প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
দুই দিনে এনভিডিয়ার বাজারমূল্য কমল ৪৩০ বিলিয়ন ডলার
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬। ০১:০৪ পিএম
- শেয়ার
- Messenger
- Telegram
- Threads
ছবি: রয়টার্স
প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক ঘিরে গুপ্তচরবৃত্তির সন্দেহ ও চীনে চিপ সরবরাহের অভিযোগে বড় ধরনের ধাক্কা খেয়েছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। টানা দুই কার্যদিবস শেয়ারের দরপতনে কোম্পানিটির বাজারমূল্য কমেছে প্রায় ৪৩০ বিলিয়ন বা ৪৩ হাজার কোটি ডলার।
সোমবার (৯ নভেম্বর) এনভিডিয়ার শেয়ারদর ৪ দশমিক ৩ শতাংশ কমার পর মঙ্গলবারও (১০ নভেম্বর) দরপতন অব্যাহত থাকে। এদিন লেনদেন শেষে শেয়ারদর কমে প্রায় সাড়ে ৫ শতাংশ। দুই দিনের দরপতনে কোম্পানিটির বাজারমূল্য থেকে বিপুল অঙ্কের অর্থ হারিয়ে যায়।
তবে বাজারমূল্য কমার অর্থ কোম্পানিটির নগদ অর্থ থেকে এই পরিমাণ টাকা বেরিয়ে যাওয়া নয়। শেয়ারের দাম কমায় শেয়ারবাজারে এনভিডিয়ার মোট মূল্যায়ন কমেছে।
দরপতনের পেছনে বড় কারণ হিসেবে সামনে এসেছে কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক।
অ্যালিস হুয়াং চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন বলে সন্দেহ করছেন মার্কিন কর্মকর্তারা। তবে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
এদিকে মঙ্গলবার প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহীর সম্পর্কের সূত্র ধরে চীনা কোম্পানিগুলোর কাছে অন্তত ৭৫০ কোটি ডলারের উন্নত চিপ সরবরাহের পথ তৈরি হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং তার স্বামী ও বোনকে সঙ্গে নিয়ে চীন ও সিঙ্গাপুরে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে চিপ সংগ্রহের ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলেন।
এই নেটওয়ার্কের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ছিল চীনভিত্তিক সাংহাই সেঞ্চুরি লিটং।
২০২৩ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি একই বছরের অক্টোবরে এনভিডিয়ার অগ্রাধিকারপ্রাপ্ত ক্লাউড পার্টনারের মর্যাদা পায়। এর ফলে প্রতিষ্ঠানটির এনভিডিয়ার চিপ সংগ্রহে বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়।
প্রতিবেদনের দাবি অনুযায়ী, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের কারণে চিপের সরবরাহ বাধাগ্রস্ত হলে অ্যালিস হুয়াং এনভিডিয়া এবং সংশ্লিষ্ট পরিবেশকদের সঙ্গে যোগাযোগ কাজে লাগিয়ে সরবরাহ নিশ্চিত করতেন।
এই নেটওয়ার্কের মাধ্যমে এনভিডিয়ার প্রায় ২ লাখ ৪০ হাজার উন্নত চিপ চীনে পৌঁছানোর অভিযোগ রয়েছে। এর মধ্যে এইচ১০০, এইচ২০০ এবং এ১০০ মডেলের চিপও রয়েছে।
অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড ইন্টারন্যাশনালের নির্বাহী পদেও দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে চীনে উন্নত চিপ পাঠানোর অভিযোগ নিয়েও মার্কিন কর্তৃপক্ষের অনুসন্ধান চলছে।
তবে এসব অভিযোগের সত্যতা এখনো চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি। সাংহাই সেঞ্চুরি লিটং দাবি করেছে, প্রতিষ্ঠানটি আইন মেনেই ব্যবসা পরিচালনা করেছে এবং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ও এফবিআইয়ের তদন্ত
জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে গত রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নেয়।
পরবর্তী সময়ে স্বাধীন পরিচালকেরা তদন্ত পরিচালনার জন্য বহিরাগত আইনি প্রতিষ্ঠানের সহায়তা নেন।
অন্যদিকে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই খতিয়ে দেখছে, ৬৩ বছর বয়সী হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না।
হুয়াং এরই মধ্যে কর্মীদের কাছে পাঠানো বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে সংশ্লিষ্ট সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার মতো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে
প্রধান নির্বাহীর ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক এখন এনভিডিয়ার করপোরেট সুশাসন, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে চলা এবং কোম্পানির নেতৃত্ব কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছে।
বিশেষ করে তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্বে থাকা জেনসেন হুয়াংয়ের ওপর এনভিডিয়ার অতিরিক্ত নির্ভরতা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নির্মাণে বিশ্বজুড়ে বিপুল বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকেরা মনে করছেন, এই বিতর্ক শুধু এনভিডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো এআই অবকাঠামো খাতের সরবরাহব্যবস্থা ও নিয়ন্ত্রণনীতিতে প্রভাব ফেলবে—সেই প্রশ্ন বিনিয়োগকারীদের ভাবাচ্ছে।
মার্কিন রাজনীতিতেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। কয়েকজন আইনপ্রণেতা উন্নত এআই চিপ রপ্তানির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ এবং এনভিডিয়ার কর্মকাণ্ডের বিষয়ে জবাবদিহি দাবি করেছেন।
মঙ্গলবারের দরপতনের সময় বাজারমূল্যের হিসাবে এনভিডিয়াকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানির অবস্থানও ফিরে পায় মাইক্রোসফট।
ফলে ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন এনভিডিয়ার ব্যবসায়িক সুনাম, নেতৃত্ব, রপ্তানি কার্যক্রম এবং শেয়ারবাজারে অবস্থানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।




