Logo
Logo
×
এনভিডিয়ার এআই সাম্রাজ্য কী জেনসেন হুয়াং ছাড়া টিকবে

চিপ থেকে ডেটা সেন্টার, জ্বালানি থেকে এআই অবকাঠামো জেনসেন হুয়াংয়ের গড়ে তোলা এনভিডিয়ার সাম্রাজ্যের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা। প্রতীকী চিত্র। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

ইনসাইট ।  এক্সপ্লেইনার

এনভিডিয়ার এআই সাম্রাজ্য কী জেনসেন হুয়াং ছাড়া টিকবে

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬। ০১:০২ পিএম

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬। ১৩:৩০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় জেনসেন হুয়াং শুধু চিপ বিক্রি করেননি, বিনিয়োগ করেছেন সেই চিপের ক্রেতাদের ব্যবসাতেও। স্টার্টআপ থেকে ডেটা সেন্টার, বিদ্যুৎ সরবরাহ থেকে শত শত বিলিয়ন ডলারের অর্থায়ন সবকিছুকে এক সুতোয় বেঁধে গড়ে তুলেছেন এনভিডিয়ার বিশাল সাম্রাজ্য। কিন্তু প্রধান স্থপতির আকস্মিক বিদায়ে সেই সাম্রাজ্যের ভিত কতটা মজবুত, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

কল্পনা করুন, আপনি এমন একটি কোম্পানির মালিক, যার তৈরি প্রযুক্তি ছাড়া বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী ব্যবসাগুলোর অনেকেই এগোতে পারছে না। তাদের কাছে আপনি পণ্য বিক্রি করছেন। আবার সেই পণ্য কেনার জন্য তাদের অর্থও দিচ্ছেন। প্রয়োজন হলে ব্যাংকঋণের নিশ্চয়তা দিচ্ছেন, কারখানা তৈরির জায়গা খুঁজে দিচ্ছেন, এমনকি বিদ্যুতের ব্যবস্থাও নিশ্চিত করছেন। আপনার বিনিয়োগের খবর শুনে অন্য বিনিয়োগকারীরাও সেখানে অর্থ ঢালছেন।

অর্থাৎ আপনি শুধু একটি বাজারের অংশ নন, বাজারটি কীভাবে বড় হবে, সেটিও অনেকখানি নির্ধারণ করছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় জেনসেন হুয়াং ঠিক এমনই এক ব্যবসায়িক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তার নেতৃত্বে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া হয়ে উঠেছিল এআই শিল্পের প্রযুক্তি সরবরাহকারী, অর্থদাতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম প্রধান নিয়ন্ত্রক শক্তি।

কিন্তু এই সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি যদি হঠাৎ সরে দাঁড়ান, তাহলে কী হবে? প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কেলেঙ্কারির জেরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ৩৩ বছর আগে নিজের সহপ্রতিষ্ঠিত এনভিডিয়া থেকে পদত্যাগ করেছেন হুয়াং। তার এই আকস্মিক বিদায় এমন এক সময়ে ঘটেছে, যখন বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের বড় অংশ জড়িয়ে পড়েছে এনভিডিয়ার অর্থ, প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিশ্রুতির সঙ্গে।

ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে লন্ডনের মেফেয়ার এলাকার একটি পুরোনো গির্জা রূপান্তর করে তৈরি মিলনায়তনে অংশীদারদের সামনে দাঁড়িয়েছিলেন হুয়াং। উপস্থিত ছিলেন এআই উদ্যোক্তা, প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিনিয়োগকারীরা।

সেখানে তিনি বলেছিলেন, “আমরা হয়তো আপনাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী নই, কিন্তু আমরাই আপনাদের সবচেয়ে ভালো বিনিয়োগকারী।”

কথাটির মধ্যে ছিল এনভিডিয়ার অর্থনৈতিক ক্ষমতার এক অসাধারণ প্রকাশ। কারণ হুয়াং তখন এমন একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন, যেটি শুধু নিজের চিপ বিক্রি করে বিপুল মুনাফা অর্জন করেনি, সেই মুনাফা ব্যবহার করে চিপের ভবিষ্যৎ ক্রেতাদেরও বড় করে তুলছিল।

জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং। ছবি: এএফপি

কখনো স্টার্টআপে বিনিয়োগ, কখনো প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার কেনা, কখনো ডেটা সেন্টার নির্মাণের অর্থায়ন, আবার কখনো শত শত কোটি ডলারের আর্থিক গ্যারান্টি। সব মিলিয়ে এনভিডিয়া গড়ে তুলেছিল এক বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক।

এই নেটওয়ার্কের বিশেষত্ব হলো, এর একটি অংশ অন্য অংশের ওপর নির্ভরশীল। এআই কোম্পানিগুলো এনভিডিয়ার চিপ কিনছে, এনভিডিয়া তাদের অর্থায়ন করছে, সেই অর্থের ভিত্তিতে তারা আরও চিপ কিনছে, আর এভাবেই বড় হচ্ছে পুরো বাজার।

হুয়াংয়ের বিদায়ে তাই শুধু একজন সফল প্রধান নির্বাহীর অভাব তৈরি হয়নি। সামনে এসেছে আরও বড় এক অনিশ্চয়তা; একজন মানুষের ব্যক্তিগত প্রভাব, দূরদৃষ্টি ও সিদ্ধান্তের ওপর অনেকখানি নির্ভর করে গড়ে ওঠা এই ব্যবস্থা তাকে ছাড়া কতটা কার্যকর থাকবে?

চিপ বিক্রেতা থেকে এআই শিল্পের সবচেয়ে বড় ভরসা

একসময় এনভিডিয়ার পরিচয় ছিল মূলত গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ নির্মাতা হিসেবে। কম্পিউটার গেমিং থেকে শুরু করে জটিল গ্রাফিকসের কাজেই এসব প্রসেসরের ব্যবহার ছিল বেশি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান কোম্পানিটির সামনে সম্পূর্ণ নতুন এক বাজার খুলে দেয়।

বড় ভাষা মডেল প্রশিক্ষণ, বিপুল তথ্য প্রক্রিয়াকরণ এবং এআই সেবা পরিচালনায় উচ্চক্ষমতাসম্পন্ন চিপের চাহিদা দ্রুত বাড়তে থাকে। এনভিডিয়া সেই চাহিদা পূরণের অন্যতম প্রধান প্রতিষ্ঠানে পরিণত হয়।

হুয়াং এই সুযোগকে শুধু চিপ বিক্রির ব্যবসা হিসেবে দেখেননি। তিনি বুঝেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা যত বড়ই হোক, প্রয়োজনীয় মূলধন, ডেটা সেন্টার এবং বিদ্যুৎ সরবরাহ না থাকলে এআই কোম্পানিগুলো তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না।

আর সেই প্রকল্পগুলো বাস্তবায়িত না হলে এনভিডিয়ার চিপের সম্ভাব্য বাজারও পুরোপুরি তৈরি হবে না।

ফলে এনভিডিয়ার বিপুল মুনাফার একটি অংশ তিনি বিনিয়োগ করতে শুরু করেন সেই প্রতিষ্ঠানগুলোতেই, যারা ভবিষ্যতে কোম্পানিটির বড় গ্রাহক হয়ে উঠতে পারে।

এই কৌশল কত দ্রুত বিস্তৃত হয়েছিল, তার একটি ধারণা পাওয়া যায় বিনিয়োগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পিচবুকের পরিসংখ্যানে।

চলতি বছরের শুরু থেকে এনভিডিয়া এবং তার ভেঞ্চার বিনিয়োগ শাখা ১২০টির বেশি বিনিয়োগ করেছে। অর্থাৎ গড়ে প্রায় প্রতি আড়াই দিনে একটি নতুন বিনিয়োগ। জুলাইয়ের শেষ নাগাদ ইতিমধ্যে সম্পন্ন এবং প্রতিশ্রুত ইক্যুইটি বিনিয়োগের সম্মিলিত পরিমাণ দাঁড়ায় ১২৪ বিলিয়ন ডলারে।

বিনিয়োগের এই গতি এনভিডিয়াকে এআই শিল্পের একধরনের শেষ ভরসার অর্থদাতায় পরিণত করেছিল। কোনো স্টার্টআপের বড় প্রকল্পে অর্থের ঘাটতি দেখা দিলে কিংবা সম্ভাবনাময় কোনো প্রতিষ্ঠানের নতুন মূলধন প্রয়োজন হলে অনেক ক্ষেত্রেই হুয়াংয়ের দিকে তাকিয়ে থাকতেন উদ্যোক্তারা।

গত মাসে ইউরোপ সফরের সময় তিনি জানিয়েছিলেন, এক বছরে এনভিডিয়া ওই অঞ্চলে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং আরও ২ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।

তার দাবি অনুযায়ী, এনভিডিয়া প্রধান বিনিয়োগকারী হিসেবে এগিয়ে আসায় অন্য বিনিয়োগকারীদের কাছ থেকে পরবর্তী সময়ে প্রায় ৬০ বিলিয়ন ডলার অর্থায়ন এসেছে। এর মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থানও তৈরি হয়েছে।

লন্ডনের সেই অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন উদ্যোক্তার দিকে আঙুল তুলে হুয়াং রসিকতার ভঙ্গিতে বলেছিলেন, তিনি একজনের কোম্পানিতে বিনিয়োগ করবেন, তারপর আরেকজনের, এরপর আরও একজনের।

এটি নিছক হাস্যরস ছিল না। বরং এআই শিল্পের বিনিয়োগব্যবস্থায় এনভিডিয়ার অবস্থান কতটা শক্তিশালী হয়ে উঠেছিল, তারই প্রকাশ।

হুয়াং সেদিন আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলেছিলেন।

দুই বছর আগেও বিনিয়োগকারীরা খুঁজতেন এনভিডিয়া কোন কোম্পানির কাছ থেকে পণ্য কিনছে কিংবা কারা তার সরবরাহব্যবস্থায় রয়েছে। সেই প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করাই ছিল তাদের কৌশল।

কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে এনভিডিয়া কোনো কোম্পানিতে অর্থ বিনিয়োগ করলেই অন্য বিনিয়োগকারীরা সেটিকে আস্থার সংকেত হিসেবে দেখছেন। অর্থাৎ এনভিডিয়ার অর্থের পাশাপাশি তার নামটিও একটি গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদে পরিণত হয়েছিল। আর এই আস্থার কেন্দ্রে ছিলেন হুয়াং নিজেই।

কোম্পানিতে কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা সরাসরি তার কাছে জবাবদিহি করলেও এনভিডিয়ার কাছ থেকে অর্থ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, বিলিয়ন ডলারের বহু বিনিয়োগে তিনি ব্যক্তিগতভাবে যুক্ত থাকতেন।

ফলে হুয়াংয়ের বিদায়ে প্রশ্ন উঠেছে, নতুন নেতৃত্ব কি একই গতিতে সিদ্ধান্ত নিতে এবং একইভাবে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারবে?

প্রতীকী ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

সাম্রাজ্যের শিকড় কতটা গভীরে

এনভিডিয়ার বিনিয়োগ সাম্রাজ্যের ব্যাপ্তি বোঝার জন্য শুধু স্টার্টআপে অর্থ ঢালার পরিসংখ্যান যথেষ্ট নয়। বিনিয়োগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডিলরুমের তথ্যভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, এনভিডিয়ার আর্থিক উপস্থিতি ছড়িয়ে রয়েছে তালিকাভুক্ত প্রযুক্তি কোম্পানি, এআই স্টার্টআপ, প্রযুক্তি অধিগ্রহণ এবং ডেটা সেন্টার ও জ্বালানি অবকাঠামো; এই চারটি প্রধান ক্ষেত্রে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি কোম্পানিগুলোতে এনভিডিয়ার প্রদর্শিত বিনিয়োগ ও অংশীদারত্বের পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন ডলার। এর মধ্যে মার্কিন চিপ নির্মাতা ইন্টেলে ৫ বিলিয়ন এবং তাইওয়ানের মিডিয়াটেকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।

ক্লাউড ও এআই অবকাঠামো প্রতিষ্ঠান নেবিয়াস, সেমিকন্ডাক্টর নির্মাতা মার্ভেল, অপটিক্যাল প্রযুক্তি প্রতিষ্ঠান লুমেন্টাম, ফটোনিকস কোম্পানি কোহেরেন্ট, চিপ ডিজাইন সফটওয়্যার নির্মাতা সিনপসিস এবং ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান কোরউইভের ক্ষেত্রে ২ বিলিয়ন ডলার করে বিনিয়োগ দেখানো হয়েছে।

এ ছাড়া টেলিযোগাযোগ প্রতিষ্ঠান নকিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি নেভারে ১ বিলিয়ন ডলার করে এবং বিশেষায়িত কাচ ও উপকরণ নির্মাতা কর্নিংয়ে ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।

এই প্রতিষ্ঠানগুলোর ব্যবসার ধরন আলাদা হলেও এদের প্রায় সবাই আধুনিক এআই অবকাঠামোর কোনো না কোনো স্তরের সঙ্গে যুক্ত। কেউ চিপ তৈরি করে, কেউ চিপ ডিজাইনের প্রযুক্তি সরবরাহ করে, কেউ ডেটা সেন্টারের যোগাযোগব্যবস্থা উন্নত করে, আবার কেউ এআই মডেল পরিচালনার জন্য কম্পিউটিং সক্ষমতা দেয়।

ফলে এনভিডিয়ার বিনিয়োগ শুধু নতুন ব্যবসা থেকে মুনাফা অর্জনের চেষ্টা ছিল না। এর মাধ্যমে কোম্পানিটি নিজের মূল ব্যবসার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার বিভিন্ন অংশেও অবস্থান তৈরি করছিল।

অধিগ্রহণের ক্ষেত্রেও একই কৌশল দেখা যায়।

ডিলরুমের হিসাবে এনভিডিয়ার পরিকল্পিত অধিগ্রহণ ও দক্ষ কর্মীসহ প্রতিষ্ঠান অধিগ্রহণের চুক্তিগুলোর মধ্যে প্রায় ৩৫ বিলিয়ন ডলারের লেনদেন রয়েছে।

পৃথক একটি বিনিয়োগচিত্রে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান গ্রোককে ঘিরে ২০ বিলিয়ন ডলার, এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের ক্ষেত্রে ১২ দশমিক ৯ বিলিয়ন, নেটওয়ার্কিং প্রযুক্তি প্রতিষ্ঠান মেলানক্সের জন্য ৬ দশমিক ৯ বিলিয়ন, এনফ্যাব্রিকার জন্য ৯০০ মিলিয়ন এবং রান:এআইয়ের ক্ষেত্রে ৭০০ মিলিয়ন ডলারের চুক্তিমূল্য দেখানো হয়েছে। এসব চুক্তির প্রকৃতি এবং বাস্তবায়নের অবস্থা অবশ্য এক নয়।

স্টার্টআপ বিনিয়োগের বিস্তার আরও বড়।

ডিলরুমের তথ্য অনুযায়ী, ওপেনএআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট অর্থায়নের অঙ্ক ৩০ বিলিয়ন ডলার, অ্যানথ্রপিকের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বিলিয়ন, সেফ সুপারইন্টেলিজেন্সের ক্ষেত্রে ৫ বিলিয়ন, থিঙ্কিং মেশিনস ল্যাবের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন ও ইলন মাস্কের এক্সএআইয়ের ক্ষেত্রে ২ বিলিয়ন ডলার দেখানো হয়েছে।

বড় প্রতিষ্ঠানগুলোর বাইরেও আরও ২১৯টি স্টার্টআপের সঙ্গে সংশ্লিষ্ট অর্থায়নের অঙ্ক প্রায় ১১ বিলিয়ন ডলার। সব মিলিয়ে এই অংশে প্রদর্শিত অর্থায়নের পরিমাণ সর্বোচ্চ ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এসব স্টার্টআপের পুরো অর্থায়ন এনভিডিয়া একাই করেনি। অনেক ক্ষেত্রে প্রদর্শিত অঙ্কে অন্য বিনিয়োগকারীদের অর্থও অন্তর্ভুক্ত রয়েছে। একইভাবে অধিগ্রহণের চুক্তিমূল্য, সরাসরি বিনিয়োগ, অর্থায়ন পর্ব এবং আনুমানিক অংশীদারত্বের মূল্যকে এক করে এনভিডিয়ার নিজস্ব ব্যয় হিসেবে বিবেচনা করা যাবে না।

কিন্তু সংখ্যাগুলোর তাৎপর্য অন্য জায়গায়।

এনভিডিয়া এমন এক ব্যবসায়িক অবস্থান তৈরি করেছে, যেখানে ভবিষ্যতের এআই প্রযুক্তির উদ্ভাবক, সেই প্রযুক্তি পরিচালনার অবকাঠামো নির্মাতা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহকারী; সবার সঙ্গেই তার আর্থিক সম্পর্ক রয়েছে।

এই নেটওয়ার্কের মধ্য দিয়েই এনভিডিয়ার প্রভাব চিপ নির্মাণের সীমানা অতিক্রম করেছে।

যে কৌশলে ক্রেতার অর্থও জোগাত এনভিডিয়া

হুয়াংয়ের ব্যবসায়িক কৌশলের সবচেয়ে আকর্ষণীয় এবং একই সঙ্গে বিতর্কিত অংশ ছিল নতুন প্রজন্মের এআই ক্লাউড কোম্পানিগুলোর সঙ্গে তার সম্পর্ক। এসব প্রতিষ্ঠানকে বলা হয় ‘নিওক্লাউড’।

অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মতো বড় ক্লাউড কোম্পানির বাইরে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানগুলো এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সেবা সরবরাহ করে। তাদের ব্যবসা বড় করতে বিপুলসংখ্যক চিপ প্রয়োজন। আর সেই চিপের অন্যতম প্রধান সরবরাহকারী এনভিডিয়া।

হুয়াংয়ের কৌশল ছিল এসব প্রতিষ্ঠানকে বড় হতে অর্থায়ন করা, যাতে তারা এনভিডিয়ার চিপের আরও বড় ক্রেতায় পরিণত হয়। এই নীতির পেছনে দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার হিসাবও রয়েছে।

এনভিডিয়ার তৈরি করা অত্যাধুনিক চিপ। ছবি: সিএনএন

কারণ, অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের প্রসেসর ডিজাইনের সক্ষমতা বাড়াচ্ছে। ফলে ভবিষ্যতে তাদের ওপর এনভিডিয়ার নির্ভরতা কমানো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নিওক্লাউড কোম্পানিগুলোকে শক্তিশালী করার মাধ্যমে এনভিডিয়া নিজের চিপের জন্য বিকল্প ও বিস্তৃত গ্রাহকগোষ্ঠী তৈরি করার সুযোগ পাচ্ছিল।

পিচবুকের হিসাবে, শুধু চলতি বছরেই নিওক্লাউড ও অন্যান্য এআই অবকাঠামো প্রতিষ্ঠানের সঙ্গে অন্তত ১৫টি চুক্তি করেছে এনভিডিয়া। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অর্থায়ন পর্বে মোট ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে।

এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ কোরউইভ।

এনভিডিয়ার চিপের বড় ক্রেতা প্রতিষ্ঠানটির আইপিও গত বছর প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছিল না। তখন হুয়াং নিজে এগিয়ে এসে এনভিডিয়ার মাধ্যমে বড় অঙ্কের শেয়ার কেনার প্রতিশ্রুতি দেন। ফলে কোরউইভ শুধু আর্থিক সহায়তাই পায়নি; বাজারে একটি ইতিবাচক সংকেতও পৌঁছেছিল।

কিন্তু হুয়াংয়ের বিদায়ের পর এই ধরনের সহায়তার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

একটি এআই ক্লাউড কোম্পানির নির্বাহীর ধারণা, বর্তমান অস্থিরতা না কাটলে এনভিডিয়ার নতুন চুক্তির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যেতে পারে। আর এই আশঙ্কার তাৎপর্য অনেক বড়। কারণ, অনেক নিওক্লাউড প্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিকল্পনা এনভিডিয়ার বিনিয়োগ ও আর্থিক প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত।

শুধু সরাসরি অর্থ বিনিয়োগই নয়, এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আয় নিশ্চিত করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে এনভিডিয়া।

জুলাইয়ের শেষ নাগাদ এআই ক্লাউড কোম্পানিগুলোর কাছ থেকে ৩৬ বিলিয়ন ডলারের কম্পিউটিং সক্ষমতা কেনার প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। শর্ত ছিল, সংশ্লিষ্ট কোম্পানিগুলো ওই সক্ষমতার জন্য অন্য গ্রাহক না পেলে এনভিডিয়া তা কিনবে।

এ ধরনের প্রতিশ্রুতির গুরুত্ব অনেক।

ধরা যাক, একটি নিওক্লাউড কোম্পানি নতুন ডেটা সেন্টার তৈরি করতে চায়। এজন্য তার বিপুল অর্থ প্রয়োজন। ব্যাংক কিংবা অন্য ঋণদাতারা জানতে চাইবে, প্রকল্পটি থেকে ভবিষ্যতে আয় হবে কি না।

সেই কোম্পানির কাছে যদি এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের কম্পিউটিং সক্ষমতা কেনার প্রতিশ্রুতি থাকে, তাহলে ঋণদাতাদের আশ্বস্ত করা সহজ হয়। এরপর ঋণের অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি নতুন চিপ কিনতে পারে, যার সরবরাহকারী আবার এনভিডিয়া।

ফলে এনভিডিয়ার একটি প্রতিশ্রুতি অন্য প্রতিষ্ঠানের অর্থায়নের পথ খুলে দেয়। আর সেই অর্থের একটি অংশ ফিরে আসে এনভিডিয়ার পণ্য বিক্রির মাধ্যমে।

এটি ব্যবসা সম্প্রসারণের শক্তিশালী কৌশল। তবে এর ঝুঁকিও রয়েছে। কোনো কারণে প্রত্যাশিত গ্রাহক না এলে কিংবা এআই কম্পিউটিং সেবার চাহিদা কমে গেলে এনভিডিয়াকে নিজের প্রতিশ্রুতি অনুযায়ী অব্যবহৃত সক্ষমতা কিনতে হতে পারে।

সেক্ষেত্রে কোম্পানিটি শুধু চিপ বিক্রেতা থাকবে না; গ্রাহকের ব্যবসায়িক ঝুঁকিরও অংশীদার হয়ে উঠবে।

১০৫ বিলিয়ন ডলারের গ্যারান্টিতে কতটা ঝুঁকি

হুয়াংয়ের সাম্রাজ্যের বিস্তার সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে ডেটা সেন্টার ও জ্বালানি অবকাঠামোর ব্যবসায়। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য উন্নত চিপ প্রয়োজন হলেও শুধু চিপ দিয়ে কোনো বড় এআই মডেল চালানো সম্ভব নয়। প্রয়োজন বিশাল ডেটা সেন্টার, দ্রুতগতির নেটওয়ার্ক ও বিপুল পরিমাণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ।

হুয়াং বুঝেছিলেন, এই অবকাঠামোর অভাব ভবিষ্যতে এনভিডিয়ার ব্যবসা সম্প্রসারণের পথে বাধা হতে পারে। ফলে কোম্পানিটি শুধু চিপ সরবরাহের পরিবর্তে সেই চিপ ব্যবহারের জায়গা ও বিদ্যুৎ নিশ্চিত করতেও বিনিয়োগ শুরু করে।

ডিলরুমের তথ্যভিত্তিক চিত্রে এই খাতের তিনটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট ৫ দশমিক ২ বিলিয়ন ডলারের আর্থিক সম্পৃক্ততা দেখানো হয়েছে।

এর মধ্যে ল্যানসিয়ামে ২ বিলিয়ন, এসবি এনার্জিতে ১ দশমিক ৫ বিলিয়ন এবং হেলিক্স ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে এনভিডিয়ার আনুমানিক অংশীদারত্বের মূল্য ১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

একই কৌশলের অংশ হিসেবে এনভিডিয়া প্রায় ২০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার লিজ চুক্তিও করেছে। এসব স্থাপনা পরে অন্য প্রতিষ্ঠানকে ব্যবহারের জন্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।

টেক্সাসে ১ গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার ক্যাম্পাস এর উদাহরণ। ক্যাম্পাসটির কিছু জায়গা এনভিডিয়াসমর্থিত নিওক্লাউড প্রতিষ্ঠান ল্যাম্বডাকে সাবলিজ দেওয়া হয়েছে। ল্যাম্বডা সেখানে এনভিডিয়ার চিপ ব্যবহার করে অ্যানথ্রপিককে কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করবে।

একটি প্রকল্পের মধ্যেই এভাবে এনভিডিয়ার একাধিক ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে রয়েছে। তবে এর চেয়েও বড় চুক্তি রয়েছে ওপেনএআইকে ঘিরে।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে সফটব্যাংক-সমর্থিত এসবি এনার্জি ৪ দশমিক ২৫ গিগাওয়াট ক্ষমতার একটি বিশাল ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণ করছে। এই প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করতে ওপেনএআইয়ের লিজ পরিশোধের বিপরীতে সর্বোচ্চ ১০৫ বিলিয়ন ডলারের ক্রেডিট সহায়তা বা গ্যারান্টি দিচ্ছে এনভিডিয়া। ফলে এসবি এনার্জির পক্ষে নির্মাণকাজের অর্থ সংগ্রহ সহজ হওয়ার কথা। বিনিময়ে ক্যাম্পাসটি আগামী ২০ বছর শুধু এনভিডিয়ার হার্ডওয়্যার ব্যবহার করবে। এই একটি চুক্তি হুয়াংয়ের ব্যবসায়িক দর্শনের প্রায় পুরোটা তুলে ধরে।

এনভিডিয়া এমন একটি প্রকল্পের অর্থায়নে সহায়তা করছে, যার মাধ্যমে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য নিজের চিপের চাহিদা নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

হুয়াংয়ের ভাষায়, চিপের সরবরাহ নিশ্চিত করার পর এনভিডিয়ার সামনে পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ ছিল সেই চিপ ব্যবহারের জন্য প্রয়োজনীয় জায়গা নিশ্চিত করা।

চিপ সরবরাহব্যবস্থায় যে পরিকল্পনা ও শৃঙ্খলা প্রয়োগ করা হয়েছে, ডেটা সেন্টারের জমি, বিদ্যুৎ ও ভবনের সক্ষমতা নিশ্চিত করার ক্ষেত্রেও তিনি একই পদ্ধতি অনুসরণ করতে চেয়েছিলেন।

তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে।

এনভিডিয়া যখন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নের নিশ্চয়তা দিচ্ছে, আর সেই প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে এনভিডিয়ার চিপ ব্যবহার করার প্রতিশ্রুতি দিচ্ছে, তখন সেটি কি চক্রাকার অর্থায়নের একটি রূপ?

হুয়াং নিজেও প্রশ্নটি তুলেছিলেন।

“এটা কি সার্কুলার ফাইন্যান্সিং?”

তার উত্তর ছিল, “না। ওপেনএআই লিজের টাকা দেবে।”

অর্থাৎ তার যুক্তি ছিল, প্রকল্পটির প্রকৃত গ্রাহক ও অর্থ পরিশোধকারী ওপেনএআই। তাই এনভিডিয়ার আর্থিক সহায়তা থাকলেও পুরো ব্যবস্থাকে শুধু নিজেদের মধ্যে অর্থ ঘুরিয়ে ব্যবসা তৈরির প্রক্রিয়া হিসেবে দেখা ঠিক হবে না।

কিন্তু এই যুক্তির কার্যকারিতা শেষ পর্যন্ত নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ আয় এবং আর্থিক দায় পরিশোধের সক্ষমতার ওপর। এখানেই তৈরি হয়েছে হুয়াং-পরবর্তী এনভিডিয়ার অন্যতম বড় পরীক্ষা।

৫০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা, সামনে অনিশ্চয়তা

হুয়াংয়ের পরিকল্পনা শুধু বিদ্যমান বিনিয়োগ ও গ্যারান্টির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ওয়াল স্ট্রিটের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি এমন একটি অর্থায়ন কাঠামো নিয়ে কাজ করছিলেন, যেখানে এনভিডিয়ার ব্যালান্স শিটকে ভিত্তি করে চিপ ও এআই অবকাঠামো খাতে ৫০০ বিলিয়ন ডলারের বেশি বাইরের মূলধন সংগ্রহ করা সম্ভব হবে।

এটি এনভিডিয়ার নিজের অর্থ সরাসরি বিনিয়োগের পরিকল্পনা নয়। বরং কোম্পানিটির আর্থিক সক্ষমতা এবং ব্যবসায়িক প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে অন্য বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহের উদ্যোগ।

বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের মতে, এমন কয়েকটি চুক্তি ইতিমধ্যে প্রক্রিয়াধীন।

একই সঙ্গে ক্লড এআই মডেলের নির্মাতা অ্যানথ্রপিকের পরিকল্পিত আইপিওর পাশাপাশি একটি প্রাইভেট প্লেসমেন্টে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে এনভিডিয়ার।

হুয়াংয়ের নেতৃত্বে এসব পরিকল্পনা এত দ্রুত বিস্তৃত হয়েছিল যে কোম্পানিটিকে নিজের আর্থিক ঝুঁকি সম্পর্কেও নতুন করে সতর্ক করতে হয়।

আগস্টের শেষ দিকে প্রকাশিত ত্রৈমাসিক নথিতে এনভিডিয়া জানিয়েছিল, তার আর্থিক প্রতিশ্রুতি ও গ্যারান্টিগুলো কোম্পানিকে আর্থিক, চুক্তির অপর পক্ষ-সংক্রান্ত এবং বাস্তবায়নজনিত ঝুঁকিতে ফেলতে পারে। এসব উদ্যোগ থেকে প্রত্যাশিত সুবিধা নাও পাওয়া যেতে পারে।

সেই সতর্কবার্তা এখন নতুন গুরুত্ব পেয়েছে।

বিনিয়োগ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান বার্নস্টাইনের বিশ্লেষকেরা এনভিডিয়ার শেয়ারের লক্ষ্যমূল্য অর্ধেকে নামিয়েছেন। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, কোম্পানিটির অসংখ্য বিনিয়োগ, আর্থিক সুরক্ষাব্যবস্থা এবং অবশিষ্ট গ্যারান্টিগুলোর ভবিষ্যৎ কী হবে।

এটি শুধু সম্ভাব্য আর্থিক ক্ষতির প্রশ্ন নয়।

বছরের পর বছর ধরে হুয়াং এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যেখানে এনভিডিয়ার সিদ্ধান্ত অন্য অনেক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বিনিয়োগের গতিপথ নির্ধারণ করত।

এখন কোম্পানির নেতৃত্ব বদলে যাওয়ায় নতুন করে বিবেচনা করতে হতে পারে, কোন বিনিয়োগ অব্যাহত রাখা হবে, কোন গ্যারান্টির ঝুঁকি গ্রহণযোগ্য এবং কোথায় আরও সতর্ক হওয়া প্রয়োজন।

নতুন নেতৃত্ব যদি বিনিয়োগের গতি কমায়, তাহলে অর্থায়নের জন্য এনভিডিয়ার ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ ধীর হতে পারে।

আবার আগের সব প্রতিশ্রুতি বজায় রেখে নতুন বিনিয়োগ অব্যাহত রাখলে কোম্পানিটিকে বিপুল আর্থিক ঝুঁকির ব্যবস্থাপনাও করতে হবে।

দুই পথেরই সুবিধা ও মূল্য রয়েছে।

একজন মানুষের ওপর কতটা নির্ভরশীল ছিল সাম্রাজ্য

এনভিডিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্ভবত তার আর্থিক সক্ষমতা নয়, নেতৃত্বের ধারাবাহিকতা।

হুয়াং এমন এক উদ্যোক্তা ছিলেন, যিনি শুধু নতুন প্রযুক্তির সম্ভাবনা চিহ্নিত করেননি; সেই সম্ভাবনাকে ঘিরে একটি বিস্তৃত ব্যবসায়িক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তার নেতৃত্বে এনভিডিয়া চিপের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের গ্রাহক, সরবরাহকারী এবং প্রযুক্তি উদ্ভাবকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পর্ক তৈরি করেছে।

এই ব্যবস্থার অনেক চুক্তি ও বিনিয়োগে হুয়াংয়ের ব্যক্তিগত ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করতেন, বিনিয়োগের সিদ্ধান্তে যুক্ত থাকতেন এবং এনভিডিয়ার আর্থিক সক্ষমতা ব্যবহার করে নতুন প্রকল্পের পথ খুলে দিতেন।

লন্ডনের অনুষ্ঠানে তার একটি রসিকতা এই সম্পর্কের আরেকটি দিক তুলে ধরেছিল।

হুয়াং জানিয়েছিলেন, ৩৩ বছর আগে সিকোইয়া ক্যাপিটালের প্রয়াত প্রতিষ্ঠাতা ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট ডন ভ্যালেন্টাইনের কাছ থেকে পাওয়া একটি উপদেশ তিনি এনভিডিয়ার অর্থায়ন পাওয়া উদ্যোক্তাদেরও দিতে চান।

উপদেশটি ছিল, “আমার টাকা হারালে, আমি তোমাকে মেরে ফেলব।”

কথাটি রসিকতার ছলে বলা হলেও এর ভেতরে ছিল বিনিয়োগের জবাবদিহি এবং অর্থদাতার ক্ষমতার একটি কঠোর বাস্তবতা।

হুয়াং অর্থায়ন করতেন, আবার সেই অর্থ কীভাবে ব্যবসার প্রবৃদ্ধি তৈরি করবে, সে বিষয়েও গভীর আগ্রহ রাখতেন।

কিন্তু একটি প্রতিষ্ঠানের শক্তি যদি অনেকখানি একজন মানুষের ব্যক্তিগত যোগাযোগ, সিদ্ধান্ত এবং বাজারে প্রভাবের ওপর নির্ভরশীল হয়, তাহলে সেই মানুষটির বিদায় স্বাভাবিকভাবেই উত্তরাধিকারের প্রশ্ন তৈরি করে।

এনভিডিয়ার জন্য সেই প্রশ্ন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোম্পানিটির উন্নত চিপ, প্রযুক্তিগত দক্ষতা, প্রতিষ্ঠিত গ্রাহক এবং ব্যবসায়িক অবকাঠামো হুয়াংয়ের পদত্যাগের সঙ্গে হারিয়ে যায়নি।

তাই তার বিদায় মানেই এনভিডিয়ার প্রযুক্তিগত আধিপত্য শেষ হয়ে যাবে, এমন ধারণার ভিত্তি নেই। কিন্তু তার গড়ে তোলা বিস্তৃত বিনিয়োগব্যবস্থা আগের গতিতে চলবে কি না, তা এখনও অনিশ্চিত।

বিশেষ করে যেসব প্রতিষ্ঠান এনভিডিয়ার আর্থিক সমর্থনকে ভবিষ্যৎ ব্যবসার ভিত্তি হিসেবে বিবেচনা করেছে, তাদের জন্য এই অনিশ্চয়তা আরও বড়।

