Logo
Logo
×

খবর ।  দেশ

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চারজনের মৃত্যু

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬। ১২:৩৬ পিএম

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬। ১৪:৩৩ পিএম

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চারজনের মৃত্যু

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈদগাঁও বাস স্টেশনের নূর জাহান প্লাজার মালিক ও পোকখালী ইউনিয়নের গোমাতলীর বাসিন্দা ফেরদৌস আলম ফিরোজ (৫৫), মাইক্রোবাস চালক মো. মুন্না (৪০), ঈদগাঁও মাইজপাড়ার বজল মেম্বারের চাচাতো ভাই নিয়াজ মোর্শেদ (২২) এবং তার বোন মিফতাহ (২০)। তারা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিফতার বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজনকে নিয়ে একটি মাইক্রোবাসে করে তারা কক্সবাজারের ঈদগাঁওতে ফিরছিলেন। রাত পৌনে ২টার দিকে গাড়িটি ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিফতাহ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসচালক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ওসি নূর আহমদ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে