প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ এএম
পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২ নভেম্বর। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের পেছনে কিছু শিল্পমালিক, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকটি পক্ষ সাধারণ শ্রমিকদের ব্যবহার করে পোশাকশিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সড়ক-মহাসড়ক অবরোধের পাশাপাশি কয়েকটি এলাকায় অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সংকট নিরসন এবং শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পোশাকশিল্পের মালিকেরা যারা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত, তারাও অস্থিরতা সৃষ্টির পেছনে কাজ করেছে। দুঃখজনক বিষয় হলো, এর পেছনে কিছু শিল্পমালিক জড়িত। সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীও এর সঙ্গে জড়িত আছেন।’
তবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পমালিক, সাবেক সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেননি তিনি। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত প্রমাণও সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়নি।
অস্থিরতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কিছু শিল্পমালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করে শ্রমিক অসন্তোষ বাড়ানোর চেষ্টা করছেন। এ ধরনের কারখানার তালিকা দিতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে যেসব শ্রমিক সংগঠন ও নেতা আন্দোলনের আড়ালে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে, তাদের নামের তালিকাও চেয়েছে সরকার।
সালাহউদ্দিন আহমদের দাবি, কয়েক দিন ধরে আওয়ামী লীগসমর্থিত কিছু পক্ষ সাধারণ শ্রমিকদের ব্যবহার করে সড়ক-মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, ‘যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত, আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং অস্থিরতা সৃষ্টি করার জন্য দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কঠোর হাতে দমন করা হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এসব কর্মকাণ্ডের পেছনে ইন্ধনদাতাদের চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, ইতোমধ্যে কয়েকজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। সাম্প্রতিক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ডের অডিও, ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ঘটনার সচিত্র প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
তবে কারা আটক হয়েছেন কিংবা তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, চলমান অস্থিরতার পেছনে প্রকৃত শ্রমিকেরা জড়িত নন। কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
পরিস্থিতি মোকাবিলায় শ্রম মন্ত্রণালয় আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল জানিয়ে তিনি বলেন, সরকার শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে।
এদিকে পোশাকশিল্পের পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের পক্ষ থেকে যোগাযোগের জন্য নির্দিষ্ট কর্মকর্তা মনোনীত করা হয়েছে। মালিকপক্ষের সংগঠনগুলোকেও একইভাবে প্রতিনিধি নির্ধারণ করতে বলা হয়েছে।
পাশাপাশি পুলিশ সদর দপ্তরে একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো শিল্পকারখানা বন্ধ হোক, সেটা চাই না। এক মুহূর্তের জন্য বন্ধ হোক, সেটা চাই না।’
তবে সব কারখানা যে পরিকল্পিতভাবে বন্ধ করা হচ্ছে, এমন নয় বলেও জানান তিনি। কিছু কারখানা আর্থিক সংকট ও রপ্তানি আদেশ কমে যাওয়ার কারণে বন্ধ রয়েছে।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর ও কালিয়াকৈরের কয়েকটি কারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। সোমবার সেগুলো আবার চালু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা এবং শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মজুরি বোর্ডের প্রথম সভা শিগগিরই
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রবিবার (১ নভেম্বর) নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সোমবারই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে। তা সম্ভব না হলে খুব অল্প সময়ের মধ্যে সদস্যরা বৈঠকে বসবেন।
বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তা কার্যকর হয় একই বছরের ডিসেম্বরে।
সে সময় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ মজুরি বাড়ানো হয়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
তিন বছরের হিসাবে বর্তমান ন্যূনতম মজুরি হারের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতি তিন বছর পরপর মজুরি বোর্ড গঠনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার কয়েক সপ্তাহ আগেই নতুন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিল।
মালিকপক্ষের প্রতিনিধির নাম পাওয়া গেলেও শ্রমিক সংগঠনগুলো প্রতিনিধি মনোনয়নের জন্য কয়েক দিন সময় নিয়েছিল। গত শনিবার রাতে শ্রমিকপক্ষ প্রতিনিধির নাম জমা দেয়।
এরপর উভয় পক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে যথাযথ প্রক্রিয়ায় প্রজ্ঞাপনের মাধ্যমে মজুরি বোর্ড গঠন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, নতুন মজুরি নির্ধারণের সময় যেন শ্রমিকদের স্বার্থ, জীবনমানের উন্নয়ন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়।
তবে শ্রমিকদের দাবি অনুযায়ী ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে সোমবার বেলা তিনটায় শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক করার কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে শ্রমিকনেতাদের বক্তব্য ও পরামর্শ শোনা হবে। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি, পলাতক নেতা যারা ফিরতে চায় তারা দ্রুত ফিরুক। সেটা ডিসেম্বর লাগবে কেন? আমরা তাদের আইনের আওতায় এনে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।’
সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রমিকনেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।






