প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ এএম
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন, আন্দোলনে ‘রাজনৈতিক ইন্ধন’ দেখছেন শ্রমমন্ত্রী
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬। ০২:১০ পিএম
আপডেট: ০৩ নভেম্বর ২০২৬। ১২:৪৬ পিএম
- শেয়ার
- Messenger
- Telegram
- Threads
ছবি: সংগৃহীত
পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের আলাদা বোর্ড গঠন করেছে সরকার। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সড়ক ছেড়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলন অব্যাহত থাকার পেছনে কয়েকটি রাজনৈতিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী ন্যূনতম মজুরি বোর্ড এবং পোশাক খাতের জন্য আলাদা ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। রবিবারও মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এ কারণেই তাদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
তিনি বলেন, ‘দাবি ছিল তাদের মজুরি বোর্ড, আজকে তাদের মজুরি বোর্ড গঠন করা হল। তাদের দেওয়া প্রতিনিধিত্বকারী সদস্যকে নিয়ে তো বোর্ড গঠন করা হল। এখন তারা আশা করি রাস্তা ছেড়ে তাদের কলকারখানায় যোগদান করবে।’
নতুন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।
পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে এই চার সদস্যের সঙ্গে আরও দুজন প্রতিনিধি যুক্ত করে ছয় সদস্যের আলাদা বোর্ড গঠন করা হয়েছে।
এতে মালিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
শ্রমমন্ত্রী নতুন বোর্ডের সদস্যদের দ্রুত বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। তার মতে, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তবে বোর্ড গঠন হলেও শ্রমিকদের দাবি অনুযায়ী ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ
মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তার অভিযোগ, কয়েকটি রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
মন্ত্রী জানান, শ্রমিকদের আগেই জানানো হয়েছিল যে রবিবার মজুরি বোর্ড গঠন করা হবে। তাদের কারখানায় থাকার আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু এর মধ্যেই সংশ্লিষ্ট কয়েকটি কারখানায় অপ্রয়োজনীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রমমন্ত্রী বলেন, ‘এটা তো আমার মনে হয় ভেরি মাচ ক্লিয়ার যে... কয়েকটি রাজনৈতিক সংগঠন কাজগুলো করতেছে যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়।’
তবে কোন রাজনৈতিক সংগঠন এসব কর্মকাণ্ডে জড়িত বলে তিনি মনে করছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি।
এদিকে নতুন বোর্ড গঠনের মাধ্যমে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলেও শ্রমিকদের দাবি পূরণে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।




-6aeaeacd98fb3.jpg)

