প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬। ১১:৩৭ এএম
আপডেট: ০৪ নভেম্বর ২০২৬। ১৪:২১ পিএম
এক বছর আগেও এই ফল কল্পনা করা কঠিন ছিল। সেনেটে রিপাবলিকানদের ছিল ৫৩-৪৭ ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা। নির্বাচনী মানচিত্রও ছিল তাদের পক্ষে। ডেমোক্র্যাটদের জন্য তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের ৪৭টি আসন ধরে রাখা।
কিন্তু মাত্র এক বছরের মধ্যে দৃশ্যপট বদলে গেছে।
নিউইয়র্ক টাইমসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে সেনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। আইওয়ায় জয় নিশ্চিত করার মধ্য দিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়। একই সঙ্গে দেশজুড়ে বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিনিধি পরিষদের আসনেও তারা এগিয়ে যায়।
ফলে ওয়াশিংটনে শুরু হতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক বাস্তবতা।
গত দুই বছর কংগ্রেসে রিপাবলিকানদের আধিপত্য ছিল। তারা সাধারণত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে খুব বেশি বাধা তৈরি করেনি। আইনসভাও অনেক ক্ষেত্রে কার্যত দর্শকের ভূমিকায় নেমে গিয়েছিল।
মধ্যবর্তী নির্বাচনের ভোটের ফলের মধ্য দিয়ে এখন সেই ভারসাম্য বদলাচ্ছে।
ডেমোক্র্যাটদের সেনেট জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়। এটি ট্রাম্প প্রশাসনের ওপর সরাসরি চাপ তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্মও।
যে নির্বাচন শুরু হয়েছিল রিপাবলিকানদের সুবিধা নিয়ে
মধ্যবর্তী নির্বাচনী প্রক্রিয়ার শুরুতে ডেমোক্র্যাটদের সেনেট জয়ের সম্ভাবনা খুবই কম ছিল। রিপাবলিকানরা এমন সব অঙ্গরাজ্যে আসন রক্ষা করছিল, যেখানে তাদের ঐতিহাসিকভাবে শক্তিশালী অবস্থান রয়েছে।
ডেমোক্র্যাটদের সামনে তখন মূলত প্রতিরক্ষামূলক লড়াই ছিল। কিন্তু গত এক বছরে ট্রাম্পের প্রতি ভোটারদের মনোভাব বদলাতে শুরু করে। বিশেষ করে ইরান যুদ্ধ, জ্বালানির দাম, শুল্ক এবং জীবনযাত্রার বাড়তি ব্যয় ভোটারদের বড় একটি অংশকে ক্ষুব্ধ করে তোলে।
ডেমোক্র্যাটরা সেই অসন্তোষকে রাজনৈতিকভাবে কাজে লাগায়। তারা ভোটারদের সামনে যুক্তি দেয়, ওয়াশিংটনের রিপাবলিকানরা নিজেদের স্বার্থে লাভবান হচ্ছে, অথচ সাধারণ আমেরিকানরা বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
আর এই বার্তা শুধু ডেমোক্র্যাট ঘেঁষা এলাকায় কাজ করেনি। ঐতিহ্যগতভাবে রক্ষণশীল এলাকাতেও তা প্রভাব ফেলেছে। ফলে এমন কিছু আসন ডেমোক্র্যাটরা উল্টে নেয়, যেগুলো শুরুতে প্রায় নিশ্চিত রিপাবলিকান আসন বলে মনে হচ্ছিল।
ক্যানসাস, টেক্সাস, ওহাইও এবং নর্থ ও সাউথ ক্যারোলাইনায় তারা আসন জিতেছে। নিউ হ্যাম্পশায়ার ও জর্জিয়াতেও দুটি গুরুত্বপূর্ণ আসন ধরে রেখেছে। এই দুই অঙ্গরাজ্যে রিপাবলিকানরা আশা করেছিল, অন্য জায়গার ক্ষতি পুষিয়ে নিতে তারা জয় পাবে।
কিন্তু ট্রাম্পের নীতি নিয়ে বাড়তে থাকা অসন্তোষে সেই সুযোগও হাতছাড়া হয়।
৩ জানুয়ারি থেকে ডেমোক্র্যাটদের হাতে কী যাবে
৩ জানুয়ারি থেকে সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। প্রথমত, ট্রাম্পের বিচারপতি ও প্রশাসনিক পদে মনোনীত ব্যক্তিদের আটকে দেওয়ার ক্ষমতা তারা পাবে। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ সেনেট কমিটিগুলোর নেতৃত্বও তাদের হাতে যাবে। এই কমিটিগুলো প্রশাসনের কর্মকর্তা এবং অন্য ব্যক্তিদের সমন জারি করতে পারবে।
নির্বাচনে জয়ী হলে যেসব তদন্ত চালানোর প্রতিশ্রুতি ডেমোক্র্যাটরা দিয়েছিল, সেগুলোও তখন এগিয়ে নেওয়া সম্ভব হবে। তৃতীয়ত, সেনেটের অধিবেশন ও আইন প্রণয়নের এজেন্ডার নিয়ন্ত্রণও তাদের হাতে থাকবে। ফলে সরকারি ব্যয়, ইরান যুদ্ধ এবং ওয়াশিংটনে ট্রাম্পের হাতে নেওয়া বিভিন্ন বিশেষ প্রকল্প নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে সংঘাত বাড়তে পারে।
তবে এই পরাজয়ের পর রিপাবলিকানরা অবশ্য দ্রুত কিছু অগ্রাধিকার পাস করানোর চেষ্টা করতে পারে। সোমবার থেকে শুরু হতে যাওয়া ‘লেম-ডাক’ অধিবেশনে তারা একটি বড় সমন্বিত বিলের মাধ্যমে কিছু নীতি এগিয়ে নিতে পারে।
রিপাবলিকানদের জন্য কেন এত বড় ধাক্কা
নির্বাচনী প্রক্রিয়ার শুরুতে সেনেট রিপাবলিকানদের হাতে বড় সুবিধা ছিল। কিন্তু সেই সুবিধা ধীরে ধীরে ক্ষয়ে যায়। এর একটি কারণ ছিল ট্রাম্পের নীতি। আরেকটি কারণ ছিল, রিপাবলিকানদের অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে চাননি।
অথচ এক বছর আগেও ডেমোক্র্যাটদের সেনেট সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা প্রায় অকল্পনীয় ছিল। কিন্তু অর্থনৈতিক চাপ এবং ফেব্রুয়ারিতে ট্রাম্পের ইরানের সঙ্গে ব্যয়বহুল সংঘাত শুরু করার সিদ্ধান্ত সেই হিসাব বদলে দেয়।
‘বিগ বিউটিফুল বিল’ থেকে ভোটের লাভ হয়নি
আইন প্রণয়নে বড় সাফল্য কম থাকায় রিপাবলিকানরা আশা করেছিল, তাদের তথাকথিত “বিগ বিউটিফুল বিল” নির্বাচনে সুবিধা দেবে। বিশেষ দলীয় প্রক্রিয়ায় বিলটি পাস হয়। ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প এতে সই করেন। সেনেটে ভোট সমান হয়ে গেলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্ণায়ক ভোট দিতে হয়েছিল।
বিলটিতে ট্রাম্পের প্রথম মেয়াদে রিপাবলিকানদের দেওয়া আয়কর ছাড়ের মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গে কিছু নতুন কর-সুবিধাও যোগ করা হয়। এর মধ্যে ছিল টিপসের ওপর কর কমানো এবং অঙ্গরাজ্য ও স্থানীয় করের ক্ষেত্রে ছাড়ের সীমা বাড়ানো। কিন্তু বিরোধীরা অন্য দিকটি সামনে আনে। তারা সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচিতে কাটছাঁটের সমালোচনা করে।
অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের কিছু ভর্তুকি বাড়াতে রিপাবলিকানদের অস্বীকৃতিও প্রচারের বড় ইস্যু হয়ে ওঠে। ডেমোক্র্যাটরা ধীরে ধীরে এমন একটি বার্তা তৈরি করে যে রিপাবলিকান নীতির কারণে জীবনযাত্রা আরও ব্যয়বহুল হচ্ছে। অন্যদিকে ট্রাম্প ও তার আশপাশের মানুষ বড় আর্থিক সুবিধা পাচ্ছেন।
শুল্ক কীভাবে রিপাবলিকানদের ক্ষতি করেছে
ট্রাম্পের আরোপ করা শুল্কও ডেমোক্র্যাটদের যুক্তিকে শক্তিশালী করে। বিশেষ করে কানাডার সঙ্গে বাণিজ্যযুদ্ধের প্রভাব মিশিগান ও মেইনে বড় হয়ে দেখা দেয়। এই দুই অঙ্গরাজ্যে রিপাবলিকানরা জয় পেয়ে অন্য জায়গার সম্ভাব্য ক্ষতি পুষিয়ে নিতে চেয়েছিল। কিন্তু শুল্কের প্রভাবে কৃষি সারের দাম বেড়ে যায়। বিভিন্ন পণ্যের বাজারও সংকুচিত হয়। কৃষিপ্রধান অঙ্গরাজ্যের রক্ষণশীল ভোটারদের ওপর এর ধাক্কা গিয়ে পড়ে।
তারপর এলো ইরান যুদ্ধ
ইরান যুদ্ধ জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দেয়। সাধারণ পেট্রল ও ডিজেলের দাম দ্রুত বাড়ে। এতে বিশেষভাবে ক্ষুব্ধ হন সেই ভোটারেরা, যারা বিদেশি যুদ্ধে না জড়ানোর ট্রাম্পের প্রতিশ্রুতিতে তাকে সমর্থন করেছিলেন।
এই অসন্তোষও ডেমোক্র্যাটদের পক্ষে কাজ করে।
নিজের দলের ওপর ট্রাম্পের আক্রমণও নতুন সুযোগ তৈরি করেছে
ট্রাম্পের নিজের দলের নেতাদের সঙ্গে সংঘাতও কিছু আসন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর থম টিলিস ২০২৫ সালের জুনে “বিগ বিউটিফুল বিল” এগিয়ে নেওয়ার বিরুদ্ধে ভোট দেন। এরপর ট্রাম্প তার বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান।
টিলিস পাল্টা ঘোষণা করেন, তিনি আর পুনর্নির্বাচনে দাঁড়াবেন না। ফলে নর্থ ক্যারোলাইনার সেনেট আসনটি উন্মুক্ত হয়ে যায়। মঙ্গলবার সেখানে জয় পান সাবেক গভর্নর রয় কুপার।
টেক্সাসে ট্রাম্পের সিদ্ধান্ত কীভাবে লড়াই কঠিন করেছে
টেক্সাসেও ট্রাম্পের সিদ্ধান্ত রিপাবলিকানদের জন্য ঝুঁকি তৈরি করে। অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাইমারিতে বর্তমান সেনেটর জন কর্নিনের বদলে শেষ মুহূর্তে কেন প্যাক্সটনকে সমর্থন দেন ট্রাম্প। এতে প্যাক্সটনের জয়ে সহায়তা হয়েছে বলে মনে করা হয়।
প্যাক্সটন প্রার্থী হওয়ার পর ডেমোক্র্যাটরা তালারিকোর পক্ষে ঐক্যবদ্ধ হয়। ফলে টেক্সাসের নির্বাচন হঠাৎই দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেনেট লড়াইগুলোর একটিতে পরিণত হয়। এই অঙ্গরাজ্যে ১৯৮৮ সালের পর কোনো ডেমোক্র্যাট সেনেটে নির্বাচিত হননি।
তারপরও রিপাবলিকানদের সেখানে কয়েক কোটি ডলার খরচ করতে হয়েছে। নির্বাচনের আগে অনেক বিশ্লেষক বলেছিলেন, কর্নিন প্রার্থী থাকলে তিনি সাধারণ নির্বাচনে তালারিকোকে তুলনামূলক সহজেই হারাতে পারতেন।
কিন্তু ট্রাম্পের সঙ্গে কর্নিনের সম্পর্ক ততদিনে খারাপ হয়ে গিয়েছিল। ২০২৩ সালে কর্নিন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। যদিও সামগ্রিকভাবে ট্রাম্পের প্রতি তার সমর্থনের রেকর্ড ছিল, সেই মন্তব্য ট্রাম্প ভুলে যাননি। শেষ পর্যন্ত রাজনৈতিক ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি প্যাক্সটনকেই সমর্থন দেন।
আর সেই সিদ্ধান্তও রিপাবলিকানদের জন্য একটি নিরাপদ আসনকে কঠিন লড়াইয়ে পরিণত করে। মঙ্গলবারের ফল তাই শুধু ডেমোক্র্যাটদের জয় নয়।
এটি দেখিয়েছে, অর্থনীতি, যুদ্ধ, শুল্ক, দলীয় বিভাজন এবং ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত; সব মিলিয়ে এমন একটি নির্বাচনী মানচিত্র তৈরি হয়েছে, যা এক বছর আগেও প্রায় অসম্ভব মনে হচ্ছিল।
এখন সেনেটের নিয়ন্ত্রণ হাতে নিয়ে ডেমোক্র্যাটরা শুধু কংগ্রেসের একটি কক্ষ জেতেনি। তারা ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার প্রশাসনকে আটকে দেওয়া, তদন্ত করা এবং রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করার একটি শক্তিশালী মঞ্চও পেয়েছে।
তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস




