Logo
Logo
×

খবর ।  দেশ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, বিক্ষোভে পুলিশের বাধা

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬। ০১:৩৩ পিএম

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬। ১৫:১৮ পিএম

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, বিক্ষোভে পুলিশের বাধা

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে রোববার আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। এদিন সকালে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়লে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন কারখানা বন্ধ ও ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর সকাল নয়টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেন। এতে মহাসড়কে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি।

পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সকালে কয়েকটি স্থানে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকায় অবস্থিত ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন।

কারখানার ফটকে টাঙানো নোটিশে কর্তৃপক্ষ দাবি করেছে, ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বহিরাগত বিক্ষোভকারীরা কারখানায় প্রবেশ করে ভাঙচুর চালিয়েছেন। এ সময় কর্মকর্তা ও শ্রমিকদের ওপর হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং প্রতিষ্ঠানের সম্পদের ক্ষতি হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়ন নিয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করা হলেও আন্দোলন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফার ইস্ট ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে