তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও সমন্বয়ের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার।
রবিবার সকালে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বোর্ড গঠনের কথা জানান।
ঘোষণা অনুযায়ী, একজন জ্যেষ্ঠ বিচারপতি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সদস্য হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন।
বোর্ডে আরও থাকছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দ্রুততম সময়ের মধ্যে বোর্ড বৈঠকে বসবে এবং মজুরি সমন্বয়ের বিষয়টিকে একটি পর্যায়ে নিয়ে যাবে বলে সরকার আশা করছে।
সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বিভিন্ন দাবির মধ্যে নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়টিও সামনে এসেছে।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের অন্যতম দাবি ছিল মজুরি বোর্ড গঠন। সেই দাবি অনুযায়ী বোর্ড গঠন করা হয়েছে। এখন শ্রমিকরা সড়কের কর্মসূচি ছেড়ে কলকারখানায় কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।