Logo
Logo
×

খবর ।  দেশ

পোশাকশিল্পে অস্থিরতায় মালিকদের জরুরি বৈঠক; বিকেলে সংবাদ সম্মেলন

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬। ০২:৩১ পিএম

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬। ১৬:০৬ পিএম

পোশাকশিল্পে অস্থিরতায় মালিকদের জরুরি বৈঠক; বিকেলে সংবাদ সম্মেলন

চলমান শ্রমিক অসন্তোষে দেশের পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন কারখানার মালিকরা। শনিবার বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে বৈঠক শুরু হয়।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, বৈঠকে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নিয়েছেন। সাভার, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে টানা কয়েক দিন শ্রমিকদের একটি অংশ কাজে যোগ না দেওয়ায় উৎপাদন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ পরিস্থিতিতে কারখানা পরিচালনা অব্যাহত রাখা নাকি সাময়িকভাবে বন্ধ রাখা হবে; সেটিই আলোচনার অন্যতম প্রধান বিষয়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, মালিকদের একটি বড় অংশ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। বৈঠকের আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এরই মধ্যে সাভারের ৫০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি জানাতে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করবে বিজিএমইএ।

এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকাতেও বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও প্রযুক্তিনির্ভর নজরদারি চলছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইস থেকে সরাসরি পাওয়া ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

শ্রমিক অসন্তোষ দীর্ঘায়িত হলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে এর প্রভাব আরও বাড়তে পারে। ফলে শনিবারের বিজিএমইএ বৈঠক এবং বিকেলের সংবাদ সম্মেলনে মালিকপক্ষ কী সিদ্ধান্ত জানায়, সেদিকে নজর থাকবে পোশাক খাতসংশ্লিষ্টদের।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে