প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ এএম
এক প্রজন্মকে ক্ষুব্ধ করে কীভাবে নিজের বিরুদ্ধেই নামাল মোদি সরকার
শুরুটা অবশ্যই এনইইটি দিয়ে হয়েছিল। কিন্তু বিক্ষোভের স্বভাবই এমন, যত বেশি মানুষ যোগ দেয়, তত বেশি ইস্যু সামনে আসে। ছবি: রয়টার্স
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬। ০২:২২ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬। ১৭:১৯ পিএম
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রায় একশ শিক্ষার্থী গত ২ অক্টোবর দুপুর দুইটার দিকে দিল্লির যন্তর মন্তরের দিকে যেতে শুরু করেন।
ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছিলেন। সামনে এগোতে এগোতে তারা স্লোগান দিচ্ছিলেন, “ভোট চোর, গদি ছাড়ো!”
দিল্লি পুলিশের সদস্যরা দলটিকে শুরুতেই বাধা দেন। পরে বিক্ষোভকারীদের আটক করতে তাদের ধাওয়া শুরু করেন। বিক্ষোভকারীরাও পুলিশের হাত এড়িয়ে দৌড়াতে থাকেন। দৌড়ানোর সময় তাদের আরেকটি স্লোগান ছিল, “দিল্লি পুলিশ, উর্দি খোলো, আরএসএসের নিকার পরো!” অর্থাৎ, “দিল্লি পুলিশ, ইউনিফর্ম খুলে আরএসএসের হাফপ্যান্ট পরো।”
বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন হিন্দু কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ১৭ বছর বয়সী শিক্ষার্থী সাহিল। নিজের আসল নাম প্রকাশ না করার অনুরোধে তাকে স্ক্রলের প্রতিবেদনে ছদ্মনামে উল্লেখ করা হয়েছে।
সাহিল বলেন, “আমি সেই দলের অংশ ছিলাম, যারা দুটি ব্যারিকেড ভেঙে যন্তর মন্তরের দিকে পৌঁছে গিয়েছিল। তৃতীয় ব্যারিকেডের কাছে আমাদের আটক করা হয়।”
বিক্ষোভের বিশৃঙ্খলার মধ্যে পুলিশ তাকে মারধর করেছে। শরীরে কিছু আঘাতের চিহ্ন হয়েছে বলে দাবি করেন সাহিল। পুলিশ তাকে এবং অন্য বিক্ষোভকারীদের একটি বাসে তুলে কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে শেষ পর্যন্ত দিল্লি-হরিয়ানা সীমান্তের কাছে নামিয়ে দেয়।
সাহিলের ভাষ্যে, “আমরা আগে থেকেই জানতাম, সেখানে গেলে আটক হওয়াই উদ্দেশ্য। তারপরও পুরো বাসযাত্রায় আমার হাত কাঁপছিল।”
সীমান্ত থেকে বাস ও মেট্রো ধরে রাত প্রায় নয়টায় বাড়ি ফেরেন তিনি। তার বাবা-মা জানতেনই না যে ছেলে আটক হয়েছিল। এমনকি সে বিক্ষোভে অংশ নিয়েছে; তাও তাদের জানা ছিল না।
সাহিল বলেছিলেন, “আমি তাদের (বাবা-মা) জানিয়েছিলাম, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বলে ফিরতে দেরি হবে।” পাঁচ মাসের মধ্যে এটি ছিল দ্বিতীয়বার, যখন সাহিল কোনো বিক্ষোভে রাস্তায় নামেন।
জুনে তিনি আরও কয়েক হাজার তরুণের সঙ্গে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন বিক্ষোভে অংশ নিয়েছিলেন। মেডিকেল কলেজে ভর্তির জাতীয় পরীক্ষা এনইইটির প্রশ্নপত্রে অনিয়মের অভিযোগে তখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়েছিল।
পরিবার তার কর্মকাণ্ড সমর্থন করবে না; এটা জানার পরও সাহিল আন্দোলনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, “আমার বেশিরভাগ আত্মীয় শিক্ষক। শিক্ষা নিয়ে তাদের ধারণা সবসময়ই রাজনীতির বাইরে। আমার বাবা-মা মনে করেন, রাজনীতি ঘরের বাইরের বিষয়। তাদের ধারণা, শিশু-কিশোরদের বিক্ষোভে জড়ানো উচিত নয়। কারণ রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করবে।”
তারপরও কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের প্রতি তার হতাশা ও ক্ষোভ বাড়ছিল বলে জানান সাহিল। জুনে মেডিকেল কলেজে ভর্তির ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা এনইইটির প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলনের কথা জানতে পেরে তিনি প্রথম সেই ক্ষোভ প্রকাশ্যে দেখানোর সিদ্ধান্ত নেন। যদিও তিনি নিজে অন্য বিষয়ে পড়াশোনা করেন।
সাহিল বলেন, “শুরুটা অবশ্যই এনইইটি দিয়ে হয়েছিল। কিন্তু বিক্ষোভের স্বভাবই এমন, যত বেশি মানুষ যোগ দেয়, তত বেশি ইস্যু সামনে আসে। আর মানুষ ক্ষুব্ধ হওয়ার মতো ইস্যু তো অনেক।”
সাহিল কেন বিক্ষোভে নামার সিদ্ধান্ত নিয়েছেন, তার অভিজ্ঞতা ভারতের বর্তমান অস্থির সময়ের একটি দিক তুলে ধরে। বিপুলসংখ্যক তরুণ ‘জেন জি’ বিক্ষোভকারী এখন রাস্তায় নেমেছেন।
তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কীভাবে তৈরি হয়েছে এবং কী তাদের রাস্তায় টেনে এনেছে, তা বুঝতে দিল্লি ও মুম্বাইয়ের ১০ তরুণ বিক্ষোভকারীর সঙ্গে কথা বলেছে স্ক্রল। তাদের মধ্যে ছয়জন বলেছেন, বিক্ষোভে পুলিশ তাদের সঙ্গে ধস্তাধস্তি করেছে অথবা আটক করেছে।
সাহিলের মতো অধিকাংশই বলেছেন, একের পর এক সংকটের কারণে সময়ের সঙ্গে তাদের ক্ষোভ জমেছে।
এনইইটির প্রশ্নপত্র ফাঁস এবং বিতর্কিত এসআইআর ছাড়াও তারা কোভিড-১৯ সংকট সরকার ঠিকভাবে সামলাতে পারেনি বলে যে ধারণা তৈরি হয়েছে, নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ পাস করা এবং জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ঘোষণার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেছেন।
অনেকে সরকারের শিক্ষা সংস্কারকে অকার্যকর বলে মনে করে বলেন, এতে শিক্ষাব্যবস্থার ক্ষতি হয়েছে। বেকারত্ব বৃদ্ধি এবং ব্যক্তিগত ও রাজনৈতিক স্বাধীনতা ক্রমেই সংকুচিত হওয়ার অভিযোগেও তারা হতাশ।
দিল্লির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ভ্যানেসা বলেন, “অনেক মানুষ অবশ্যই শিক্ষাব্যবস্থা এবং এর ভেতরের সমস্যাগুলোর কারণে এসেছিলেন। কিন্তু আমি গিয়েছিলাম গত ১২ বছরে দেশ হিসেবে আমরা যে বড় সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, সেগুলোর কারণে।”
তিনি বলেন, “সম্প্রতি আমার ২১ বছর হয়েছে। তাই এই বিক্ষোভই প্রথম সময়, যখন মনে হয়েছে আমি প্রতিবাদে অংশ নিতে পারি এবং সরকারের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করতে পারি।”
তরুণ বিক্ষোভকারীরা সাহস দেখালেও রাস্তায় প্রকাশ্যে প্রতিবাদ করার বাস্তব ঝুঁকি সম্পর্কেও তারা সচেতন।
হিন্দু কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী শুভি সিং বলেন, “আমি সত্যিই ভয় পাই। মিথ্যা বলব না। কিন্তু আজ যদি আমি না দাঁড়াই, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কতটা খারাপ হবে; সেটা ভেবে আরও বেশি ভয় লাগে। আমরা পরবর্তী প্রজন্মের জন্য কেমন পৃথিবী রেখে যাব?”

যন্তর মন্তরের সামনে দিল্লি পুলিশের হাতে আটক আন্দোলনরত শিক্ষার্থী। ছবি: রয়টার্স
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে রাজনৈতিক সচেতনতা
সাহিলের মতো স্ক্রলের সঙ্গে কথা বলা আরও তিন শিক্ষার্থীর বাবা-মাও তাদের বিক্ষোভে অংশ নেওয়ার কথা জানতেন না। অনেকেই শুধু প্রথম নাম প্রকাশ করতে বলেছেন। কেউ কেউ পুরোপুরি নাম গোপন রাখতে চেয়েছেন।
১৮ বছর বয়সী খিতীশ জানান, ২০ জুলাই পুলিশ তাকে নির্মমভাবে লাঠিপেটা করেছিল। আর এ কথা তার বাবা-মা জানেন না। জুলাই থেকে তাকে চারবার আটকও করেছে পুলিশ বলে তার দাবি। এর মধ্যে দুইবার তিনি বাস থেকে লাফ দিয়ে আটক এড়ানোর চেষ্টা করেছিলেন।
দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খিতীশ পূর্ব দিল্লির একটি ডানপন্থী উচ্চবর্ণের ব্যবসায়ী পরিবার থেকে এসেছেন। তিনি বলেন, “আমার বাবা-মা পুরোপুরি গেরুয়াকরণ হওয়া ফ্যাসিস্ট। আমরা খুব কমই রাজনীতি নিয়ে কথা বলি। কিন্তু যখন তারা বলে, তখন সবসময়ই এমন কথা বলে; মোদি কত মহান, তিনি আমাদের ধর্মের রক্ষাকর্তা।”
তিনি আরও বলেন, “তারা জানেন অর্থনীতি খুব ভালো চলছে না, জিনিসপত্রের দাম দ্রুত বাড়ছে। কিন্তু এসব নিয়ে তাদের মাথাব্যথা নেই।”
২৬ বছর বয়সী বৈষ্ণবী সোনাওয়ানে মুম্বাইয়ে থাকেন এবং সেখানকার বিক্ষোভে অংশ নিয়েছেন। জুলাইয়ের বিক্ষোভে অংশ নিতে দিল্লিতেও গিয়েছিলেন। অক্টোবরেও আবার যান। দ্বিতীয় সফরে পুলিশ তার সঙ্গে ধস্তাধস্তি করেছে বলে তিনি অভিযোগ করেন। গুজরাটে থাকা তার বাবা-মা তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কিছুই জানেন না।
পরিবারে রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও বহু তরুণ স্ক্রলকে বলেছেন, বছরের পর বছর সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিজ্ঞতা তাদের রাজনীতিতে আগ্রহী করেছে। এর কিছু ঘটনা ঘটেছিল তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই।
২০২০ সালে ভ্যানেসা লক্ষ্ণৌতে স্কুলে পড়ছিলেন, যখন কোভিড-১৯ মহামারি শুরু হয়। সরকারি চাকরিজীবী তার বাবা অসুস্থ হয়ে পড়লে পরিবারটি মরিয়া হয়ে অক্সিজেন সিলিন্ডার খুঁজেছিল। ভ্যানেসা বলেন, “আমার বাবার খুব গুরুতর চিকিৎসা দরকার ছিল। শেষ পর্যন্ত, সম্ভবত তিন দিন পর, লক্ষ্ণৌর শেষ খালি হাসপাতাল শয্যাটিতে তাকে ভর্তি করাতে পেরেছিলাম।”
তিনি বলেন, “এটা এমন একটি পরিবারের অভিজ্ঞতা, যারা যথেষ্ট সুবিধাপ্রাপ্ত ছিল। অন্য মানুষগুলোর কী হয়েছিল, আমি শুধু কল্পনাই করতে পারি।”
এই অভিজ্ঞতা ও মহামারি মোকাবিলায় সরকারের ব্যর্থতা সম্পর্কে তার সামগ্রিক ধারণা তাকে “র্যাডিক্যালাইজড” বা অনেক বেশি রাজনৈতিক করে তুলেছে বলে ভ্যানেসার ভাষ্য। তিনি বলেন, “আমি সবসময়ই জানতাম সরকারের মধ্যে কিছু সমস্যা আছে। কিন্তু এরপর মনে হলো; এই সরকারকে যেতেই হবে। প্রস্তুতি নেওয়ার মতো সম্পদ তাদের ছিল, কিন্তু তারা নেয়নি।”
খিতীশও বলেন, কোভিড-১৯ মহামারি তার রাজনৈতিক মতাদর্শ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিজে খুব গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত না হলেও সেই সময় সাধারণ মানুষের দুর্ভোগ তার মনে গভীর ছাপ ফেলেছিল।
তিনি বলেন, “সোশাল মিডিয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ দেখে আমি আতঙ্কিত হয়েছিলাম। কোভিড আমাদের দেশের বৈষম্যকে একেবারে উন্মুক্ত করে দিয়েছিল।”
সে সময় নিজের এলাকাতেও সাধারণ মানুষকে সহায়তার ক্ষেত্রে কর্তৃপক্ষের সাম্প্রদায়িক বৈষম্য তিনি লক্ষ্য করেছিলেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, “আমি এমন এলাকায় থাকি, যেখানে জৈন ও ব্রাহ্মণ পরিবারের আধিক্য। কিন্তু একেবারে পাশেই মুসলিম-প্রধান একটি এলাকা আছে। আমি মনে করতে পারি, সেখানে মানুষ মৃতদের দাফন বা শেষকৃত্যের ব্যবস্থা করতেও কতটা সমস্যায় পড়েছিল।”
কিছু ক্ষেত্রে আগের আন্দোলনগুলো তরুণদের মধ্যে প্রতিবাদের বীজ বুনেছিল, যা সাম্প্রতিক আন্দোলনে তাদের রাস্তায় নিয়ে এসেছে।
গাজিয়াবাদের লোনির বাসিন্দা ২২ বছর বয়সী মোহাম্মদ আকরাম বলেন, “২০২২ সালের আগে রাজনীতি নিয়ে আমার তেমন আগ্রহ ছিল না।”
কিন্তু ২০১৯ সালে সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভ শুরু হলে তার মনে হয়েছিল, “সরকার সংখ্যালঘুদের দেশ থেকে সরিয়ে এমন ক্যাম্পে রাখতে চায়, যেখানে মৌলিক সুযোগ-সুবিধাও থাকবে না।”
এই ধারণা বছরের পর বছর আকরামের মনে রয়ে যায়। চলতি বছরের শুরুতে দিল্লির রাস্তায় তিনি সেই ক্ষোভ প্রকাশ করেন। বরং বেশিরভাগ মানুষের চেয়েও এক ধাপ এগিয়ে যান তিনি। জুন পর্যন্ত আকরাম হেয়ারড্রেসার হিসেবে কাজ করতেন। কিন্তু যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দিতে সে মাসেই চাকরি ছেড়ে দিয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পূর্ণকালীন সংগঠক হিসেবে কাজ শুরু করেন।
প্রান্তিক জাত, ধর্ম ও লিঙ্গ পরিচয়ের কয়েকজন তরুণ ব্যাখ্যা করেছেন, তাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে নিজের সম্প্রদায়ের পরিচয় গভীরভাবে জড়িয়ে আছে।
আদিবাসী সম্প্রদায়ের ভ্যানেসা বলেন, “আমরা নিজেদের আদি এলাকার বাইরে বড় হয়েছি বলে বাবা-মা দুজনই আমাদের মধ্যে সম্প্রদায়ের পরিচয় সম্পর্কে সচেতনতা তৈরি করেছিলেন। তাই ২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমি জানতাম, এটি আমাদের মানুষের জন্য ভালো নয়।”
২০ বছর বয়সী সাহিত্য বিভাগের শিক্ষার্থী করিশমা (ছদ্মনাম) বলেছেন, তার রাজনৈতিক সচেতনতা তৈরিতে খ্রিস্টান পরিচয় গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, “আমি দাবি করতে চাই না যে খ্রিস্টানরা মুসলিমদের মতো একই মাত্রার ঘৃণার শিকার হয়। কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে অনেক প্রান্তিকীকরণ আছে, যা প্রায়ই উপেক্ষিত হয়। এটি অবশ্যই আমাকে রাজনৈতিক করে তোলার অন্যতম কারণ।”
স্কুলে থাকার সময়ের ঘটনাও তিনি স্মরণ করেন। তার অভিযোগ, সংখ্যালঘু শিক্ষার্থীদের সামনে সহপাঠীরা “জয় শ্রী রাম” বলে চিৎকার করত এবং কখনো কখনো ক্রীড়া শিক্ষকেরাও এতে উৎসাহ দিতেন। তিনি বলেন, “খ্রিস্টানদের জন্য আমার স্কুলে সংখ্যালঘু কোটা ছিল; অনেক প্রতিষ্ঠানেই যেমন থাকে। এ কারণে খ্রিস্টানদের প্রতি অনেক ক্ষোভ ছিল।”
সময়ের সঙ্গে তিনি মনে করতে শুরু করেন, এসব অভিজ্ঞতা ক্ষমতাসীনদের হিন্দুত্ববাদী আদর্শের কারণে তৈরি বৃহত্তর অসহিষ্ণু পরিবেশের অংশ। নিজের সম্প্রদায়কে লক্ষ্য করে ব্যবহৃত নানা পূর্বধারণা ও অপমানজনক শব্দ সম্পর্কেও তিনি সচেতন হন। এর একটি হলো ‘রাইস ব্যাগ কনভার্টস’ খাদ্যের বিনিময়ে ধর্মান্তরিত হয়েছে এমন অর্থে খ্রিস্টানদের উদ্দেশে ব্যবহৃত একটি অবমাননাকর শব্দ।
অপরিচিত মানুষের কাছ থেকেও বৈষম্যের অভিজ্ঞতা তার রাজনৈতিক সচেতনতা আরও বাড়িয়েছে। কয়েক বছর আগে দিল্লি মেট্রোর সাধারণ কামরায় যাত্রার একটি ঘটনা তিনি স্মরণ করেন। তার গলায় দৃশ্যমান একটি ক্রুশের চেইন ছিল।
তিনি বলেন, “আমার বিপরীতে একজন পণ্ডিত বসেছিলেন। তিনি ক্রমাগত আমার দিকে তাকিয়ে ছিলেন। শেষ পর্যন্ত আমি ক্রুশটা জামার ভেতরে ঢুকিয়ে দিই। তারপর তিনি আমার দিকে মাথা নেড়ে অন্যদিকে তাকান।”

অনেকে সরকারের শিক্ষা সংস্কারকে অকার্যকর বলে মনে করে বলেন, এতে শিক্ষাব্যবস্থার ক্ষতি হয়েছে। বেকারত্ব বৃদ্ধি এবং ব্যক্তিগত ও রাজনৈতিক স্বাধীনতা ক্রমেই সংকুচিত হওয়ার অভিযোগেও তারা হতাশ। ছবি: রয়টার্স
শিক্ষাব্যবস্থার সংকট
স্ক্রলের সঙ্গে কথা বলা কয়েকজন শিক্ষার্থী স্কুল ও উচ্চশিক্ষা; দুই পর্যায়েই শিক্ষার মান কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।
আকরাম বলেন, “আমি গাজিয়াবাদের ছোট একটি মুসলিম এলাকা থেকে এসেছি। আমাদের খুব মৌলিক কিছু সুযোগ-সুবিধা আছে এবং স্কুলের মান ভয়াবহ। এখানকার তরুণদের সামনে খুব বেশি সুযোগ নেই।”
স্কুলের পর আরও পড়াশোনা করতে চেয়েছিলেন আকরাম। কিন্তু সে সময় তার বাবার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে পড়াশোনা বন্ধ করতে হয়। তিনি বলেন, “দিল্লিতে কলেজে পড়তে চেয়েছিলাম। কিন্তু পরিবার চালানোর জন্য আমাকে আয় করতে হয়েছে। এখনো আশা করি, একদিন আবার পড়াশোনা করব।”
চাকরি ছেড়েছেন কেন, তা ব্যাখ্যা করতে গিয়ে আকরাম বলেন, ভালো ভবিষ্যতের জন্য মানুষকে সংগঠিত হয়ে লড়তে হবে; এমন বিশ্বাস তার তৈরি হয়েছে।
তিনি বলেন, “দেখুন, হয়তো আমি আমার এলাকা থেকে বেরিয়ে যেতে পারব। কিন্তু তখন আমার এলাকার সব শিশুর কথা মনে হয়। দেশে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাদের জন্য কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে?”
রাজস্থানের ২১ বছর বয়সী মানব দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। তার বিশ্বাস, সামাজিক অবস্থান উন্নত করতে শিক্ষার ওপর নির্ভরশীল শ্রমজীবী পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনগুলো ব্যর্থ করে দিচ্ছে। বিশেষ করে নতুন শিক্ষানীতির সমালোচনা করেন তিনি।
মানব বলেন, “শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে কমেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কলেজে নিয়মিত ক্লাসই হচ্ছে না এবং অধ্যাপক নিয়োগের প্রক্রিয়াও বিশৃঙ্খল।” তার মতে, নতুন নীতির কারণে যথাযথ পরিকল্পনা ছাড়াই শিক্ষার্থীদের কোর্সের চাপ বেড়েছে। ফলে তার মতো অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ পেশার প্রস্তুতি নিতে পারছেন না।
তিনি বলেন, “এনইপি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আগে আমাদের ক্লাস দুপুরের মধ্যে শেষ হয়ে যেত। তখন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সময় পাওয়া যেত। এখন বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস চলে। তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি। আবার একাধিক অ্যাসাইনমেন্টও থাকে। ফলে কোচিংয়েও যেতে পারি না।”
তিনি আরও বলেন, “আমার মতো কারও পক্ষে ৩০ বছর বয়স পর্যন্ত শুধু পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। পুরো ব্যবস্থাটাই খুব দমনমূলক হয়ে গেছে।”
আম্বেদকর বিশ্ববিদ্যালয় দিল্লির ২০ বছর বয়সী শিক্ষার্থী ও স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার সদস্য শরণ্যাও একই ধরনের কথা বলেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা চাপ অনুভব করছে।”
“তারা বুঝতে পারছে, যতই পড়ুক, এনইটি বা জেআরএফে যোগ্যতা অর্জন করতে পারছে না। তারপর শুনছে, পরীক্ষার উত্তরপত্র তিন থেকে পাঁচ লাখ রুপিতে বিক্রি হচ্ছে।”
গত এক দশকে ক্যাম্পাসের অবকাঠামো ও শিক্ষার মানও নাটকীয়ভাবে খারাপ হয়েছে বলে তার অভিযোগ।
শরণ্যা বলেন, “অনেক ক্যাম্পাসে ভবন ভেঙে পড়ার অবস্থায়। শিক্ষার্থীরা ওয়াটার কুলারের মতো মৌলিক সুবিধাও পায় না। অন্যদিকে পেইং গেস্ট আবাসনে শিক্ষার্থীরা মারা যাচ্ছে।” তার সেমিস্টার আগস্টে শুরু হলেও দুই মাস কোনো ক্লাস হয়নি বলে জানান শরণ্যা।
কিছু শিক্ষক অক্টোবরের শুরুতে নিয়োগ পাওয়ার পর ক্লাস শুরু হয়। অথচ প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের ৪০ হাজার থেকে ৫০ হাজার রুপি পর্যন্ত ফি দিতে হয়।
তিনি বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে যখন এসব ঘটেছে, আমার মনে হয় তখনই তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ ও অসন্তোষ জমেছে এবং তারা বুঝতে শুরু করেছে আসলে সমস্যা কোথায়।”
কেন্দ্রীয় পর্যায়ের বিক্ষোভে যোগ দেওয়ার পাশাপাশি দিল্লি এবং দেশের অন্যান্য এলাকার কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়েও শিক্ষার্থীরা প্রতিবাদ করছেন। অক্টোবরের শুরুতে অন্তত তিনটি বিশ্ববিদ্যালয় বা কলেজে আন্দোলন চলছিল। স্ক্রলের সঙ্গে কথা বলা কয়েকজন শিক্ষার্থী নিজেদের ক্যাম্পাসের এসব বিক্ষোভেও যুক্ত ছিলেন। এর একটি ছিল আম্বেদকর বিশ্ববিদ্যালয় দিল্লি।
খিতীশ বলেন, সেপ্টেম্বরের শেষ দিক থেকে শিক্ষার্থীরা খারাপ অবকাঠামো, শিক্ষার্থীদের চলাচল সীমিত করে দেওয়া ব্যারিকেড এবং ওয়াটার কুলারে পানির অভাবসহ বিভিন্ন সমস্যার বিরুদ্ধে আন্দোলন করছিলেন।
অন্যদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের শিক্ষার্থীরা ৪ অক্টোবর থেকে অনশন শুরু করেন। প্রক্টরের এমন কিছু নিয়মের বিরোধিতা করছেন তারা, যেখানে বিক্ষোভ করলে শাস্তির বিধান রাখা হয়েছে।
ক্যাম্পাসের অবকাঠামো সংস্কার নিয়েও তাদের উদ্বেগ রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা।
হিন্দু কলেজের শিক্ষার্থীরা জানান, ভর্তি প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং পরিচালনা পর্ষদের কর্তৃত্ববাদী কার্যক্রমের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে তিন সপ্তাহ ধরে আন্দোলন করছেন তারা।
কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী শুভি সিং বলেন, “অনেক স্বেচ্ছাচারী নিয়মও আছে। যেমন শিক্ষার্থীরা লনে যেতে পারে না। অথচ আমাদের শিক্ষকেরা বলেন, আগে লন সহজেই ব্যবহার করা যেত এবং শীতের রোদে শিক্ষার্থীরা সেখানে বসে পড়াশোনা করত।”
শিক্ষার্থীরা আরও বলেছেন, শিক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় চাকরির ক্ষেত্রেও তাদের নিজেদেরই পথ খুঁজতে হচ্ছে।
গুজরাটের একটি ছোট বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তিতে স্নাতক বৈষ্ণবী সোনাওয়ানে বলেন, শিক্ষার্থী অবস্থাতেই তিনি বুঝেছিলেন তার পাঠ্যক্রম তাকে ভালো বেতনের চাকরির জন্য প্রস্তুত করছে না।
তিনি বলেন, “ইঞ্জিনিয়ারিংকে সম্ভাবনাময় একটি ডিগ্রি হিসেবে দেখা হয়। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বুঝেছি, ব্যবস্থা আমাদের কতটা ব্যর্থ করছে। কার্যত চাকরির সুযোগই নেই।”
সোনাওয়ানে বলেন, “দুই বছর আগে আমি স্নাতক হয়েছি। মনে আছে, কোম্পানিগুলো ক্যাম্পাসে এসে বছরে সাড়ে তিন লাখ রুপির প্যাকেজ দিত, আর আমার সহপাঠীরা সেটিই নিত।”

পরিবারে রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও বহু তরুণ স্ক্রলকে বলেছেন, বছরের পর বছর সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিজ্ঞতা তাদের রাজনীতিতে আগ্রহী করেছে। ছবি: রয়টার্স
সংবাদমাধ্যম ও ইন্টারনেট
স্ক্রলের সঙ্গে কথা বলা ১০ তরুণের সবাই জানিয়েছেন, তারা হয় কখনো টেলিভিশনের সংবাদ চ্যানেল দেখেন না, নয়তো শুধু শৈশবে দেখার কথা মনে আছে। এখন তাদের তথ্যের প্রধান উৎস অনলাইন। অধিকাংশই ধ্রুব রাঠি, মেঘনাদ, কুনাল কামরা ও মেডুসার মতো অনলাইন কনটেন্ট নির্মাতার নাম বলেছেন, যাদের কাজ তারা অনুসরণ করেন।
টেলিভিশন চ্যানেলের তুলনায় দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস-এর মতো সংবাদপত্র এবং দ্য ওয়্যার বা নিউজলন্ড্রির মতো স্বাধীন সংবাদমাধ্যম থেকেও তারা তথ্য নিতে বেশি পছন্দ করেন। তাদের অনেকেই তুলনামূলক রক্ষণশীল পরিবেশে বড় হয়েও এমন সংবাদপাঠের অভ্যাস তৈরি করেছেন।
সোনাওয়ানে জানান, গুজরাটে তার বন্ধুরা মূলত বিজেপিপন্থী ছিলেন। বাড়িতে তার বাবা-মা হয় “হাইপারলোকাল নিউজ” অথবা যাকে তিনি “গোদি মিডিয়া” বলেছেন, সেটি দেখতেন। কিন্তু অনলাইনে সোনাওয়ানে উদারপন্থী ও বামপন্থী মতামতের সঙ্গে পরিচিত হন।
উদাহরণ হিসেবে তিনি জন স্টুয়ার্ট, জন অলিভার ও জিমি কিমেলের ব্যঙ্গাত্মক মার্কিন টক শো দেখার কথা বলেছেন। তিনি বলেন, “আমার বয়স তখন ১৯। অনুষ্ঠানগুলো খুব উপভোগ করতাম। এরপর ভূরাজনীতি পড়তে শুরু করি; মধ্যপ্রাচ্যে কী হচ্ছে, যুক্তরাষ্ট্রে কী হচ্ছে।”
“একসময় মনে হলো, নিজের দেশেই কী হচ্ছে সেটা না জানলে অপরাধবোধ হওয়া উচিত। তখন ভারতীয় রাজনীতি নিয়ে পড়তে শুরু করি।”
অসমের রক্ষণশীল হিন্দু পরিবারের ২৫ বছর বয়সী অবনীশ বলেন, ২০১৯ সালের দিকে সিএএ-এনআরসি আন্দোলন ঘিরে দেশে সামাজিক অস্থিরতা তৈরি হলে তিনি অনলাইনে পড়াশোনার উপকরণ খুঁজতে শুরু করেন।
প্রথমে ভগৎ সিংয়ের হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট, এরপর টু ইয়ং পলিটিক্যাল ওয়ার্কার্স পড়েন। তারপর কমিউনিজম এবং মার্ক্স ও লেনিনের মতো ব্যক্তিত্ব নিয়ে জানতে শুরু করেন। সে সময় কোটায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কোচিং করছিলেন এবং সেখানকার স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার শাখাতেও যোগ দেন।
২০১৯ সালে বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার আগে কোটায় উদ্বেগের পরিবেশের কথাও মনে আছে তার। তিনি বলেন, “মনে আছে, সেদিন আমাদের কোচিং বন্ধ ছিল। সকালে বন্ধুদের সঙ্গে চা খেতে বের হলে দোকানদারেরা দ্রুত চা শেষ করতে বলেছিলেন, কারণ তারাও দোকান বন্ধ করতে চাইছিলেন।”
তার বাবা ফোন করেও বাইরে না যেতে বলেছিলেন। কারণ সহিংসতা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন।
অবনীশ বলেন, “কিন্তু যখন রায়টি মূলত হিন্দুদের পক্ষে গেল, তখন কোনো দাঙ্গা হলো না। সবাই স্বাভাবিকভাবেই নিজের কাজে ফিরে গেল।”
আবেগও রাজনৈতিক হয়ে উঠছে
বছরের পর বছর নিজেদের রাজনৈতিক সচেতনতা তৈরি হলেও কয়েকজন তরুণ মনে করেন, জুলাইয়ের বিক্ষোভ সফল হওয়ার অন্যতম কারণ ছিল ককরোচ জনতা পার্টি কিছুটা অস্পষ্ট এবং ‘অরাজনৈতিক’ পরিচয় বজায় রেখেছিল।
দলটি বরং তরুণদের বিস্তৃত আবেগগত ক্ষোভকে কাজে লাগানোর চেষ্টা করেছিল।
করিশমা বলেন, “তারা যে গতি তৈরি করেছিল, আমার মনে হয় অন্য কেউ তা করতে পারত না। কারণ তারা আসলে অরাজনৈতিক পরিচয়ের ব্যানারেই বড় হয়েছিল।”
তিনি আরও বলেন, “এর বড় কারণ ছিল এনইইটি-সংক্রান্ত মৃত্যুগুলো ভীষণ আবেগের বিষয় হয়ে উঠেছিল। একই সঙ্গে তারা পরিকল্পিতভাবে খুব প্রকাশ্য রাজনৈতিকীকরণের অনেক কিছুই বাদ রেখেছিল।”
মুম্বাইয়ের একটি অনানুষ্ঠানিক বসতিতে থাকা ২৫ বছর বয়সী মানসি উষা বলেন, অনেক তরুণের কাছে আন্দোলনের আবেগগত আবেদনটাই ছিল রাজনৈতিক।
মুম্বাইয়ের বিক্ষোভে তিনি ১৬ ও ১৭ বছর বয়সী এমন তরুণদের দেখেছেন, যাদের স্পষ্ট রাজনৈতিক মতাদর্শ ছিল না, কিন্তু আন্দোলনের সঙ্গে আবেগগতভাবে গভীরভাবে যুক্ত হয়েছিল।
তিনি বলেন, “তারা হয়তো সংবিধান বা আমাদের মৌলিক অধিকার সম্পর্কে খুব একটা জানত না।” বরং তারা “যা ঘটছিল তার সঙ্গে ওয়ান পিসের মতো অ্যানিমে সিরিজের ঘটনাকে মিলিয়ে দেখত।” তারপরও বিভিন্ন খবর তাদের নাড়া দিয়েছিল।
মানসি বলেন, “তারা বলত, মৃত এনইইটি পরীক্ষার্থীদের বাবা-মায়ের কেমন লাগছে; এটা ভেবে তারা আন্দোলনে নেমেছে।” পরে পুলিশ যখন বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি ও আটক শুরু করে, তখন এই তরুণদের অনেকে সংহতি জানিয়ে সামনে আসে বলে তিনি জানান।
তিনি বলেন, “তারা দেখল পুলিশ তাদের বন্ধুদের সঙ্গে কী করছে এবং সহজভাবে বলল; এটা ভুল। তারপর তারা আন্দোলনে যোগ দিল।”
কয়েকজন বিক্ষোভকারী বলেছেন, যন্তর মন্তর অত্যন্ত প্রয়োজনীয় একটি ‘থার্ড স্পেস’ বা তৃতীয় পরিসরে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন পটভূমির মানুষ রাজনীতি ও সামাজিক বিষয় নিয়ে কথা বলতে পারেন।
খিতীশ বলেন, “ভারতে ‘থার্ড স্পেস’ এর ধারণা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আগে এমন অনেক জায়গা ছিল, যেখানে মানুষ একে অন্যের সঙ্গে কথা বলতে পারত। এখন বেশিরভাগই নেই।”
আকরাম বলেন, বামপন্থী ছাত্র সংগঠনের নেতাদের বক্তৃতা তাকে অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন, “তারা উচ্চবর্ণের ও হিন্দু হয়েও জাতপাত ও মুসলিমদের সমস্যা নিয়ে কথা বলছিল; এটি আমাকে নাড়া দিয়েছিল। আমি ভাবতে শুরু করলাম, তারা কেন এমন করছে। তখন বুঝলাম, আমার বোঝার বাইরেও কিছু আছে। তাই সিদ্ধান্ত নিলাম, অন্যদের কাছ থেকে আমাকে আরও শিখতে হবে।”
জুলাইয়ে বিক্ষোভস্থলটি তরুণদের সরকারকে ব্যঙ্গ করার জায়গাতেও পরিণত হয়েছিল; এটি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার পেয়েছিল। মিম, প্ল্যাকার্ড ও ভিডিও ব্যবহার করে তারা রাজনৈতিক ব্যঙ্গ করছিল।
করিশমা বলেন, “প্রতিবাদের একটি নতুন ভাষা তৈরি হয়েছিল। মানুষ দেখেছে, প্রতিবাদের ভাষা সবসময় গম্ভীর হতে হবে না। ভিন্নমত আনন্দময় ও হাস্যরসাত্মকও হতে পারে। অনেক মানুষ কারণটির প্রতি গভীরভাবে সংবেদনশীল হয়ে আন্দোলনে এসেছিল। আবার অনেকে শুধু আনন্দ করার জন্যও এসেছিল।”
তবে তরুণ বিক্ষোভকারীরা যে ঝুঁকির মুখোমুখি হয়েছেন, সেটি ছিল একেবারেই বাস্তব। আকরামের বন্ধুরা তাকে বিক্ষোভে যেতে নিরুৎসাহিত করেছিলেন। তারা মনে করিয়ে দিয়েছিলেন, ভারতে ভিন্নমত প্রকাশের জন্য মুসলিমদের তুলনামূলক বেশি মূল্য দিতে হয়েছে। আকরাম তাদের কথায় যুক্তি দেখেছিলেন।
তারপরও তিনি মনে করেছিলেন, এবারের আন্দোলনে এমন একটি ঐক্য তৈরি হয়েছে, যা আগে অনুপস্থিত ছিল। তিনি বলেন, “আগার আব নেহি তো কব? আগার হাম নেহি তো কৌন?”
অর্থাৎ; এখন না হলে কবে? আমরা না হলে কে?
তথ্যসূত্র: স্ক্রল




