প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
অর্থবছরের ৪ মাসেই রাজস্বে ৫০ হাজার কোটি টাকার ঘাটতি, কেন
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৫০ হাজার কোটি টাকার বেশি ঘাটতি হয়েছে। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬। ১২:৩৯ পিএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৬। ১৫:২৯ পিএম
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৫০ হাজার কোটি টাকার বেশি ঘাটতি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাথমিক হিসাবে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকারও কম।
এর আগে অর্থবছরের প্রথম তিন মাস, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব ঘাটতি ছিল প্রায় ৪৩ হাজার কোটি টাকা। ফলে সময়ের সঙ্গে লক্ষ্যমাত্রা ও প্রকৃত আদায়ের ব্যবধান আরও বড় হচ্ছে।
অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যাশিত গতি না থাকা, অতিরিক্ত উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা এবং কিছু নীতিগত সমস্যাকে এই ঘাটতির প্রধান কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও এনবিআরের কর্মকর্তারা।
তবে বড় ঘাটতির মধ্যেও জুলাই-অক্টোবর সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মোট রাজস্ব আদায় বেড়েছে। যদিও প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশের নিচে। গত অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশের বেশি।
এনবিআরের হিসাবে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়। চার মাসে আয়কর এবং আমদানি পর্যায়ে কর আদায় প্রায় ১৪ শতাংশ বাড়লেও ভ্যাটে কোনো প্রবৃদ্ধি হয়নি। উল্টো আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ভ্যাট আদায় প্রায় ৬ শতাংশ কমেছে।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অনেক বেশি নির্ধারণ করায় লক্ষ্যমাত্রা ও প্রকৃত আদায়ের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।
ভ্যাট আদায় কমার কারণ হিসেবে সরকারি প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কথা উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ভ্যাটের বড় একটি অংশ সরকারি প্রকল্প বাস্তবায়ন থেকে আসে। কিন্তু চলতি অর্থবছরের শুরুতে প্রকল্প বাস্তবায়নের হার খুব কম থাকায় এই খাত থেকে ভ্যাটও কম এসেছে।
তামাকজাত পণ্যসহ কয়েকটি বড় খাত থেকেও প্রত্যাশিত ভ্যাট না আসাকে সার্বিক রাজস্ব আদায়ে গতি না পাওয়ার আরেকটি কারণ হিসেবে দেখছেন তিনি। তবে আগামী মাসগুলোতে আদায় বাড়বে বলে আশা করছেন এনবিআরের এই কর্মকর্তা।
উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রায় বাড়ছে চাপ
চলতি অর্থবছরের বাজেটে সরকার ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। আগের অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় এটি ৪৫ শতাংশ বেশি। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এত উচ্চ হারে রাজস্ব আদায় বৃদ্ধির নজির নেই।
২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছিল ১২ শতাংশ। বিগত বছরগুলোর হিসাবে বছরে গড়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি প্রায় ১৫ শতাংশ। তা সত্ত্বেও গত কয়েক বছর ধরে বড় অঙ্কের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে।
চলতি অর্থবছরের লক্ষ্য ঘোষণার সময়ই এটি অর্জনযোগ্য নয় বলে সতর্ক করেছিলেন অর্থনীতিবিদেরা। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনও সম্প্রতি বলেছেন, বাজেট প্রণয়নের সময়ই এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে সতর্ক করা হয়েছিল এবং এখন সেই আশঙ্কাই বাস্তবে দেখা যাচ্ছে।
আগামী মাসগুলোতেও রাজস্ব আদায়ে বড় ধরনের উন্নতির সম্ভাবনা দেখছেন না অর্থনীতিবিদেরা। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও আশাব্যঞ্জক পূর্বাভাস দিচ্ছে না আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো।
সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। আইএমএফ প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ২ শতাংশে নামিয়েছে, যা ৩৮ বছরের মধ্যে সর্বনিম্ন।
অর্থনৈতিক কর্মকাণ্ডে দুর্বলতা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতেও রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য গতি ফেরার সম্ভাবনা কম বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।




