মূল্যস্ফীতির চাপে থাকা পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে বিক্রয় কর্মসূচি (ওএমএস) চালু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানিয়েছেন, চলতি মাসেই কর্মসূচিটি চালুর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর থেকে চাল বিক্রি শুরু হতে পারে।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
চলতি মাসের শুরুতে গঠিত নিম্নতম মজুরি বোর্ড ইতিমধ্যে দুটি সভা করেছে। সোমবারের (৯ নভেম্বর) সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। তবে নতুন মজুরির চূড়ান্ত অঙ্ক এখনো নির্ধারিত হয়নি।
৭৫টি ট্রাকে বিক্রি হবে চাল
খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য শিল্পাঞ্চলে বিশেষ ওএমএস কার্যক্রম চালু করা হবে।
পোশাক কারখানার সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শ্রমিকদের জন্য ৭৫টি ট্রাকে চাল বিক্রির ব্যবস্থা থাকবে।
শ্রমিকেরা নিজ নিজ কারখানা থেকে দেওয়া পরিচয়পত্র দেখিয়ে নির্ধারিত দামে চাল কিনতে পারবেন।
এ কর্মসূচির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, পোশাকশ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চাল কেনার সুযোগ নিশ্চিত করতেই বিশেষ এই কার্যক্রম নেওয়া হচ্ছে।
কর্মসূচির বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব থাকবে খাদ্য অধিদপ্তরের ওপর।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি গুদামে বর্তমানে পর্যাপ্ত চাল মজুত রয়েছে। ফলে বিদ্যমান মজুত থেকেই বিশেষ ওএমএস কর্মসূচির জন্য প্রয়োজনীয় চাল সরবরাহ করা সম্ভব হবে।
কর্মসূচিটি চালু হলে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ৩০০ টাকা খরচ করে ১০ কেজি চাল কিনতে পারবেন। তবে এটি চালুর সম্ভাব্য তারিখ ও পরিকল্পনা; বিক্রির কার্যক্রম এখনো শুরু হয়নি।