Logo
Logo
×
মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্ররা কেন এখন তেহরানে ঝুঁকছে

সোমবার মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সৌদি আরবের বাদশাহর ছোট ছেলে ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে তেহরানে পাঠানো হয়। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

ইনসাইট ।  এক্সপ্লেইনার

মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্ররা কেন এখন তেহরানে ঝুঁকছে

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬। ০৫:২৯ পিএম

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬। ১২:৩৯ পিএম

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় এত দিন যে যুক্তরাষ্ট্রকে প্রধান ভরসা হিসেবে দেখেছে উপসাগরীয় দেশগুলো। কিন্তু এখন সেই ওয়াশিংটনের ওপর নির্ভরতা নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর একের পর এক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আরব মিত্ররা। অথচ যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

আর এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। যুক্তরাষ্ট্রের মুসলিম-অধ্যুষিত মিত্ররা এখন সরাসরি আলোচনার মাধ্যমে ইরানকে নিয়েই একটি নতুন আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার পথ খুঁজছে।

এই কূটনৈতিক তৎপরতায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে সৌদি আরবের অবস্থানে। যুদ্ধের আরও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই দেশটি প্রথমবারের মতো তেহরানের সঙ্গে সরাসরি উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিয়েছে। পাশাপাশি কাতার ও ওমানও ইরানকে অন্তর্ভুক্ত করে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পুরোনো প্রস্তাব নতুন করে সামনে এনেছে।

তবে এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে নতুন কোনো স্থিতিশীলতার পথ খুলে দেবে, নাকি যুদ্ধের বিস্তার ঠেকানোর সাময়িক কূটনৈতিক প্রচেষ্টা হয়েই থাকবে তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের মধ্যে। বিশেষ করে ইরানের কঠোর অবস্থান, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ এই আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে রেখেছে।

তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী, কূটনীতিতে নতুন মোড়

সোমবার মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সৌদি আরবের বাদশাহর ছোট ছেলে ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে তেহরানে পাঠানো হয়। সেখানে তিনি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাইসহ দেশটির অন্য নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন।

সফরে খালিদের সঙ্গে ছিলেন মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশীদার পাকিস্তান ও তুরস্কের সামরিক ও গোয়েন্দা প্রধানরা। ইরান এবং মক্কা চুক্তির সদস্যদেশগুলোর মধ্যে এটিই প্রথম সরাসরি উচ্চপর্যায়ের যোগাযোগ।

বৈঠকে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে নীতিগত সমঝোতা হয়। পরদিন মঙ্গলবার উভয় পক্ষের নেতৃত্ব সেই সমঝোতায় অনুমোদন দেয়।

ইরানের সরকারি বিবৃতি অনুযায়ী, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মহসিন রেজাইয়ের সঙ্গে বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং হরমুজ প্রণালি ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

তেহরানের বৈঠকের কয়েক ঘণ্টা পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটির মন্ত্রিসভাও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরে।

সৌদি মন্ত্রিসভার মূল্যায়নে, আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখতে মক্কা চুক্তি ইতিমধ্যে ‘কেন্দ্রীয় ভূমিকা’ পালন করেছে। একই সঙ্গে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টার প্রতিও সমর্থন জানানো হয়।

সরাসরি এই যোগাযোগকে স্বাগত জানালেও এর কার্যকারিতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিশ্লেষকেরা। তাদের মূল প্রশ্ন, আলোচনার টেবিলে বসার অর্থ কি এই যে ইরান উপসাগরীয় রাজতান্ত্রিক দেশগুলোর ওপর নতুন বিমান হামলা বন্ধ করবে?

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইশড মিডল ইস্ট ফেলো বারবারা স্লাভিনের মতে, আলোচনার ফলে হামলা কমার সম্ভাবনা রয়েছে। তবে ইরান এ বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে রাজি হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের সিনিয়র রেসিডেন্ট স্কলার হুসেইন ইবিশও খুব বেশি আশাবাদী নন। তার মূল্যায়নে, বড় ধরনের নতুন উত্তেজনা ঠেকানোর ক্ষেত্রে তেহরানের এই বৈঠক নির্ণায়ক হয়ে উঠবে এমন সম্ভাবনা কম। কারণ, সত্যিকার অর্থে উত্তেজনা কমাতে হলে ইরানকে তার কয়েকটি চরম অবস্থান থেকে সরে আসতে হবে।

পলিটিক্যাল সাকসেশন ইন দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান বইয়ের লেখক আলি আলফোনে আরও কঠোর মূল্যায়ন দিয়েছেন।

তার মতে, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরদিন যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে সৌদি আরব, তুরস্ক কিংবা পাকিস্তানের পক্ষে তা ঠেকানো সম্ভব হবে না।

বরং তেহরানের নিজস্ব কৌশলগত হিসাব রয়েছে। আলফোনের মতে, উপসাগরীয় রাজতন্ত্রগুলোর জ্বালানি অবকাঠামোয় কঠোর প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন আক্রমণ থেকে বিরত রাখাই ইরানের স্বার্থ।

অর্থাৎ, আঞ্চলিক সংলাপ শুরু হলেও সামরিক প্রতিরোধ ও পাল্টা হামলার হিসাব থেকে এখনই বেরিয়ে আসছে না তেহরান।

ইরানকে বাদ নয়, সঙ্গে নিয়েই নিরাপত্তা কাঠামো চায় আরব দেশগুলো

সৌদি আরবের সরাসরি কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি কাতার ও ওমানও নতুন আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জোরালো করেছে। তাদের প্রস্তাব, উপসাগরীয় সাত আরব রাষ্ট্র ও ইরানকে নিয়ে সমঝোতাভিত্তিক একটি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। এর অন্যতম ভিত্তি হবে পারস্পরিক অনাক্রমণ চুক্তি, যাতে কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে সামরিক হামলা না চালানোর অঙ্গীকার করে।

মঙ্গলবার দোহায় সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইব্রাহিম আল-হাশেমি বলেন, গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির সদস্যদেশগুলোর জন্য এমন একটি নতুন আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন, যার ভিত্তি হবে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান ও পারস্পরিক অনাক্রমণ।

জিসিসির ছয় সদস্য হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব দেশের ওপর বারবার হামলা চালিয়েছে তেহরান। ফলে নতুন নিরাপত্তা কাঠামোর আলোচনা যতটা কূটনৈতিক উদ্যোগ, ততটাই ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমানোর চেষ্টা।

তবে কাতার শুধু আলোচনার আশ্বাসে সন্তুষ্ট থাকতে চায় না। আল-হাশেমি ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতি কেবল বক্তব্যে নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করতে হবে। তার ভাষায়, এখন তেহরানের দায়িত্ব হলো প্রস্তাবিত নীতিগুলো মেনে চলা ও সদিচ্ছার পরিচয় দেওয়া।

কাতারের এই অবস্থানের সঙ্গে ওমানের বক্তব্যেও মিল রয়েছে। তবে মাসকাট আরও এক ধাপ এগিয়ে উপসাগরীয় নিরাপত্তায় পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের প্রভাব নিয়েই প্রশ্ন তুলেছে।

মঙ্গলবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি জিসিসির সদস্যদেশ এবং প্রতিবেশী ইরাককে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি করে নিজেদের হাতে নেওয়ার আহ্বান জানান।

তার বক্তব্যের মূল বার্তা ছিল, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সেই ব্যবস্থায় সংশ্লিষ্ট সব দেশকে অন্তর্ভুক্ত করতে হবে। বাইরে থেকে চাপিয়ে দেওয়া নিরাপত্তা কাঠামোর ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।

আল-বুসাইদি বলেন, নিরাপত্তার জন্য পশ্চিমা শক্তিগুলোর ওপর দীর্ঘদিন নির্ভরশীল থাকার রাজনৈতিক মূল্য উপসাগরীয় রাজতন্ত্রগুলোকে দিতে হচ্ছে। আর সেই মূল্য এখন ‘অতিরিক্ত বেশি’ হয়ে গেছে। তার মতে, বাইরে থেকে এই অঞ্চলের ওপর চাপিয়ে দেওয়া অগ্রাধিকারগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিকর একটি ছিল আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা থেকে ইরানকে বাদ রাখার শর্ত।

শুধু তাই নয়, ইরানকে এমন একটি হুমকি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যার বিরুদ্ধে গোটা অঞ্চলের নিরাপত্তাব্যবস্থা সংগঠিত করতে হবে। আল-বুসাইদির বক্তব্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মধ্যপ্রাচ্য নীতির প্রতি স্পষ্ট ইঙ্গিত ছিল।

তিনি মনে করেন, তেহরানকে বাইরে রেখে গড়ে তোলা যেকোনো উপসাগরীয় নিরাপত্তা কাঠামো স্বভাবগতভাবেই অস্থিতিশীল ও কাঠামোগতভাবে দুর্বল।

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, সাম্প্রতিক যুদ্ধ একটি বাস্তবতা স্পষ্ট করেছে উপসাগরীয় দেশগুলো আর নিরাপত্তার জন্য বাইরের অংশীদারদের সহযোগিতার ওপর পুরোপুরি নির্ভর করতে পারে না। ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থায় বহিরাগত শক্তিগুলোর ভূমিকা আর প্রধান হওয়া উচিত নয়। এর পরিবর্তে ইরান ও তার আরব প্রতিবেশীদের মধ্যে অনাক্রমণ চুক্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোনো প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কী সত্যিই কমবে

মধ্যপ্রাচ্যের এই নতুন কূটনৈতিক তৎপরতার পেছনে সবচেয়ে বড় বাস্তবতা হলো যুদ্ধের অভিজ্ঞতা। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা যুক্তরাষ্ট্রনির্ভর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতাকে সামনে এনেছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইশড মিডল ইস্ট ফেলো বারবারা স্লাভিনের মতে, এই ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্র যে জিসিসি অঞ্চলে তার সামরিক ঘাঁটিগুলোর কাঠামো পুনর্বিন্যাস করবে, তা ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে।

এ ধরনের পরিবর্তনকে তেহরান নিজের কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরতে পারে। বিশেষ করে ইরান এটিকে আঞ্চলিক দেশগুলোর হাতে নিরাপত্তার নিয়ন্ত্রণ ফিরে আসা বা ‘আঞ্চলিকতাবাদের জয়’ হিসেবে প্রচার করতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির পুনর্বিন্যাস মানেই মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ প্রত্যাহার নয়।

স্লাভিন মনে করেন, উপসাগরীয় দেশগুলোও সহজে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে ফেলবে না। কারণ, দুই পক্ষের সম্পর্কের সঙ্গে সামরিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিক অনেক স্বার্থ জড়িয়ে আছে।

জিসিসির সদস্যদেশগুলো বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা। সেই অস্ত্র ব্যবহারের জন্য নিয়মিত যন্ত্রাংশ সরবরাহ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। ফলে চাইলেই রাতারাতি যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থার বিকল্প তৈরি করা সম্ভব নয়।

তবে পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে।

গত সপ্তাহে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া মিলে ‘বদর ডিফেন্স প্রোডাকশন প্যাক্ট’ গঠন করেছে। এই চুক্তির প্রধান লক্ষ্য পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র কেনার ওপর নির্ভরতা কমিয়ে প্রতিরক্ষা উৎপাদনে নতুন সহযোগিতা গড়ে তোলা। বদর প্রতিরক্ষা উৎপাদন চুক্তির সঙ্গে মক্কা জোটের আংশিক সম্পর্ক থাকলেও এটি একটি পৃথক উদ্যোগ।

স্লাভিনের মূল্যায়নে, পশ্চিমা নির্ভরতা কমানোর এই প্রক্রিয়া হবে ধীরগতির। একদিকে বিদ্যমান সামরিক সম্পর্কের পরিসর ধীরে ধীরে ছোট করা হবে, অন্যদিকে অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহের উৎস বৈচিত্র্যময় করা হবে।

তবে এই পরিবর্তন কত দ্রুত ঘটবে, তার বড় অংশই নির্ভর করবে যুদ্ধ শেষ হওয়ার পর ইরান তার প্রতিবেশীদের সঙ্গে কেমন আচরণ করে, তার ওপর।

ইসরায়েলের প্রভাব ঠেকানোর হিসাবও রয়েছে

যুক্তরাষ্ট্রের ওপর সামরিক নির্ভরতা কমানো কিংবা ইরানের হামলা ঠেকানোই নতুন আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগের একমাত্র উদ্দেশ্য নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের বৃহত্তর শক্তির ভারসাম্য। একটি বিষয়ে ইরান এবং মুসলিম-অধ্যুষিত দেশগুলোর স্বার্থ মিলছে। তারা কেউই চায় না, ইসরায়েল মধ্যপ্রাচ্যের একচ্ছত্র শক্তি হয়ে উঠুক।

হুসেইন ইবিশের মতে, মক্কা চুক্তির অংশীদার দেশগুলো এমন একটি আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে প্রতিবেশী দেশগুলোর ওপর সামরিক হামলা থেকে বিরত থাকার যথেষ্ট কারণ ইসরায়েলের সামনে থাকে।

এই প্রচেষ্টার পেছনে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যও রয়েছে।

২০২৩ সালের পর ইসরায়েলের যে আরও আক্রমণাত্মক আঞ্চলিক অবস্থান দেখা গেছে, তার বিপরীতে একটি ভারসাম্যকারী শক্তি গড়ে তুলতে চায় সংশ্লিষ্ট দেশগুলো।

অর্থাৎ, নতুন নিরাপত্তা কাঠামোর আলোচনায় শুধু ইরানের সঙ্গে সংঘাত কমানোর বিষয় নেই। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে এমন এক শক্তির ভারসাম্য তৈরির চেষ্টা চলছে, যাতে কোনো একটি দেশ এককভাবে সামরিক আধিপত্য বিস্তার করতে না পারে।

তবে এই সমীকরণে সবচেয়ে বড় জটিলতা তৈরি করছে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি।

ইবিশের মূল্যায়নে, তেহরান থেকে আসা সংকেতগুলো মোটেও আশাব্যঞ্জক নয়।

তার মতে, ইরানের বর্তমান ক্ষমতাকাঠামোয় বিপ্লবী গার্ডঘনিষ্ঠ রাজনৈতিক গোষ্ঠীগুলোর প্রভাব অত্যন্ত শক্তিশালী। এসব গোষ্ঠী প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রশাসনে প্রভাবশালী গোষ্ঠীগুলোর তুলনায় আরও বেশি আক্রমণাত্মক ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রবণতাসম্পন্ন।

ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমঝোতামুখী নীতির পক্ষে অবস্থান নেওয়া গোষ্ঠীগুলোর কণ্ঠ ক্রমেই চাপা পড়ে যাচ্ছে। এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ মনে করেন ইবিশ।

তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন এক পরিবেশ তৈরি করছেন, যা ইরানের আরও কট্টর রাজনৈতিক শক্তিগুলোর অবস্থানকে শক্তিশালী করছে।

কারণ, তেহরানের ওপর ক্রমাগত সামরিক চাপ ও হামলার আশঙ্কা দেশটির নেতৃত্বকে আরও যুদ্ধংদেহী অবস্থান নেওয়ার প্রণোদনা দিচ্ছে। ফলে একদিকে ইরানকে আলোচনার টেবিলে আনার উদ্যোগ চলছে, অন্যদিকে সামরিক উত্তেজনাই দেশটির আপসহীন শক্তিগুলোকে আরও প্রভাবশালী করে তুলছে।

হরমুজ প্রণালি ও হুথি হামলা: সমঝোতার সবচেয়ে কঠিন পরীক্ষা

নতুন আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা যতই এগোক, কয়েকটি মৌলিক বিষয়ে সমঝোতায় পৌঁছানো অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা সীমিত করা।

বারবারা স্লাভিনের মতে, নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠিত হলেও এসব বিষয়ে উপসাগরীয় প্রতিবেশীদের মূল উদ্বেগ দূর করতে ইরানকে বাধ্য করা যাবে, এমন সম্ভাবনা খুব কম।

বিশেষ করে হরমুজ প্রণালির প্রশ্নটি এখন অনেক বেশি জটিল হয়ে উঠেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর অন্যতম এই প্রণালিকে ইরান চলমান যুদ্ধে প্রথমবারের মতো সরাসরি চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।

ফলে তেহরান এমন একটি কৌশলগত সক্ষমতা প্রদর্শন করেছে, যা ভবিষ্যতের যেকোনো সংঘাতে আবারও কাজে লাগানোর সম্ভাবনা তৈরি করেছে।

স্লাভিনের মতে, একবার হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহারের পর ইরান এখন আর বিশ্বাসযোগ্যভাবে এমন নিশ্চয়তা দিতে পারে না যে ভবিষ্যতে এই জলপথে জাহাজ চলাচল কখনো হুমকির মুখে ফেলবে না।

এটি শুধু ইরান ও আরব প্রতিবেশীদের মধ্যকার পারস্পরিক আস্থার প্রশ্ন নয়। বরং নতুন আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর ও টেকসই হতে পারে, তারও একটি মৌলিক পরীক্ষা।

কারণ, উপসাগরীয় দেশগুলো এমন একটি ব্যবস্থা চায়, যেখানে নিজেদের সার্বভৌমত্ব ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত হবে। অথচ ইরান এমন কৌশলগত সুবিধা ছাড়তে আগ্রহী হবে কি না, যার মাধ্যমে সে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। সেই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই।

এই দ্বন্দ্বই মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা উদ্যোগের সবচেয়ে বড় অনিশ্চয়তা। সৌদি আরব, কাতার, ওমানসহ যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো বুঝতে পারছে, শুধু পশ্চিমা সামরিক শক্তির ওপর নির্ভর করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। অন্যদিকে ইরানও আঞ্চলিক আলোচনায় অংশ নেওয়ার মধ্য দিয়ে নিজের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করার সুযোগ দেখছে।

কিন্তু আলোচনার টেবিলে বসা আর দীর্ঘদিনের শত্রুতা কাটিয়ে কার্যকর নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করা এক বিষয় নয়।

ইরানকে অন্তর্ভুক্ত করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের চেষ্টা তাই একদিকে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে সামনে আনছে কঠিন বাস্তবতা। বিশ্বাসের সংকট, সামরিক প্রতিদ্বন্দ্বিতা এবং কৌশলগত স্বার্থের সংঘাত এখনো অমীমাংসিত।

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়েও একই অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

বারবারা স্লাভিনের একটি মন্তব্যেই সেই বাস্তবতা ধরা পড়ে, ‘বোতল থেকে দৈত্য বেরিয়ে গেছে।’

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে