প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম
প্রেসিডেন্ট ট্রাম্প যখন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে আরেক দফা বৈঠকের জন্য চীন সফর করবেন, তখন তার পাশে জেনসেন হুয়াং থাকবেন বলে ধারণা করা হচ্ছে না। ছবি: নিউ ইয়র্ক টাইমস
ঘরভর্তি অতিথির মধ্যে একজনকে খুঁজতেন ডোনাল্ড ট্রাম্প। কখনো অর্থনীতি নিয়ে বক্তব্যের মাঝখানে, কখনো কূটনৈতিক নৈশভোজে মাথা তুলে প্রশ্ন করতেন, ‘জেনসেন কোথায়?’
সাধারণত কাছেই থাকতেন জেনসেন হুয়াং। চামড়ার জ্যাকেট পরা এই প্রযুক্তি উদ্যোক্তা শুধু এনভিডিয়ার প্রধান নির্বাহী ছিলেন না। চীনের সঙ্গে প্রযুক্তির প্রতিযোগিতায় কীভাবে এগিয়ে থাকবে যুক্তরাষ্ট্র, সেই প্রশ্নেও ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি।
এবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে ট্রাম্প যখন চীন যাচ্ছেন, তখন পাশে হুয়াং থাকবেন বলে মনে করা হচ্ছে না। তবে তার অনুপস্থিতিতেও আলোচনার ওপর ছায়া ফেলছে এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া সংকট। ব্যক্তিগত সম্পর্ক, গুপ্তচরবৃত্তির অভিযোগ ও উন্নত চিপ রপ্তানির বিতর্ক এখন একই সূত্রে জড়িয়ে গেছে।
গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী ছিলেন হুয়াং। নিজের সাফল্য ও সম্পদের পাশাপাশি একটি যুক্তি দিয়ে ট্রাম্পকে মুগ্ধ করেছিলেন তিনি। তার বক্তব্য ছিল, চীনকে আমেরিকায় তৈরি সেমিকন্ডাক্টর চিপ ও প্রযুক্তির ওপর নির্ভরশীল রাখতে হবে। তাতে বেইজিংয়ের ওপর যুক্তরাষ্ট্রের প্রাধান্য ধরে রাখা সহজ হবে।
এ বছর চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে হুয়াংকে নিজের সঙ্গে রেখেছিলেন ট্রাম্প। মে মাসে শির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকেও চীন সফরের আমন্ত্রণ জানান। পথে আলাস্কায় যাত্রাবিরতির সময় শেষ মুহূর্তে এয়ার ফোর্স ওয়ানে ওঠেন হুয়াং। সেপ্টেম্বরে হোয়াইট হাউসে শির সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজেও প্রেসিডেন্টের সঙ্গে প্রধান টেবিলে বসেছিলেন তিনি।
কিন্তু গত সপ্তাহে পরিস্থিতি বদলে যায়। একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর তথ্য প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার পদ ছাড়েন হুয়াং। এর মধ্যে একটি সম্পর্ক ছিল অ্যালিস হুয়াং নামের এক চীনা নির্বাহীর সঙ্গে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস বেইজিংয়ের হয়ে কাজ করেন।
হুয়াং চীনা গোয়েন্দাদের নিশানা হয়েছিলেন বলেও মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্র। বেইজিং অবশ্য এই সিদ্ধান্তকে ‘কালিমালেপন ও অপবাদ’ বলে প্রত্যাখ্যান করেছে।
এই ঘটনাতেও হুয়াং সম্পর্কে ট্রাম্পের মনোভাব বদলেছে বলে মনে হচ্ছে না। চীনের সঙ্গে সম্পর্ক সামলানোর কৌশলেও পরিবর্তনের আভাস নেই। এ সপ্তাহে শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক সম্মেলনে শির সঙ্গে বৈঠক করবেন তিনি।
চীনের গুপ্তচরবৃত্তির তৎপরতা নিয়ে এখন পর্যন্ত শিকে চাপ দেননি ট্রাম্প। চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং নির্দিষ্ট কিছু চিপ রপ্তানির নিয়ন্ত্রণ কঠোর করা নিয়েও তার প্রশাসনে তীব্র মতবিরোধ চলছে। সেই বিতর্ক মেটাতে তিনি হস্তক্ষেপ করেননি।
এশিয়ায় চিপ রপ্তানিতে কম কঠোর বিধিনিষেধের পক্ষে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। ট্রাম্পের সঙ্গে তারও চীন সফরে যাওয়ার কথা রয়েছে। শেনজেনে প্রথমে শির সঙ্গে বসবেন ট্রাম্প। পরে শি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আরেকটি বৈঠকে অংশ নেবেন। তিন নেতার এমন বৈঠক হবে এটিই প্রথম।
হুয়াংয়ের পদত্যাগ করা উচিত হয়েছে কি না, বৃহস্পতিবার ট্রাম্পকে সেই প্রশ্ন করেন পডকাস্ট উপস্থাপক ও ক্রীড়া ধারাভাষ্যকার স্টিফেন এ. স্মিথ।
জবাবে ট্রাম্প বলেন, ‘আসল প্রশ্ন হলো, ওই নারী কি গুপ্তচর ছিলেন? বিষয়টি এখনো নিশ্চিত হয়েছে কি না, আমি জানি না। তবে ওই নারী যদি গুপ্তচর হয়ে থাকেন, তাহলে হ্যাঁ। আর যদি গুপ্তচর না হন, তাহলে বিষয়টি হয়তো ভিন্ন হতো। তবে এটুকু বলতে পারি, কোনো না কোনোভাবে সে আবার ঘুরে দাঁড়াবে। আমি তাকে চিনি। বেশ ভালোভাবেই চিনি। সব সময় তাকে ভালো মানুষ বলেই মনে হয়েছে।’
গত সপ্তাহে ট্রাম্প আরও জানান, শির সঙ্গে এনভিডিয়ার বিষয়টি তোলার পরিকল্পনা তার নেই। তবে শি চাইলে বিষয়টি নিয়ে কথা বলতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি।
অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে তাকে অবহিত করা হয়েছিল বলেও মনে করতে পারছেন না ট্রাম্প।
তবে গত সপ্তাহে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে আসে। সেখানে বলা হয়, মে মাসে চীন যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি প্রেসিডেন্টের কাছে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য তুলে ধরেন। সেই তথ্য অনুযায়ী, এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল। নারীটিকে চীনা গুপ্তচর বলেও সন্দেহ করা হচ্ছিল। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, এ নিয়ে ট্রাম্পকে অন্তত দ্বিতীয়বার অবহিত করা হয়েছিল তখন।
এরপরও হুয়াংয়ের পক্ষে অবস্থান ধরে রেখেছেন ট্রাম্প। তাকে ‘সম্মানিত মানুষ’ বলেছেন। গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে তাকে জানানো হয়েছিল; এমন প্রতিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিষয়টি প্রথম কখন জেনেছিলেন, গত সপ্তাহে সাংবাদিকেরা তা জানতে চান। ট্রাম্প বলেন, ‘আমাকে খোঁজ নিতে হবে। অবশ্যই গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেখব। বিষয়গুলো হয়তো উল্লেখ করা হয়েছিল। তবে নিশ্চিতভাবেই তা আমার মনে তেমন দাগ কাটেনি।’
অথচ এই অভিযোগ বিশ্বের অন্যতম বৃহৎ একটি কোম্পানিকে বড় সংকটে ফেলেছে। হুয়াংয়ের ব্যক্তিগত আচরণ নিয়ে প্রকাশিত তথ্য থেকে তৈরি হয়েছে অর্থনৈতিক ও রাজনৈতিক ঝড়। ট্রাম্পের নিরুত্তাপ প্রতিক্রিয়ায় সেই সংকটের তীব্রতা ধরা পড়ছে না।
এতে শির সঙ্গে আসন্ন বৈঠকে ট্রাম্পের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। কর্তৃত্ববাদী এই নেতার বন্ধুত্ব ও প্রশংসা পেতে বরাবরই আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
নির্দলীয় গবেষণাপ্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের চীনবিষয়ক বিশেষজ্ঞ ক্রেইগ সিঙ্গেলটনের মতে, ট্রাম্পের কাছে গুপ্তচরবৃত্তি বড় শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কেরই অংশ।
গত সপ্তাহে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ট্রাম্প ব্যক্তিগতভাবে হুয়াংয়ের পাশে থেকেছেন। আমার মূল্যায়ন হলো, তিনি গুপ্তচরবৃত্তিকে এমন একটি বিষয় হিসেবে দেখেন, যা বড় শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে করেই থাকে। তিনি খুব সফল একটি বৈঠক চান এবং দেখাতে চান, শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক তিনি সামলাতে পারেন।’
ট্রাম্পের নিজের কথাতেও এই দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ‘জানেন তো, তারা কী বলে? চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে। আমি বলি, ঠিকই বলেছেন, আমরাও তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি।’
হোয়াইট হাউসের কর্মকর্তারা শুক্রবার এনভিডিয়ার ঘটনাকে জাতীয় নিরাপত্তার বিষয় বলে উল্লেখ করেন। তবে শির সঙ্গে সাক্ষাতে ট্রাম্প এটি নিয়ে আলোচনা করবেন বলে তারা মনে করছেন না। এ বছর শির সঙ্গে আগের দুটি বৈঠকেও চীনের কাছ থেকে ছাড় আদায়ে ট্রাম্পের তেমন আগ্রহ দেখা যায়নি।
মে মাসে বেইজিং সফরে সমঝোতার সুরে কথা বলেন তিনি। গুরুত্ব দেন শির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে। শরতে শি ওয়াশিংটনে গেলে রাষ্ট্রীয় আয়োজনের জাঁকজমকেই বেশি মনোযোগ দেন ট্রাম্প।
এর কয়েক সপ্তাহ আগেই অবশ্য ২০২০ সালের নির্বাচনে বেইজিং হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। কিন্তু শির রাষ্ট্রীয় সফরে দুই দেশের বিরোধের বিষয়গুলো নিয়ে উল্লেখযোগ্য কোনো নীতিগত ঘোষণা আসেনি। এআই, বাণিজ্য কিংবা ইরানের যুদ্ধ; কোনো ক্ষেত্রেই বড় অগ্রগতি দেখা যায়নি।
এবার ট্রাম্পের চীন সফরের আগে ওয়াশিংটনের পরিস্থিতি ভিন্ন। সিঙ্গেলটনের ভাষায়, ‘ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি একেবারেই ভিন্ন দিকে এগোচ্ছে।’
চীনে চিপ বিক্রির ওপর যথাযথ নজরদারি ছিল কি না, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সরাসরি বাণিজ্য বিভাগের ওপর দায় চাপান।
তার অভিযোগ, সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেগাস্পিডের কাছে এনভিডিয়ার উন্নত প্রযুক্তি বিক্রি ঠেকাতে ব্যর্থ হয়েছে বিভাগটি। অ্যালিস হুয়াং এই প্রতিষ্ঠানেই কাজ করতেন। মেগাস্পিড এমন ডেটা সেন্টারও তৈরি করেছে, যেগুলো চীনা কোম্পানিগুলোকে কম্পিউটিং সক্ষমতা দেয়।
বাণিজ্য বিভাগ সম্পর্কে বেসেন্ট বলেন, ‘তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পর্কে তাদেরই জিজ্ঞেস করতে হবে।’
নিজের মন্ত্রণালয় আরও কঠোর অবস্থানের পক্ষে ছিল বলে জানান তিনি। বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এবং আমার উপমন্ত্রী কয়েক মাস ধরেই উপপ্রধান পর্যায়ের আলোচনায় এ বিষয়ে চাপ দিয়ে আসছে।’
বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যবিরতির মেয়াদ বাড়ানোর প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। জানুয়ারিতে এই বিরতির মেয়াদ শেষ হওয়ার কথা।
দুই দেশের আলোচনা চলছে। পাল্টাপাল্টি বাণিজ্যযুদ্ধও আপাতত স্থগিত রয়েছে। তারপরও গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা ধাতু ও তা দিয়ে তৈরি চুম্বক রপ্তানিতে চীনের বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হতাশা কাটেনি। শেনজেনে শির সঙ্গে বৈঠকে ট্রাম্প বিষয়টি তুলবেন বলে আশা করা হচ্ছে।
প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য, প্রেসিডেন্টের বৈঠকগুলোতে মূল গুরুত্ব পাবে বিরল মৃত্তিকা রপ্তানি, পারমাণবিক অস্ত্রের বিস্তার ও ইরানের সঙ্গে যুদ্ধ।
কিন্তু ওয়াশিংটনে এনভিডিয়া নিয়ে জবাব চাইছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের নেতারাই। ডিসেম্বরে সেনেটের ব্যাংকিং কমিটির সামনে সাক্ষ্য দিতে হুয়াং ও লাটনিককে ডাকা হয়েছে।
সিঙ্গেলটন মনে করেন, চিপের সরবরাহ ধরে রাখার কোনো চেষ্টা হয়ে থাকলে তা উল্টো ফল দিতে পারে। তিনি বলেন, ‘বেইজিং যদি আমেরিকান চিপের সরবরাহ চালু রাখার চেষ্টা করে থাকে, তাহলে সেই চেষ্টাই হয়তো চীনের এই সুযোগ বন্ধ করার পক্ষে দুই দলের সমর্থন গড়ে তুলতে সাহায্য করেছে।’
ট্রাম্প এই রাজনৈতিক চাপের মুখে প্রযুক্তি রপ্তানিতে নতুন বিধিনিষেধ দেবেন কি না, তা স্পষ্ট নয়। চীনের ওপর চাপ বাড়াতে অন্য কোনো পদক্ষেপ নেবেন কি না, সেটিও এখনো অনিশ্চিত।
আটলান্টিক কাউন্সিলের চীনবিষয়ক জ্যেষ্ঠ আবাসিক ফেলো কেন্টন থিবোর মতে, এনভিডিয়া কেলেঙ্কারি বেইজিংকে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ফেলেছে।
চীনের লক্ষ্য ছিল ট্রাম্পকে সন্তুষ্ট রাখা এবং প্রতিযোগিতা থাকলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল রাখা। একই সঙ্গে অর্থনীতির গুরুত্বপূর্ণ যেসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে, সেগুলোর ওপর নির্ভরতা কমাতে চায় বেইজিং।
থিবো বলেন, ‘তারা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের এই স্থিতাবস্থা বজায় রাখতে চেয়েছিল, নতুন কোনো রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ ঠেকাতে চেয়েছিল, ট্রাম্পের সঙ্গে সদ্ভাব রেখে চলতে এবং কোনোভাবেই পরিস্থিতি অস্থির না করতে চেয়েছিল। আর এই ঘটনাটি তাদের জন্য একরকম বিপর্যয় হয়ে এসেছে।’
তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস






