প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ এএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থের জোগান দিচ্ছে কারা
যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে শুধু রাজনৈতিক বিজ্ঞাপনের পেছনেই ব্যয় হতে পারে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬। ০৫:১৭ পিএম
আপডেট: ২৮ অক্টোবর ২০২৬। ১৯:১৭ পিএম
যুক্তরাষ্ট্রের নির্বাচনে একজন সাধারণ নাগরিক কোনো প্রার্থীকে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ ডলার অনুদান দিতে পারেন। অথচ একই নির্বাচনে একজন ধনকুবের খরচ করতে পারেন শত শত মিলিয়ন ডলার। আইনের চোখে দুটোই বৈধ।
কিন্তু প্রশ্ন হলো, যেখানে সাধারণ ভোটারের রাজনৈতিক অনুদানের সীমা নির্ধারিত, সেখানে অল্প কয়েকজন ধনীর হাতে এত বিপুল অর্থের প্রভাব কীভাবে কেন্দ্রীভূত হচ্ছে?
এই প্রশ্নই নতুন করে সামনে এসেছে ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে। আগামী ৩ নভেম্বরের ভোটের আগে রাজনৈতিক প্রচারে যে পরিমাণ অর্থ ঢুকছে, তা দেশটির নির্বাচনী ব্যয়ের আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
বিজ্ঞাপন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাডইমপ্যাক্টের পূর্বাভাস অনুযায়ী, এবারের নির্বাচনে শুধু রাজনৈতিক বিজ্ঞাপনের পেছনেই ব্যয় হতে পারে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার। এই অঙ্ক ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনসহ যুক্তরাষ্ট্রের আগের যেকোনো নির্বাচনী বিজ্ঞাপন ব্যয়ের চেয়ে বেশি।
তবে অর্থের পরিমাণের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এর উৎস। নির্বাচনী প্রচারে বিপুল অর্থ দিচ্ছেন ধনকুবের, বড় ব্যবসায়ী, বিনিয়োগকারী ও রাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠানগুলো। তাদের অনেকেই ওয়াশিংটনের নীতিনির্ধারণে প্রভাব রাখতে আগ্রহী।
এই অর্থের সবটুকু সরাসরি প্রার্থী কিংবা রাজনৈতিক দলের কাছে যাচ্ছে না। একটি বড় অংশ ঘুরে আসছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অর্থায়নকারী প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। ফলে কে কত অর্থ দিচ্ছেন, তা অনেক ক্ষেত্রে জানা গেলেও অর্থের প্রকৃত উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) তথ্য বিশ্লেষণ করে নির্বাচনের সবচেয়ে বড় দাতা, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অর্থায়নের ধরন সম্পর্কে বিস্তারিত চিত্র পাওয়া গেছে।

মাত্র ৫০ দাতার হাতে ২ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের প্রভাব
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত সবচেয়ে বড় ৫০ ব্যক্তি ও সংগঠন সম্মিলিতভাবে ২ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রাজনৈতিক অনুদান দিয়েছে। এই অর্থের বড় অংশই গেছে রিপাবলিকানদের ঘনিষ্ঠ রাজনৈতিক সংগঠনগুলোর কাছে। তাদের পাওয়া অনুদানের পরিমাণ ১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার, যা শীর্ষ ৫০ দাতার মোট অনুদানের প্রায় ৬০ শতাংশ।
অন্যদিকে ডেমোক্র্যাট-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো পেয়েছে ৮৩২ মিলিয়ন ডলার বা প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ এই বড় দাতাদের কাছ থেকে রিপাবলিকান ঘনিষ্ঠ সংগঠনগুলো ডেমোক্র্যাটদের প্রায় দ্বিগুণ অর্থ পেয়েছে।
বাকি ২৬৪ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১০ শতাংশ এসেছে এমন সব ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে, যাদের দ্বিদলীয় কিংবা বিশেষ স্বার্থসংশ্লিষ্ট দাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব দাতার মধ্যে রয়েছে স্পোর্টস বেটিং বা খেলাধুলার ফলের ওপর অর্থের বাজি ধরার ব্যবসা এবং ক্রিপ্টোকারেন্সি খাতের স্বার্থ নিয়ে কাজ করা বিভিন্ন গোষ্ঠী।
এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের নির্বাচনী অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরছে। নির্বাচনে অর্থের প্রবাহ বিপুল হলেও তার একটি বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে সীমিতসংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে। অথচ প্রচলিত নির্বাচনী অর্থায়নের নিয়ম অনুযায়ী, ২০২৫-২৬ সালের নির্বাচনী চক্রে একজন ব্যক্তি কোনো ফেডারেল প্রার্থীকে প্রতি নির্বাচনে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ ডলার দিতে পারেন।
তাহলে একজন ধনকুবের কীভাবে একই নির্বাচনী চক্রে ১০ কোটি কিংবা ৪০ কোটি ডলারের বেশি রাজনৈতিক অনুদান দিতে পারেন? এর উত্তর লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী অর্থায়ন ব্যবস্থার একটি বিশেষ কাঠামোয়। এর নাম সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা সুপার প্যাক।
সুপার প্যাক: যেখানে অনুদানের কোনো সর্বোচ্চ সীমা নেই
সুপার প্যাক হলো এমন একধরনের রাজনৈতিক সংগঠন, যা কোনো প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে প্রচারের জন্য সীমাহীন অর্থ সংগ্রহ ও ব্যয় করতে পারে। এই অর্থ সাধারণত টেলিভিশন বিজ্ঞাপন, ডিজিটাল প্রচার এবং ভোটারদের প্রভাবিত করার বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে খরচ করা হয়।
সরাসরি কোনো প্রার্থীর নির্বাচনী তহবিলে অনুদানের সীমা থাকলেও সুপার প্যাকের ক্ষেত্রে সেই সীমা প্রযোজ্য নয়। ফলে একজন ব্যক্তি, কোম্পানি কিংবা অন্য কোনো যোগ্য সংগঠন সুপার প্যাকে বিপুল অঙ্কের অর্থ দিতে পারে।
তবে আইনে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সুপার প্যাককে প্রার্থী ও তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার দলের কাছ থেকে স্বাধীনভাবে কাজ করতে হবে। অর্থাৎ প্রচারের ব্যয় নিয়ে সরাসরি সমন্বয় করা যাবে না। এই ব্যবস্থার ভিত্তি তৈরি হয় ২০১০ সালে দেওয়া দুটি আদালতের রায়ের মাধ্যমে। এসব রায়ের ফলে প্রার্থীদের কাছ থেকে স্বাধীনভাবে কাজ করা রাজনৈতিক সংগঠনগুলোর জন্য নির্বাচনী প্রচারে সীমাহীন অর্থ ব্যয়ের পথ খুলে যায়।
এরপর থেকে সুপার প্যাক যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আইন অনুযায়ী, সুপার প্যাককে তাদের দাতাদের পরিচয় ফেডারেল ইলেকশন কমিশনের কাছে প্রকাশ করতে হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনী অর্থায়ন তদারক করে এই সংস্থা। কিন্তু এখানেই তৈরি হয়েছে আরেকটি জটিলতা।
কিছু সুপার প্যাকের বড় দাতা নিজেরাই অলাভজনক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোকে তাদের নিজস্ব অর্থদাতাদের পরিচয় প্রকাশ করতে হয় না। ফলে কোনো সুপার প্যাকের কাছে অর্থ পাঠানো প্রতিষ্ঠানের নাম জানা গেলেও সেই প্রতিষ্ঠানের অর্থ মূলত কার কাছ থেকে এসেছে, তা অজানাই থেকে যেতে পারে।
ওয়ান নেশন ও মেজরিটি ফরওয়ার্ডের মতো সংগঠনগুলো এই ধরনের অর্থায়ন কাঠামোর উল্লেখযোগ্য উদাহরণ। রাজনৈতিক অর্থায়নের এই অস্বচ্ছ ব্যবস্থাকে বলা হয় ডার্ক মানি।
‘ডার্ক মানি’: ভোটাররা যা জানেন না, রাজনীতিবিদরা কি তা জানেন
নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এর কেন্দ্রে আছে একটি মৌলিক প্রশ্ন; ভোটাররা কি জানতে পারছেন, নির্বাচনের মাধ্যমে নীতিনির্ধারণে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন কারা?
হার্ভার্ড ল স্কুলের আইন ও নেতৃত্ব বিভাগের অধ্যাপক লরেন্স লেসিগ মনে করেন, ডার্ক মানির অস্বচ্ছতা মূলত সাধারণ মানুষের জন্যই।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে অর্থের ভূমিকা নিয়ে এক আলোচনায় সাবেক ফেডারেল ইলেকশন কমিশন চেয়ারম্যান ব্র্যাডলি স্মিথের সঙ্গে বিতর্কে অংশ নিয়ে লেসিগ বলেন, এই অর্থের উৎস ভোটারদের কাছে অজানা থাকতে পারে, কিন্তু রাজনীতিবিদদের কাছে তা সব সময় অজানা নয়।
তার ভাষায়, “এটা রাজনীতিবিদদের কাছে অন্ধকার নয়। এটা আমাদের কাছে অন্ধকার।”
লেসিগের বক্তব্য, রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অর্থের প্রকৃত উৎস সম্পর্কে সচেতন থাকেন। শুধু তাই নয়, এই অর্থদাতাদের প্রত্যাশা সম্পর্কেও তাদের ধারণা থাকে।
তিনি বলেন, “রাজনীতিবিদদের দিক থেকে কেউ বিভ্রান্ত নয় যে এই অর্থ কোথা থেকে আসছে। তারা জানে এবং এটাও জানে তাদের কী করতে হবে।”
নির্বাচনী অর্থায়ন নিয়ে বিতর্কের একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আনে এই বক্তব্য। আইন মেনে অর্থ দেওয়া হলেও সেই অর্থ রাজনৈতিক সিদ্ধান্তকে কীভাবে প্রভাবিত করতে পারে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে যখন কয়েকজন ধনী ব্যক্তি কিংবা বড় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রচারের বিপুল অংশের অর্থ জোগান দেন, তখন তাদের প্রভাবের সঙ্গে সাধারণ ভোটারের প্রভাবের ব্যবধানও আলোচনায় আসে।
ইলন মাস্ক থেকে জর্জ সোরোস: বড় দাতাদের তালিকায় কারা
ব্যক্তিগত দাতাদের তালিকার শীর্ষে রয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনে তিনি দিয়েছেন ৪৪৬ মিলিয়ন ডলার। অর্থাৎ শুধু মাস্কের অনুদানই শীর্ষ ৫০ দাতার মোট অনুদানের প্রায় ১৬ শতাংশের সমান।
রিপাবলিকান-ঘনিষ্ঠ রাজনৈতিক সংগঠনগুলোতে বড় অঙ্কের অর্থ দিয়েছেন আরও কয়েকজন ধনকুবের। তাদের মধ্যে রয়েছেন শিপিং সরঞ্জাম প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান ইউলাইনের প্রতিষ্ঠাতা এলিজাবেথ ও রিচার্ড ইউলাইন। এই দম্পতি দিয়েছেন ১৫০ মিলিয়ন ডলার।
তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ ও জেনিন ইয়াস। তাদের অনুদানের পরিমাণ ১১০ মিলিয়ন ডলার। জেফ ইয়াস যুক্তরাষ্ট্রের ট্রেডিং প্রতিষ্ঠান সুসকেহানা ইন্টারন্যাশনাল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা।
এই তিন দাতার অনুদানই গেছে রিপাবলিকান ঘনিষ্ঠ রাজনৈতিক গোষ্ঠীগুলোর কাছে।
অন্যদিকে ডেমোক্র্যাট ঘনিষ্ঠ সংগঠনগুলোর বড় ব্যক্তিগত দাতাদের মধ্যে প্রথমেই রয়েছেন বিলিয়নেয়ার বিনিয়োগকারী ও ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জর্জ সোরোস। তার অনুদানের পরিমাণ ১০২ মিলিয়ন ডলার। এরপর রয়েছেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ও আর্থিক তথ্যসেবা প্রতিষ্ঠান ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইক ব্লুমবার্গ। তিনি দিয়েছেন ৮৪ মিলিয়ন ডলার।
ডেমোক্র্যাট ঘনিষ্ঠ তৃতীয় বৃহত্তম ব্যক্তিগত দাতা হলেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান ও তার স্ত্রী মিশেল ইয়ে। তাদের সম্মিলিত অনুদানের পরিমাণ ৪১ মিলিয়ন ডলার।
ব্যক্তিগত দাতাদের এই তালিকায় চারটি দাতা এন্ট্রির প্রতিটির অনুদান ১০০ মিলিয়ন ডলারের বেশি। তাদের রাজনৈতিক পছন্দ আলাদা হলেও একটি জায়গায় মিল রয়েছে। আর সেটি হলো, প্রত্যেকেরই বিপুল অর্থ ব্যয়ের সক্ষমতা।
অধ্যাপক লরেন্স লেসিগের মতে, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় মূল উদ্বেগ মোট ব্যয়ের পরিমাণ নয়। বরং বিপুল অর্থের জোগান অল্পসংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত হওয়া।
তিনি বলেন, “সমস্যা ব্যয়ের পরিমাণ নয়। সমস্যা হলো দাতাদের কেন্দ্রীভবন।” লেসিগের যুক্তি, অর্থের এই বৈষম্য গণতান্ত্রিক প্রতিনিধিত্বের ধারণাকেও প্রশ্নের মুখে ফেলে। তার ভাষায়, “আপনার যদি টেবিলে রাখার মতো ১০০ মিলিয়ন ডলার না থাকে, তাহলে গণতন্ত্রে একজন মানুষের যতটা গুরুত্ব থাকা উচিত বলে আমরা মনে করি, আপনি সেইভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন না।”
অর্থাৎ প্রত্যেক নাগরিকের ভোটের মূল্য সমান হলেও রাজনৈতিক প্রচারে প্রভাব বিস্তারের আর্থিক সক্ষমতা সবার সমান নয়।

ব্যক্তির পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোরও বিপুল অনুদান
নির্বাচনী অর্থায়নে কেবল ধনকুবেররাই প্রভাবশালী নন। বিপুল অর্থ জোগাচ্ছে বিভিন্ন রাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠানও। সংগঠনভিত্তিক বড় দাতাদের তালিকায় এ ধরনের প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি সবচেয়ে বেশি। পাশাপাশি রয়েছে ক্রিপ্টোকারেন্সি কোম্পানি এবং বড় শিল্পগোষ্ঠী।
রিপাবলিকান ঘনিষ্ঠ সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় দাতা ওয়ান নেশন। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সেনেটের রিপাবলিকান নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ওয়ান নেশনের অনুদানের পরিমাণ ১৩৩ মিলিয়ন ডলার। এরপর রয়েছে আমেরিকান অ্যাকশন নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠান দিয়েছে ৬৪ দশমিক ৩ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছে আমেরিকান প্রসপারিটি অ্যালায়েন্স। এর অনুদানের পরিমাণ ৫০ দশমিক ৭ মিলিয়ন ডলার।
ডেমোক্র্যাট ঘনিষ্ঠ সংগঠনগুলোর ক্ষেত্রেও প্রায় একই ধরনের চিত্র দেখা যায়। এখানে সবচেয়ে বড় দাতা মেজরিটি ফরওয়ার্ড, যার অনুদানের পরিমাণ ১০২ মিলিয়ন ডলার। সংগঠনটি সেনেটে ডেমোক্র্যাট নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ।
এরপর রয়েছে হাউস মেজরিটি ফরওয়ার্ড। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠান দিয়েছে ৯৩ দশমিক ৭ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে থাকা ইকোনমিক অপরচুনিটি ফান্ডের অনুদান ৪১ দশমিক ৫ মিলিয়ন ডলার।
এসব অলাভজনক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের অনুদানের উৎস সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জনসমক্ষে প্রকাশ করার বাধ্যবাধকতা নেই। ফলে একটি সংগঠন কোনো রাজনৈতিক প্রচারে কোটি কোটি ডলার দিলেও সেই অর্থের পেছনের ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় অনেক সময় অপ্রকাশিত থাকে।
ক্রিপ্টোকারেন্সি ও স্পোর্টস বেটিং কোম্পানিগুলো কেন আলোচনায়
রাজনৈতিক অনুদানের বড় দাতাদের তালিকায় প্রযুক্তিনির্ভর আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতিও উল্লেখযোগ্য। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি খাতের কয়েকটি বড় কোম্পানি এবারের নির্বাচনে বিপুল অর্থ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেসের অনুদানের পরিমাণ ৫৭ দশমিক ৮ মিলিয়ন ডলার। ব্লকচেইনভিত্তিক পেমেন্ট কোম্পানি রিপল দিয়েছে ৪৯ দশমিক ৬ মিলিয়ন ডলার। অন্যদিকে ক্রিপ্টো ডটকমের পেছনের প্রতিষ্ঠান ফরিস ডিএএক্স দিয়েছে ৩৯ মিলিয়ন ডলার।
শুধু এই তিনটি প্রতিষ্ঠানের সম্মিলিত রাজনৈতিক অনুদানই ১৪৬ দশমিক ৪ মিলিয়ন ডলার।
ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি বড় অঙ্কের অর্থ দিয়েছে প্রচলিত শিল্প খাতের প্রতিষ্ঠানও। যুক্তরাষ্ট্রের শিল্পগোষ্ঠী কচের অনুদানের পরিমাণ ৪৬ দশমিক ৮ মিলিয়ন ডলার। আর স্পোর্টস বেটিং কোম্পানি ড্রাফটকিংস দিয়েছে ৪০ দশমিক ৪ মিলিয়ন ডলার।
এসব প্রতিষ্ঠানের রাজনৈতিক অনুদান এমন এক সময়ে সামনে এসেছে, যখন ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল আর্থিক সেবা এবং অনলাইন বেটিংয়ের মতো খাতগুলোর জন্য সরকারি নীতি ও নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বিষয়।
আর এ কারণে নির্বাচনী অর্থায়নে এসব ব্যবসায়িক গোষ্ঠীর ক্রমবর্ধমান উপস্থিতি রাজনৈতিক প্রভাব ও ব্যবসায়িক স্বার্থের সম্পর্ক নিয়েও আলোচনা তৈরি করছে। যদিও কোনো প্রতিষ্ঠানের রাজনৈতিক অনুদান দেওয়ার অর্থ এই নয় যে বিনিময়ে নির্দিষ্ট নীতিগত সুবিধা পেয়েছে বা পাবে।
অর্থের প্রভাবের সামনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রশ্ন
যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ ব্যয় নতুন কোনো ঘটনা নয়। তবে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন সেই প্রবণতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
একদিকে রাজনৈতিক বিজ্ঞাপনের সম্ভাব্য ব্যয় ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে মাত্র ৫০ জন ব্যক্তি ও সংগঠনের কাছ থেকেই এসেছে ২ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের অনুদান।
শীর্ষ ব্যক্তিগত দাতাদের মধ্যে কেউ একাই দিয়েছেন ৪৪৬ মিলিয়ন ডলার। আবার রাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাহিত অর্থের একটি অংশের প্রকৃত উৎস জনসাধারণের কাছে অজানা থেকে যাচ্ছে।
ফলে নির্বাচনী অর্থায়ন নিয়ে বিতর্ক আর শুধু কে কত অর্থ দিলেন, সেই প্রশ্নে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও বড় প্রশ্ন; রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সুযোগ কি অর্থনৈতিক ক্ষমতার ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছে?
সুপার প্যাকের সমর্থকেরা স্বাধীন রাজনৈতিক প্রচার ও মতপ্রকাশের অধিকারের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে এই ব্যবস্থার সমালোচকদের আশঙ্কা, সীমাহীন অনুদান অল্পসংখ্যক ধনী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রভাব বাড়িয়ে সাধারণ ভোটারের রাজনৈতিক গুরুত্বকে দুর্বল করতে পারে।
৩ নভেম্বরের ভোটে শেষ পর্যন্ত কোন দল কতটি আসন পাবে, তা নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের ভোটাররা।
কিন্তু সেই ভোটের আগে নির্বাচনী প্রচারের অর্থের জোগান কারা দিচ্ছেন এবং কতটা দিচ্ছেন, তার চিত্র ইতিমধ্যে একটি বিষয় স্পষ্ট করেছে; যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার সবার সমান হলেও নির্বাচনী প্রচারে অর্থের প্রভাব বিস্তারের ক্ষমতা সবার সমান নয়।
তথ্যসূত্র: আল জাজিরা





