Logo
Logo
×

খবর ।  দেশ

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬। ০১:২৫ পিএম

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় থাকা লাইব্রেরিতে আগুন লাগে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আসা ৬৩ শিক্ষার্থীর মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়েরের (১৮) অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা জানান, ভবনের দ্বিতীয় তলায় থাকা লাইব্রেরিটি আগুনে পুড়ে গেছে। তাদের বরাতে চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। দ্রুত ভবনের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা হুড়োহুড়ি করে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। প্রচুর ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর ভবনে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় থাকা কয়েকজন শিক্ষার্থী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।

আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। পার্থ হালদার জানান, তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে