প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ এএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়ার পথে ১০ প্রার্থী
গভর্নর পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড ২৬ নারী। অন্যদিকে কংগ্রেসের বেশ কয়েকজন প্রার্থী জয়ী হলে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ কিছু পরিচয়ভিত্তিক বাধা ভাঙতে পারেন। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬। ০২:৩৮ পিএম
আপডেট: ০৩ নভেম্বর ২০২৬। ১৮:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ক্ষমতার লড়াই নতুন কিছু নয়। কিন্তু এবারের মধ্যবর্তী নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, ভেঙে দিতে পারে দেশটির কয়েকশ বছরের রাজনৈতিক ইতিহাসে গড়ে ওঠা একাধিক অদৃশ্য দেয়াল। প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার, প্রথম মুসলিম সিনেটর, প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সিনেটর কিংবা প্রথম আদিবাসী নারী গভর্নর।
৩ নভেম্বরের ভোটে এমন সব ইতিহাসের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের রাজনীতি কি সত্যিই নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, নাকি ইতিহাস গড়ার স্বপ্ন আবারও আটকে যাবে পুরোনো রাজনৈতিক সমীকরণে?
এমন এক সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন তীব্র, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন ঐতিহাসিকভাবে নিম্নমুখী এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা কিংবা পুনরুদ্ধারের লড়াইয়ে মরিয়া দুই প্রধান দল।
ব্যয়ের দিক থেকেও এবারের নির্বাচন নজিরবিহীন। রাজনৈতিক বিজ্ঞাপন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাডইমপ্যাক্টের হিসাবে, নির্বাচনী প্রচারে ব্যয় ছাড়িয়ে যেতে পারে ১ হাজার ১০০ কোটি ডলার। সে হিসাবে এটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন।
শুধু অর্থের লড়াই নয়, ভোটের মানচিত্রেও চলছে বড় ধরনের পরিবর্তন। নির্বাচনী সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন অঙ্গরাজ্যে নিয়মিত জনগণনার মধ্যবর্তী সময়েই কংগ্রেসের নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণ করেছে রাজনৈতিক দলগুলো। ন্যাশনাল কনফারেন্স অব স্টেট লেজিসলেচার্সের মতে, উনিশ শতকের পর এমন প্রবণতা আর দেখা যায়নি।
একই সঙ্গে বড় পরিবর্তনের মুখে যুক্তরাষ্ট্রের আইনসভার কেন্দ্র ক্যাপিটল হিল। কংগ্রেসের বহু সদস্য রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, পদত্যাগ করছেন কিংবা অন্য পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ফলে আগামী কংগ্রেসের চেহারা অনেকটাই বদলে যেতে পারে।
তবে এবারের নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক সম্ভবত রাজনৈতিক প্রতিনিধিত্বের ইতিহাসে নতুন অধ্যায় রচনার সম্ভাবনা।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিকসের তথ্য অনুযায়ী, গভর্নর পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড ২৬ নারী। অন্যদিকে কংগ্রেসের বেশ কয়েকজন প্রার্থী জয়ী হলে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ কিছু পরিচয়ভিত্তিক বাধা ভাঙতে পারেন।
কারা সেই প্রার্থী? আর তাদের জয় কেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এত গুরুত্বপূর্ণ?
প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রথম কৃষ্ণাঙ্গ সদস্য নির্বাচিত হয়েছিলেন দক্ষিণ ক্যারোলাইনার জোসেফ রেইনি। সময়টা ১৮৭০ সাল। দাসপ্রথা বিলুপ্তির পর দেশটির রাজনীতিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার পথে সেটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত।
চার বছর পর, ১৮৭৪ সালে, নেটিভ আমেরিকানদের সংরক্ষিত এলাকা পরিচালনার ব্যয়সংক্রান্ত একটি বরাদ্দ বিল নিয়ে বিতর্কের সময় সাময়িকভাবে প্রতিনিধি পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন রেইনি। এর মধ্য দিয়ে তিনি হন প্রতিনিধি পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করা প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান।
কিন্তু এরপর দেড় শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি আসীন হননি। এবার সেই ইতিহাস বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে নিউইয়র্কের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসকে ঘিরে।
নভেম্বরের নির্বাচনে প্রত্যাশিত ‘ব্লু ওয়েভ’ বা ডেমোক্র্যাটদের বড় ধরনের বিজয় ঘটলে দলটি প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে পারে। সে ক্ষেত্রে স্পিকার হওয়ার সুযোগ তৈরি হবে বর্তমান সংখ্যালঘু নেতা জেফ্রিসের।
নিউইয়র্কের যে কংগ্রেসীয় আসন থেকে তিনি নির্বাচিত হন, সেখানে তার রাজনৈতিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লুইস মিজরাহির বিপক্ষে এবারের লড়াইকেও অনেকটা একতরফা হিসেবে দেখা হচ্ছে। ফলে জেফ্রিসের পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।
প্রায় ১৪ বছর ধরে কংগ্রেসে থাকা জেফ্রিস ইতিমধ্যে একবার ইতিহাস গড়েছেন। ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন তিনি। সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়ে কংগ্রেসে যুক্তরাষ্ট্রের কোনো প্রধান রাজনৈতিক দলের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
তবে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা পেলেই যে তার স্পিকার হওয়া নিশ্চিত, তা নয়। মধ্যপন্থী ও বামঘেঁষা অবস্থানের জেফ্রিসকে আদর্শিকভাবে বিভক্ত ডেমোক্র্যাটিক ককাসের সদস্যদের এক ছাতার নিচে আনতে হবে। দলের ভেতরের মতপার্থক্য সামলে প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারলেই তিনি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে ইতিহাসে জায়গা করে নিতে পারবেন।
প্রথম মুসলিম সেনেটর হতে পারেন আবদুল এল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মুসলিম সদস্য নির্বাচিত হলেও দেশটির সিনেটে এখন পর্যন্ত কোনো মুসলিম নির্বাচিত হননি। এবার সেই ইতিহাস বদলানোর সুযোগ এসেছে মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদের সামনে। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারাতে পারলে এল-সাইয়েদ হবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর।
তবে তার রাজনৈতিক যাত্রা প্রচলিত ধারার নয়। আগে স্থানীয় জনস্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কাজ করেছেন পডকাস্টার হিসেবেও। কিন্তু নির্বাচনের মাধ্যমে কোনো সরকারি পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার নেই।
জনমত জরিপে এল-সাইয়েদ এগিয়ে থাকলেও মিশিগানের রাজনীতিতে শেষ মুহূর্তে ফল বদলে যাওয়ার নজির রয়েছে। ফলে তার জয় নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই।
নির্বাচনী প্রচারে প্রগতিশীল অবস্থানকে সামনে এনেছেন তিনি। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবিও জানিয়েছেন। এই অবস্থানের কারণে ডেমোক্র্যাট দলের মধ্যপন্থী অংশ এবং কিছু ইহুদি ডেমোক্র্যাটের অসন্তোষের মুখে পড়েছেন এল-সাইয়েদ।
তবে তার রাজনৈতিক অবস্থানের পাশাপাশি ধর্মীয় পরিচয়ও নির্বাচনী বিতর্কের বড় বিষয় হয়ে উঠেছে। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এল-সাইয়েদ ও তার পরিবারকে আন্তর্জাতিক ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন।
এমনকি নিজের ধর্মীয় বিশ্বাসের চেয়ে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্যকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করার চাপও এসেছে তার ওপর। এল-সাইয়েদের সমর্থকদের অভিযোগ, এসব প্রচার ও চাপের পেছনে রয়েছে ইসলামবিদ্বেষ। তবে নিজের ধর্মীয় পরিচয়ের কারণে ইতিহাস গড়ার বিষয়টিকে নির্বাচনী প্রচারের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন না এল-সাইয়েদ।
আগস্টে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কোনো কিছুর প্রথম মুসলিম হতে নির্বাচনে দাঁড়াইনি। আমি শুধু আমার অঙ্গরাজ্যের জন্য সত্যিই খুব ভালো একজন সেনেটর হতে চাই।”
সিনেটে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হওয়ার সম্ভাবনা ক্রিস পাপাসের
যুক্তরাষ্ট্রের সিনেটে যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। ২০১২ সালে উইসকনসিন থেকে নির্বাচিত ডেমোক্র্যাট ট্যামি বল্ডউইন হন দেশটির প্রথম প্রকাশ্যে এলজিবিটি পরিচয়ধারী সেনেটর। তবে এখন পর্যন্ত কোনো প্রকাশ্যে সমকামী পুরুষ সেনেটর নির্বাচিত হননি।
এবার সেই ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্র্যাট নেতা ক্রিস পাপাসকে ঘিরে। ৪৬ বছর বয়সী পাপাস ২০১৯ সাল থেকে অঙ্গরাজ্যটির প্রথম কংগ্রেসীয় জেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই তিনি কংগ্রেসে এলজিবিটি অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার।
ব্যক্তিগত জীবনেও নিজের পরিচয় নিয়ে খোলামেলা পাপাস। ২০২৩ সালে তিনি তার সঙ্গী, পেশায় আইনজীবী ভ্যান বেন্টলিকে বিয়ে করেন। সেনেটে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সিনেটর হিসেবে জায়গা করে নেবেন তিনি।
তবে এই ঐতিহাসিক সম্ভাবনার চেয়ে নিজের অঙ্গরাজ্যের মানুষের সমস্যা সমাধানকেই বেশি গুরুত্ব দিতে চান পাপাস। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই মুহূর্তে ইতিহাস নিয়ে খুব বেশি ভাবছি না। আমি প্রতিদিন নিউ হ্যাম্পশায়ারের মানুষের সংগ্রাম নিয়েই ভাবছি।”
পাপাসের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ই. সুনুনু। তিনি নিজেও সাবেক সেনেটর। অবসরে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিনের আসনটি রিপাবলিকানদের দখলে ফিরিয়ে আনতে চাইছেন সুনুনু। অবশ্য জনমত জরিপে পাপাস এগিয়ে রয়েছেন।
এবারের প্রচারে রিপাবলিকানরা সাধারণত তার যৌন পরিচয়কে প্রধান ইস্যু করেনি। তবে এক করপোরেট লবিস্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তথ্য প্রকাশ না করার অভিযোগ তুলেছে দলটি।
প্রথম কোরীয়-আমেরিকান গভর্নর হওয়ার লড়াইয়ে সিন্ডি মানসন
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এশীয়-আমেরিকানদের প্রতিনিধিত্ব ধীরে ধীরে বাড়লেও কোরীয় বংশোদ্ভূত কোনো আমেরিকান এখন পর্যন্ত অঙ্গরাজ্যের গভর্নর হননি। ওকলাহোমার ডেমোক্র্যাট নেতা সিন্ডি মানসন এবার সেই ইতিহাস বদলাতে চান।
মানসন এর আগেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাধা ভেঙেছেন। ওকলাহোমার অঙ্গরাজ্য আইনসভায় নির্বাচিত প্রথম এশীয়-আমেরিকান নারী তিনি। বর্তমানে অঙ্গরাজ্যটির প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার তার লক্ষ্য গভর্নরের পদ।
ওকলাহোমার বর্তমান রিপাবলিকান গভর্নর কেভিন স্টিট মেয়াদসীমার কারণে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। তার উত্তরসূরি হওয়ার লড়াইয়ে নেমেছেন মানসন। জয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কোরীয়-আমেরিকান গভর্নর। তবে ইতিহাস গড়ার পথে বড় বাধা রিপাবলিকান প্রার্থী মাইক মাজেই।
অঙ্গরাজ্যের সাবেক এই সেনেটর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন। সাম্প্রতিক একটি জনমত জরিপেও মানসনের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। ফলে মানসনের সামনে ঐতিহাসিক সুযোগ থাকলেও জয় পেতে তাকে কঠিন রাজনৈতিক লড়াই পার হতে হবে।
প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার দৌড়ে কেইশা ল্যান্স বটমস
যুক্তরাষ্ট্রে নারীরা গভর্নর হয়েছেন। কৃষ্ণাঙ্গ পুরুষেরাও বিভিন্ন অঙ্গরাজ্যের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কোনো কৃষ্ণাঙ্গ নারী এখন পর্যন্ত গভর্নর নির্বাচিত হননি। এবার সেই দীর্ঘদিনের ইতিহাস বদলে যেতে পারে জর্জিয়ায়। ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস অঙ্গরাজ্যটির গভর্নর হওয়ার লড়াইয়ে নেমেছেন। তার প্রতিদ্বন্দ্বী বিলিয়নেয়ার রিপাবলিকান রিক জ্যাকসন।
বর্তমান রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্প মেয়াদসীমার কারণে সরে যাওয়ায় অঙ্গরাজ্যটির শীর্ষ নির্বাহী পদে নতুন নেতৃত্ব আসছে। বটমস জয়ী হলে একসঙ্গে কয়েকটি ইতিহাস তৈরি হবে। তিনি হবেন জর্জিয়ার প্রথম নারী গভর্নর, প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর ও যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নরদের একজন। তবে প্রতিদ্বন্দ্বিতা সহজ নয়।
বিভিন্ন জনমত জরিপে মিশ্র ফল পাওয়া যাচ্ছে। অধিকাংশ নির্বাচনী পূর্বাভাসে জর্জিয়ার গভর্নর নির্বাচনকে ‘টস-আপ’ বা এমন এক লড়াই হিসেবে দেখা হচ্ছে, যেখানে দুই প্রার্থীরই জয়ের বাস্তব সম্ভাবনা রয়েছে। বটমসের কাছে অবশ্য এই নির্বাচন শুধু রাজনৈতিক অর্জনের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের দীর্ঘ ইতিহাস।
অক্টোবরে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্ভাব্য ঐতিহাসিক অর্জন সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তার কাছে “অনেক বেশি ব্যক্তিগত। জর্জিয়ায় আমার পরিবারের ইতিহাস অন্তত পাঁচ প্রজন্মের। আমার মা ও বাবা; দুই দিক থেকেই আমি দাসদের বংশধর।”
এই পারিবারিক ইতিহাসই তার সম্ভাব্য বিজয়কে আরও গভীর তাৎপর্য দিয়েছে। এর আগে জর্জিয়ার সাবেক ডেমোক্র্যাট নেতা স্টেসি আব্রামসও প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার চেষ্টা করেছিলেন। অঙ্গরাজ্য প্রতিনিধি পরিষদের সাবেক সংখ্যালঘু নেতা আব্রামস ২০১৮ এবং ২০২২ সালের গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও দুইবারই পরাজিত হন।
অন্যদিকে বটমসের নির্বাহী দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আটলান্টার মেয়র ছিলেন। কোভিড-১৯ মহামারির মতো সংকটময় সময়ে শহরটির নেতৃত্ব দেন তিনি। কিন্তু দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়ে জর্জিয়ার রাজনৈতিক মহলকে বিস্মিত করেছিলেন বটমস।
সেই সিদ্ধান্তের জন্য বর্তমান প্রতিদ্বন্দ্বী রিক জ্যাকসনসহ বিভিন্ন মহলের সমালোচনাও শুনতে হয়েছে তাকে। মেয়রের পদ ছাড়ার পর বাইডেন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বটমস। এর মধ্যে ছিল জ্যেষ্ঠ উপদেষ্টা ও হোয়াইট হাউস অফিস অব পাবলিক এনগেজমেন্টের প্রধানের পদ। এবার জর্জিয়ার ভোটাররা তাকে গভর্নর নির্বাচিত করলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হবে।
মিনেসোটায় অ্যামি ক্লোবুশার নাকি লিসা ডেমুথ; যিনিই জিতুন, ইতিহাস
জর্জিয়ায় প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার সম্ভাবনার পাশাপাশি একই ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে মিনেসোটাও। তবে এখানকার রাজনৈতিক সমীকরণ কিছুটা ভিন্ন। মিনেসোটার ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারী গভর্নর নির্বাচিত হননি। এবারের নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীই নারী হওয়ায় সেই ইতিহাস বদলানো কার্যত নিশ্চিত।
ডেমোক্র্যাটদের প্রার্থী মার্কিন সিনেটর অ্যামি ক্লোবুশার। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান লিসা ডেমুথ, যিনি নিজেও একটি গুরুত্বপূর্ণ ইতিহাস গড়ার সুযোগ পেয়েছেন।
ডেমুথ ২০১৮ সাল থেকে মিনেসোটার অঙ্গরাজ্য প্রতিনিধি পরিষদের সদস্য। ২০২৫ সালে তিনি মিনেসোটা হাউসের স্পিকার নির্বাচিত হন। গভর্নর নির্বাচনে জয়ী হলে তিনি শুধু মিনেসোটার প্রথম নারী গভর্নরই হবেন না, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার কৃতিত্বও অর্জন করতে পারেন।
অক্টোবরের মাঝামাঝি ক্লোবুশারের সঙ্গে এক নির্বাচনী বিতর্কে ডেমুথ বলেন, “সুযোগ এবং আপনাদের আস্থা পেলে আমি মিনেসোটার প্রথম নারী গভর্নর এবং যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালনের অপেক্ষায় আছি।”
তবে জনমত জরিপের চিত্র ডেমুথের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। বেশির ভাগ জরিপে ভোটারদের সমর্থন ক্লোবুশারের দিকেই ঝুঁকে থাকতে দেখা যাচ্ছে। এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ডেমুথের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ট্রাম্প বিভিন্ন সময়ে মিনেসোটাকে লক্ষ্য করে কঠোর ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন। ফলে তার ঘনিষ্ঠ রাজনৈতিক অবস্থান রিপাবলিকান প্রার্থীর জন্য বাড়তি চাপ তৈরি করছে। তবে ফল যা-ই হোক, মিনেসোটা প্রথমবারের মতো একজন নারী গভর্নর পেতে যাচ্ছে। আর ডেমুথ জয়ী হলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় ইতিহাসেও এক বিশেষ মাইলফলক হয়ে উঠতে পারে।
প্রথম আদিবাসী নারী গভর্নর হওয়ার সম্ভাবনা ডেব হাল্যান্ডের
যুক্তরাষ্ট্রের আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্বের ইতিহাস দীর্ঘ বঞ্চনা ও সংগ্রামের সঙ্গে জড়িত। সেই ইতিহাসে ২০১৮ সাল ছিল একটি গুরুত্বপূর্ণ বছর। ওই বছর ডেব হাল্যান্ড ও শারিস ডেভিডস কংগ্রেসে নির্বাচিত প্রথম নেটিভ আমেরিকান নারীদের মধ্যে জায়গা করে নেন।
এবার হাল্যান্ডের সামনে আরও বড় এক ইতিহাস গড়ার সুযোগ। নিউ মেক্সিকোর গভর্নর নির্বাচনে জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নেটিভ আমেরিকান নারী গভর্নরদের একজন হতে পারেন। হাল্যান্ড নিউ মেক্সিকোর লেগুনা পুয়েবলো আদিবাসী গোষ্ঠীর সদস্য। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকে এই জনগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে এবং এটি দেশটির ফেডারেল সরকারের স্বীকৃত আদিবাসী গোষ্ঠীগুলোর একটি।
কংগ্রেসে দায়িত্ব পালনের সময় হাল্যান্ড পরিবেশগত ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন এবং নিখোঁজ ও হত্যার শিকার আদিবাসী নারীদের অধিকার ও নিরাপত্তার মতো বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। এবার তার লক্ষ্য নিউ মেক্সিকোর গভর্নরের পদ।
ডেমোক্র্যাট হাল্যান্ডের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান গ্রেগ হল, যিনি আগে রিও রাঞ্চো শহরের মেয়র ছিলেন। এখন পর্যন্ত প্রকাশিত জনমত জরিপে হাল্যান্ড এগিয়ে রয়েছেন। তবে প্রথম আদিবাসী নারী গভর্নর হওয়ার লড়াই কেবল নিউ মেক্সিকোতেই সীমাবদ্ধ নয়। আলাস্কায় একই ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে রিপাবলিকান প্রার্থী বার্নাডেট উইলসনের।
আলাস্কায় ইতিহাসের আরেক দাবিদার বার্নাডেট উইলসন
আলেউত আদিবাসী বংশোদ্ভূত বার্নাডেট উইলসন আলাস্কার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রক্ষণশীল রাজনৈতিক অধিকারকর্মী হিসেবে পরিচিত উইলসন একসময় রেডিও উপস্থাপক ছিলেন। তার প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে আলাস্কার রিপাবলিকান রাজনীতির ভেতরেই তাকে ঘিরে তৈরি হয়েছে বিভাজন। অঙ্গরাজ্যটির দীর্ঘদিনের সিনেটর ও মধ্যপন্থী রিপাবলিকান লিসা মুরকাওস্কি উইলসনকে সমর্থন দেননি। বরং তিনি সমর্থন দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জনাথন ক্রেইস-টমকিন্সকে। একই অবস্থান নিয়েছেন লিসা মুরকাওস্কির বাবা এবং আলাস্কার সাবেক গভর্নর ফ্র্যাঙ্ক মুরকাওস্কিও।
ফলে ট্রাম্পের সমর্থন পেলেও রিপাবলিকান দলের গুরুত্বপূর্ণ একটি অংশের সমর্থন থেকে বঞ্চিত হচ্ছেন উইলসন। জনমত জরিপে তিনি ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীর চেয়ে পিছিয়ে রয়েছেন। তবে নির্বাচনী পূর্বাভাসদাতারা আলাস্কার গভর্নর নির্বাচনকেও ‘টস-আপ’ হিসেবে দেখছেন। অর্থাৎ শেষ পর্যন্ত ফল যেকোনো দিকে যেতে পারে।
উইলসন জয়ী হলে তিনিও যুক্তরাষ্ট্রের প্রথম নেটিভ আমেরিকান নারী গভর্নরদের একজন হওয়ার ইতিহাসে জায়গা করে নিতে পারেন।
সেনেটে প্রথম আদিবাসী নারী হওয়ার লড়াইয়ে মেরি পেলটোলা
যুক্তরাষ্ট্রের সেনেটে এর আগে অন্তত চারজন নেটিভ আমেরিকান পুরুষ দায়িত্ব পালন করেছেন। কিন্তু দেশটির ইতিহাসে এখন পর্যন্ত কোনো নেটিভ আমেরিকান নারী সিনেটর নির্বাচিত হননি। এবার সেই ইতিহাস বদলানোর অন্যতম দাবিদার আলাস্কার ডেমোক্র্যাট নেতা মেরি পেলটোলা।
ইউপিক আদিবাসী জনগোষ্ঠীর সদস্য পেলটোলা এর আগেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইতিহাস গড়েছেন। ২০২২ সালের আগস্টে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে প্রয়াত কংগ্রেস সদস্য ডন ইয়াংয়ের আসনে জয়ী হন তিনি। এর মধ্য দিয়ে পেলটোলা কংগ্রেসে নির্বাচিত প্রথম আলাস্কা নেটিভ সদস্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আলাস্কার প্রতিনিধিত্ব করা প্রথম নারী হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। এবার তার লক্ষ্য সিনেট।
বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান এস. সুলিভানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন পেলটোলা। জয়ী হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম আলাস্কা নেটিভ সিনেটর। একই সঙ্গে দেশটির প্রথম নেটিভ আমেরিকান নারী সিনেটরদের একজন হওয়ার কৃতিত্বও অর্জন করতে পারেন।
জনমত জরিপে পেলটোলা সামান্য এগিয়ে রয়েছেন। তবে আলাস্কার রাজনৈতিক বাস্তবতায় অল্প ব্যবধানের এই অগ্রগতি শেষ পর্যন্ত জয়ের নিশ্চয়তা দেয় না।
একই ইতিহাসের সামনে পেগি ফ্লানাগান
প্রথম নেটিভ আমেরিকান নারী সিনেটর হওয়ার সম্ভাবনা রয়েছে মিনেসোটার ডেমোক্র্যাট নেতা পেগি ফ্লানাগানেরও। বর্তমানে অঙ্গরাজ্যটির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ফ্লানাগান হোয়াইট আর্থ ব্যান্ড অব ওজিবওয়ে আদিবাসী গোষ্ঠীর সদস্য। এটি মিনেসোটার বৃহত্তম ফেডারেল স্বীকৃত আদিবাসী জনগোষ্ঠী।
এবার যুক্তরাষ্ট্রের সিনেটে যাওয়ার লক্ষ্যে নির্বাচনে নেমেছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মিশেল টাফোয়া, যিনি রাজনীতিতে তুলনামূলক নতুন মুখ। এখন পর্যন্ত জনমত জরিপে ফ্লানাগান এগিয়ে রয়েছেন।
তবে তার কাছে এই নির্বাচন শুধু ব্যক্তিগত রাজনৈতিক সাফল্যের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আদিবাসী নারীদের দীর্ঘদিনের প্রতিনিধিত্বহীনতার ইতিহাস।
অক্টোবরে নির্বাচনী প্রচারে ফ্লানাগান বলেন, “আমি ইতিহাস গড়তে নির্বাচনে দাঁড়াইনি, কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেটে একজন নেটিভ আমেরিকান নারী থাকার সময় অনেক আগেই হয়ে গেছে। আর তিনি হোয়াইট আর্থ থেকেই হলে ক্ষতি কী?”
ভোটের ফলেই নির্ধারিত হবে ইতিহাসের নতুন অধ্যায়
যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রশ্ন শুধু প্রতিনিধি পরিষদ কিংবা সেনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নয়। প্রশ্ন আরও গভীর; দেশটির সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে কারা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন, আর এত দিন যেসব জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদ থেকে দূরে ছিলেন, তাদের জন্য নতুন দরজা কতটা খুলবে।
হাকিম জেফ্রিস থেকে আবদুল এল-সাইয়েদ, ক্রিস পাপাস থেকে সিন্ডি মানসন, কেইশা ল্যান্স বটমস থেকে ডেব হাল্যান্ড কিংবা মেরি পেলটোলা; প্রত্যেকের রাজনৈতিক লড়াই আলাদা। তাদের আদর্শ, দলীয় অবস্থান ও নির্বাচনী বাস্তবতাও এক নয়।
তবে একটি জায়গায় তারা একই সূত্রে যুক্ত। জয়ী হলে তাদের কেউ কেউ এমন সব পদে পৌঁছাবেন, যেখানে নিজ নিজ পরিচয়ের মানুষ আগে কখনো পৌঁছাতে পারেননি।
অবশ্য ইতিহাস গড়ার সম্ভাবনা আর বাস্তবে ইতিহাস গড়া এক বিষয় নয়। জনমত জরিপে এগিয়ে থাকা, দলের সমর্থন পাওয়া কিংবা প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা; কোনোটিই নির্বাচনী বিজয়ের নিশ্চয়তা দেয় না।
তথ্যসূত্র: টাইম





