গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের প্রধান দুই কনটেইনার টার্মিনালে কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। মঙ্গলবার সকাল আটটা থেকে প্রথম পালায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ রয়েছে।
গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশ এই দুই টার্মিনালে ওঠানো-নামানো হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, কাগজে-কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। তবে এর মূল পরিচালন কার্যক্রম করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সিসিটির কার্যক্রমও পরিচালনা করছে একই প্রতিষ্ঠান।
এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে টার্মিনালটি তাদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। পাশাপাশি সিসিটিও সাইফ পাওয়ারটেকের কাছ থেকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
এই পরিস্থিতিতে দুই টার্মিনালে কর্মরত প্রায় এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
একজন শ্রমিক জানান, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন কর্মীরা। দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে তারা কাজ বন্ধ করে দেন।
শ্রমিকদের কর্মসূচির কারণে টার্মিনাল দুটিতে থাকা ছয়টি জাহাজে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রয়েছে। একই সঙ্গে টার্মিনালের অন্যান্য কার্যক্রমেও অচলাবস্থা তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন এবং চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে বন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত কার্যক্রম পুনরায় শুরু হওয়ার আশা করা হচ্ছে।