প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে ছবিটি তোলা। ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুর ও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুই এলাকার অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ১০টি এবং সাভার-আশুলিয়ায় ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
এদিন গাজীপুরের কয়েকটি এলাকায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে।
গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
একই মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকাতেও কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আন্দোলনের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে বৃহস্পতিবার জেলায় ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ কাজ করছে।
এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পাঁচ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি) এবং ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে। তারা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সাভার-আশুলিয়ায় ২৯ কারখানা বন্ধ, ১৭টিতে কর্মবিরতি
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বৃহস্পতিবার ২৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১৭টি কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন।
সকালে সাভারের রেডিও কলোনি, উলাইল ও হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকদের নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানার ফটকে বন্ধের নোটিশ টাঙানো ছিল।
শিল্প পুলিশ জানিয়েছে, কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করলেও অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাভার ও আশুলিয়ায় বড় ধরনের কোনো বিক্ষোভ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন জানিয়েছেন, আগের কয়েক দিনের তুলনায় সাভার ও আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।
তবে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তি এবং সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ সংলাপের মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
শিল্প পুলিশের দাবি, বিচ্ছিন্ন কর্মবিরতি ছাড়া সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিকভাবে কাজ চলছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

-6afd4e48bfcdc.jpg)



