প্রিন্ট: ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬। ০১:১৭ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬। ১৬:৪৬ পিএম
চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ।
তাঁরা স্পষ্ট করেছেন, কূটনীতিক কিংবা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, বরং সাবেক ক্রিকেট অধিনায়ক হিসেবে মানবিক দায়বোধ থেকেই ইমরান খানের পরিস্থিতি নিয়ে কথা বলছেন।
চিঠিতে বলা হয়েছে, ইমরানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলার পক্ষে কিংবা বিপক্ষে তাঁরা অবস্থান নিচ্ছেন না। এসব বিষয় পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার বলেও উল্লেখ করেছেন সাবেক অধিনায়কেরা।
তাঁদের মূল উদ্বেগ কারাগারে একজন বন্দীর সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, তা নিয়ে। তাঁদের ভাষ্য, রাজনৈতিক অবস্থান যা-ই হোক, বন্দীর চিকিৎসা ও মৌলিক অধিকার নিশ্চিত করা মানবিকতার বিষয়।
চিকিৎসা ও পরিবারের সঙ্গে যোগাযোগ নিয়ে উদ্বেগ
নতুন চিঠিতে বলা হয়েছে, ইমরানের স্বাস্থ্য, পর্যাপ্ত চিকিৎসার সুযোগ, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং আইনি সহায়তা পাওয়ার বিষয়ে তাঁর ছেলে ও বোনেরা কয়েক মাস ধরে প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে আসছেন।
এর আগে ২৩ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের ২২ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়ে ৭৩ বছর বয়সী ইমরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।
সেই চিঠিতে বলা হয়েছিল, কারাগারে ইমরান যে চিকিৎসাসেবা পাচ্ছেন, তা আদালতের নির্দেশনার তুলনায় পর্যাপ্ত নয়।
সেখানে তিনটি নির্দিষ্ট দাবি জানানো হয়।
প্রথমত, আদালতের নির্দেশ অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে ইমরানের পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা। ওই বোর্ডে তাঁর ব্যক্তিগত চিকিৎসকদেরও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। বিশেষভাবে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার বিষয়টি পরীক্ষা করার দাবি জানানো হয়েছিল।
দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুসারে সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের সুযোগ নিয়মিত এবং কোনো প্রশাসনিক বাধা ছাড়াই নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
তৃতীয়ত, স্বাস্থ্য পরীক্ষায় যে ফলই আসুক, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত দেওয়ার দাবি করা হয়।
The Australian government has been urged to contact Pakistan officials over the treatment of cricket legend Imran Khan, with his detention labelled a “matter of basic humanity”.
LATEST ▶️ https://t.co/yHPnt6QaQz pic.twitter.com/Gyx7zlo73m
আগেও আবেদন করেছেন সাবেক ক্রিকেটাররা
চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরান খানের পরিস্থিতি নিয়ে প্রথমবার চিঠি দিয়েছিলেন। পরবর্তী সময়ে আরও আন্তর্জাতিক ক্রিকেট ব্যক্তিত্ব তাঁর চিকিৎসা ও কারাবাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মইন খানও ইমরানের সুচিকিৎসা ও মুক্তির আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স, ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্রায়ান লারা ও মাইকেল হোল্ডিংও ইমরান খানের প্রতি সমর্থন জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের পক্ষ থেকে গ্রেগ চ্যাপেল গত মাসে বিষয়টি নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছিলেন। তবে এখন পর্যন্ত সেই অনুরোধের কোনো জবাব পাননি বলে জানানো হয়েছে।
ক্রিকেট থেকে রাজনীতি
ইমরান খান পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে।
বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরে ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন এবং ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ক্ষমতা হারানোর পর দুর্নীতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হন ইমরান। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
তাঁর কারাবাস ও চিকিৎসার পরিস্থিতি নিয়ে পরিবার ও সমর্থকদের উদ্বেগের মধ্যেই এবার অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক বিষয়টিকে রাজনৈতিক অবস্থানের বাইরে রেখে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানালেন।




