Logo
Logo
×
ইরানের ৬০০ বাঁধ আর গোপন মিসাইল ঘাঁটির যোগসূত্র কী

কয়েকটি বাঁধ ও সামরিক স্থাপনার অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য ভৌগোলিক নৈকট্য পাওয়া যায়। মানচিত্রে এসব স্থান একসঙ্গে চিহ্নিত করলে উত্তর থেকে দক্ষিণ ইরান পর্যন্ত বিস্তৃত একটি অর্ধবৃত্তাকার অঞ্চল দৃশ্যমান হয়। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

খবর ।  বিদেশ

ইরানের ৬০০ বাঁধ আর গোপন মিসাইল ঘাঁটির যোগসূত্র কী

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬। ০৪:০৯ পিএম

আপডেট: ১৮ নভেম্বর ২০২৬। ১৬:১৯ পিএম

ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে আছে শত শত বাঁধ। কোথাও বিশাল জলাধার, কোথাও পাহাড় কেটে তৈরি দীর্ঘ পানি সরবরাহের সুড়ঙ্গ। বাইরে থেকে দেখলে এগুলো পানির সংকট মোকাবিলায় গড়ে তোলা সাধারণ অবকাঠামো। কিন্তু এসব বাঁধের অবস্থান মানচিত্রে চিহ্নিত করার পর গবেষকেরা এমন এক ভৌগোলিক মিল খুঁজে পেয়েছেন, যা ইরানের সামরিক কৌশল সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

বাঁধগুলোর কাছাকাছি রয়েছে দেশটির কয়েকটি সন্দেহজনক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হওয়া কিছু সামরিক স্থাপনার অবস্থানও এসব পানি প্রকল্পের আশপাশে।

তাহলে প্রশ্ন উঠছে, ইরান কি শুধু পানির জন্যই এত বাঁধ নির্মাণ করেছে? নাকি পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে সচল ও সুরক্ষিত রাখার পরিকল্পনাও ছিল এর পেছনে?

সাম্প্রতিক এক অনুসন্ধান সেই প্রশ্নকে সামনে এনেছে। যদিও এখন পর্যন্ত এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যে ইরান বিশেষভাবে ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য এসব বাঁধ নির্মাণ করেছে। তবু পানি, বিদ্যুৎ ও ভূগর্ভস্থ সামরিক অবকাঠামোর সম্ভাব্য সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ দেশটির প্রতিরক্ষাব্যবস্থার এক অপেক্ষাকৃত অজানা দিক উন্মোচন করছে।

ইরানের অজ্ঞাত একটি স্থানে দেশটির রেভল্যুশনারি গার্ডের নৌ ইউনিটের নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’তে রাখা ইরানি ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

পানির বাঁধ থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি: যে মানচিত্র নতুন প্রশ্ন তুলেছে

ইরানে ব্যাপক পরিসরে বাঁধ নির্মাণ শুরু হয় ১৯৫০ এর দশকে। পরবর্তী কয়েক দশকে দেশটিতে প্রায় ৬০০টি বাঁধ গড়ে ওঠে। এসব প্রকল্পের বড় অংশের ব্যবস্থাপনা ও নির্মাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বাঁধগুলোর বড় অংশ উত্তর ও পশ্চিম ইরানের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। বিশেষ করে জাগরোস ও আলবোরজ পর্বতমালার আশপাশে রয়েছে এগুলোর উল্লেখযোগ্য ঘনত্ব।

ইরান দীর্ঘদিন ধরেই তীব্র পানি সংকট, খরা ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার সমস্যায় ভুগছে। ফলে দেশটিতে বাঁধ ও পানি স্থানান্তর প্রকল্পের প্রয়োজনীয়তা অস্বাভাবিক নয়। তবে কিছু প্রকল্পের বিপুল ব্যয়, অবস্থান এবং অর্থনৈতিক ও পরিবেশগত যৌক্তিকতা নিয়ে গবেষকদের প্রশ্ন ছিল বহুদিনের।

জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির পানি নিরাপত্তাবিষয়ক গবেষক নিমা শোকরি তাদের একজন। তিনি ও তার গবেষক দল ইরানজুড়ে অন্তত ৫৩৩টি বাঁধের অবস্থান নথিবদ্ধ করেছেন। এত বিপুলসংখ্যক বাঁধ নির্মাণের কারণ নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চালিয়ে আসছিলেন।

তার ভাষায়, বিষয়টি বরাবরই ছিল একধরনের ধাঁধা। ‘তারা এত বাঁধ বানাচ্ছিল কেন?’ এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন তিনি।

সম্প্রতি অনুসন্ধানটি ভিন্ন দিকে মোড় নেয়। শোকরি তার তৈরি বাঁধের অবস্থানসংক্রান্ত তথ্যভান্ডারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হওয়া সন্দেহভাজন ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর মানচিত্র মিলিয়ে দেখেন। সেখানেই উঠে আসে বিস্ময়কর একটি চিত্র।

কয়েকটি বাঁধ ও সামরিক স্থাপনার অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য ভৌগোলিক নৈকট্য পাওয়া যায়। মানচিত্রে এসব স্থান একসঙ্গে চিহ্নিত করলে উত্তর থেকে দক্ষিণ ইরান পর্যন্ত বিস্তৃত একটি অর্ধবৃত্তাকার অঞ্চল দৃশ্যমান হয়।

এটি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনা?

অনুসন্ধানে কথা বলা সাতজন পানি ও সামরিক বিশেষজ্ঞের মতে, বাঁধের কাছাকাছি ভূগর্ভস্থ সামরিক স্থাপনা থাকলে তা গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা দিতে পারে।

কারণ বাঁধ ও সংশ্লিষ্ট অবকাঠামো থেকে নির্ভরযোগ্য পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা সম্ভব। এতে বৃহত্তর বেসামরিক সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও সামরিক স্থাপনাগুলো সচল রাখার সুযোগ তৈরি হয়। বিশেষ করে আকাশপথে হামলার সময় এই সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে গবেষকেরা সতর্ক করেছেন, ভৌগোলিক নৈকট্য মানেই দুটি অবকাঠামোর মধ্যে উদ্দেশ্যমূলক সম্পর্কের প্রমাণ নয়। কোনো বাঁধের কাছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি থাকলেই বলা যায় না, বাঁধটি সেই ঘাঁটির জন্য নির্মাণ করা হয়েছে।

তারপরও শোকরির প্রশ্নটি থেকে যাচ্ছে, কেন বারবার দেখা যাচ্ছে, যেখানে বাঁধ রয়েছে, তার কাছাকাছি কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে?

ইরান-ইরাক সীমান্তের ইরাকি অংশ থেকে তোলা এই ছবিতে আল-মন্দালি বাঁধের একটি অংশ ও ইরানের দিকের পাহাড়ি ভূখণ্ড দেখা যাচ্ছে। ছবি: এএফপি

পাহাড়ের নিচে ইরানের ‘মিসাইল সিটি’

ইরানের প্রতিরক্ষাব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপনীয় অংশগুলোর একটি হলো দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র অবকাঠামো। তেহরান এসব স্থাপনাকে বলে ‘মিসাইল সিটি’।

নাম শুনে কোনো শহরের কথা মনে হলেও এগুলো আসলে পাহাড়ের গভীরে নির্মিত সুরক্ষিত সামরিক কমপ্লেক্স। দীর্ঘ সুড়ঙ্গ, সংরক্ষণাগার, সংযোগপথ ও বিশেষায়িত কক্ষ নিয়ে গড়ে উঠেছে এসব স্থাপনা। এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ করা হয়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার ব্যবস্থাও থাকে। কিছু স্থাপনায় অস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে বলেও ধারণা করা হয়।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ইরানবিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফারজিন নাদিমির ধারণা, দেশটিতে অন্তত ৩০টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা রয়েছে। এত বিস্তৃত ভূগর্ভস্থ সামরিক নেটওয়ার্ক বিশ্বের খুব কম দেশই তৈরি করেছে। উত্তর কোরিয়া এমন সক্ষমতাসম্পন্ন দেশগুলোর অন্যতম।

পাহাড়ের গভীরে সামরিক স্থাপনা নির্মাণের মূল উদ্দেশ্য শত্রুপক্ষের নজরদারি ও আকাশ হামলা থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সরঞ্জাম রক্ষা করা। কিন্তু শুধু মাটির নিচে আশ্রয় নিলেই এসব ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত হয় না। এগুলো পরিচালনার জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পানি এবং অন্যান্য মৌলিক সেবা।

সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় ঝুঁকির একটি হলো, জাতীয় বিদ্যুৎ ও পানি সরবরাহব্যবস্থা অচল হয়ে গেলে গুরুত্বপূর্ণ ঘাঁটির কার্যক্রমও ব্যাহত হতে পারে। আর এখানেই বাঁধ ও পানি স্থানান্তর প্রকল্পগুলোর সম্ভাব্য সামরিক গুরুত্ব সামনে আসে।

কোনো ভূগর্ভস্থ ঘাঁটির নিজস্ব বা বিকল্প পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকলে সেটি জাতীয় অবকাঠামোর ওপর নির্ভরতা কমাতে পারে। ফলে বৃহত্তর বেসামরিক নেটওয়ার্কে হামলা হলেও সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা বজায় থাকতে পারে।

বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে নিয়মিত সরবরাহ নিশ্চিত করা তুলনামূলক কঠিন, সেখানে এমন ব্যবস্থা আরও গুরুত্বপূর্ণ।

ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক ইরান বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচ মনে করেন, এ ধরনের অবকাঠামো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘অপারেশনাল ধারাবাহিকতা’ বজায় রাখতে সাহায্য করতে পারে।

তার যুক্তি, ইরানের জন্য ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সগুলোকে জাতীয় পানি ও বিদ্যুৎ নেটওয়ার্কের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না রাখার যথেষ্ট কৌশলগত কারণ রয়েছে।

সেই বিবেচনায় কিছু স্থাপনার জন্য আংশিক স্বয়ংসম্পূর্ণ অথবা বিকল্প অবকাঠামো তৈরি করা হয়ে থাকতে পারে। আর সেই ব্যবস্থার অংশ হিসেবে বাঁধ ও পানি প্রকল্প ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

ইরান-ইরাক সীমান্তের ইরাকি অংশ থেকে তোলা এই ছবিতে আল-মন্দালি বাঁধের জলাধারের একটি অংশ দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইয়াজদের পানি প্রকল্প: ব্যয়বহুল পরিকল্পনার আড়ালে অন্য উদ্দেশ্য

ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশ এই অনুসন্ধানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। শুষ্ক জলবায়ুর জন্য পরিচিত অঞ্চলটিতে পানি সরবরাহ নিশ্চিত করতে জাগরোস পর্বতমালা থেকে পানি স্থানান্তরের একটি উচ্চাভিলাষী প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটির ব্যাপকতা এবং বিপুল বিনিয়োগ দীর্ঘদিন ধরেই গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইনের পানি গবেষক আমির আঘাকুচাক বছরের পর বছর এই প্রকল্পের অর্থনৈতিক ও পরিবেশগত যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ইরানের জটিল পানি ব্যবস্থাপনা পরিস্থিতিতে এত বড় পানি স্থানান্তর প্রকল্পের প্রয়োজনীয়তা কতটা, তা নিয়ে তার সংশয় ছিল।

কিন্তু মার্চে ওই এলাকায় বিমান হামলার পর তিনি প্রকল্পটিকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করেন। হামলার ঘটনাটি তাকে ভাবায়, পানি সরবরাহের পাশাপাশি প্রকল্পটির পরিকল্পনায় সামরিক প্রয়োজনও ভূমিকা রেখে থাকতে পারে কি না। তার মতে, প্রকল্পটি অন্তত আংশিকভাবে সামরিক বিবেচনার প্রভাবে গড়ে উঠেছে, এমন সম্ভাবনা রয়েছে।

এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হলেও এটি এখনো একটি অনুমান। প্রকল্পটির সঙ্গে কোনো নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ঘাঁটির সরাসরি পানি বা বিদ্যুৎ সংযোগ রয়েছে কি না, তা নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়নি।

তবু ইয়াজদের উদাহরণ একটি বড় প্রশ্ন সামনে এনেছে। দৃশ্যত বেসামরিক প্রয়োজনে নির্মিত অবকাঠামো কি একই সঙ্গে কৌশলগত সামরিক উদ্দেশ্য পূরণ করতে পারে?

হরমোজগানে বন্যপ্রাণীর অভয়ারণ্য, কাছেই সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র ঘাঁটি

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে অনুসন্ধানের বিষয়টি আরও জটিল। এখানে কেবল বাঁধ বা পানি স্থানান্তর প্রকল্প নয়, বরং বন্যপ্রাণী সংরক্ষিত এলাকা, সামরিক স্থাপনা এবং পানি অবকাঠামোর পারস্পরিক অবস্থান গবেষকদের নতুন করে ভাবাচ্ছে।

হরমোজগানে একসময় কাজ করেছিল পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশন নামে একটি পরিবেশ সংরক্ষণ সংস্থা। সংস্থাটির গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি ছিল বিরল লারিস্তান বন্য ভেড়া নিয়ে গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনা।

কিন্তু ওই অঞ্চলের কাছাকাছি সন্দেহভাজন সামরিক স্থাপনার তথ্য সামনে আসার পর সংরক্ষণকর্মীদের কার্যক্রমও নতুনভাবে আলোচনায় আসে। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হরমোজগানের তারোম সংরক্ষিত এলাকায় হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, ওই হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক অবকাঠামো ও উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা ছিল। সামরিক বিশ্লেষক ফারজিন নাদিমি জানান, সংরক্ষিত এলাকার কাছেই এমন একটি স্থান ছিল, যেখানে ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছে বলে বিশ্লেষকদের ধারণা ছিল। ওই হামলায় স্থানীয় এক বন্যপ্রাণী রেঞ্জারের পরিবারের সদস্যরাও নিহত হন।

এই ঘটনা পরিবেশ সংরক্ষণ, সামরিক নিরাপত্তা এবং ভূগর্ভস্থ স্থাপনার অবস্থান নিয়ে পুরোনো একটি বিতর্ক আবার সামনে নিয়ে আসে। কারণ ওই একই অঞ্চলে কয়েক বছর আগে বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছিল ইরান।

তেহরানের দক্ষিণ-পূর্বে পবিত্র নগরী কুমের কাছে মরুভূমিতে এক সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরানের রেভল্যুশনারি গার্ড। ছবি: রয়টার্স

বন্যপ্রাণী পর্যবেক্ষণ থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগ

২০১৮ সালে ইরানের আইআরজিসির গোয়েন্দা শাখা পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

সংরক্ষণকর্মীরা মূলত দূরবর্তী পাহাড়ি ও মরু অঞ্চলে বন্যপ্রাণী পর্যবেক্ষণের কাজ করছিলেন। বিপন্ন এশীয় চিতাসহ বিভিন্ন প্রাণীর চলাচল ও আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহে তারা স্বয়ংক্রিয় ক্যামেরা ব্যবহার করতেন। কিন্তু ইরানি কর্তৃপক্ষের অভিযোগ ছিল ভিন্ন।

তাদের দাবি, বন্যপ্রাণী পর্যবেক্ষণের নামে স্থাপন করা ক্যামেরাগুলো সংবেদনশীল সামরিক এলাকার তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হচ্ছিল। ওই গ্রেপ্তার আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক উদ্বেগ তৈরি করে। বিশেষ করে ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা কাভুস সাইয়েদ-এমামির রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যুর পর পরিস্থিতি আরও বিতর্কিত হয়ে ওঠে।

সংস্থাটির অন্য সদস্যদের বছরের পর বছর কারাগারে থাকতে হয়। মুক্তির পর তাদের কয়েকজন অভিযোগ করেন, আটক অবস্থায় তাদের ওপর নির্যাতন ও যৌন হয়রানি চালানো হয়েছিল। সে সময় ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা দাবি করেছিলেন, কথিত নির্যাতনের বিষয়ে তারা অবগত ছিলেন না। একই সঙ্গে অভিযোগগুলো তদন্ত করে দেখার কথাও জানিয়েছিলেন।

সংস্থাটির আরেক সহপ্রতিষ্ঠাতা মোরাদ তাহবাজ পাঁচ বছরের বেশি সময় কারাগারে ছিলেন। কারাগারে জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, তদন্তকারীরা বারবার তাদের বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলতেন।

বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তারা কেন কাজ করছিলেন এবং সেখানে কী ধরনের তথ্য সংগ্রহ করতেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদকারীদের আগ্রহ ছিল প্রবল। ইরানি গোয়েন্দাদের সন্দেহ ছিল, পরিবেশ গবেষণার আড়ালে সামরিক স্থাপনাগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছিল। কিন্তু এসব অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ প্রকাশ্যে প্রতিষ্ঠিত হয়নি।

‘টিকটিকিকে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ’ অদ্ভুত এক অভিযোগ

জিজ্ঞাসাবাদের সময় মোরাদ তাহবাজের বিরুদ্ধে এমন একটি অভিযোগও আনা হয়েছিল, যা শুনতে প্রায় অবিশ্বাস্য। তার ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদকারীরা অভিযোগ করেছিলেন, তিনি সামরিক স্থাপনায় গুপ্তচরবৃত্তির জন্য টিকটিকিকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমের আড়ালে প্রাণী ব্যবহার করে সামরিক তথ্য সংগ্রহের সন্দেহ করা হয়েছিল। এই অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হয়নি। তবে ঘটনাটি দেখায়, পরিবেশ সংরক্ষণকর্মীদের কার্যক্রমকে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো কতটা সন্দেহের চোখে দেখছিল।

ওয়াশিংটনভিত্তিক ইরানি পরিবেশ ও পানি বিশ্লেষক নিক কাউসারের মতে, আইআরজিসি হয়তো সংবেদনশীল সামরিক স্থাপনার কাছাকাছি কাজ করা যেকোনো ব্যক্তিকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করত।

সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজের সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্যের কোনো সম্পর্ক না থাকলেও এমন সন্দেহ তৈরি হওয়া সম্ভব। এখানেই হরমোজগানের বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমের গুরুত্ব নতুন মাত্রা পায়।

মোরাদ তাহবাজ জানান, জিজ্ঞাসাবাদের সময় হরমোজগানে লারিস্তান বন্য ভেড়া নিয়ে তাদের গবেষণার বিষয়ে তদন্তকারীরা অস্বাভাবিক আগ্রহ দেখিয়েছিলেন।

পরবর্তী সময়ে ওই অঞ্চলের কাছাকাছি সন্দেহভাজন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা গবেষকদের পুরোনো প্রশ্নগুলো নতুন করে ভাবতে বাধ্য করেছে।

সংরক্ষণকর্মীরা কি নিজেদের অজান্তেই কোনো গোপন ক্ষেপণাস্ত্র স্থাপনার কাছাকাছি কাজ করছিলেন? আর সেই কারণেই কি তাদের কার্যক্রমকে সামরিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছিল? এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এর পক্ষে নিশ্চিত প্রমাণও নেই।

গ্রেপ্তারের পেছনে কী রাজনৈতিক উদ্দেশ্যও ছিল

পরিবেশ সংরক্ষণকর্মীদের গ্রেপ্তারের ঘটনাকে শুধু সামরিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখছেন না সব বিশ্লেষক। তাদের একাংশ মনে করেন, এর পেছনে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বও ভূমিকা রেখে থাকতে পারে।

সে সময় দেশটির সংস্কারপন্থী সরকার বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছিল। পরিবেশ সংরক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হচ্ছিল।

অন্যদিকে আইআরজিসির মতো শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের বিভিন্ন নীতিগত বিষয়ে বিরোধ ছিল। কিছু বিশ্লেষকের ধারণা, সংস্কারপন্থী সরকারের আন্তর্জাতিক সহযোগিতার নীতিকে দুর্বল করতেও পরিবেশ সংরক্ষণকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।

ফলে তাদের গ্রেপ্তারের পেছনে কেবল সামরিক স্থাপনার কাছাকাছি গবেষণা পরিচালনার বিষয়টিই কাজ করেছিল এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বরং সামরিক গোপনীয়তা, নিরাপত্তা সংস্থার সন্দেহ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব; সবগুলো বিষয় মিলিয়েই ঘটনাটির ব্যাখ্যা খুঁজতে হতে পারে।

উপসাগরীয় অঞ্চলের অজ্ঞাত একটি স্থানে ইরানের রেভল্যুশনারি গার্ডের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে রাখা ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

শেষ পর্যন্ত কী প্রমাণ করে এই অনুসন্ধান

ইরানের শত শত বাঁধ ও ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির সম্ভাব্য সম্পর্ক নিয়ে অনুসন্ধানটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে। আধুনিক সামরিক প্রতিরক্ষায় শুধু অস্ত্র কিংবা দুর্ভেদ্য আশ্রয়কেন্দ্রই যথেষ্ট নয়; সেই স্থাপনাগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় অবকাঠামোও সমান গুরুত্বপূর্ণ।

পাহাড়ের গভীরে নির্মিত কোনো ক্ষেপণাস্ত্র ঘাঁটি আকাশ হামলা থেকে সুরক্ষিত থাকতে পারে। কিন্তু বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেলে সেটির পরিচালনক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। সেই বিবেচনায় বাঁধ, জলাধার ও পানি স্থানান্তরব্যবস্থা সামরিক স্থাপনাগুলোর জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে।

তবে এখানে একটি মৌলিক পার্থক্য রয়েছে।

কোনো বাঁধ সামরিক ঘাঁটিকে সহায়তা করতে পারে, এটি এক ধরনের সম্ভাবনা। আর সামরিক ঘাঁটিকে সহায়তার উদ্দেশ্যেই বাঁধটি নির্মাণ করা হয়েছে, এটি সম্পূর্ণ ভিন্ন দাবি। এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রথম সম্ভাবনাটিকে আলোচনায় এনেছে। কিন্তু দ্বিতীয় দাবিটি প্রতিষ্ঠা করার মতো প্রত্যক্ষ প্রমাণ সামনে আসেনি।

ইরানের তীব্র পানি সংকট এবং কৃষি, শিল্প ও নগরাঞ্চলে পানি সরবরাহের চাহিদাও এসব প্রকল্পের পেছনে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হতে পারে। একই সঙ্গে কিছু প্রকল্পের পরিকল্পনায় সামরিক প্রয়োজন বিবেচিত হয়ে থাকতে পারে। এমন সম্ভাবনাও পুরোপুরি বাতিল করা যাচ্ছে না।

গবেষকদের পর্যবেক্ষণ তাই নিশ্চিত কোনো সিদ্ধান্তের চেয়ে নতুন অনুসন্ধানের পথ খুলে দিয়েছে। ইরানের জাগরোস ও আলবোরজ পর্বতমালায় ছড়িয়ে থাকা বাঁধগুলো দৃশ্যমান। কিন্তু পাহাড়ের গভীরে থাকা ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সগুলোর প্রকৃত পরিসর, সরবরাহব্যবস্থা ও এসব অবকাঠামোর সঙ্গে তাদের সম্পর্কের অনেক কিছুই এখনো অজানা। আর সেই অজানা অংশটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সাম্রাজ্যের শক্তি হয়তো শুধু পাহাড়ের নিচে লুকিয়ে রাখা অস্ত্রের ওপর নির্ভর করে না। সেটি সচল রাখার জন্য পাহাড়ের ওপরে গড়ে তোলা অবকাঠামোও সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারে।

প্রশ্ন তাই শুধু ইরানের ৬০০ বাঁধের নিচে বা আশপাশে কী আছে, তা নয়। প্রশ্ন হলো, দৃশ্যমান পানি অবকাঠামো আর অদৃশ্য সামরিক নেটওয়ার্কের মধ্যে আদৌ কতটা গভীর সম্পর্ক রয়েছে।

তথ্যসূত্র: ফার্স্টপোস্ট।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে