Logo
Logo
×
আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি, প্রস্তুত আরও ৫

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: যুগান্তর

খবর ।  দেশ

আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি, প্রস্তুত আরও ৫

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬। ১১:২৯ এএম

আপডেট: ১৯ নভেম্বর ২০২৬। ১৭:৫৫ পিএম

দেশের সাত জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬ প্লাটুন সদস্য। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আরও ৫ প্লাটুন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া ঢাকায় ২৩, চট্টগ্রামে ১৫, গাজীপুরে ১৫, নারায়ণগঞ্জে ৬, ফরিদপুরে ৩ এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সহিংসতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

মাঠপর্যায়ের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব অব্যাহত রেখেই দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন বাহিনীর সদস্যরা। দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে