আগামী ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন একটি কর্মসূচিতে বাংলাদেশ যুক্ত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে বর্তমানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। তাদের কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে শেষ হতে পারে বলে সরকার আশা করছে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ হলে আইএমএফের নতুন কর্মসূচি কার্যকর করার পথ খুলবে।
আগের আইএমএফ কর্মসূচি থেকে সরকার শর্তের কারণে পিছিয়ে গেছে; এমন ধারণার সঙ্গে একমত নন অর্থমন্ত্রী। তার ভাষ্য, আগের সরকারের সময়ে আইএমএফের সঙ্গে যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো একটি নির্বাচিত সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়।
আমির খসরু বলেন, এসব সংস্কার ও সিদ্ধান্ত বাস্তবায়নে সময় প্রয়োজন। দ্রুত বাস্তবায়নের চেষ্টা করলে এমন কিছু পদক্ষেপ নিতে হতে পারে, যার প্রভাব সাধারণ মানুষ, অর্থনীতি ও ব্যবসার ওপর পড়তে পারে।
তার মতে, জনস্বার্থ ও অর্থনীতির স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সংস্কার বাস্তবায়ন করা প্রয়োজন।
অর্থমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকেও পুনর্বিন্যাস করতে হবে।
তিনি জানান, সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার পরিকল্পনা সমন্বয়ের কাজ চলছে। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার কর্মসূচি সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য করা হচ্ছে।
একই প্রক্রিয়ায় আইএমএফও সরকারের অর্থনৈতিক কাঠামো ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বিত হচ্ছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রীর ভাষ্য, উন্নয়ন সহযোগীদের কর্মসূচি সরকারের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে কাঙ্ক্ষিত সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কঠিন হবে।