দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের মহাসড়কে দুইটি মিনিবাস ট্যাক্সি ও একটি এসইউভি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন।
দেশটির সড়ক নিরাপত্তা বিষয়ক একটি সরকারি অংশীদার সংস্থা সোমবার এ তথ্য জানিয়েছে।
রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) জানায়, লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে।
স্থানীয় গণমাধ্যম জানায়, রবিবার রাত সাড়ে ৯টায় (জিএমটি) যানবাহনগুলোর মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তারা। এ ছাড়া আরও কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরটিএমসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৪৮৫ জনের মৃত্যু হয়। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৫ শতাংশের বেশি কম। মৃতদের বেশির ভাগই পথচারী ছিলেন। সূত্র: এএফপি