প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ এএম
দেশে ছাদে সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার স্থাপন বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণতহবিল বরাদ্দ করেছে সরকার। এই তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৬ শতাংশ সুদে ঋণ পাবেন। ঋণ পরিশোধের জন্য সময় পাওয়া যাবে ১২ বছর।
বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) থেকে এই অর্থের জোগান দেওয়া হবে। সরকারি কোষাগার থেকে সরাসরি নতুন অর্থ বরাদ্দ না দিয়ে বিদ্যমান সবুজ অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার সরাসরি কোনো একক প্রকল্পে অর্থায়ন না করে তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
প্রাথমিক বরাদ্দ থেকে এরই মধ্যে ইডকলকে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ সহজ করতে পর্যায়ক্রমে বিআইএফএফএল ও পিকেএসএফকেও অর্থ দেওয়া হবে।
বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, কম কার্বন নিঃসরণমূলক কার্যক্রমের জন্য নির্ধারিত বিদ্যমান তহবিল ও উৎস থেকে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।
এই অর্থ ব্যবহার হয়ে গেলে সরকার পর্যায়ক্রমে আরও তহবিল দিতে পারে। সে ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ কোটি টাকা ছাড়ের সম্ভাবনা রয়েছে।
বিনিয়োগের ৬০ শতাংশ ঋণ, বাকি ৪০ শতাংশ দেবেন কারা
বিদ্যুৎ বিভাগের অর্থায়ন পরিকল্পনা অনুযায়ী, রুফটপ সোলার প্রকল্পের মোট বিনিয়োগের ৬০ শতাংশ ঋণ হিসেবে দেওয়া হবে।
বাকি ৪০ শতাংশ অর্থের মধ্যে বেসরকারি বিনিয়োগকারী দেবেন ২০ শতাংশ এবং ভবনের ছাদের মালিক দেবেন আরও ২০ শতাংশ।
অর্থাৎ কোনো সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০০ টাকা বিনিয়োগ প্রয়োজন হলে নির্ধারিত অর্থায়নকারী প্রতিষ্ঠান থেকে ৬০ টাকা ঋণ পাওয়া যাবে। বাকি ২০ টাকা বিনিয়োগকারী এবং ২০ টাকা ছাদের মালিককে দিতে হবে।
ছাদের মালিকদের সরাসরি আর্থিক অংশীদার করার উদ্দেশ্য হলো সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রতি তাদের মালিকানাবোধ তৈরি করা। এতে স্থাপিত প্যানেল ও অন্যান্য যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণেও তারা উৎসাহিত হবেন বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমাতে চাইছে সরকার।
একই সঙ্গে গ্রীষ্মকালে লোডশেডিং মোকাবিলায় আগামী ফেব্রুয়ারির মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে বিদ্যুৎ বিভাগ।
এই উদ্যোগের অংশ হিসেবে ৩ ও ৪ নভেম্বর দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’ আয়োজন করেছে বিদ্যুৎ বিভাগ ও ইডকল। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদর্শনীর উদ্বোধন করেন।
সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তারা সরকারের এই স্বল্প সুদের ঋণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসির চেয়ারম্যান ইমরান করিম বলেন, গ্রিড ও সাব-গ্রিড পর্যায়ের প্রকল্পের পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সৌরবিদ্যুৎ খাতে আরও বড় বিনিয়োগ প্রয়োজন।
তার মতে, ঋণ পরিশোধে ১২ বছরের সুযোগ একটি ইতিবাচক পদক্ষেপ। তবে ঋণের অর্থ যথাযথভাবে আদায়, তহবিলের স্বচ্ছ ব্যবহার এবং গ্রাহকের সুফল নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে।
এ জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে সুস্পষ্ট পরিচালন নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্বব্যাংক ও এআইআইবি থেকে ১০০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি
রুফটপ সোলার কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও বাণিজ্যিক ব্যাংক থেকেও তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।
এই কর্মসূচিতে বিশ্বব্যাংক ৫০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আগামী মার্চের মধ্যে অর্থ পাওয়া যাবে বলে আশা করছে সরকার।
প্রস্তাবিত এই অর্থায়নে জলবায়ু ও সবুজ অর্থায়নের বিভিন্ন সুবিধাসহ একাধিক তহবিলের সমন্বয় থাকবে।
এ ছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রাথমিকভাবে আরও ৫০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থায়ন বর্তমানে প্রক্রিয়াধীন।
তবে এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঋণ তুলনামূলক ব্যয়বহুল হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
এ কারণে সামগ্রিক ঋণের খরচ কমিয়ে আনতে স্বল্প সুদের বিভিন্ন উৎসের অর্থ একত্র করার পরিকল্পনা রয়েছে সরকারের।
একই সঙ্গে এইচএসবিসি, সিটি ও ব্র্যাক ব্যাংকসহ দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা চলছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলো রুফটপ সোলার প্রকল্পে প্রায় ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এটি বাস্তবায়িত হলে স্থানীয় আর্থিক বাজার থেকেও সৌরবিদ্যুৎ খাতের জন্য অতিরিক্ত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে।
এদিকে একাধিক উন্নয়ন সহযোগীকে যুক্ত করে যৌথ অর্থায়ন প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
প্রস্তাবিত প্ল্যাটফর্মে এডিবি প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা বিবেচনা করছে। ভবিষ্যতে এর পরিধি বাড়িয়ে কয়েক বিলিয়ন ডলারের অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, বিভিন্ন ধরনের রুফটপ সোলার ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী ঋণ সুবিধা তৈরি করতে সরকার একাধিক উৎসের অর্থায়ন সমন্বয়ের কাজ করছে।
পাশাপাশি সৌরবিদ্যুৎ স্থাপনার ধরন অনুযায়ী আলাদা ঋণপণ্য তৈরি করতে ইডকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নিম্নমানের সোলার প্যানেল ঠেকাতে নতুন ব্যবস্থা
শুধু অর্থায়ন নয়, সৌরবিদ্যুৎ স্থাপনে ব্যবহৃত প্যানেল, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রপাতির মান নিয়ন্ত্রণেও গুরুত্ব দিচ্ছে সরকার।
বাজারে নিম্নমানের সৌরবিদ্যুৎ যন্ত্রপাতি প্রবেশ ঠেকাতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে।
সোলার প্যানেল ও অন্যান্য যন্ত্রপাতির জন্য নির্দিষ্ট কারিগরি মানদণ্ড তৈরি করা হয়েছে।
ইডকলও নিজস্ব মানদণ্ড জারি করেছে। ঋণ অনুমোদনের আগে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে এসব মানদণ্ড অনুসরণ করতে হবে।
এ ছাড়া আমদানিকারকদের দেশে আনা সৌরবিদ্যুৎ যন্ত্রপাতির মান সম্পর্কে অঙ্গীকারনামা দিতে হবে।
আমদানি পর্যায়ে যন্ত্রপাতির মান যাচাই ও তদারকিতে জাতীয় রাজস্ব বোর্ডকেও (এনবিআর) সম্পৃক্ত করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, আইনি সীমাবদ্ধতার কারণে সোলার প্যানেল ও ব্যাটারি স্টোরেজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্র্যান্ড কিংবা উৎপাদনকারী দেশকে বাধ্যতামূলক করা সম্ভব নয়।
তাই জিনকো সোলার ও লংগির মতো আন্তর্জাতিকভাবে পরিচিত নির্মাতাদের মানদণ্ডকে ভিত্তি ধরে কঠোর কারিগরি শর্ত নির্ধারণ করা হয়েছে।
বিএসটিআইয়ের কারিগরি সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ছয়জন প্রকৌশলীকে প্রতিষ্ঠানটিতে সংযুক্ত করা হয়েছে।
এসব প্রকৌশলীকে যন্ত্রপাতির মানদণ্ড বাস্তবায়ন ও তদারকির জন্য সাত দিনের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
অন্যদিকে ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে সৌরবিদ্যুৎ স্থাপনার ক্ষতির ঝুঁকি কমাতে বিমা সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
তবে চুরির কারণে সৌরবিদ্যুৎ ব্যবস্থার কোনো যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত বা হারিয়ে গেলে তার দায় ভবনের ছাদের মালিককেই বহন করতে হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্বল্প সুদের ঋণ, দীর্ঘ পরিশোধকাল এবং যন্ত্রপাতির মান নিয়ন্ত্রণের মাধ্যমে দেশে দ্রুত রুফটপ সোলারের ব্যবহার বাড়ানো হবে। তবে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নির্ভর করবে অর্থায়ন, প্রকল্প বাস্তবায়ন ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহের ওপর।


