Logo
Logo
×

খবর ।  শিক্ষা

প্রাথমিকের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৮ লাখ টাকা

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬। ০৩:২২ পিএম

প্রাথমিকের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৮ লাখ টাকা

প্রাথমিকের পাঠ্যপুস্তক ছাপানোর চুক্তি হওয়ার পর এবার বাড়ছে ব্যয়। চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে সরকারের অতিরিক্ত খরচ হচ্ছে প্রায় ২৩ কোটি ৬৮ লাখ টাকা। এতে মূল চুক্তির তুলনায় ব্যয় বাড়ছে ১২ দশমিক ৬৫ শতাংশ।

২০২৬ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত ৯৪টি লটের আওতায় ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণে এই অতিরিক্ত অর্থ ব্যয় হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদনের সুপারিশ করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ মোট ৯৮টি লটে ভাগ করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটের বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের জন্য চুক্তির ব্যয় সংশোধনের প্রস্তাব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। নতুন করে যুক্ত হচ্ছে ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকায়।

অর্থাৎ, মূল চুক্তির তুলনায় বই ছাপানোর ব্যয় বাড়ছে প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ।

মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট ৯৪টি লটের আওতায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণ করতে হবে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের সুপারিশ করেছে।

ফলে নির্ধারিত চুক্তির বাইরে অতিরিক্ত ফর্মা মুদ্রণের কারণে প্রাথমিকের পাঠ্যপুস্তক ছাপাতে সরকারের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে