Logo
Logo
×

খবর ।  সরকার

পুলিশে ফ্যাসিবাদী যোগাযোগে রাষ্ট্রদ্রোহের হুঁশিয়ারি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬। ০১:০২ পিএম

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬। ১৬:৩৩ পিএম

পুলিশে ফ্যাসিবাদী যোগাযোগে রাষ্ট্রদ্রোহের হুঁশিয়ারি

পুলিশের কোনো সদস্য ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এবং বিভিন্ন ধরনের তথ্য বা সংবাদ দিচ্ছেন। পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করে এ ধরনের কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।


তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের দৃশ্যমান অবয়ব হিসেবে জনগণের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ রয়েছে। কোনো নাগরিক অপরাধের শিকার হলে কিংবা নিরাপত্তাহীনতায় পড়লে প্রথমেই পুলিশের সহায়তা নেন।

গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী দোসরদের’ আইনের আওতায় আনতে পুলিশকে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দেন। এসব ব্যক্তিকে গ্রেপ্তারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

তিনি বলেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ় এবং দায়িত্ব পালনে নিরপেক্ষ হবে। একই সঙ্গে পুলিশকে জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের।

জনআস্থা ফেরানোর উদ্যোগ

পুলিশের প্রতি জনগণের আস্থা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে এ পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে।

তিনি জানান, প্রাতিষ্ঠানিক, আইনগত ও প্রশাসনিক এই তিন ধরনের সহায়তার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

পুলিশ সদস্যদের নিজেদের মনোবল ধরে রাখার পাশাপাশি জনগণের আস্থা অর্জনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে অনুধাবন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে