প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম
রাগ ও মানসিক চাপ থেকে সাময়িক স্বস্তি পেতে ‘রেজ রুমে’ হাতুড়ি দিয়ে টেলিভিশন ভাঙছেন এক তরুণী। ভারতে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই অভিনব বিনোদন। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
বোতলের গায়ে সাঁটানো সাবেক প্রেমিকের ছবি। হাতে হাতুড়ি। সামনে যা আছে, সব ভেঙে ফেলার অনুমতি। কেউ বাধা দেবে না, প্রশ্নও করবে না।
বেঙ্গালুরুর ইন্দিরানগরের একটি ‘রেজ রুমে’ সেদিন এমনই এক সুযোগ পেয়েছিলেন নিমিশা শর্মা। স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। চাকরির প্রস্তুতিমূলক সাক্ষাৎকারও ভালো হয়নি। তার ওপর কিছুদিন আগে ভেঙে যাওয়া সম্পর্কের ক্ষোভ। সব মিলিয়ে দিনটা অসহ্য হয়ে উঠেছিল।
সাবেক প্রেমিকের ছবি লাগানো বোতলটি ভাঙার পর মনের ভার কিছুটা লাঘব হয় তার।
২৭ বছর বয়সী নিমিশা বলেন, ‘ওই ১৫ মিনিটের অনুভূতি ছিল খুব তীব্র। মনে হচ্ছিল, গভীরভাবে ধ্যান করছি। আশপাশে কেউ নেই। আপনি শুধু জিনিস ভাঙছেন, নিজের আবেগ অনুভব করছেন। সেই আবেগের শক্তি ঢেলে দিচ্ছেন ভাঙচুরে।’

দিল্লির রেজ রুমে নিজের জন্মদিন উদযাপনের সময় একটি থেঁতলানো ক্যানিস্টারের ওপর রাখা বাটি লক্ষ্য করে নিশানা করছেন অপূর্বা সিংহ। ছবি: হিমাংশী আগরওয়াল।
ভারতের শহরগুলোতে এমন অভিজ্ঞতা কিনতে আসছেন তরুণেরা। একটি বন্ধ ঘর, সুরক্ষার পোশাক, তাকে সাজানো কাচের জিনিসপত্র আর হাতে হাতুড়ি। এখানে জিনিস ভাঙা নিষেধ নয়; বরং সেটিই মূল আয়োজন। নাম; রেজ রুম, অর্থাৎ রাগ ঝাড়ার ঘর।
শহুরে একাকিত্ব, উদ্বেগ, কাজের চাপ কিংবা সম্পর্ক ভাঙার কষ্ট থেকে সাময়িক স্বস্তি খুঁজতে এসব ঘরে আসছেন অনেকে। কেউ আসছেন নিছক আনন্দ করতে। চাহিদার সঙ্গে বাড়ছে ব্যবসাও। একাধিক শহরে ছড়িয়ে পড়া ‘রেজ রুম’ ছাড়াও এই সেবা দিচ্ছে ‘রেজ কেজ’, ‘ক্যাফে ভড়াস’ ও ‘অ্যাঙ্গার ব্যাঙ্গার’।
রেজ রুমের প্রতিষ্ঠাতা অনন্যা শেঠির তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লিসহ বিভিন্ন শহরে তাদের কেন্দ্রগুলোতে এসেছেন ৯৭ হাজারের বেশি মানুষ।
আর এই ভিড়ে নারীরাই সংখ্যাগরিষ্ঠ। শেঠি জানান, তাদের গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ নারী। বেশির ভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। যুক্তরাজ্যসহ অন্য দেশেও একই প্রবণতা দেখা যাচ্ছে।
শেঠি এর কারণ হিসেবে বলছেন, ‘প্রকাশ্যে পুরুষের রাগ দেখানো সমাজে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য। কিন্তু নারীরা অনেক দিন ধরে রাগ নিজের ভেতরে চেপে রাখেন। সেই রাগ জমতেই থাকে। এখানে তারা নিরাপদে ও স্বাধীনভাবে রাগ ঝাড়ার সুযোগ পান। কেউ তাদের বিচার করে না।’
জাপান ও পশ্চিমা দেশগুলোতে ২০০০ এর দশকের শেষ দিক থেকেই রেজ রুমের ধারণা চালু আছে। শুধু যুক্তরাষ্ট্রেই আনুমানিক ৩৬০টি রেজ রুম রয়েছে। ভারতে অবশ্য টাকা দিয়ে ভাঙচুরের এই ব্যবসা জনপ্রিয় হয়েছে মূলত গত কয়েক বছরে।
শেঠির হিসাবে, প্রায় ৬০ শতাংশ গ্রাহক আসেন মনের ভার হালকা করতে। বাকি প্রায় ৪০ শতাংশ আসেন একটি বিনোদনমূলক অভিজ্ঞতার জন্য। তবে দুই দলের মধ্যে স্পষ্ট সীমারেখা টানা কঠিন।
হাতুড়ির আঘাতে কী ঝরে যায়
নিমিশা এখন এমবিএ পড়ছেন। এর আগে দুবার পেশাদার কাউন্সেলরের কাছে গিয়েছেন। একবার ক্যারিয়ার নিয়ে উদ্বেগের কারণে, আরেকবার ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে। কিন্তু বোতলে সাবেক প্রেমিকের নাম লিখে বড় হাতুড়ি চালানোর অভিজ্ঞতা তার কাছে আলাদা।
তিনি বলেন, ‘দুটো একেবারেই আলাদা বিষয়। কাউন্সেলর আমাকে শেখাতে পারেন, নিজের রাগকে কীভাবে বুঝব, কীভাবে সামলাব। কিন্তু আমার ভেতরে জমে থাকা রাগ তো তার ওপর ঝাড়তে পারি না। এখানে সেটা পারি।’
নিজের অভিজ্ঞতার সঙ্গে ‘জব উই মেট’ চলচ্চিত্রের গীত চরিত্রের মিল খুঁজে পান নিমিশা। তার ভাষায়, ‘মনে হচ্ছিল, জিনিস ভাঙার সঙ্গে সঙ্গে আবেগগুলোও ঝেড়ে ফেলছি। অদ্ভুতভাবে খুব স্বস্তি লাগছিল।’
তবে স্বস্তি পাওয়া আর জীবনের জট খুলে যাওয়া যে এক নয়, তা স্পষ্ট ইন্দুর অভিজ্ঞতায়।

‘আমাদের মতো মেয়েদের পক্ষে ভালো কন্যা, মানুষ, বন্ধু, সঙ্গী, বোন হওয়ার চেষ্টা করাটা বেশ কঠিন,’ দিল্লির রেজ রুমের একটি পোস্ট-ইটে লেখা। ছবি: হিমাংশী আগরওয়াল।
ই-কমার্স খাতে গ্রোথ মার্কেটিং অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেন তিনি। বেঙ্গালুরুর রেজ রুমে গিয়েছেন তিনবার। প্রথমবার যাওয়ার সময় বড় এক সিদ্ধান্ত নিয়ে দোটানায় ছিলেন; চাকরি বদলাবেন, নাকি এমবিএ করবেন?
ইন্দু বলেন, ‘জীবনের খুব দোটানার একটা সময় ছিল সেটা। অনেক কিছু নিয়েই একটু ভয় কাজ করছিল। জীবনও আমার স্বপ্নের মতো এগোচ্ছিল না।’
রেজ রুম কি তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল? তার উত্তর, ‘না।’
ভালো লেগেছিল? ‘হ্যাঁ।’
‘সেদিন ভালো ঘুম হয়েছিল। পরের কয়েক দিনও। জীবনের এসব দ্বিধা অনেক বড়। শেষ পর্যন্ত নিজেকেই পথ খুঁজে নিতে হয়। তবে অভিজ্ঞতাটা ভালো ছিল। ভেতরে জমে থাকা সবকিছু বের করে দিতে পেরে ভালো লেগেছিল।’ বলেন ইন্দু।
এক বছরের কিছু বেশি সময় পর আবার সেখানে যান তিনি। এবার বন্ধুদের সঙ্গে, শুধুই আনন্দ করতে।
কারও জন্য এই অভিজ্ঞতা আবার জন্মদিনের উপহার। ৩০তম জন্মদিনে স্বামী প্রখরের কাছ থেকে দিল্লির রেজ রুমে একটি সেশন উপহার পেয়েছিলেন অপূর্বা সিং।
যানজট বা খারাপ সেবার মতো ছোটখাটো বিষয়েও মেজাজ চড়ে যায় অপূর্বার। তার মনে হয়েছিল, জন্মদিনের আয়োজন হিসেবে এটি বেশ মানানসই।
প্রখর অবশ্য বিষয়টি নিয়ে রসিকতা করেন। ‘ও তো এমনিতেই জিনিস ভাঙে, অবশ্য ভুল করে। ভাবলাম, এখানে এসে কাজটা ঠিকঠাক করুক।’
দিল্লির রেজ রুমের সাজসজ্জাতেও সেই মেজাজ। হলুদ দেয়ালজুড়ে লাল-কালো আঁকিবুঁকি। একটি দেয়াল পুরো কালো। সেটিই জিনিস ছোড়ার লক্ষ্য। কর্মীরা গ্রাহকদের শুধু ওই দেয়াল লক্ষ্য করে ছুড়তে বলেন।
একটি তাকে রাখা ভাঙার জিনিসপত্র। মেঝেতে পুরোনো টায়ার। কয়েকটি টায়ারের ওপর আড়াআড়ি তক্তা রাখা, যাতে বোতল বা কাপ দাঁড় করানো যায়। বহু মানুষের আঘাতে ঘরের ধাতব পাত্রটি দোমড়ানো। আগের সেশনগুলোর ভাঙাচোরা জিনিসও মেঝেতে পড়ে থাকে। দিনে একবার, সব সেশন শেষে ঘর পরিষ্কার হয়।

অপূর্ব এবং প্রখর সিং তাদের অধিবেশন চলাকালীন জিনিসগুলি ভেঙে ফেলে। ছবি: হিমাংশী আগরওয়াল।
এই ঘরে ভাঙচুরের কৌশলও একেকজনের একেক রকম। কেউ দেয়ালে জিনিস আছড়ে মারেন। কেউ ছোড়েন ধাতব পাত্রের দিকে। কেউ টায়ারের ওপর রেখে হাতুড়ি চালান।
অপূর্বা ও প্রখর জিনিস শূন্যে ছুড়ে হাতুড়ি দিয়ে আঘাত করছিলেন। পরপর দুটি বোতল ছুড়ে মাঝ আকাশে সেগুলোর সংঘর্ষও ঘটান তারা।
তাদের প্যাকেজে সেদিন একটি টিভি ছিল। সেটি ভেঙে যাওয়ার পরও অনেকক্ষণ আঘাত করতে থাকেন অপূর্বা। আবার প্যানেল ও পর্দায় হাতুড়ি চালান। পরে ছোট হাতুড়ি দিয়ে বাকি টুকরোগুলোও ভাঙেন।
অপূর্বা বলেন, ‘একপর্যায়ে শুধু অ্যাড্রেনালিনের উত্তেজনাই কাজ করছিল।’ পারিবারিক কিছু টানাপোড়েনের চাপ ঝেড়ে ফেলার আশা নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু জিনিস ভাঙতে গিয়ে অন্য এক অনুভূতি সামনে আসে, অপরাধবোধ।
‘যাদের কারণে আমার রাগ হয়, তাদের কথা ভাবার চেষ্টা করছিলাম। সেই রাগটা এখানে ঝাড়তে চাইছিলাম। কিন্তু সেভাবে হলো না। জিনিস ভাঙার সময় তাদের কথা ভাবলে মনে হচ্ছিল, আমি কি একভাবে তাদেরই ক্ষতি করছি? তাই আর ভাবিনি। কারণ এতে আনন্দটাই নষ্ট হয়ে যাচ্ছিল।’ বলেন অপূর্বা।
শান্ত স্বভাবের প্রখরের কাছে জায়গাটির আকর্ষণ অন্যখানে। এখানে নিজেকে ছেড়ে দেওয়া যায়।
তিনি বলেন, ‘এখন নিজের কথা কাউকে শোনানোই কঠিন। এমনকি মা-বাবার সঙ্গেও কথা বলা খুব কঠিন হয়ে যায়। কখনো বন্ধুদের সঙ্গেও কথা বলতে ইচ্ছা করে না। তাই মনে হয়, এটা এমন একটা জায়গা, যেখানে আপনি নিজের মতো থাকতে পারেন।’
ছবি আঁকতে বা কবিতা লিখতে দক্ষতা লাগে, যোগ করেন তিনি। ‘এখানে অংশ নিতে তেমন কোনো যোগ্যতা লাগে না।’
রাগেরও প্যাকেজ আছে
দিল্লির লাজপত নগরের রেজ রুমে রাগ ঝাড়ার আয়োজন বিক্রি হয় অনেকটা মাল্টিপ্লেক্সের পপকর্নের মতো। ছোট-বড় প্যাকেজ আছে। বাড়তি টাকা দিলে যোগ হয় আরও জিনিস।
ভাঙার তালিকায় রয়েছে বিয়ারের বোতল, কাপ, গ্লাস ও বাটি। সেশনের সঙ্গে হাতুড়ি ও রড দেওয়া হয়। যত বেশি জিনিসের প্যাকেজ, প্রতিটি ভাঙার খরচ তত কম।
‘চিল মোড’ প্যাকেজ শুরু ৫০০ রুপি থেকে। এতে পাওয়া যায় আটটি জিনিস। ‘র্যামপেজ’ প্যাকেজে ১ হাজার ২০০ রুপিতে ভাঙা যায় ৩০টি। যুগলদের জন্য ‘ইমোশনাল ডিটক্স’ প্যাকেজের দাম ৪ হাজার ৯০০ রুপি। এতে থাকে ১২০টি জিনিস।
আড়াই হাজার রুপির ‘ব্রেকআপ বাস্টার’ প্যাকেজে যার ওপর রাগ, তার ছবির একটি প্রিন্টও দেওয়া হয়।
আরও বড় কিছু ভাঙতে চাইলে যেকোনো প্যাকেজের সঙ্গে ১ হাজার ৮০০ রুপিতে একটি টিভি যোগ করা যায়। ৫০০ রুপিতে পাওয়া যায় চারটি টিউবলাইট। বড় ও দামি ‘বিস্ট’ শ্রেণির জিনিসও আছে। যেমন, ৫ হাজার রুপিতে একটি ফ্রিজ।

দিল্লির রেজ রুমের মেন্যুতে ক্রোধের প্রতিটি স্তরের জন্য প্যাকেজ রয়েছে। ছবি: হিমাংশী আগরওয়াল।
প্রতিটি সেশনের আগে নিয়মকানুন বুঝিয়ে দেওয়া হয়। দায়মুক্তির সম্মতিপত্রেও সই নেওয়া হয়। গ্রাহকদের দেওয়া হয় মাথার টুপি, মুখের সুরক্ষাকবচ, সুরক্ষার পোশাক, জুতা ও দস্তানা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, সেখানে আঘাত পাওয়ার হার ০.০৫ শতাংশ।
শনিবারের এক সন্ধ্যায় কাউন্টারের পেছনে ব্যস্ত ছিলেন ব্যবস্থাপক হেমন্ত সিং রাজপুত। বুকিং সামলাচ্ছিলেন। সঙ্গে ছিল একদল ইনফ্লুয়েন্সারের ভিড়। পরদিনের জন্য আবার ‘ব্লাইন্ড ডেট’ আয়োজনও নির্ধারিত ছিল; আগে থেকে পরিচয় নেই এমন মানুষদের সাক্ষাতের অনুষ্ঠান।
রাজপুত জানান, সপ্তাহের সাধারণ দিনে দুই থেকে তিনটি বুকিং আসে। সাপ্তাহিক ছুটিতে চার থেকে পাঁচটি। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকে। কখনো বন্ধের সময় পেরিয়েও সেশন চলে।
এক বন্ধু প্রথম তাকে রেজ রুমে নিয়ে এসেছিলেন। তখন বিষয়টি ঠিক বুঝতে পারেননি। কয়েক মাস এখানে কাজ করার পর ধারণাটি তার কাছে অর্থবহ হয়ে উঠেছে। তার পর্যবেক্ষণ, মানুষ বের হওয়ার সময় আগের চেয়ে শান্ত থাকেন।
রাজপুত বলেন, ‘অনেকেই এমন কষ্টকর অনুভূতি নিয়ে এখানে আসেন, যেগুলো নিয়ে তারা কারও সঙ্গে কথা বলতে পারেন না। অনুভূতি প্রকাশ না করার জন্য সমাজের অনেক চাপ থাকে। এখানে আপনি ইচ্ছেমতো রাগ ঝাড়তে পারেন।’
কখনো গ্রাহকেরা নিজেদের গল্পও বলেন। পারিবারিক সমস্যা, কাজের চাপ, সম্পর্ক ভাঙা, ঝগড়া কিংবা রাজনৈতিক ক্ষোভ; নানা কারণেই মানুষ আসেন।
এক বাবা তার ছেলেকে একাধিকবার নিয়ে এসেছেন। ছেলেটি কঠিন সময় পার করছিল। রাজপুতের ভাষায়, আসার সময় তাকে অস্থির মনে হতো। ফেরার সময় তুলনামূলকভাবে অনেক শান্ত থাকত।
সম্পর্ক ভেঙে যাওয়া এক বন্ধুর জন্য আরেক ব্যক্তি সেশন বুক করেছিলেন। ঘটনাটি মনে করে হেসে ওঠেন রাজপুত।
‘লোকটি আমাকে বলেছিলেন, রেজ রুম থেকে বেরিয়ে তারা মদ্যপান করবেন। কারণ তার বন্ধু নেশা করার পর জিনিস ভাঙার চেয়ে আগেই এখানে ভেঙে নিলে ভালো।’
ঘরের দেয়ালেও রয়ে গেছে গ্রাহকদের অভিজ্ঞতা। ছোট আঠালো কাগজে কেউ লিখেছেন স্বস্তির কথা, কেউ ক্ষোভ। একটিতে লেখা, ‘রেজ রুম আরও বেশি থাকলে অপরাধ কম হতো।’
নিজের ‘রাগী সত্তাকে’ মুক্ত করার কথা লিখেছেন এক নারী। তার বার্তা, ‘ভেতরে একটি ছোট মেয়ে হয়েও আমাদের নারীদের ভালো মেয়ে, ভালো মানুষ, ভালো বন্ধু, ভালো সঙ্গী ও ভালো বোন হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হয়। কাজটা খুব কঠিন।’
কিছু বার্তায় ক্ষোভ আরও সরাসরি। কেউ এক পুরুষের ছবির প্রিন্ট সাঁটিয়ে অন্যদের সেটির ওপর রাগ ঝাড়তে বলেছেন। আরেকটি বার্তার সঙ্গে ছিল একটি ফোন নম্বর। লেখা ছিল, ‘আমার বোনের দাম্পত্য সমস্যার কারণে আমরা এখানে এসেছি। লোকটাকে আমরা ঘৃণা করি। ইচ্ছা হলে আপনারাও তার ওপর রাগ ঝাড়তে পারেন।’
আজ যে রাগকে ঘিরে এত আয়োজন, তার ব্যবসায়িক সম্ভাবনাও ধরা দিয়েছিল ব্যক্তিগত এক কঠিন সময় থেকে।
২০২২ সালের দিকে বন্ধুদের সঙ্গে মজা করে অনন্যা শেঠি বলেছিলেন, জিনিস ভাঙার মতো একটি জায়গা দরকার তার। বেঙ্গালুরুতে খুঁজেও তেমন কিছু পাননি। পরে দেখলেন, একই জায়গার খোঁজ করছেন আরও অনেকে।
তখন তার বয়স বিশের কোঠার শুরুর দিকে।
শেঠি বলেন, ‘টুইটার, রেডিট সব জায়গায় মানুষ এমন কিছু খুঁজছিল। তখনই ভাবলাম, ধারণাটি হয়তো এখানে আমারই নিয়ে আসা উচিত।’

রেজ রুমের প্রতিষ্ঠাতা অনন্যা শেঠি। ছবি: লিঙ্কডইন
কাছের শহর হায়দরাবাদে সুরাজ পুসারলাও বন্ধুদের সঙ্গে একই আলোচনা করছিলেন। ছোটবেলায় মন খারাপ হলে তারা জিনিস ভাঙতে পারতেন। বড় হলে সেই সুযোগ থাকবে না কেন?
পুরোনো জিনিসপত্রের ব্যবসায়ীদের কাছ থেকে ফেলে দেওয়া সামগ্রী এনে দুটি ঘর ভরেন পুসারলা। ২০২২ সালের অক্টোবরে খোলেন প্রথম রেজ রুম।
পরে তার ব্যবসায়িক অংশীদার হন শেঠি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুর জয়নগরে দ্বিতীয় রেজ রুম চালু করেন। পুরো সময় ব্যবসায় দিতে বিপণনের চাকরিটিও ছেড়ে দেন।
এরপর মুম্বাই, সুরাট ও দিল্লিতে শাখা খোলে প্রতিষ্ঠানটি। বেঙ্গালুরুর ইন্দিরানগরে চালু হয় আরও বড় একটি রুম। ২০২৪ সালে ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’ অনুষ্ঠানে ব্যবসাটি তুলে ধরেন পুসারলা। ওই বছরের শেষ দিকে নিজের অংশীদারত্ব বিক্রি করে দেন তিনি।
কাছাকাছি সময়ে নেটফ্লিক্সের ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ অনুষ্ঠানেও দেখা যায় রেজ রুম। সেখানে জাঁকজমকপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত নারীরা হলুদ হেলমেট পরে রাগ ঝাড়েন।
বাইরের বিনিয়োগ ছাড়াই শুরু হয়েছিল ব্যবসাটি। শেঠির ভাষ্য অনুযায়ী, পরে বিনিয়োগকারীরা যুক্ত হয়েছেন। ব্যবসা এখন লাভজনক।
মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি রেজ রুম পরিচালনায় কাজে লাগে বলে মনে করেন শেঠি। নিজেকে তিনি ‘খুব শান্ত স্বভাবের মানুষ’ বলেই বর্ণনা করেন। তবে সম্পর্ক ভাঙার পর একসময় তাকেও এই ঘরের আশ্রয় নিতে হয়েছিল।
শেঠি বলেন, ‘সম্পর্ক ভাঙার সিদ্ধান্তটা ছিল একতরফা। আমার ভেতরে অনেক রাগ, কষ্ট ও শোক জমে ছিল। বেশির ভাগ সম্পর্ক শেষ হয় একে অন্যকে খুব খারাপ কথা বলার মধ্য দিয়ে। কিন্তু আমি রাগ ঝেড়ে ফেলতে পেরেছিলাম। তাই নিজের আবেগ অনেক ভালোভাবে সামলাতে পেরেছি। জীবন নতুন করে গড়ে তোলায় মন দিতে পেরেছি।’
তথ্যসূত্র: দ্য ওয়্যার



