Logo
Logo
×

খবর ।  আইন-আদালত

অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ পুলিশের

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬। ০১:১৪ পিএম

অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ পুলিশের

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তদন্তে কোনো ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, প্রতিমন্ত্রী ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্তে অস্ত্র বহন বা ব্যবহারের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিবিপ্রধান।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

অভিযানের ভিডিও পরে তার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। সেখানে প্রতিমন্ত্রীর হাতে পিস্তলসদৃশ আগ্নেয়াস্ত্র দেখা যায়।

প্রকাশিত ভিডিওতে অস্ত্রের কিছু অংশ অস্পষ্ট করে দেওয়া হলেও কয়েকটি দৃশ্যে তা স্পষ্টভাবে দেখা যায়।

এই ভিডিও প্রকাশের পর অভিযানে প্রতিমন্ত্রী ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে।

এর পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে তদন্তের আগে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো আইন লঙ্ঘন হয়েছে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পুলিশ।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে