Logo
Logo
×

খবর ।  বিদেশ

বিচ্ছেদ হলে স্ত্রীকে কত অর্থ দিতে হতে পারে এনভিডিয়া প্রধানকে

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬। ০১:৪৭ পিএম

আপডেট: ১০ নভেম্বর ২০২৬। ১৩:৪৮ পিএম

বিচ্ছেদ হলে স্ত্রীকে কত অর্থ দিতে হতে পারে এনভিডিয়া প্রধানকে

বিবাহবিচ্ছেদ হলে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে স্ত্রী লরি হুয়াংয়ের সঙ্গে ভাগ করতে হতে পারে বিপুল সম্পদ। বর্তমান সম্পদমূল্যের অর্ধেকও যদি বৈবাহিক সম্পত্তি হিসেবে ভাগ হয়, সেই অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ৭ হাজার ৭৭০ কোটি ডলার।

এই হিসাব বাস্তবে কার্যকর হলে তা অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বহুল আলোচিত বিবাহবিচ্ছেদে সম্পদ হস্তান্তরের অঙ্ককেও ছাড়িয়ে যেতে পারে।

গত রবিবার কর্মীদের পাঠানো এক ই-মেইলে স্ত্রীকে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেন জেনসেন হুয়াং। তিনি লেখেন, তার কর্মকাণ্ড স্ত্রী ও সন্তানদের কষ্ট দিয়েছে এবং এর কোনো অজুহাত নেই।

হুয়াং বলেন, পরিবার তাকে ভালোবাসা ও সমর্থন দিলেও তিনি তাদের হতাশ করেছেন। নিজের কাজ ও এর ফলে তৈরি হওয়া কষ্টের দায়ও তিনি পুরোপুরি গ্রহণ করেন।

স্ত্রী ও পরিবারের উদ্দেশে হুয়াং বলেন, ক্ষমা চাইলেই তার কাজের প্রভাব মুছে যাবে না। তবে সময়ের সঙ্গে পরিবারের বিশ্বাস আবার ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

তবে এই ঘটনার পর হুয়াং ও তার স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ হচ্ছে; এমন কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি।

সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সামনে আসে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দা তৎপরতার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে।

তবে এনভিডিয়ার বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের বিশ্বাস করার কারণ নেই।

জেনসেন হুয়াংয়ের সম্পদ ও সম্ভাব্য হিসাব

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১৫ হাজার ৫৪০ কোটি ডলার। তিনি বিশ্বের দশম ধনী ব্যক্তি।

ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন হুয়াং। ওই অঙ্গরাজ্যের ‘কমিউনিটি প্রপার্টি’ ব্যবস্থায় সাধারণভাবে বিবাহিত জীবনে অর্জিত সম্পদ স্বামী-স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ হওয়ার বিধান রয়েছে।

সেই হিসাবে হুয়াংয়ের বর্তমান ১৫ হাজার ৫৪০ কোটি ডলারের পুরো সম্পদ যদি বৈবাহিক সম্পত্তি হিসেবে বিবেচিত হয় এবং সমানভাবে ভাগ করা হয়, তাহলে লরি হুয়াং তাত্ত্বিকভাবে প্রায় ৭ হাজার ৭৭০ কোটি ডলারের সম্পদ পেতে পারেন।

তবে এটি কেবল সরল অনুমানভিত্তিক হিসাব। বাস্তবে কোন সম্পদ বৈবাহিক সম্পত্তি হিসেবে গণ্য হবে, কোনো সম্পদ আলাদা থাকবে কি না, শেয়ার বা ট্রাস্টের মালিকানা কীভাবে নির্ধারিত হবে; এসবের ওপর চূড়ান্ত অঙ্ক নির্ভর করবে।

জেনসেন হুয়াং ১৯৮৫ সালে লরি মিলসকে বিয়ে করেন। এর আট বছর পর ১৯৯৩ সালে দুই প্রকৌশলী সহকর্মীর সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন তিনি। পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের মূল্য ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় হুয়াংয়ের বর্তমান সম্পদের বড় অংশ তৈরি হয়েছে।

বেজোসের বিচ্ছেদের রেকর্ড

২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কটের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়।

বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর ম্যাকেঞ্জি স্কট অ্যামাজনের প্রায় ৪ শতাংশ শেয়ারের মালিক হন। সে সময় ওই শেয়ারের মূল্য ছিল প্রায় ৩ হাজার ৮৩০ কোটি ডলার।

বর্তমান সম্পদমূল্যের ভিত্তিতে জেনসেন হুয়াংয়ের সম্পদ সমান ভাগ হওয়ার তাত্ত্বিক হিসাব প্রায় ৭ হাজার ৭৭০ কোটি ডলার। অর্থাৎ এমন পরিস্থিতি বাস্তবে ঘটলে অঙ্কটি বেজোসের বিচ্ছেদে হস্তান্তর করা সম্পদের দ্বিগুণেরও কিছু বেশি হতে পারে।

তবে হুয়াংয়ের ক্ষেত্রে এখনো কোনো বিবাহবিচ্ছেদের ঘোষণা নেই। ফলে সম্ভাব্য সম্পদ বণ্টনের পুরো হিসাবই আপাতত অনুমাননির্ভর।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে