Logo
Logo
×

খবর ।  বিদেশ

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ২০

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬। ০৪:৩৮ পিএম

আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬। ১৭:১৫ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ২০

গাজা সিটিতে যুদ্ধের ক্ষতচিহ্ন বহনকারী একটি আবাসিক ভবন ধসে শিশু ও নারীসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বুধবার জানায়, রাতে সাততলা ভবনটি ধসে পড়ে। এতে অন্তত ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন।

ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের বের করে আনছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকর্মীদের সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও যাচাই করা ভিডিওতে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের সাহায্যের জন্য কান্নার শব্দ শোনা যায়।

একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় একটি ছোট মেয়েকে উদ্ধার করা হচ্ছে। আরও কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তাদের মধ্যে ছোট শিশুও ছিল। কয়েকজনকে শ্বাসকষ্টে ভুগতে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের সরিয়ে নেওয়া হয়।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, সিভিল ডিফেন্সের দলগুলো এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের লাশ উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় ১০০ ফিলিস্তিনি এই ভবনের ধ্বংসস্তূপের নিচে রয়েছেন।

উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় আটকে পড়া মানুষদের কাছে পৌঁছানো কঠিন হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর আগে ইসরাইলের একটি বোমা হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলায় ভবনটিতে ফাটল দেখা দেয় এবং এটি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছিল। পরে সেটিই ধসে পড়ে। সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে