Logo
Logo
×

খবর ।  দেশ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই তরুণী

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬। ০৫:৫৭ পিএম

আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬। ২০:১২ পিএম

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই তরুণী

ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ভ্রমণ অনুমতি নিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই তরুণী। মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার বুধবার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা দুই তরুণী হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের লাবনী বিশ্বাস এবং একই উপজেলার মহিষখোলা গ্রামের মনি বিশ্বাস।

লাবনী বিশ্বাস জানান, ২০২৪ সালের ৪ আগস্ট ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা সীমান্তপথে অবৈধভাবে ভারতের বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পরে পুলিশ তাদের আদালতে পাঠায়। অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের দুই বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়।

কারাভোগ শেষে বেঙ্গালুরুর ‘বালামন্দির চাইল্ড হোম’ দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। এরপর উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ভ্রমণ অনুমতি মাধ্যমে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফেরেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত ফেরত দুই তরুণীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। আজ (বুধবার) তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে