Logo
Logo
×

খবর ।  রাজনীতি

হাসিনা নিজেই আসতে চান, তাহলে প্রত্যর্পণে ভারতের সমস্যা কোথায়: তথ্য উপদেষ্টা

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬। ০৩:০২ পিএম

হাসিনা নিজেই আসতে চান, তাহলে প্রত্যর্পণে ভারতের সমস্যা কোথায়: তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরাতে চায়।

তার ভাষ্য, প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হলে শেখ হাসিনা চাইলে ভারতের আদালতের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তিনি নিজেই দেশে ফিরতে চান বলে জানিয়েছেন। ফলে এ ক্ষেত্রে আর আইনি জটিলতা থাকার কারণ দেখছেন না তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই যদি ফিরতে চান, তাহলে ভারত সরকারের এ মুহূর্তে সমস্যা থাকার কথা নয়। তবে শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় দেশে আনা হবে, সেটিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো চিঠি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন একটি ল ফার্মের কাছ থেকে এ-সংক্রান্ত ই-মেইল পেয়েছে, কিন্তু শেখ হাসিনা নিজে এখনো আনুষ্ঠানিক আবেদন করেননি।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র সাইদুর রহমানও জানিয়েছেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পাওয়া গেছে। তবে সেখানে শেখ হাসিনার অনুমোদনের কোনো নথি বা প্রমাণ ছিল না। ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এ নিয়ে আলোচনার মধ্যেই তার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর খবর সামনে আসে।

জাহেদ উর রহমান বলেন, এভাবে আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে চিঠি পাঠানোর পেছনে আওয়ামী লীগের কোনো কৌশলও থাকতে পারে। তবে শেখ হাসিনার নিজের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন না হওয়ায় সরকার বিষয়টিকে আবেদন হিসেবে দেখছে না।

তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এ বিষয়টি নিশ্চিত। তাকে ফেরত চেয়ে বাংলাদেশ এরই মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে একাধিকবার ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।

তার মতে, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তাকে দেশে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করাই সরকারের অবস্থান।

তিনি বলেন, শুধু শেখ হাসিনাকে দেশে ফেরানো নয়, কীভাবে তাকে ফেরানো হচ্ছে এবং প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে চলে যান। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়।

বাংলাদেশ সরকার এর আগে তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

তথ্যসূত্র: বিডিনিউজ

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে