Logo
Logo
×

অর্থনীতি ।  শিল্প ও বাণিজ্য

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা আজ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬। ০১:২৯ পিএম

আপডেট: ০৪ নভেম্বর ২০২৬। ১৪:০০ পিএম

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা আজ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আজ বুধবার (৪ নভেম্বর) প্রথম বৈঠকে বসছে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নতুন মজুরি বোর্ড। এ সভা থেকে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা ঘোষণার প্রত্যাশা করছেন শিল্পমালিকেরা।

শ্রম মন্ত্রণালয় বুধবার সকাল পৌনে ১০টার দিকে জানিয়েছে, তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

এর আগে গত রবিবার (১ নভেম্বর) শ্রম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।

পুনর্গঠিত বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিন পৃথক প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।

ছয় সদস্যের এই বোর্ডের নেতৃত্ব দেবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

এদিকে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এর মধ্যেই মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দেশের কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সেখানে বিজিএমইএর সভাপতি জানান, চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকার গঠিত মজুরি বোর্ড দ্রুত বৈঠকে বসবে। বুধবারই প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মাহমুদ হাসান খানের মতে, প্রথম সভা থেকে নতুন মজুরি নির্ধারণের একটি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হলে আন্দোলনরত সাধারণ পোশাকশ্রমিকেরা আশ্বস্ত হতে পারেন।

তবে নতুন ন্যূনতম মজুরি কত নির্ধারণ করা হবে কিংবা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে