প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬। ০২:১২ পিএম
আপডেট: ০৭ নভেম্বর ২০২৬। ১৩:০১ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ব্যালটে তার নাম না দেখলেও যেন তাকেই সামনে রেখে ভোট দেন। তিনি বারবার সেই আহ্বানও জানিয়েছিলেন। দেশটির ভোটাররা তার কথা রেখেছেন। তবে ফল হয়েছে ঠিক উল্টো। ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর বদলে ব্যালটের মাধ্যমে তার রাজনৈতিক মিত্রদের প্রত্যাখ্যান করেছেন তারা।
যুক্তরাষ্ট্রের প্রায় সর্বত্র রিপাবলিকানদের পরাজয়ের যে ঢেউ উঠেছে, তা শুধু কংগ্রেসের ক্ষমতার ভারসাম্যই বদলে দিচ্ছে না। পাশাপাশি প্রশ্নের মুখে ফেলেছে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎও। দুই বছর আগে যে ভোটারদের সমর্থনে তিনি হোয়াইট হাউসে ফিরেছিলেন, তাদের একটি উল্লেখযোগ্য অংশ এবার মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি রিপাবলিকানদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিগুলোতেও ডেমোক্র্যাটরা অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে।
জর্জিয়া, নিউ হ্যাম্পশায়ার ও নর্থ ক্যারোলাইনার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যের পাশাপাশি আইওয়া, ক্যানসাস, টেক্সাস, এমনকি সাউথ ক্যারোলাইনার মতো রিপাবলিকান দুর্গেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। ট্রাম্পের বিতর্কিত নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের কৌশলও প্রত্যাশিত ফল দিতে পারেনি। বরং বেশ কিছু ক্ষেত্রে সেই পরিকল্পনাই রিপাবলিকানদের বিপদ বাড়িয়েছে।
নির্বাচনের ফল ডেমোক্র্যাটদের জন্য কয়েকটি ঐতিহাসিক অর্জনও এনে দিয়েছে। জর্জিয়ায় কেইশা ল্যান্স বটমস যুক্তরাষ্ট্রের ইতিহাসে গভর্নর নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী হয়েছেন। অন্যদিকে টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্র্যাট জিনা হিনোজোসা।
তবে এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কেবল কোন দল কতটি আসনে জিতেছে, তা নয়। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ভোটারদের গভীর অসন্তোষ, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং ট্রাম্পের প্রতি ক্রমবর্ধমান অনাস্থা।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভোটার জরিপে দেখা গেছে, প্রায় চার ভাগের তিন ভাগ ভোটার যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কিংবা অসন্তুষ্ট। যারা ভোট দেওয়ার সময় ট্রাম্পের ভূমিকা বিবেচনায় রেখেছেন, তাদের মধ্যে তাকে সমর্থন জানানোর চেয়ে বিরোধিতা প্রকাশ করতে চাওয়া ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও অসন্তোষ তীব্র। প্রায় ১০ জনের মধ্যে ছয়জন ভোটার মনে করেন, স্বাভাবিকের চেয়ে বেশি দামের জন্য মূলত ট্রাম্প প্রশাসনের নীতিই দায়ী।
এই অসন্তোষ সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়েছে ট্রাম্পের ভোটার জোটে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ও হিস্পানিক ভোটারদের মধ্যে যে সমর্থন তিনি পেয়েছিলেন, এবার তার বড় একটি অংশ রিপাবলিকানদের কাছ থেকে সরে গেছে।
ফলে ডেমোক্র্যাটরা এখন প্রতিনিধি পরিষদ ও সিনেট; কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে ট্রাম্পের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়বে। কারণ গত দুই বছর রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেস থেকে তাকে খুব কম বাধার মুখে পড়তে হয়েছে।
কিন্তু এই নির্বাচনের প্রভাব কেবল ওয়াশিংটনের ক্ষমতার হিসাবেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দুই বছর রিপাবলিকান ও ডেমোক্র্যাট; উভয় দলের রাজনীতি কোন পথে এগোবে, তার গতিপথও নির্ধারণ করে দিতে পারে মঙ্গলবারের ফল। আর এর মধ্য দিয়েই কার্যত শুরু হয়ে যাচ্ছে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রাজনৈতিক প্রস্তুতি।
ট্রাম্পের রাজনৈতিক শক্তি কী ফুরিয়ে আসছে
দ্বিতীয় মেয়াদের শেষ হতে এখনো প্রায় দুই বছর বাকি। অথচ ডোনাল্ড ট্রাম্প এমন এক রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন, যা তার ক্ষমতার ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছে।
রিপাবলিকান পার্টির ওপর দীর্ঘদিন ধরে প্রায় নিঃশর্ত আনুগত্য প্রতিষ্ঠা করেছিলেন ট্রাম্প। দলের প্রার্থী বাছাই থেকে শুরু করে নীতিনির্ধারণ; সব ক্ষেত্রেই তার প্রভাব ছিল নিরঙ্কুশ। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে সেই রাজনৈতিক কর্তৃত্ব আর ভোটারদের সমর্থন ধরে রাখার নিশ্চয়তা দিতে পারেনি।
নির্বাচনের আগে থেকেই ট্রাম্পের জনসমর্থন ছিল নিম্নমুখী। এর সঙ্গে যুক্ত হয়েছিল ইরানের সঙ্গে অজনপ্রিয় যুদ্ধ, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে লাখ লাখ মার্কিন নাগরিকের ক্ষোভ।
এপি ভোটার জরিপ বলছে, প্রায় ১০ জনের মধ্যে ছয়জন ট্রাম্পের দায়িত্ব পালনের ধরন সমর্থন করেন না। প্রায় ৭০ শতাংশ ভোটার চান, প্রেসিডেন্টের ক্ষমতার ওপর কংগ্রেস আরও কার্যকর নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠা করুক।
ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও ভোটারদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। প্রায় ১০ জনের মধ্যে ছয়জনের ধারণা, দেশের স্বার্থের তুলনায় নিজের ব্যক্তিগত স্বার্থকেই বেশি গুরুত্ব দেন প্রেসিডেন্ট।
অথচ নির্বাচনের আগে ট্রাম্পের রাজনৈতিক হিসাব ছিল ভিন্ন।
২০২৪ সালে তার জয়ের অন্যতম ভিত্তি ছিল শ্বেতাঙ্গ শ্রমজীবী ভোটারদের সমর্থন। পাশাপাশি তরুণ ও অশ্বেতাঙ্গ ভোটারদের একটি অংশও রিপাবলিকানদের দিকে ঝুঁকেছিল। ট্রাম্পের প্রত্যাশা ছিল, এই ভোটার জোট আবারও বড় সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হলে রিপাবলিকান প্রার্থীরা মধ্যবর্তী নির্বাচনের ধাক্কা সামলে নিতে পারবেন।
কিন্তু বাস্তবে সেই হিসাব মেলেনি।
দুই বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এবার তরুণ ও হিস্পানিক ভোটারদের মধ্যে রিপাবলিকানদের সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে।
২০২৪ সালে ৩০ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে ট্রাম্প ও কমলা হ্যারিসের সমর্থন ছিল প্রায় সমান। অথচ এবারের নির্বাচনে জাতীয়ভাবে এই বয়সী প্রতি ১০ জনের মধ্যে প্রায় সাতজন জানিয়েছেন, তারা প্রতিনিধি পরিষদে নিজেদের এলাকার ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দিয়েছেন।
হিস্পানিক ভোটারদের মধ্যেও একই পরিবর্তন দেখা গেছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতি ১০ জন হিস্পানিক ভোটারের মধ্যে প্রায় চারজন ট্রাম্পকে সমর্থন করেছিলেন। এবার স্থানীয় প্রতিনিধি পরিষদ নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন প্রায় এক-তৃতীয়াংশ হিস্পানিক ভোটার। বিপরীতে প্রতি ১০ জনের মধ্যে প্রায় ছয়জন ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন করেছেন।
এই পরিবর্তনের পেছনে অর্থনৈতিক অসন্তোষও বড় ভূমিকা রেখেছে। প্রায় ১০ জনের মধ্যে সাতজন হিস্পানিক ভোটার মনে করেন, ট্রাম্পের নীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অর্থাৎ যে ভোটার জোট ট্রাম্পকে ২০২৪ সালে ক্ষমতায় ফিরিয়েছিল, দুই বছরের ব্যবধানে তার মধ্যেই ভাঙনের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে।
আর এই প্রবণতা সাময়িক, নাকি দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিবর্তনের সূচনা; সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী নির্বাচনী লড়াইগুলোতে। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সমীকরণে এর প্রভাব পড়বে, তা অনেকটাই নিশ্চিত। বুধবার থেকেই কার্যত শুরু হচ্ছে সেই নির্বাচনের অনানুষ্ঠানিক রাজনৈতিক প্রতিযোগিতা।
রিপাবলিকান দুর্গে ডেমোক্র্যাটদের জয়, কংগ্রেসেও ক্ষমতা বদলের সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ একই সঙ্গে এক দলের হাত থেকে অন্য দলের হাতে চলে যাওয়ার ঘটনা বিরল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমনটি ঘটেছে মাত্র তিনবার; ১৯৪৬, ১৯৯৪ ও ২০০৬ সালে। এবারের মধ্যবর্তী নির্বাচন সেই ইতিহাসে চতুর্থ ঘটনা যুক্ত হচ্ছে।
ডেমোক্র্যাটদের জয়ের বিস্তার এতটাই ব্যাপক যে একে ঐতিহাসিক নির্বাচনী সাফল্য হিসেবে দেখা হচ্ছে। শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য নয়, রিপাবলিকানদের দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটিতেও তারা উল্লেখযোগ্য জয় পেয়েছেন। জর্জিয়া, আইওয়া, ওহাইও ও টেক্সাসে সেনেট ও গভর্নর; উভয় ধরনের নির্বাচনেই ডেমোক্র্যাটরা জয়ী হয়েছেন।
ওহাইও ও টেক্সাসের ফল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওহাইওতে ১১ শতাংশ পয়েন্ট ও টেক্সাসে ১৪ শতাংশ পয়েন্ট ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। মাত্র দুই বছরের ব্যবধানে এসব অঙ্গরাজ্যের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন এসেছে।
নর্থ ক্যারোলাইনায় সেনেট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক ডেমোক্র্যাট গভর্নর রয় কুপার। জর্জিয়ায় সহজেই পুনর্নির্বাচিত হয়েছেন সেনেটর জন অসফ। একই অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচিত হয়েছেন কেইশা ল্যান্স বটমস।
নিউ হ্যাম্পশায়ারে সেনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট ক্রিস পাপাস। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সেনেটর হওয়ার নজির গড়েছেন তিনি।
ওহাইওতে রিপাবলিকানদের দখলে থাকা একটি সেনেট আসন পুনরুদ্ধার করেছেন সাবেক সেনেটর শেরড ব্রাউন। একই অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন সাবেক স্বাস্থ্য কর্মকর্তা অ্যামি অ্যাকটন।
ক্যানসাসেও রিপাবলিকানদের জন্য এসেছে বড় ধাক্কা। সেখানে বর্তমান রিপাবলিকান সেনেটর রজার মার্শালকে হারিয়ে জয় পেয়েছেন প্রথমবারের প্রার্থী ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিল্টন। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইউনাইটেড মেথডিস্ট চার্চের নেতৃত্ব দেন।
তবে ডেমোক্র্যাটদের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষার কেন্দ্র টেক্সাসে এবারের সাফল্য বিশেষ গুরুত্ব বহন করছে। সেখানে সেনেট নির্বাচনে জয় পেয়েছেন ৩৭ বছর বয়সী অঙ্গরাজ্য আইনপ্রণেতা জেমস তালারিকো। একই সঙ্গে তিন মেয়াদের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন জিনা হিনোজোসা।
দীর্ঘদিন রিপাবলিকানদের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে এই ফল যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তবে ট্রাম্পের জন্য সবচেয়ে বিব্রতকর পরাজয় সম্ভবত এসেছে সাউথ ক্যারোলাইনা থেকে।
প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামের উত্তরসূরি হিসেবে তার বোন ডারলিন গ্রাহামকে নিজেই সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেই প্রার্থীকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট অ্যানি অ্যান্ড্রুজ। পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ অ্যান্ড্রুজের এটিই ছিল প্রথম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা।
একজন নতুন প্রার্থীর কাছে ট্রাম্প-সমর্থিত প্রার্থীর এই পরাজয় রিপাবলিকানদের রাজনৈতিক দুর্বলতার প্রতীক হয়ে উঠেছে।
নির্বাচনের আগে সেনেটে রিপাবলিকানদের আসনসংখ্যার ব্যবধান ছিল ৫৩-৪৭। ফলে সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের এমন কিছু অঙ্গরাজ্যেও জয় প্রয়োজন ছিল, যেখানে ২০২৪ সালে ট্রাম্প বিজয়ী হয়েছিলেন।
এবারের ফল সেই সম্ভাবনাই তৈরি করেছে। প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বলে জানা গেছে। বর্তমান কংগ্রেসের শুরুতে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল খুবই সামান্য; ২২০ আসনের বিপরীতে ডেমোক্র্যাটদের ২১৫টি।
ডেমোক্র্যাটরা এবার ৬০টির বেশি আসনকে নির্বাচনী লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। এসব আসনের অনেকগুলোতেই ২০২৪ সালে ট্রাম্প দুই অঙ্কের ব্যবধানে জয় পেয়েছিলেন।
ট্রাম্পের পরাজয় কি ডেমোক্র্যাটদের জনপ্রিয়তার প্রমাণ
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় সাফল্য এসেছে। কিন্তু তার অর্থ এই নয় যে দলটির প্রতি মার্কিন ভোটারদের আস্থা পুরোপুরি ফিরে এসেছে।
বরং নির্বাচনের ফল সামনে আসার পর ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে আরেকটি রাজনৈতিক প্রতিযোগিতা স্পষ্ট হয়ে উঠেছে। দলটির ভবিষ্যৎ আদর্শিক পরিচয় কী হবে, নেতৃত্ব কোন ধারার হাতে থাকবে এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কাকে সামনে আনা হবে; এসব প্রশ্ন নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ।
ডেমোক্র্যাটদের মধ্যে প্রধানত দুটি ধারা সক্রিয়। একটি প্রগতিশীল বামপন্থী শিবির, অন্যটি উদারপন্থী ও মধ্যপন্থী মূলধারা। দুই পক্ষই মঙ্গলবারের নির্বাচনী ফলকে নিজেদের রাজনৈতিক অবস্থানের পক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। নির্বাচনের রাতের প্রথম ভাগে মধ্যপন্থী নেতাদের সাফল্য বিশেষভাবে চোখে পড়ে।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ও মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর পুনর্নির্বাচিত হয়েছেন। দুজনই ডেমোক্র্যাটিক পার্টির আলোচিত নেতা এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত। অন্যদিকে ফ্লোরিডায় পরাজিত হয়েছেন ডেমোক্র্যাট অ্যাঞ্জি নিক্সন।
তিনি এবারের সেনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একমাত্র প্রার্থী, যিনি নিজেকে প্রকাশ্যে ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচয় দিয়েছেন। তবে পরাজিত হলেও নিক্সনের নির্বাচনী ফল প্রত্যাশার তুলনায় অনেক ভালো হয়েছে। ফলে প্রগতিশীল শিবিরের জন্য এই ফল পুরোপুরি হতাশাজনক নয়।
তাদের সবচেয়ে বড় প্রত্যাশার কেন্দ্র হয়ে উঠেছেন মিশিগানের ডেমোক্র্যাট সেনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। রিপাবলিকান মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
এল-সাইয়েদ এবারের নির্বাচনে প্রগতিশীলদের সবচেয়ে আলোচিত প্রার্থী। যদিও তিনি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা বা ডিএসএর সদস্য নন। সংগঠনটির আনুষ্ঠানিক সমর্থনও তিনি পাননি। তার সম্ভাব্য সাফল্যের গুরুত্ব বোঝার জন্য নিউইয়র্কের নির্বাচনী ফলের দিকে তাকানো যেতে পারে।
নিউইয়র্কের ভোটাররা ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানিকে মেয়র নির্বাচিত করেছেন। কিন্তু একটি বড় শহরের মেয়র নির্বাচনে প্রগতিশীল প্রার্থীর জয় এবং জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে একই রাজনৈতিক ধারার প্রার্থীর জয় এক বিষয় নয়।
মিশিগান এমন একটি অঙ্গরাজ্য, যেটি দুইবার ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেখানে এল-সাইয়েদের মতো প্রকাশ্য প্রগতিশীল রাজনীতিক জয়ী হলে তা ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ আদর্শিক বিতর্কে নতুন মাত্রা যোগ করবে।
তবে মধ্যপন্থী ও প্রগতিশীলদের এই প্রতিযোগিতার বাইরেও ডেমোক্র্যাটদের সামনে বড় একটি সমস্যা রয়ে গেছে দলটির সামগ্রিক ভাবমূর্তি। এপি ভোটার জরিপ অনুযায়ী, প্রায় অর্ধেক মার্কিন ভোটার ডেমোক্র্যাটিক পার্টি সম্পর্কে খুব নেতিবাচক অথবা কিছুটা নেতিবাচক ধারণা পোষণ করেন। অন্যদিকে রিপাবলিকান পার্টি সম্পর্কে নেতিবাচক মত দিয়েছেন প্রায় ১০ জনের মধ্যে ছয়জন। অর্থাৎ রিপাবলিকানদের প্রতি অসন্তোষ ডেমোক্র্যাটদের নির্বাচনী সুবিধা এনে দিলেও দলটি এখনো ব্যাপক জনআস্থা অর্জন করতে পারেনি।
আগামী দুই বছরে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাই হবে ডেমোক্র্যাটদের অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।
ট্রাম্পের নির্বাচনী সীমানা বদলের কৌশল কেন উল্টো ফল দিল
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সুবিধা নিশ্চিত করতে ট্রাম্প যে রাজনৈতিক কৌশলগুলোর ওপর সবচেয়ে বেশি নির্ভর করেছিলেন, তার একটি ছিল নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণ।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই কৌশল ‘জেরিম্যান্ডারিং’ নামে পরিচিত। এর মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিজেদের ভোটারদের সুবিধাজনকভাবে বিভিন্ন নির্বাচনী এলাকায় বিন্যস্ত করে আসন জয়ের সম্ভাবনা বাড়ানোর চেষ্টা করে। গত বছর এই কৌশলকে কেন্দ্র করে বড় রাজনৈতিক সংঘাত শুরু হয়েছিল টেক্সাসে।
ট্রাম্প দেশের সবচেয়ে জনবহুল রিপাবলিকান-শাসিত অঙ্গরাজ্যটিকে কংগ্রেসীয় নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণ করতে চাপ দেন। উদ্দেশ্য ছিল প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জন্য আরও বেশি আসন নিশ্চিত করা। এর পাল্টা পদক্ষেপ নেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম।
তিনি নিজের অঙ্গরাজ্যের ভোটারদের একই ধরনের নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের ব্যবস্থা গ্রহণে রাজি করান। এরপর ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অঙ্গরাজ্য একই পথে হাঁটতে শুরু করে। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভোটাধিকার আইনের একটি অংশ দুর্বল করে দেয়।
ফলে দক্ষিণের কয়েকটি অঙ্গরাজ্যে এমন নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তনের সুযোগ তৈরি হয়, যেগুলো আগে কৃষ্ণাঙ্গ-সংখ্যাগরিষ্ঠ অথবা প্রায় কৃষ্ণাঙ্গ-সংখ্যাগরিষ্ঠ ছিল।
কাগজে-কলমে পুরো প্রক্রিয়াটি রিপাবলিকানদের জন্য লাভজনক হওয়ার কথা ছিল। নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসের হিসাব অনুযায়ী, দলটির নিট নয়টি অতিরিক্ত আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু নির্বাচনের ফল সামনে আসার পর দেখা যাচ্ছে, সেই হিসাবের একটি বড় দুর্বলতা ছিল।
রিপাবলিকানদের জন্য নতুন নতুন আসন তৈরির চেষ্টা করতে গিয়ে রক্ষণশীল ভোটারদের আরও বেশি নির্বাচনী এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। এর ফলে আগে নিরাপদ বলে বিবেচিত কিছু রিপাবলিকান আসনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে।