কারণ, এআই শিল্পের প্রবৃদ্ধির অনেক প্রত্যাশাই এখনও বাস্তব আয় দিয়ে পুরোপুরি পরীক্ষিত হয়নি। ডেটা সেন্টার নির্মাণে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, নতুন চিপ কেনা হচ্ছে, বিদ্যুৎ অবকাঠামো তৈরি হচ্ছে। এসব বিনিয়োগের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে এআই সেবার প্রকৃত চাহিদা এবং তা থেকে আয় তৈরির সক্ষমতার ওপর।

চাহিদা প্রত্যাশা অনুযায়ী বাড়লে এনভিডিয়ার বিনিয়োগ নেটওয়ার্ক বিপুল অর্থনৈতিক সুবিধা তৈরি করতে পারে।

কিন্তু সেই প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় ধীর হলে একই নেটওয়ার্ক আর্থিক চাপের উৎস হয়ে উঠতে পারে। এই দুই সম্ভাবনার মধ্যেই নতুন নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে।

শেষ পর্যন্ত মূল্য দেবে কে

জেনসেন হুয়াংয়ের বিদায়ে এনভিডিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হলেও এর প্রভাব কতদূর ছড়াবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।

তবে একটি বিষয় পরিষ্কার। এনভিডিয়া আর শুধু একটি চিপ নির্মাতা কোম্পানি নয়। এআই গবেষণা প্রতিষ্ঠান, স্টার্টআপ, নিওক্লাউড কোম্পানি, ডেটা সেন্টার নির্মাতা, জ্বালানি সরবরাহকারী এবং প্রযুক্তিগত অবকাঠামো নির্মাতাদের সঙ্গে তার আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্কগুলো এতটাই বিস্তৃত যে এনভিডিয়ার বিনিয়োগ নীতির বড় পরিবর্তন এআই শিল্পের একাধিক স্তরে প্রভাব ফেলতে পারে।

কোনো স্টার্টআপের অর্থায়ন বিলম্বিত হতে পারে। কোনো নিওক্লাউড কোম্পানির নতুন ডেটা সেন্টার নির্মাণ পিছিয়ে যেতে পারে। কোনো প্রকল্পের ঋণ সংগ্রহ কঠিন হতে পারে। আবার আর্থিক গ্যারান্টির শর্ত বদলে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নতুন বিনিয়োগকারী খুঁজতে হতে পারে।

তবে এসবই সম্ভাব্য ঝুঁকি, অবধারিত পরিণতি নয়।

এনভিডিয়ার বিপুল আর্থিক সক্ষমতা, প্রযুক্তিগত শক্তি এবং প্রতিষ্ঠিত ব্যবসায়িক সম্পর্ক এখনও কোম্পানিটির বড় সম্পদ। একইভাবে পুরো এআই শিল্পের ভবিষ্যৎও শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে না।

কিন্তু হুয়াংয়ের অনুপস্থিতিতে এনভিডিয়ার সামনে যে সিদ্ধান্তগুলো আসবে, সেগুলো তার নিজের ব্যবসার সীমানা ছাড়িয়ে আরও বহু প্রতিষ্ঠানের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে।

এখানেই এই ঘটনাকে সাধারণ কোনো করপোরেট নেতৃত্ব পরিবর্তনের ঘটনা থেকে আলাদা করে দেখতে হয়।

গত তিন দশকে হুয়াং এমন একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, যার চিপের ওপর নির্ভর করে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ এআই প্রযুক্তি। এরপর সেই প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার করে তিনি এমন সব ব্যবসাকে বড় হতে সাহায্য করেছেন, যাদের সম্প্রসারণ আবার এনভিডিয়ার চিপের বাজারকে বড় করেছে। এই ব্যবস্থার শক্তি ছিল পারস্পরিক নির্ভরতা। আর সেই নির্ভরতাই এখন তার দুর্বলতা হয়ে উঠতে পারে।

লন্ডনের সেই মিলনায়তনে হুয়াং যখন বলেছিলেন, এনভিডিয়া সবচেয়ে বড় বিনিয়োগকারী না হলেও সবচেয়ে ভালো বিনিয়োগকারী। তখন কথাটির পেছনে ছিল একজন প্রভাবশালী উদ্যোক্তার ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা এবং একটি সমৃদ্ধ কোম্পানির আর্থিক শক্তি।

এখন কোম্পানিটি রয়েছে, অর্থ রয়েছে, প্রযুক্তি রয়েছে, শত শত কোটি ডলারের চুক্তি ও প্রতিশ্রুতিও রয়েছে। নেই শুধু সেই মানুষটি, যিনি এত দিন সবকিছুকে একসঙ্গে এগিয়ে নিয়েছেন।

তাই জেনসেন হুয়াং ছাড়া এনভিডিয়ার সবচেয়ে বড় পরীক্ষা চিপের বাজারে আধিপত্য ধরে রাখা নয়। বরং প্রমাণ করা যে, একজন মানুষের দূরদৃষ্টি ও প্রভাবের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা এত বিশাল এআই সাম্রাজ্য সেই মানুষটিকে ছাড়াও নিজের শক্তিতে টিকে থাকতে পারে।

তথ্যসূত্র: এফটি

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে