Logo
Logo
×

খবর ।  অপরাধ

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাদকের আসর, নারীসহ আটক ৮৫

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬। ০৫:৩৮ পিএম

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাদকের আসর, নারীসহ আটক ৮৫

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী।

সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে ডিবির উত্তরা বিভাগের একটি দল এ অভিযান চালায়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, বাড়িটিতে নিয়মিত মাদকের আসর বসত। পাশাপাশি ডিজে পার্টিরও আয়োজন করা হতো। বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেখানে মাদক সেবনের জন্য যেতেন বলে অভিযোগ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

বাড়িটির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত রয়েছেন।

ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। যারা বাড়িটি ভাড়া নিয়েছিলেন, তারা সেটি মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে ব্যবহার করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

তিনি আরও জানান, অভিযানে আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী। আটক ব্যক্তিদের বিচারের মাধ্যমে সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে বাড়িতে মাদকসেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে