Logo
Logo
×

খবর ।  দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬। ০১:৫১ পিএম

আপডেট: ১২ নভেম্বর ২০২৬। ১৫:৩৪ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা নিজ নিজ কারখানায় গেলেও কাজে যোগ দেননি। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা সড়কে নেমে অবরোধ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে যানবাহন ধীরগতিতে চলায় যানজট পুরোপুরি স্বাভাবিক হয়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মৌচাক এলাকায় একদল শ্রমিক প্রায় ৩০ থেকে ৪০ মিনিট মহাসড়কে অবস্থান করেন। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।

তিনি জানান, পল্লী বিদ্যুৎ এলাকার শ্রমিকরাও মহাসড়ক অবরোধ করেছিলেন। তবে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জরুন এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পরে নিজেরাই সরে যান।

শ্রমিক বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মৌচাকসহ আশপাশের বিভিন্ন এলাকার মোট আট থেকে নয়টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে