প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম
ট্রাম্পের দুর্নীতি তদন্তে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলো কেন শঙ্কায়
ট্রাম্প প্রশাসনের সঙ্গে আর্থিক সম্পর্ক ও বিনিয়োগ ঘিরে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তদন্তের মুখে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের রাজপরিবার। প্রতীকী চিত্র। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬। ০২:২৪ পিএম
আপডেট: ১৮ নভেম্বর ২০২৬। ১৯:১৬ পিএম
ওয়াশিংটনে ক্ষমতার পালাবদল এখনো পুরোপুরি ঘটেনি। কিন্তু তার আঁচ পৌঁছে গেছে রিয়াদ, আবুধাবি ও দোহায়। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতে যে বিপুল অর্থ বিনিয়োগ, ব্যবসায়িক চুক্তি ও উপহারের সম্পর্ক তৈরি হয়েছিল, সেগুলোই এখন পারস্য উপসাগরীয় রাজতন্ত্রগুলোর জন্য রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠতে পারে।
গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের বড় জয় সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। দলটির আইনপ্রণেতারা এখন ট্রাম্প, তার পরিবার ও প্রশাসনের সঙ্গে বিদেশি সরকারগুলোর আর্থিক সম্পর্ক খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছেন। তাদের লক্ষ্য, অর্থের গতিপথ অনুসরণ করে বের করা ব্যবসায়িক সুবিধা ও উপহারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব খাটানো হয়েছিল কি না।
এই তদন্তের কেন্দ্রে থাকতে পারে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। তিন দেশই ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তার পরিবারের ব্যবসায় বিপুল বিনিয়োগ করেছে। কোনো কোনো ক্ষেত্রে এমন লেনদেনের পর ওয়াশিংটন থেকে গুরুত্বপূর্ণ নীতিগত সুবিধাও পেয়েছে।
ওয়াশিংটনের কর্মকর্তা ও উপসাগরীয় দেশগুলোর কূটনীতিকদের মতে, কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ইতিমধ্যে তিন দেশের সরকারকে আসন্ন তদন্ত সম্পর্কে সতর্ক করেছেন। সংবেদনশীল কূটনৈতিক বিষয় নিয়ে কথা বলায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কূটনীতিকরা পরিচয় প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।
ডেমোক্র্যাটদের বার্তা স্পষ্ট। তদন্তে সহযোগিতা না করলে ওয়াশিংটনের সঙ্গে দেশগুলোর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সৌদি আরব, আমিরাত ও কাতার ব্যক্তিগত যোগাযোগের নথিসহ তদন্তকারীদের চাওয়া সংবেদনশীল তথ্য সহজে তুলে দেবে, এমন সম্ভাবনা কম।
অঞ্চলের দুই কূটনীতিক ও বিষয়টি সম্পর্কে অবহিত অন্যদের মতে, এই অনীহা নতুন ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের সঙ্গে উপসাগরীয় সরকারগুলোর সরাসরি সংঘাত তৈরি করতে পারে।
তিন দেশের দূতাবাসই পরিকল্পিত তদন্ত নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এমন এক সময়ে এই টানাপোড়েন শুরু হচ্ছে, যখন মধ্যপ্রাচ্য নিজেই গভীর সংকটের মধ্যে রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ নবম মাসে প্রবেশ করেছে। সংঘাত অবসানের কোনো লক্ষণ নেই। কয়েক মাস ধরে অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ভয়াবহ ইরানি হামলার মুখে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন করে পর্যালোচনা করছে।
এই অস্থিরতার মধ্যেই উপসাগরীয় রাজতন্ত্রগুলোকে এখন ওয়াশিংটনের আরেক ধরনের চাপ মোকাবিলার প্রস্তুতি নিতে হচ্ছে।
দেশগুলোর সরকার অবশ্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে নিজেদের সব লেনদেনকে বৈধ ও স্বচ্ছ বলে দাবি করেছে। তারা অস্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুকম্পা আদায় করতে এসব বিনিয়োগ বা ব্যবসায়িক চুক্তি করা হয়েছিল।
কিন্তু তদন্তের সম্ভাবনাই এরই মধ্যে তাদের উদ্বিগ্ন করে তুলেছে বলে জানিয়েছেন অঞ্চলে কর্মরত কূটনীতিক এবং উপসাগরীয় সরকারগুলোর অভ্যন্তরীণ অবস্থান সম্পর্কে অবহিত ব্যক্তিরা।

গত বছর হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ওয়াশিংটন পোস্ট
ব্যবসা, উপহার ও নীতিগত সুবিধা: তদন্তের কেন্দ্রে যে সম্পর্ক
সবচেয়ে বেশি নজর পড়তে পারে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি ব্যবসার আর্থিক সম্পর্কের ওপর।
আমিরাতের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান ট্রাম্প পরিবারের সমর্থনপুষ্ট ক্রিপ্টো উদ্যোগ ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়ালে ৫০ কোটি ডলারের শেয়ার কিনেছিল।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ট্রাম্পের তিন ছেলে ও তার জ্যেষ্ঠ দূত স্টিভ উইটকফের ছেলে জ্যাক উইটকফ।
লেনদেনটি বিশেষভাবে আলোচনায় আসে এর সময়ের কারণে। আমিরাতকে যুক্তরাষ্ট্রের উন্নত মাইক্রোচিপ ব্যবহারের অনুমতি দেওয়ার কয়েক মাস আগেই এই বিপুল বিনিয়োগ করা হয়েছিল।
দুটি ঘটনার মধ্যে কোনো সরাসরি যোগসূত্র ছিল কি না, সেটিই তদন্তকারীদের আগ্রহের একটি বড় বিষয় হতে পারে।
লেনদেনটি প্রকাশ্যে আসার পর ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সেনেটর এলিজাবেথ ওয়ারেন একে সরাসরি দুর্নীতি হিসেবে বর্ণনা করেছিলেন। তার ভাষায়, “এটা দুর্নীতি; সোজা কথায় দুর্নীতি।”
ট্রাম্প পরিবারের সঙ্গে সৌদি আরবের আর্থিক সম্পর্কও কম গুরুত্বপূর্ণ নয়। ২০২১ সালে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল অ্যাফিনিটি পার্টনার্স নামের একটি প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠানে ২০০ কোটি ডলার বিনিয়োগ করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
সেই বিনিয়োগের পর সৌদি আরবে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক উপস্থিতি আরও বিস্তৃত হয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে তার পরিবারের রিয়েল এস্টেট ব্যবসার সম্প্রসারণ বিশেষভাবে চোখে পড়েছে।
২০২৪ সালে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় একটি ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়। চলতি বছর একই শহরে ১০০ কোটি ডলারের ট্রাম্প প্লাজা প্রকল্পের ঘোষণা আসে। এর পাশাপাশি ২০২৪ সালে রাজধানী রিয়াদে দুটি বিলাসবহুল আবাসিক প্রকল্পের পরিকল্পনাও প্রকাশ করা হয়েছিল।
এসব বিনিয়োগ ও প্রকল্পের বৈধতা নিয়ে সংশ্লিষ্ট সরকারগুলো প্রশ্ন মানতে রাজি নয়। তবে ডেমোক্র্যাট তদন্তকারীরা খতিয়ে দেখতে চান, ব্যবসায়িক সম্পর্কের আড়ালে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাব বিস্তারের কোনো চেষ্টা হয়েছিল কি না।
শুধু ব্যবসা নয়, সৌদি আরবের সঙ্গে ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তিও তদন্তের আওতায় আসতে পারে। জুলাইয়ে সম্পাদিত ওই চুক্তির মাধ্যমে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সুযোগ দেওয়া হয়েছে।
রিয়াদ দীর্ঘদিন ধরেই বেসামরিক পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার জন্য ওয়াশিংটনের সহযোগিতা চেয়ে আসছিল। নতুন চুক্তিটি সৌদি আরবের জন্য পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণের পথেও অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করে।
তবে এই সিদ্ধান্ত কংগ্রেসে তীব্র বিরোধিতার মুখে পড়ে। শুধু ডেমোক্র্যাট নয়, রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যেও চুক্তি নিয়ে আপত্তি ছিল। ওই বিরোধিতার পর ট্রাম্পের অবস্থানে কিছুটা পরিবর্তন আসে বলে মনে হয়। তিনি সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতার বিষয়টিকে ইসরায়েলের সঙ্গে রিয়াদের সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করেন।
তদন্তকারীরা এখন দেখতে পারেন, এই চুক্তির পেছনে কেবল যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ কাজ করেছে, নাকি অন্য কোনো আর্থিক সম্পর্কও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছে।
কাতারের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়টি একটি বিলাসবহুল উড়োজাহাজ। ট্রাম্প প্রশাসন প্রথমে বোয়িং ৭৪৭-৮ মডেলের উড়োজাহাজটি কেনার বিষয়ে খোঁজ নিয়েছিল। পরে কাতার সেটি উপহার হিসেবে দিতে সম্মত হয়। উড়োজাহাজটির মূল্য প্রায় ৪০ কোটি ডলার। এত ব্যয়বহুল উপহার গ্রহণের উদ্যোগ শুরু থেকেই বিতর্ক তৈরি করেছিল।
ডেমোক্র্যাট আইনপ্রণেতারা একে ঘুষ হিসেবে অভিহিত করেন। প্রতিবাদ হিসেবে তারা কাতারের কাছে ১৯০ কোটি ডলারের মার্কিন অস্ত্র বিক্রি আটকে দেওয়ার জন্য আইনও প্রস্তাব করেছিলেন। এখন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় উড়োজাহাজটির বিষয়টি নতুন করে গুরুত্ব পেতে পারে।
তদন্তকারীদের সামনে মূল প্রশ্ন হবে, এমন একটি উপহারের বিনিময়ে কাতার ওয়াশিংটনের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা প্রত্যাশা করেছিল কি না।
কেবল একটি উড়োজাহাজের মধ্যে সীমাবদ্ধ নয় এই প্রশ্ন। সৌদি বিনিয়োগ, আমিরাতের ক্রিপ্টো লেনদেন ও কাতারের উপহার; সবকিছুর মধ্যেই একই ধরনের সম্ভাব্য সম্পর্ক খুঁজবেন তদন্তকারীরা।
কংগ্রেসের হাতে কতটা ক্ষমতা, কীভাবে চাপ বাড়তে পারে
ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেলেও বিদেশি সরকারগুলোর ওপর সরাসরি আইনি সমন জারি করতে পারবেন না। কংগ্রেসের সমন জারির ক্ষমতা সাধারণভাবে বিদেশি রাষ্ট্রের সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে সৌদি আরব, আমিরাত কিংবা কাতারকে সরাসরি তাদের অভ্যন্তরীণ নথি জমা দিতে বাধ্য করা সহজ হবে না।
কিন্তু তার অর্থ এই নয় যে তদন্তকারীদের হাতে চাপ প্রয়োগের কোনো উপায় নেই।
কংগ্রেসের হাতে অস্ত্র বিক্রি, নিরাপত্তা সহায়তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদেশি সরকারের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে। এসব ক্ষেত্রকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর রাজনৈতিক চাপ তৈরি করা সম্ভব।
পরিকল্পিত দুর্নীতি তদন্ত সম্পর্কে অবহিত দুই ডেমোক্র্যাট কংগ্রেশনাল সহকারী জানিয়েছেন, আইনপ্রণেতারা এই ক্ষমতাগুলো ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারেন।
সংবেদনশীল তথ্য নিয়ে কথা বলায় তারাও পরিচয় প্রকাশ না করার শর্তে বক্তব্য দিয়েছেন।
তাদের একজনের মতে, কোনো দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করার সঙ্গে জড়িত বলে মনে হলে আইনপ্রণেতারা সেই দেশের সঙ্গে পূর্ণাঙ্গ অংশীদারত্ব বজায় রাখতে কম আগ্রহী হবেন।
এই অবস্থান উপসাগরীয় দেশগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের বড় ভিত্তি সামরিক সহযোগিতা, অস্ত্র কেনাবেচা ও নিরাপত্তা অংশীদারত্ব। ফলে তদন্তে সহযোগিতা না করার মূল্য শুধু কূটনৈতিক অস্বস্তিতে সীমাবদ্ধ নাও থাকতে পারে।
কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি ইতিমধ্যে বিষয়টি নিয়ে উপসাগরীয় নেতাদের সতর্ক করেছেন। অক্টোবরে পারস্য উপসাগর সফরের সময় তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দুর্নীতি নিয়ে নিজের উদ্বেগের কথা আলোচনা করেন।
ওয়াশিংটনে ফিরে এক অনুষ্ঠানে মারফি বলেন, “সৌদি আরব ও কাতারে কিছু কঠিন বার্তা দেওয়া প্রয়োজন ছিল।”
তার মূল্যায়ন আরও কঠোর। “আমাদের পররাষ্ট্রনীতি দুর্নীতিগ্রস্ত হয়েছে,” বলেন তিনি।
মারফির মতে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ব্যক্তিগত ও আর্থিক সম্পর্ক আরও বাড়ানোর চেষ্টা উপসাগরীয় দেশগুলোর জন্য উল্টো বিপদ ডেকে আনতে পারে।
সফরের সময় তিনি সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের এমন সম্পর্ক সম্প্রসারণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন। তার ভাষায়, নতুন বিনিয়োগ বা আর্থিক যোগাযোগ দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও “ঝুঁকির মধ্যে ফেলবে”।
ডেমোক্র্যাটদের আগ্রহের কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন; অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কী ধরনের প্রভাব তৈরি করা হয়েছে?
সরকারি নৈতিকতা পর্যবেক্ষণকারী সংস্থা সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস ইন ওয়াশিংটনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডোনাল্ড শারম্যানের মতে, তদন্তকারীরা শুধু আর্থিক লেনদেনের পরিমাণ দেখেই থামবেন না। তারা খুঁজবেন বিনিয়োগ ও উপহারের পেছনের কৌশল।
শারম্যান বলেন, কংগ্রেসের তদন্তকারীরা উপসাগরীয় কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সদস্য এবং ট্রাম্প পরিবারের যোগাযোগের নথি সংগ্রহের চেষ্টা করবেন। সেসব যোগাযোগের মাধ্যমে বোঝার চেষ্টা করা হবে, ব্যবসায়িক বিনিয়োগ কিংবা উপহার দেওয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো নীতিগত সিদ্ধান্তের সম্পর্ক ছিল কি না।
তার মতে, অর্থ রাজনীতিকে প্রভাবিত করতে পারে; এমন ধারণা যুক্তরাষ্ট্রের জনগণের কাছে নতুন নয়। কিন্তু সেই প্রভাব কীভাবে কাজ করে, তা প্রমাণসহ সামনে আনা সম্পূর্ণ আলাদা বিষয়।
“যুক্তরাষ্ট্রের জনগণ বোঝে যে অর্থের প্রভাব আছে। কিন্তু সেই অর্থ কীভাবে প্রভাব ফেলে, সেটি নিজের চোখে দেখা একেবারে আলাদা বিষয়,” বলেন শারম্যান। তিনি আরও বলেন, “একটি বিষয় অনুমান করা, আরেকটি হলো নিশ্চিতভাবে জানা।”
তবে সেই নিশ্চিত প্রমাণ সংগ্রহ করাই তদন্তকারীদের সবচেয়ে কঠিন কাজ হতে পারে।
উপসাগরীয় সরকারগুলোর অবস্থান সম্পর্কে অবহিত কূটনীতিকরা মনে করেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মতো তথ্য প্রকাশে দেশগুলো যথাসম্ভব অনীহা দেখাবে। কারণ এসব নথি প্রকাশ পেলে শুধু রাজনৈতিক অস্বস্তিই তৈরি হবে না, কংগ্রেসের শাস্তিমূলক পদক্ষেপের ভিত্তিও তৈরি হতে পারে।
অঞ্চলে কর্মরত এক কূটনীতিকের মতে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চাওয়া তথ্য প্রকাশ করা সংশ্লিষ্ট দেশগুলোর জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত বিব্রতকর হতে পারে।
ফলে একদিকে তদন্তকারীদের তথ্য সংগ্রহের চেষ্টা, অন্যদিকে উপসাগরীয় সরকারগুলোর গোপনীয়তা বজায় রাখার আগ্রহ; দুইয়ের সংঘাত দীর্ঘস্থায়ী কূটনৈতিক বিরোধে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
দুর্নীতির বাইরেও জমে আছে পুরোনো ক্ষোভ
ট্রাম্প পরিবারের সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ে তদন্তই উপসাগরীয় দেশগুলোর একমাত্র উদ্বেগ নয়। ডেমোক্র্যাটদের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আগে থেকেই নানা আঞ্চলিক প্রশ্নে জটিল। মধ্যপ্রাচ্যে মানবাধিকার, সামরিক অভিযান এবং সংঘাতপূর্ণ অঞ্চলে বিভিন্ন দেশের ভূমিকা নিয়ে দলটির দীর্ঘদিনের আপত্তি রয়েছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে আরব উপদ্বীপবিষয়ক পরিচালক হিসেবে কাজ করেছিলেন অ্যালিসন মাইনর। তার মতে, নতুন দুর্নীতি তদন্ত এমন একটি সম্পর্ককে আরও কঠিন করে তুলবে, যেখানে আগে থেকেই উত্তেজনা বাড়ার সম্ভাবনা ছিল।
“আমার মনে হয়, ডেমোক্র্যাটদের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সামনে কঠিন পথ অপেক্ষা করছে,” বলেন মাইনর। তিনি মনে করেন, এই বিরোধকে শুধু ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করা যাবে না। “এখানে সুদানও আছে, সৌদির ইয়েমেন যুদ্ধও আছে।” বলেন তিনি।
সুদানের গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। দেশটির বিরুদ্ধে এমন আধাসামরিক যোদ্ধাদের সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে, যারা হাজার হাজার মানুষকে হত্যার সঙ্গে জড়িত।
অন্যদিকে ইয়েমেনে হুতি মিলিশিয়ার বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানের ধরন নিয়েও ডেমোক্র্যাটদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। সেসব অভিযানে বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে।
মাইনরের মতে, এসব বিষয় নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে রয়েছে বছরের পর বছর ধরে জমে থাকা অসন্তোষ। তার ভাষায়, এগুলো এমন বিষয়, যেখানে ডেমোক্র্যাটদের “দীর্ঘ অভিজ্ঞতা ও জমে থাকা ক্ষোভ, দুটিই আছে।”
আর এ কারণে সম্ভাব্য তদন্ত শুধু কয়েকটি ব্যবসায়িক চুক্তির বৈধতা যাচাইয়ে সীমাবদ্ধ থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া অনুসন্ধান উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামগ্রিক সম্পর্ক পুনর্বিবেচনার পথ খুলে দিতে পারে।
দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরের রাজতন্ত্রগুলো ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পরিচালনায় হোয়াইট হাউসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেই সম্পর্ক আরও ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। প্রেসিডেন্টের পরিবার, তাদের ব্যবসায়িক অংশীদার এবং উপসাগরীয় রাজপরিবারগুলোর মধ্যে আর্থিক যোগাযোগও বিস্তৃত হয়েছে।
কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় হোয়াইট হাউসই ক্ষমতার একমাত্র কেন্দ্র নয়। কংগ্রেসের হাতেও রয়েছে এমন ক্ষমতা, যা অস্ত্র বিক্রি থেকে নিরাপত্তা সহযোগিতা পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ডেমোক্র্যাটদের নির্বাচনী জয়ের পর সেই বাস্তবতাই নতুন করে সামনে এসেছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জন্য এখন প্রশ্ন শুধু অতীতের বিনিয়োগ কিংবা উপহারের ব্যাখ্যা দেওয়া নয়। তাদের এমন এক কংগ্রেসের মুখোমুখি হতে হবে, যার সদস্যরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে গড়ে ওঠা আর্থিক সম্পর্ককে সন্দেহের চোখে দেখছেন এবং সেসব সম্পর্কের পেছনের উদ্দেশ্য প্রকাশ্যে আনতে চান।
তদন্তে শেষ পর্যন্ত কোনো বেআইনি লেনদেন প্রমাণিত হবে কি না, তা এখনো অনিশ্চিত। কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে; ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা যে সম্পর্কগুলোকে এত দিন শক্তিশালী করেছিল, ওয়াশিংটনের বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণে সেগুলোই এখন উপসাগরীয় রাজতন্ত্রগুলোর জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট



