দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৪ জনে দাঁড়াল।
এ ছাড়া গত এক দিনে নতুন করে ১ হাজার ৯৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৯৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৯৪টি শিশু মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৫৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪৩। এই সময়ে ৯৫৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৫১টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১৪৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।