বিশেষ করে ফ্লোরিডা এবং সম্ভবত টেক্সাসের আরও কিছু আসনে এই কৌশল রিপাবলিকানদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী মানচিত্র পুনর্নির্ধারণের সময় রিপাবলিকানদের একটি গুরুত্বপূর্ণ অনুমান ছিল, ২০২৪ সালে ট্রাম্পকে সমর্থন দেওয়া লাতিনো ও অন্যান্য অশ্বেতাঙ্গ ভোটাররা এবারও তাদের পাশে থাকবেন।
কিন্তু প্রাথমিক নির্বাচনী ফল সেই অনুমানকে ভুল প্রমাণ করেছে। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ পাওয়া গেছে ফ্লোরিডায়। সেখানে অঙ্গরাজ্যের ২৫তম কংগ্রেসীয় জেলায় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি জ্যারেড মস্কোভিটজ। ২২তম জেলায় জয়ী হয়েছেন প্রথমবারের প্রার্থী ডেমোক্র্যাট পিয়া দান্ডিয়া। আর ১৪তম কংগ্রেসীয় জেলায় পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি ক্যাথি ক্যাস্টর।
অথচ চলতি বছরের বসন্তেই এই তিনটি নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণ করেছিলেন রিপাবলিকানরা। তাদের পরিকল্পনা ছিল, শরতের মধ্যবর্তী নির্বাচনে তিনটি আসনই নিজেদের দখলে নেওয়া।
বাস্তবে ঘটেছে উল্টো। তিনটি আসনেই ডেমোক্র্যাটদের সাফল্য দেখিয়ে দিয়েছে, নির্বাচনী মানচিত্র নিজেদের অনুকূলে সাজালেই ভোটারদের রাজনৈতিক অবস্থান নিয়ন্ত্রণ করা যায় না।
বিশেষ করে যে ভোটারদের সমর্থন ধরে রাখার ওপর পুরো কৌশল নির্ভর করেছিল, তারাই যখন মুখ ফিরিয়ে নেন, তখন সুবিধাজনক নির্বাচনী সীমানাও জয় নিশ্চিত করতে পারে না।
২০২৮ সালের রাজনীতিতে কী বার্তা দিল এই নির্বাচন
মধ্যবর্তী নির্বাচনের ফল ট্রাম্পের জন্য শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ আসন হারানোর ঘটনা নয়। এর মাধ্যমে তার রাজনৈতিক নেতৃত্ব, নির্বাচনী কৌশল এবং ভোটার জোটের স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একদিকে জীবনযাত্রার ব্যয়, ইরানের যুদ্ধ ও প্রশাসনের নীতির বিরুদ্ধে ভোটারদের অসন্তোষ। অন্যদিকে তরুণ ও হিস্পানিক ভোটারদের সমর্থন কমে যাওয়া, রিপাবলিকান দুর্গে পরাজয় এবং নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের কৌশলের ব্যর্থতা। সব মিলিয়ে ট্রাম্পের রাজনৈতিক অবস্থান কঠিন হয়ে উঠেছে।
ডেমোক্র্যাটরা এই পরিস্থিতির সুবিধা পেয়েছেন। তবে তাদের সামনে চ্যালেঞ্জও কম নয়। কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়া এবং ট্রাম্পের ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি নিজেদের দলীয় ভাবমূর্তি উন্নত করতে হবে। একই সঙ্গে মধ্যপন্থী ও প্রগতিশীলদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্বও সামলাতে হবে।
আগামী দুই বছর তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
রিপাবলিকানদের সামনে প্রশ্ন, ট্রাম্পকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনৈতিক জোট তারা কতটা ধরে রাখতে পারবে। আর ডেমোক্র্যাটদের সামনে প্রশ্ন, ট্রাম্পবিরোধী ভোটকে তারা নিজেদের পক্ষে দীর্ঘমেয়াদি জনসমর্থনে রূপ দিতে পারবে কি না।
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পথে এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের রাজনীতির পরবর্তী অধ্যায়। তবে মঙ্গলবারের নির্বাচনের পর একটি বিষয় স্পষ্ট; ট্রাম্পের রাজনৈতিক প্রভাব এখন আর আগের মতো অপ্রতিরোধ্য নয়। যে ভোটারদের ওপর নির্ভর করে তিনি ক্ষমতায় ফিরেছিলেন, তাদের একটি বড় অংশই এবার ব্যালটের মাধ্যমে ভিন্ন বার্তা দিয়েছেন।
ট্রাম্প যুগ সত্যিই শেষের দিকে এগোচ্ছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। কিন্তু এই মধ্যবর্তী নির্বাচন দেখিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ক্ষমতার সমীকরণ বদলাতে শুরু করেছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।
তথ্যসূত্র: দ্য ওয়্যার ও সিএনএন



