Logo
Logo
×

খবর ।  দেশ

টঙ্গীর ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬। ১২:২৫ পিএম

আপডেট: ১৪ অক্টোবর ২০২৬। ১৮:০১ পিএম

টঙ্গীর ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার পরপরই শাহিন আলমের নেতৃত্বে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। একই সঙ্গে আশপাশের স্টেশন থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে আরও ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর সংস্থাটির মোট ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

তিনি বলেন, ‘আমাদের ১৬টি ইউনিট সেখানে গেছে। তারা আগুন নেভাতে কাজ করেছে।’

তবে কারখানাটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে