মূল্যও দৃশ্যমান হচ্ছে না।
এ পরিস্থিতিতে কোনো উদ্যোক্তার প্রকৃত সম্পদ বিলিয়ন ডলার ছাড়ালেও আন্তর্জাতিক তালিকায় তার অবস্থান নিশ্চিত করা কঠিন হতে পারে।
আরেকটি বিষয় হলো আন্তর্জাতিক পরিচিতি ও ব্যবসায়িক উপস্থিতি।
বিশ্বের শীর্ষ ধনীদের অনেকের ব্যবসা একাধিক দেশে বিস্তৃত। তাদের কোম্পানির শেয়ার আন্তর্জাতিক পুঁজিবাজারে লেনদেন হয়। ফলে প্রতিষ্ঠানগুলোর আর্থিক তথ্য, মালিকানা এবং সম্পদের বাজারমূল্য আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের নজরে আসে।
বাংলাদেশের অনেক বড় উদ্যোক্তার ব্যবসা মূলত দেশীয় বাজারকেন্দ্রিক। তাদের প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক উপস্থিতি এবং প্রকাশিত আর্থিক তথ্য তুলনামূলক সীমিত।
এ কারণেও বৈশ্বিক সম্পদ অনুসন্ধানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের ব্যক্তিগত সম্পদ কম দৃশ্যমান থেকে যেতে পারে।
তাহলে বাংলাদেশে কি বিলিয়নেয়ার হওয়ার মতো সম্পদশালী কেউ নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অন্য একটি পরিসংখ্যান সামনে আসে।
সুইজারল্যান্ডের জুরিখভিত্তিক ব্যাংক ক্রেডিট সুইসের ২০২৩ সালের গ্লোবাল ওয়েলথ ডেটাবুক অনুযায়ী, বাংলাদেশে তখন ৫০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক ছিলেন ২২ জন। অর্থাৎ অন্তত ওই সময়ের হিসাবে দেশে এমন একদল সম্পদশালী ব্যক্তি ছিলেন, যাদের প্রত্যেকের সম্পদ শতকোটি ডলারের অর্ধেকের বেশি।
অবশ্য তাদের সম্পদের মূল্য পরবর্তী সময়ে কীভাবে পরিবর্তিত হয়েছে, তার নির্ভরযোগ্য হালনাগাদ ব্যক্তিগত হিসাব পাওয়া যায় না। টাকার অবমূল্যায়নের কারণে ডলারের হিসাবে তাদের সম্পদের মূল্য কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশি উদ্যোক্তার ফোর্বসের তালিকায় জায়গা করে নেওয়ার নজিরও রয়েছে।
২০১৮ সালে প্রথম বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক বিলিয়নেয়ার তালিকায় স্থান পান সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তিনি সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকাতেও স্থান পান। ২০২৪ সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করায় ফোর্বসের তালিকায় তাকে সিঙ্গাপুরের ধনী হিসেবে দেখানো হয়।
২০২৫ সালে আজিজ খান ছিলেন সিঙ্গাপুরের ৪৯তম এবং বিশ্বের ২ হাজার ৭৯০তম ধনী ব্যক্তি। সে সময় তার সম্পদের আনুমানিক মূল্য ছিল ১১০ কোটি ডলার। কিন্তু সম্পদের মূল্য কমে যাওয়ায় ২০২৬ সালে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকেও বাদ পড়েন তিনি।
এই উদাহরণ দুটি বিষয় স্পষ্ট করে। প্রথমত, বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যেও আন্তর্জাতিকভাবে বিলিয়নেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ার নজির রয়েছে। দ্বিতীয়ত, ব্যক্তিগত সম্পদের মূল্য এবং আন্তর্জাতিক তালিকায় অবস্থান স্থায়ী নয়। বাজার পরিস্থিতি, বিনিময় হার, ব্যবসার আর্থিক অবস্থা এবং নাগরিকত্বের পরিবর্তনে সেই অবস্থান বদলে যেতে পারে।
তবে বাংলাদেশের ক্ষেত্রে প্রশ্নটি শুধু একজন বা কয়েকজন ধনকুবেরের নাম আন্তর্জাতিক তালিকায় ওঠার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের ব্যবসা ও সম্পদের প্রকৃত মূল্য কতটা নির্ভরযোগ্যভাবে নির্ধারণ করা সম্ভব, সেই মৌলিক প্রশ্ন।
বড় শিল্পগোষ্ঠীগুলোর মালিকানা কাঠামো স্পষ্ট করা, কোম্পানির নিরীক্ষিত আর্থিক তথ্য সহজলভ্য করা, প্রকৃত সুবিধাভোগী মালিকদের শনাক্ত করা এবং বড় প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়ানো গেলে ব্যক্তিগত সম্পদ মূল্যায়নের সুযোগও বাড়বে।
এতে শুধু আন্তর্জাতিক বিলিয়নেয়ার তালিকায় বাংলাদেশের উপস্থিতির সম্ভাবনা তৈরি হবে না, দেশের বিনিয়োগ পরিবেশ ও করপোরেট স্বচ্ছতাও উন্নত হতে পারে।
অর্থনীতিবিদদের মতে, বড় ব্যক্তিগত সম্পদ উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহৃত হলে শিল্প, অবকাঠামো, প্রযুক্তি ও নতুন ব্যবসার সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে কর্মসংস্থান, রপ্তানি আয়, প্রযুক্তিগত উন্নয়ন এবং কর রাজস্ব বাড়ার সুযোগ তৈরি হয়।
তবে বিলিয়নেয়ারের সংখ্যা বৃদ্ধি নিজে কোনো দেশের অর্থনৈতিক সাফল্যের পূর্ণাঙ্গ মাপকাঠি নয়। সম্পদের সুষম বণ্টন, ন্যায্য প্রতিযোগিতা, উৎপাদনশীল বিনিয়োগ এবং বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের অর্থনীতি অর্ধ-ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বড় হয়েছে শিল্পগোষ্ঠী, ব্যবসার পরিধি এবং ব্যক্তিগত সম্পদের সম্ভাব্য আকার। কিন্তু সেই সম্পদের প্রকৃত মালিকানা ও মূল্য নির্ধারণের ব্যবস্থা এখনো অনেক ক্ষেত্রেই অস্বচ্ছ।
ফলে বাংলাদেশের একজনও নাগরিক ফোর্বসের বিলিয়নেয়ার তালিকায় না থাকার অর্থ এই নয় যে দেশে নিশ্চিতভাবেই শতকোটি ডলারের সম্পদের মালিক কেউ নেই। আবার নির্ভরযোগ্য তথ্য ছাড়া এমন সম্পদশালীর উপস্থিতি নিশ্চিত করাও সম্ভব নয়।
তাই অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে কোনো স্বীকৃত বিলিয়নেয়ার না থাকার রহস্যের উত্তর শুধু সম্পদের পরিমাণে নয়; লুকিয়ে আছে সেই সম্পদের মালিকানা, স্বচ্ছতা এবং প্রকৃত মূল্য নির্ধারণের ব্যবস্থায়।



