প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ এএম
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬। ০৭:০৬ পিএম
আপডেট: ২৮ অক্টোবর ২০২৬। ১২:৪১ পিএম
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের মতভিন্নতা নেই। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া দলগুলোও এ ব্যবস্থার পক্ষে অবস্থান জানিয়েছিল। বর্তমান বিএনপি সরকারও জানিয়েছে, প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের মাধ্যমে পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে।
কিন্তু মূল জটিলতা তৈরি হয়েছে অন্য জায়গায়। এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন ও কোন প্রক্রিয়ায় তাকে বেছে নেওয়া হবে।
জুলাই সনদে এ জন্য একটি সংসদীয় বাছাই কমিটির প্রস্তাব রয়েছে। তবে সেই বাছাই প্রক্রিয়ার কয়েকটি ধাপ নিয়ে রাজনৈতিক মতভিন্নতা রয়ে গেছে। এখন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও অংশীজনদের কাছ থেকে বিকল্প প্রস্তাব নিচ্ছে। এরই মধ্যে উচ্চকক্ষকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটি নতুন ধারণাও আলোচনায় এসেছে। তবে কোনো রূপরেখাই এখনো চূড়ান্ত হয়নি।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ নতুন নয়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচন একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অধীনে হলেও তখন সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল না। রাজনৈতিক আন্দোলনের পর ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়।
পরবর্তীতে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়। সাম্প্রতিক আদালতের রায়ের পর ব্যবস্থাটি পুনরুজ্জীবনের প্রশ্ন সামনে এসেছে। তবে সরকার বলছে, কার্যকরভাবে ব্যবস্থা ফিরিয়ে আনতে সংসদের মাধ্যমে সাংবিধানিক সংশোধন প্রয়োজন।
পুরোনো ব্যবস্থায় প্রধান উপদেষ্টা হতেন কীভাবে
ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী, সর্বশেষ অবসর নেওয়া প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান ছিল।
তিনি দায়িত্ব নিতে না চাইলে তার আগে অবসর নেওয়া প্রধান বিচারপতিকে প্রস্তাব দেওয়া হতো। তাতেও সমাধান না হলে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্য থেকে সর্বশেষ অবসর নেওয়া ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার ব্যবস্থা ছিল।
বিচার বিভাগ থেকেও কাউকে পাওয়া না গেলে রাষ্ট্রপতি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একজন নির্দলীয় ব্যক্তিকে প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে পারতেন।
সবশেষে কোনো সমাধান না হলে রাষ্ট্রপতিই নিজের দায়িত্বের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারতেন।
এই প্রক্রিয়াটি পরবর্তীতে রাজনৈতিক বিতর্কেরও জন্ম দেয়।
২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনকে কেন্দ্র করে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল। তখন বিরোধী দল অভিযোগ করেছিল, নির্দিষ্ট একজনকে প্রধান উপদেষ্টা করার সুযোগ তৈরি করতে বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো হয়েছিল।
রাজনৈতিক সংঘাতের মধ্যে শেষ পর্যন্ত তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং ২০০৭ সালের ১১ জানুয়ারি রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়।
এই অভিজ্ঞতার কারণেই নতুন ব্যবস্থায় রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে সরাসরি প্রধান উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখার পক্ষে বিভিন্ন মহল থেকে মত এসেছে।
জুলাই সনদে বাছাই কমিটির প্রস্তাব
জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের জন্য সংসদীয় কমিটির একটি বিস্তারিত কাঠামো রাখা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বাছাই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার ও সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে মূল কাঠামো নিয়ে ব্যাপক ঐকমত্য তৈরি হলেও কয়েকটি ধাপ নিয়ে ভিন্নমত ছিল। প্রধান উপদেষ্টা কে হবেন; এই প্রশ্নে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তা শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিল।
প্রস্তাব অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে প্রধান উপদেষ্টা বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে তার পরবর্তী ১৫ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করতে হবে।
বাছাই কমিটি গঠনের পর ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সংসদে প্রতিনিধিত্বকারী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে সম্ভাব্য প্রধান উপদেষ্টার নাম চাওয়া হবে।
প্রতিটি দল বা স্বতন্ত্র সংসদ সদস্য একজন করে ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন। বাছাই কমিটি নিজেরাও উপযুক্ত ব্যক্তির নাম খুঁজতে পারবে।
প্রস্তাব পাওয়া নাম নিয়ে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি আলোচনা করে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করবে। ওই ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
প্রথম ধাপে সমাধান না হলে কী হবে
১২০ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন সম্ভব না হলে দ্বিতীয় ধাপ শুরু হবে। এই পর্যায়ে সরকারি দল বা জোট পাঁচজন, প্রধান বিরোধী দল বা জোট পাঁচজন এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল দুজনের নাম প্রস্তাব করবে।
সরকারি দলের দেওয়া পাঁচজনের তালিকা থেকে প্রধান বিরোধী দল একজনকে বেছে নেবে। আবার বিরোধী দলের পাঁচজনের তালিকা থেকে সরকারি দল একজনকে বেছে নেবে।
এইভাবে পাওয়া ব্যক্তিদের মধ্য থেকে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারলে সেই ব্যক্তি প্রধান উপদেষ্টা হবেন।
বাছাই কমিটির পাঁচ সদস্যের মধ্যে চারজন কোনো একজন প্রার্থীর পক্ষে একমত হলেও তাকে প্রধান উপদেষ্টা করার সুযোগ রাখা হয়েছে।
বিচার বিভাগের প্রতিনিধিত্ব নিয়েই বড় মতভিন্নতা
এই পর্যায়েও সমাধান না হলে জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী বিচার বিভাগের দুজন প্রতিনিধি বাছাই কমিটিতে যুক্ত হবেন। তবে তারা কাউকে প্রার্থী হিসেবে প্রস্তাব করতে পারবেন না।
সাত সদস্যের বর্ধিত কমিটি স্পিকারের তত্ত্বাবধানে র্যাঙ্কড চয়েজ বা পছন্দক্রমভিত্তিক ভোটের মাধ্যমে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচনের চেষ্টা করবে।
এই ধাপ নিয়েই প্রধান রাজনৈতিক মতভিন্নতা রয়েছে। বিশেষ করে বিচার বিভাগের প্রতিনিধি যুক্ত করা এবং র্যাঙ্কড চয়েজ পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে একটি অংশের।
আর এই পদ্ধতিতেও সমাধান না হলে ত্রয়োদশ সংশোধনীর মূল কাঠামোর দিকে ফিরে যাওয়ার প্রস্তাব রয়েছে। তবে আগের মতো রাষ্ট্রপতি নিজে প্রধান উপদেষ্টা হতে পারবেন না; এ বিষয়ে বেশির ভাগ দলের মধ্যে ঐকমত্য ছিল।
এবার সামনে এসেছে উচ্চকক্ষের ধারণা
প্রধান উপদেষ্টা বাছাইয়ের জটিলতা কাটাতে এখন নতুন একটি ধারণা সামনে এসেছে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আলোচনায় প্রস্তাব এসেছে, ভবিষ্যতে সংসদের উচ্চকক্ষ গঠিত হলে তার মেয়াদ নিম্নকক্ষের চেয়ে বেশি রাখা যেতে পারে। তখন নিম্নকক্ষের মেয়াদ শেষ হলেও উচ্চকক্ষ বহাল থাকবে।
এই উচ্চকক্ষকে ব্যবহার করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটি প্রক্রিয়া তৈরি করা যায় কি না, সেটি এখন আলোচনায় রয়েছে।
একটি প্রস্তাব হলো, সংবিধানে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হলে উপরাষ্ট্রপতি উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
আরেকটি বিকল্প হলো, সরকারি ও বিরোধী দলের সম্মতির ভিত্তিতে উচ্চকক্ষের স্পিকার নির্বাচিত হবেন। পরে সেই স্পিকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন।
একইভাবে তত্ত্বাবধায়ক সরকারের অন্য উপদেষ্টাদেরও সরকারি ও বিরোধী দলের সম্মতির ভিত্তিতে উচ্চকক্ষ থেকে বেছে নেওয়ার ধারণা এসেছে। তবে এগুলো এখনো প্রস্তাবের পর্যায়ে এবং বিশেষ কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি।
নতুন প্রস্তাব নিয়েও প্রশ্ন
উচ্চকক্ষের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ধারণার বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রস্তাবের সমালোচকদের যুক্তি হলো, উচ্চকক্ষের স্পিকার নিজেই যদি একজন রাজনৈতিক ব্যক্তি হন, তাহলে নির্বাচনকালীন সরকারের নির্দলীয় চরিত্র কতটা নিশ্চিত থাকবে, সেটি নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে।
সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের মতে, তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্যই হলো নির্বাচনকালে একটি নির্দলীয় প্রশাসন নিশ্চিত করা। ফলে রাজনৈতিক পদে থাকা কাউকে প্রধান করলে সেই উদ্দেশ্য ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হবে।
তার মতে, জুলাই সনদের আলোচনায় যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলোকে ভিত্তি করেই সমাধান খোঁজা প্রয়োজন।
মূল সংকট আসলে আস্থার
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরবে কি না; এ প্রশ্নে এখন তুলনামূলকভাবে কম রাজনৈতিক বিরোধ রয়েছে। জটিলতা তৈরি হচ্ছে সেই সরকারকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার পদ্ধতি নিয়ে।
পুরোনো ব্যবস্থায় বিচার বিভাগ ও রাষ্ট্রপতির ওপর নির্ভরতা নিয়ে বিতর্ক হয়েছিল। নতুন প্রস্তাবে আবার সংসদীয় বাছাই কমিটি, বিচার বিভাগের প্রতিনিধিত্ব, র্যাঙ্কড চয়েজ কিংবা উচ্চকক্ষের স্পিকারের মতো একাধিক বিকল্প সামনে এসেছে।
প্রতিটি পদ্ধতিরই মূল প্রশ্ন একই; ক্ষমতাসীন ও বিরোধী পক্ষ উভয়ের কাছে গ্রহণযোগ্য এমন একজন প্রধান উপদেষ্টা কীভাবে নির্বাচন করা যাবে।
আর এই জায়গায় রাজনৈতিক সমঝোতা তৈরি না হলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে ফিরলেও নির্বাচনকালীন সরকার নিয়ে পুরোনো রাজনৈতিক বিরোধ নতুন রূপে ফিরে আসতে পারে।


