Logo
Logo
×

অর্থনীতি ।  এনার্জি

গ্রীষ্মের আগেই গ্রিডে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬। ০১:৫০ পিএম

আপডেট: ০৩ নভেম্বর ২০২৬। ১৫:২৯ পিএম

গ্রীষ্মের আগেই গ্রিডে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য

আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ জন্য সৌরবিদ্যুৎ স্থাপন ও সম্প্রসারণ সহজ করতে বিশেষ অধ্যাদেশ প্রণয়ন, কর ও শুল্ক সুবিধা এবং আর্থিক প্রণোদনার ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিলও বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ স্থাপন ও সম্প্রসারণ সহজ করতে সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ প্রণয়ন করেছে। পাশাপাশি এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে নীতিগত সহায়তা, কর ও শুল্ক সুবিধা এবং আর্থিক প্রণোদনার ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে সরকার ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।’

এই লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা, বাণিজ্যিক স্থাপনা এবং বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বাড়তি বিদ্যুৎ কিনবে সরকার, প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা

প্রধানমন্ত্রী জানান, নেট মিটারিং ব্যবস্থার আওতায় স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

এ ক্ষেত্রে বিশেষ প্রণোদনাসহ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে অতিরিক্ত বিদ্যুৎ কিনবে সরকার। তবে এই সুবিধা পেতে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই পরিকল্পনা বাস্তবায়নে সরকার, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তরিত করি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে দুই দিনব্যাপী এই সোলার এক্সপোর আয়োজন করেছে।

এবারের আয়োজনের প্রতিপাদ্য, ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতের আয় বাড়াই’।

অনুষ্ঠানে উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে তিন শতাধিক তরুণ-তরুণী তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেছেন।

তরুণদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশে জ্ঞান ও উদ্ভাবনের এমন প্রতিযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। একটি উদ্ভাবনী ধারণাও দেশের জন্য যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।

অর্থের অভাবে তরুণদের কোনো উদ্ভাবনী উদ্যোগ যাতে থেমে না যায়, সে জন্য চলতি বাজেটে স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোলার এক্সপোর বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল

সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের অর্থায়ন সহজ করতে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ দিয়েছে সরকার। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আরও অর্থের সংস্থান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা যাতে অর্থের অভাবে পিছিয়ে না পড়েন, সরকার তা নিশ্চিত করতে চায়।

প্রধানমন্ত্রীর মতে, নিজস্ব উৎস থেকে সাশ্রয়ী পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে সোলার এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্যোক্তা, সেবাদানকারী প্রতিষ্ঠান ও তরুণদের অংশগ্রহণ প্রমাণ করে, কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী পদ্ধতিতেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

তার ভাষায়, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনার খাত নয়, বরং একটি অনিবার্য বাস্তবতা।

এদিকে দেশের জ্বালানি সংকটের জন্য অতিরিক্ত আমদানিনির্ভরতার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তার দাবি, দেশকে ব্যাপকভাবে আমদানিনির্ভর করে ফেলার কারণে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব এখনো জনগণকে মোকাবিলা করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০২৫–২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে বিদ্যুতের চাহিদা প্রায় একই পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় ডিজেলের মজুদ বাড়ানো হয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য কয়লার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প জ্বালানি সরবরাহকারীদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে।

জ্বালানি তেল সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতোমধ্যে আরও ৬ হাজার কোটি টাকা আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, বিগত সরকারগুলোর বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত ব্যর্থতা নিয়ে শুধু আলোচনা-সমালোচনা না করে ভবিষ্যতে কীভাবে চাহিদা মেটানো যাবে, সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বাসাবাড়ি ও ব্যবসা-বাণিজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাকে বর্তমান সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সাধারণ মানুষের ভোগান্তি সম্পর্কে সরকার সচেতন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ বিবেচনায় নিয়ে সরবরাহ স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।

এ জন্য বিদ্যুৎ খাতের ব্যয় ও চুক্তি পর্যালোচনা, দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং দ্রুত সৌরবিদ্যুৎ সম্প্রসারণের কাজ একসঙ্গে চলছে।

সৌরবিদ্যুৎ ব্যবহারে অন্যদের উৎসাহিত করতে নিজের বাসায় সৌর প্যানেল স্থাপনের অভিজ্ঞতাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ এগোচ্ছে। অন্যদের আহ্বান জানানোর আগে তিনি নিজেই নিজের বাসায় সৌর প্যানেল বসিয়েছেন।

তার ভাষায়, ‘ইতোমধ্যে আমার বাসায় ব্যবহারের বিদ্যুতের কিছু অতিরিক্ত ইউনিট প্রায় প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত করতে সক্ষম হয়েছি।’

প্রধানমন্ত্রী জানান, সৌরবিদ্যুতের যন্ত্রপাতির দাম কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির মতো যন্ত্রপাতি আমদানি এবং দেশে উৎপাদন উৎসাহিত করতে কর ও শুল্ক সুবিধা দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহারের খরচ কমানোও।

দেশে সৌরবিদ্যুৎ খাতে আট হাজারের বেশি সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের সেবার মান নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ করে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, নিয়মিত রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না এবং গ্রাহকেরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, সেদিকে নজর দিতে বলেন তিনি।

একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সমস্যা সমাধানের নির্দেশনা দেন।

কৃষি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, কৃষকদের সেচের জন্য সরকার বর্তমানে ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। ভবিষ্যতে পর্যায়ক্রমে বিদ্যুৎচালিত সেচপাম্পগুলোকে সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তর করা হবে।

এরই মধ্যে বরেন্দ্র এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, আগামী এক বছরের মধ্যে ১৭ হাজার পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় আনতে সক্ষম হব।’

সেচের পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহার করে কৃষিপণ্য সংরক্ষণ এবং গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির সম্ভাবনার কথাও বলেন তিনি।

বিদ্যুৎ উৎপাদন সরকারের দায়িত্ব হলেও সঠিক ও সাশ্রয়ী ব্যবহার জনগণেরও দায়িত্ব বলে মনে করেন প্রধানমন্ত্রী।

এ জন্য দিনের বেলায় যতটা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার এবং বাসাবাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে অপ্রয়োজনে বাতি, পাখা ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান।

পাশাপাশি উন্নয়ন সহযোগীদের স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অনুরোধ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সোলার এক্সপো যেন শুধু দুই দিনের প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। এ আয়োজনের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, বিনিয়োগের সুযোগ সৃষ্টি, ব্যাংক ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ স্থাপন এবং তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান বাড়াতে হবে।

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বাস্তব উদ্যোগ গড়ে তোলার প্রত্যাশাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মিরানা মাহরুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে